নদীর পাশে খুন কথাটা মানায় না, কিন্তু সেটাই ঘটেছিল। করতোয়া নদীর ওপর চীন-বাংলাদেশ চতুর্থ মৈত্রী সেতু। সেতু পেরলেই দেবীগঞ্জ শহরের শুরু। আর সেতুর শুরুতেই ডান দিকে নার্সারি। বাঁ দিকে ছোট্ট একটা বাজার। ডান দিকের রাস্তায় নেমে সেতুর তলা দিয়ে বাঁয়ে বাঁক নিলে নদীর সমান্তরালে একটা রাস্তা পাওয়া যায়। এ পথ দিয়েই খুব ভোরে তারা এসেছিল। এবং হত্যাকাণ্ডের পর ফিরেও গিয়েছিল। ১০ মাস আগে, এ বছরেরই ২১ ফেব্রুয়ারির ভোরে। ওই একই ভোরে নার্সারির বাগান থেকে ফুল গিয়েছিল সেতুর ঠিক ওপারের শহীদ মিনারে—ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। কে জানত, সেই ভোরেই বাগানের পাশে নিহত হবেন এক নিরপরাধ সাধু? তাঁর জন্যও নিবেদিত হবে একই বাগানের ফুল?
সেতুর গোড়ায় ডান দিকে সন্তু গৌড়ীয় মঠ। মঠের পরে এক শিক্ষকের বাড়ি। তারপর একটা মসজিদ ও মাদ্রাসা। তারপর বৈষ্ণবদের ছোট ছোট ঘরবাড়িগুলো। বাঁশঝাড় আর গাছগাছালিতে ঘেরা গেরস্থালি। সামনের করতোয়া নদী শুকিয়ে এসেছে প্রায়। তারপরও যতটুকু পানি, তাতে মাছ ধরা যাচ্ছে, পাথরবোঝাই নৌকা এসে লাগছে বৈষ্ণবপল্লির ঘাটে।
গত সপ্তাহের বুধবারের চুপচাপ দুপুর। নদীর চর থেকে ছোট্ট এক শিশু কোলে উঠে আসছিলেন এক নারী। মেরুন রঙের শাড়ি পরা তরুণীবধূ। কোলের দুই বছর বয়সী শিশুটি কাঁদছে। সে চরের বালু নিয়ে আরও খেলতে চায়। বাড়ির সামনে দাঁড়িয়ে কথা হয় শেফালীর সঙ্গে। সেদিনের কথা এখনো দগদগে মনে আছে তাঁর। বললেন, ‘খবর পেয়ে আমরা সবাই গেলাম। এত নিরীহ একটা মানুষ। তাঁকে কেন মারল। আগে সন্ধ্যায় মন্দিরের ওদিকে যেতাম না। এখন সব ঠিক আছে; তারপরও মন খুঁতখুঁত করে। আমাদের এলাকায় তো এসব ছিল না ভাই।’
গ্রামের নাম খুটামারা। উপজেলা দেবীগঞ্জ, জেলা পঞ্চগড়।
মঠের সঙ্গে লাগোয়া সবজিবাগান ও তিনটা বেড়ার ঘর। প্রথম দুই ঘরে পূজারি-সাধু-প্রভু থাকেন। শেষ ঘরটায় রান্না হয়। সেদিনও ভোরবেলা রান্নার কাজ চলছিল। পুরোহিত যজ্ঞেশ্বর রায় চাপকলে পানি তুলছিলেন। তিনিই প্রধান পুরোহিত, ভক্তরা সম্ভাষণ জানায় মহারাজ বলে। তাঁকে সাহায্য করতে ঘটনার দুই মাস আগে ঢাকা থেকে এসেছেন তরুণ সাধু নির্মলচন্দ্র বর্মণ। বলছিলেন, ‘চিলাহাটির তিস্তাপাড়া আমার গ্রাম।’ তাঁর জবানীতেই শোনা যাক আবার:
‘ওরা আসছিল সকাল সাতটার দিকে। আমি সেদিন একটু অসুস্থ হয়ে বিছানায়ই ছিলাম। মহারাজ রান্নাঘরে ছিলেন। আমি দরজার শব্দে চোখ কচলাতে কচলাতে এসেছি। দেখি আমার সামনে একজন পিস্তল হাতে দাঁড়িয়ে। তাকিয়েছি, কিন্তু সেটাকে তাকানো বলে না। জীবনে তো এ রকম ঘটনার সম্মুখীন হইনি। একজন আমার সামনে, অন্যজন মহারাজকে কোপাচ্ছিলেন। ওরা দুজন এসেছিল। রাস্তায় মনে হয় একজন ছিল।
‘যখন গুলি করে, মহারাজ চিৎকার করেন। তখন পূজারি গোপাল চন্দ্র রায় জলের জগ রেখে বের হতে গেলে তাঁকে একজন
গুলি করে। উনি সরে যান। দ্বিতীয় গুলি হাতে লাগে। তারপর ওরা পাশের দেয়াল টপকে পালায়।’
ঘটনাটার বিস্ময় আর আতঙ্কের ঘোর মনে হয় এখনো কাটেনি নির্মলচন্দ্রের। ঘটনাটা কেন ঘটল, কে ঘটাল, কিছুই ব্যাখ্যা করতে পারেন না।
‘আমাদের সঙ্গে কারও তো শত্রুতা ছিল না। সেদিন ভোরে আমার একটা সন্দেহ হলো যে দেশে হয়তোবা গোলযোগ সৃষ্টি হয়েছে। নইলে মন্দিরে এ রকম হওয়ার কথা না।’
>মৃত্যুকে মেনে নেওয়ার মানসিক জোর মানুষের আছে। কিন্তু নিরপরাধের হত্যা সইবার জোর প্রকৃতি মানুষকে দেয়নি। শুধু নিহতের স্বজনই নয়, এ ধরনের ঘটনার পর প্রতিবেশীর মনেও ট্রমা কাজ করে। বাংলাদেশের বহু জেলার মানুষই এ রকম হত্যাজনিত ট্রমায় ভুগছেন
ওই ঘটনার পর মঠে ভক্তদের আসা কমেছিল। মানুষ দিনের বেলায় এলেও ভয় পেত। কিছুদিন সার্বক্ষণিক পুলিশ পাহারা ছিল। এখন রাতে পুলিশ আসে, দু-এক ঘণ্টা থাকে। সময়ের ঠিক নেই। এসে খোঁজ নিয়ে যায়। রাস্তায় টহল দেয়।
কার্তিক মাসে মঠে ব্রত নিয়ে এসেছেন মধ্যবয়সী ভরণীকান্ত বর্মণ। আগে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ছোটখাটো চাকরি করতেন। ভরণীকান্ত বর্মণ জানালেন, ‘মামলার বিষয়ে আমরা কোনো কিছু জানি না। পেপার পত্রিকা খেয়াল করি, কিছু তো দেখি না।’
নির্মলচন্দ্র বর্মণেরও একই কথা, ‘বিভিন্ন জায়গায় এই হত্যাকাণ্ডে জড়িত তিনজনের ক্রসফায়ার হয়েছে শুনেছিলাম। শোলাকিয়ার ঘটনায় যারা ধরা পড়েছিল, তারা নাকি এখানেও জড়িত ছিল। ক্রসফায়ার তো গোপনীয়। মানুষ বলছে যে, এত বড় অরাজকতা হলো হিন্দু সম্প্রদায়ের ওপর, তার বিচারের তো কোনো বাস্তবতা দেখলাম না। বিচার মানে সকলে শুনবে, জানবে যে দেশে একটা ন্যায়বিচার হচ্ছে। তেমন তো জানা হলো না। ক্রসফায়ারে কে দিল, কেন দিল, তা তো জনগণের জানার উপায় নাই। মানুষ আমাদের বলছে, যারা ধরা পড়ল, স্বীকারোক্তি করল, যারা কারাবন্দী আছে, তাদের বিচার কী হচ্ছে, কী হবে, এ নিয়ে প্রশ্ন। আমরা তো এখনো বিচার বুঝে পাইনি।’
মানুষগুলো খুব বিনয়ী। তাঁদের কথায় কারও প্রতিই রাগ-বিদ্বেষ ছিল না। বরং বলছিলেন মানুষ নিয়ে আস্থার কথা, ‘এখানে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব নেই। হিন্দু-মুসলমান সকলে মিলেমিশে আছে। আমি ভারতে, নেপালে বিভিন্ন জায়গায় ঘুরেছি। সব জায়গায় গর্ব করে বলতাম, আমাদের বাংলাদেশে যদিও হিন্দু সম্প্রদায় সংখ্যায় কম, কিন্তু সভ্যতার দিক থেকে আমরা সবচেয়ে ভালো আছি। কোনো বিপদে পড়লে যেদিকে হাত পাতি, সেদিকেই সাহায্য পাই। অন্য কোথাও এ রকম নেই। সভ্যতার দিক দিয়ে বাংলাদেশে আমাদের বড় গর্ব আছে। সেই গর্ব নিয়েই এখানে উপস্থিত হয়েছিলাম। আগে সবার কাছে দেবীগঞ্জের গল্প করতাম, পঞ্চগড়ের গল্প করতাম। এখন আর সেই মুখ নেই।’ বিনয়ী, তরুণ পুরোহিত নির্মলচন্দ্রের কণ্ঠে আক্ষেপ।
ভরণীকান্তও মনে হয় টলে গেছেন মনে মনে। ‘সেদিন এক মুসলমান ভদ্রলোকের সঙ্গে কথা হলো। ওনার বাড়িও মহারাজের বাড়ির এলাকায়। উনি খুব আফসোস করে বললেন, লোকটাকে এ রকম করে মারল! এটার একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। মুসলমানেরাও আফসোস করছে।’
তবে দুজনই মনে করছেন এটা কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব না। নির্মলচন্দ্রের কথায়, ‘অনেকে প্রথম অবস্থায় বিভিন্ন মন্তব্য করেছিল। পরে যখন গির্জা, মসজিদ, ঈদগাহ সকল জায়গায় আক্রমণ হলো, তখন সকলের মধ্যে একই আতঙ্ক হলো। সাম্প্রদায়িক দ্বন্দ্ব হলে হিন্দুর ওপর মুসলমানের অত্যাচার থাকবে। কিন্তু ইমামকেও তো মারল! দেশের লোকই করুক বা বিদেশিরাই করুক, করানো হচ্ছে তো আমাদের দ্বারাই।’
মৃত্যুকে মেনে নেওয়ার মানসিক জোর মানুষের আছে। কিন্তু নিরপরাধের হত্যা সইবার জোর প্রকৃতি মানুষকে দেয়নি। শুধু নিহতের স্বজনই নয়, এ ধরনের ঘটনার পর প্রতিবেশীর মনেও একটা ট্রমা কাজ করে। মানসিক আঘাতের পর যে বিহ্বলতা ও আতঙ্ক মনের গভীর দেশে আসন গাড়ে, তাকেই ট্রমা বলে। বাংলাদেশের বহু জেলার মানুষই এ রকম হত্যাজনিত ট্রমায় ভুগছেন।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।