রংপুর বিভাগ বাংলাদেশের সবচেয়ে গরিব অঞ্চলগুলোর তালিকায় পড়ে; এই বিভাগের সবচেয়ে উন্নত জেলা পঞ্চগড়। পুরো রংপুর বিভাগের গড় দারিদ্র্য যখন ৪২ শতাংশ, তখন পঞ্চগড় জেলায় তা ২৬ দশমিক ৭ শতাংশ। সেই বিবেচনায় এ জেলা উন্নয়নের প্রশ্নে দেশের অনেক জেলার চেয়ে অনেক এগিয়ে। দেশের একদম উত্তর প্রান্তে এ জেলার অবস্থান। ঢাকার সঙ্গেও দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। ভিতরগড়, মিরগড়, রাজনগড়, হোসেনগড়, দেবনগড়—এ পাঁচটি গড় মিলে হয়েছে পঞ্চগড়।
কয়েক দিন আগে গিয়েছিলাম পঞ্চগড়ে। রংপুর থেকে যতই উত্তরে যাচ্ছিলাম ঠান্ডা তত বেশি অনুভূত হচ্ছিল। ভারতের হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা সে ঠান্ডা। পঞ্চগড় সার্কিট হাউসের কর্মচারীরা বলছিলেন, এ বছর নাকি সেদিনই ঠান্ডা সবচেয়ে বেশি ছিল।
পঞ্চগড় জেলা শহরের এক পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। এই শুকনো মৌসুমে নদীটি কার্যত ধানের খেত। নঈমুদ্দিন নামের এক প্রবীণ বলছিলেন, ‘আগে করতোয়া অনেক গভীর ছিল। সারা বছর পানি থাকত। মাছ পাওয়া যাইত অনেক। এলা শুকায়।
ধানের আবাদ হয়।’ তাঁর সঙ্গী প্রবীণ এমদাদুল হক পঞ্চগড়ের উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘ছোটবেলা কাউনের ভাত খায়া স্কুলে পড়ছি। খুব কষ্ট আছিল। এলা সেই কষ্ট আর নাই। কাঁইয়ো কাউনের ভাত খায় না। তিন বেলা চাউলের ভাত খায়।’
পঞ্চগড়ের উন্নয়ন হওয়ার বেশ কয়েকটি কারণ আছে। সেখানে নদী ও ভূমির নিচ থেকে প্রচুর পাথর ওঠানো হচ্ছে। পথ চলতে চোখে পড়বে পথের পাশে পাথর আর পাথর। পাথরশিল্পের সঙ্গে প্রচুর শ্রমজীবী মানুষ যুক্ত। যাঁরা নদী থেকে পাথর ওঠান তাঁরা দৈনিক প্রায় ৫০০-৬০০ টাকা উপার্জন করেন। যাঁরা ভ্যান কিংবা অটোরিকশা চালান, তাঁরাও ৫০০-৬০০ টাকা উপার্জন করেন। নারীরা পাথরের কাজে ৩০০-৪০০ টাকা দৈনিক মজুরি পান। হাঁড়িভাসা ইউনিয়নের বাবুল নামের একজন গৃহস্থ বললেন, তিনি গম-মরিচ এবং টমেটোর চাষ করেন। তিনি বললেন, ‘আমরা দিনমজুর পাই না। চুক্তি দিতে হয়। এতে একজন শ্রমিক ৫০০-৬০০ টাকা দিনে আয় করে।’ হেলাল নামের একজন ভ্যানচালক হাসিমুখে বললেন, ‘আমরা পঞ্চগড়ের মানুষ সুখে আছি। এখানকার মানুষ খুব ভালো।’
পঞ্চগড়ে নদ-নদীর সংখ্যা তিরিশের বেশি। করতোয়া-চাওয়াই-ভেরসা-ডাহুক-বেরং-গোবরা-মহানন্দা-তিরনই-রণচণ্ডী-তালমা—এ ১০টি নদী ঘুরে দেখলাম শুধু মহানন্দা ছাড়া আর কোনো নদীতে পর্যাপ্ত পানি নেই। মহানন্দার তীরে দাঁড়ালে একটু দূরেই নদীর ওপরে ভারতের সেতু চোখে পড়ে। কোনো কোনো নদীতে চিকন জলরেখা অবশিষ্ট আছে। কোথাও তা-ও নেই। স্থানীয় যাঁদের সঙ্গেই কথা হলো, তাঁদের সবারই ভাষ্য হচ্ছে আগে শীতকালেও নদীগুলোতে কিছু পানি থাকত। একেবারেই শুকিয়ে যেত না। তালমা নদীতে আছে রাবার ড্যাম। প্রয়োজনীয় সময়ে রাবার ড্যামের সাহায্যে নদীর পানি ফসল উৎপাদনের কাজে ব্যবহার করা হয়।
পঞ্চগড়ের অনেক পুরোনো পাঠাগার নজরুল ইসলাম পাঠাগার। ১৯৫৬ সালে প্রতিষ্ঠা করা। লাইব্রেরিয়ান আবদুল হালিম। তিনি ছোটবেলা থেকে এ লাইব্রেরির সঙ্গে যুক্ত। তাঁর বড় ভাই প্রতিষ্ঠাতাদের একজন। নামমাত্র সম্মানী নিয়ে এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। খুবই সদালাপী। পাঠকের সংখ্যা কেমন, তাঁরা কী ধরনের বই পড়েন—এমন প্রশ্নের উত্তরে দুঃখ করে বললেন, ‘বই পড়তে কেউ আসে না। যারা আসে, পেপার পড়তে আসে। এখানে অনেকগুলো কলেজ আছে। কোনো কলেজের শিক্ষকও বই চায় না।’
পঞ্চগড় সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এহতেশামুল হক। তাঁর স্ত্রী সরকারি বিপি স্কুলের শিক্ষক রশিদা খাতুন। তাঁরা কয়েকজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বাসায় রেখে তাদের যাবতীয় ব্যয় বহন করছেন। এহতেশামুল হক বললেন, ‘পঞ্চগড় ছোট্ট শহরটিকে খুব সুন্দর করে সাজানো সম্ভব। কোনো সড়কে থাকবে কৃষ্ণচূড়া, কোনো সড়কে থাকবে শোভাবর্ধনকারী বৃক্ষ। পরিকল্পনার অভাবে সেটি করা সম্ভব হচ্ছে না।’
বাংলাদেশে সমতল ভূমিতে প্রথম চা চাষ শুরু হয় এই পঞ্চগড়ে। এটা শুরু করে কাজী অ্যান্ড কাজী ফার্ম। এই ফার্ম কর্তৃপক্ষ ডাহুক নদী ঘিরে চা এস্টেট গড়ে তুলেছে। এখানকার ব্যবস্থাপক শাহাদুজ্জামান বলছিলেন, ‘আমাদের ৫ হাজার একর জমি এখানে আছে। আমরা ৮০০ একর জমিতে চা চাষ করি। বাংলাদেশে আমরাই কোনো সার ব্যবহার না করে চা উৎপাদন করি।’ পঞ্চগড়ে চা উৎপাদন বাড়ছে। সরকারি প্রণোদনা দিয়ে এ চাষাবাদ ঠাকুরগাঁও পর্যন্ত বিস্তৃত করা প্রয়োজন। টমেটো, কমলা, স্ট্রবেরি, লিচু চাষের জন্যও পঞ্চগড়ের মাটি খুবই উপযোগী।
পঞ্চগড়ের ভিতরগড়ে রয়েছে মহারাজার দিঘি। ৫১ একর জমিতে অনেক বড় দিঘি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। পুকুরের পাশেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যে ম্যাপটি সামনে আছে, সেখানে লেখা আছে ‘ভিতরগড় প্রাচীন দুর্গনগরী’।
পঞ্চগড়ের সড়ক বেশ প্রশস্ত। এশিয়ান হাইওয়ে এ জেলার ওপর দিয়েই। এশিয়ান হাইওয়ে চালু হলে এখানকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রচুর পাথর আসে। স্থলবন্দরে গিয়ে দেখলাম ভারতীয় প্রচুর ট্রাক। কিছু ফিরছে, কিছু ঢুকছে। বাংলাদেশ থেকে রপ্তানি হয় কম, আমদানি হয় বেশি। প্রাণ-আরএফএল গ্রুপের কয়েকটি ট্রাক একসঙ্গে কিছুক্ষণ আগে ঢুকেছে বলে একজন ক্ষুদ্র ব্যবসায়ী জানালেন। এ পথে মানুষের যাতায়াতের ব্যবস্থা থাকলে ভালো হতো। বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নেপালও অনেক কাছে। দার্জিলিংয়েও যাওয়া যায় খুব সহজেই।
করতোয়ার পারে মাসব্যাপী বাণিজ্য মেলা চলছিল। ঢাকা থেকে এসেছেন অনেক ব্যবসায়ী। অনেকে বলছিলেন বিক্রি ভালো না। কেউ কেউ বললেন, অতিরিক্ত শীতে কেউ আসছে না। শীত কমলে বিক্রি বাড়তে পারে।
চিকিৎসার জন্য পঞ্চগড়বাসীকে যেতে হয় রংপুর। পঞ্চগড় থেকে রংপুরের দূরত্ব প্রায় দেড় শ কিলোমিটার। পঞ্চগড়ে না হলেও প্রাথমিক অবস্থায় ঠাকুরগাঁওয়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করা খুবই জরুরি। পঞ্চগড় থেকে রংপুরে যেতে হয় অনেক পথ ঘুরে। যদি ডিমলা-জলঢাকা হয়ে রংপুরে আসার ব্যবস্থা করা যায়, তাহলে অন্তত ৩০ কিলোমিটার রাস্তা কমে আসবে। পঞ্চগড়ের সঙ্গে ব্রডগেজ লাইন বসানো হয়েছে। চালু হলে যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।
পঞ্চগড় অনেক ছোট শহর। খুব পরিষ্কার না হলেও সাধারণ মানুষের মধ্যে শান্তি আছে। শহরের তুলনায় রেস্টুরেন্ট অনেক। বেশ কিছু ফাস্ট ফুডের দোকানও আছে। রেস্টুরেন্টগুলোতে বেশ ভিড়। রাজনৈতিক কোন্দল নেই। সবাই মিলেমিশে থাকার প্রবণতা আছে।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
wadudtuhin@gmail. com