গত ২৭ ফেব্রুয়ারি ২০১২ কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শনকালে ও পরবর্তী সময়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আমার করা কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতে চিকিৎসক মহল থেকে বিবিধ সমালোচনা ও প্রতিবাদ উঠেছে। তার ধারাবাহিকতায় ৬ মার্চ মঙ্গলবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় ‘ডাক্তাররা অমানুষ! গরিবের রক্তচোষা!’ শিরোনামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের শ্রদ্ধেয় ডিন ডা. এ বি এম আব্দুল্লাহ কঠোর ভাষায় মন্তব্য ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রতিবাদ ও প্রতিক্রিয়া করার অধিকারও মানবাধিকার বটে, তবে সমালোচনা প্রকৃত ও বস্তুনিষ্ঠ ঘটনার নিরিখে হচ্ছে কি না, তা বিবেচনার দাবি রাখে।জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ প্রদত্ত ক্ষমতাবলে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্থাপিত কারাগার, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল পরিদর্শন করা কমিশনের একটি দায়িত্ব। জাতীয় মানবাধিকার কমিশন বহুদিন ধরেই দায়িত্বটি পালন করছে (সিলেটের কারাগার পরিদর্শনের ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, আশা করি তা জনবিস্মৃত হয়নি), সেই ধারাবাহিকতায় আমি কক্সবাজারের সদর হাসপাতাল পরিদর্শনে যাই। এ ক্ষেত্রে মতামত ব্যক্ত করার সময় মনে রাখতে হবে, মন্তব্যটি বিশেষভাবেই কেবল কক্সবাজারের হাসপাতাল প্রসঙ্গে করা এবং সারা দেশের চিকিৎসকেরা তার অন্তর্ভুক্ত নন। ডা. আব্দুল্লাহ বলেছেন, কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে ভর্ৎসনা করার আগে অভিযোগ খতিয়ে দেখাটা ঔচিত্যের দাবি রাখে। বলাই বাহুল্য, আমি সশরীরে হাসপাতাল পরিদর্শন শেষেই অকুস্থলে উপস্থিত চিকিৎসাপ্রার্থীদের অভিযোগের ভিত্তিতে মতামত দিয়েছি। ওই হাসপাতালে প্রচুর ব্যবস্থাপনাগত ত্রুটি ধরা পড়েছে। যেমন—চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকা, পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রকট অভাব, বিনা মূল্যে বিতরণযোগ্য ওষুধের তালিকা সেবাপ্রার্থীদের দৃষ্টিগোচরে না রাখা, একই সিরিজের পুনঃ পুন ব্যবহার প্রভৃতি। কাজেই চাক্ষুষ ঘটনার নিরিখে অভিযোগ খতিয়ে দেখা ছিল অপ্রয়োজনীয়। বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম, ২৫০ বেডের হাসপাতালে ৪০০-৪৫০ রোগীর চিকিৎসাব্যবস্থা করা চিকিৎসক ও কর্তৃপক্ষের জন্য বিশাল চ্যালেঞ্জ। তথাপি পরিদর্শনকালে দেখলাম, কর্মরত কনসালট্যান্ট হাসপাতালে ভর্তি রোগীকে ব্যবস্থাপত্র লিখে দিচ্ছেন প্রাইভেট ক্লিনিকের প্যাডে, যা অনৈতিক, আইনবিরুদ্ধ ও অগ্রহণযোগ্য। প্রায় সব রোগীকেই বাইরে থেকে এক্স-রে ও অন্যান্য পরীক্ষা করতে হয়। রোগীরাই যখন অভিযোগ করেন বাইরে থেকে পরীক্ষা করাতে তাঁদের নির্দেশ দেওয়া হয়, তখন তা প্রশ্নের উদ্রেক করে।এ বাস্তব চিত্রের পরিপ্রেক্ষিতে কেবল কমিশনের চেয়ারম্যান হিসেবে নয়, দেশের সাধারণ নাগরিকদের একজন হিসেবে এবং অবশ্যই আবেগতাড়িত হয়ে আমি মন্তব্য করেছি, যা বিকৃত রূপে কোনো কোনো গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এটি কখনোই গোটা চিকিৎসক সমাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সে অভিপ্রায়ও আমার ছিল না। এ চিত্র কিন্তু শুধু কক্সবাজারের নয়। সিরাজগঞ্জে যখন গিয়েছিলাম, সেবাপ্রার্থীরা অনুরোধ করেছিলেন যে তাঁদের যেন সদর কারাগারে পাঠানো হয়। কারণ, হাসপাতালে তাঁরা যে আচরণ ও সেবা পান, তার তুলনায় নাকি কারাগার অনেক ভালো!একটি কথা আমি বিশ্বাস করি, সব পেশাতেই কিছু সৎ মানুষ থাকেন, যাঁরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যান। এই ব্যতিক্রমদের দেখলে প্রকৃত কোড অব কনডাক্ট বোঝা যায়, যেটি সব ক্ষেত্রেই পালনীয়। কিন্তু দুঃখের বিষয়, যখন আমরা বলি কোনো গোষ্ঠী পচে গেছে, তখন সংখ্যাগরিষ্ঠ জ্ঞানপাপীদের তীব্র প্রতিবাদে গুটি কয়েক আদর্শবাদীর বক্তব্য বৃহত্তর সমাজের কান পর্যন্ত পৌঁছায় না।ডা. আব্দুল্লাহ আরও বলেছেন, রোগীদের সামনেই চিকিৎসকদের অপদস্থ করার ফলে রোগীরা তাঁদের কাছে চিকিৎসা নিতে ভরসা পাবেন না। তবে, আমার এক শিক্ষার্থীর মতে, ভরসা তাঁরা প্রায়ই পান না, কিন্তু বিকল্প না থাকায় এই চিকিৎসকদের কাছেই তাঁরা যান (এবং এই ‘তাঁরা’র মধ্যে আমিও আছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমি, কথায় কথায় ব্যাংকক-সিঙ্গাপুর যাওয়ার বিলাসিতা আমাদের থাকে না)। অতএব, চিকিৎসকদের রোজগার হ্রাসের শক্তি আমার মন্তব্যে নেই! পরিদর্শনকালে হাসপাতালের শিশু ওয়ার্ডের একজন সেবিকা কাঁদতে কাঁদতে বলেছেন, যথাযথ ব্যবস্থা থাকলে শিশুদের তাঁরা চোখের সামনে মরতে দিতেন না, গাইনি বিভাগে দুপায়ে ব্যান্ডেজ বাঁধা রোগীকে পলিথিন বেঁধে গোড়ালি উঁচু দুর্গন্ধময় পানি ঠেলে বাথরুমে যেতে হতো না। কিন্তু এর উল্টো চিত্র দেখেছি নরসিংদীতে—ঝকমকে হাসপাতাল, একই পরিমাণ সরকারি বরাদ্দ। একই রাষ্ট্রে যখন দুই রকম চিত্র দেখা যায়, তখন এ কথা বুঝতে কষ্ট হয় না, কক্সবাজার হাসপাতালের দুর্দশার জন্য কে দায়ী।ডা. আব্দুল্লাহ যথার্থই বলেছেন, হাসপাতাল একটি টিমওয়ার্ক। তবে টিমের কিছুটা দায়িত্ব কি কর্তব্যরত চিকিৎসক, পরিচালক ও সিভিল সার্জনদের ওপর বর্তায় না, যাঁরা হাসপাতালের মূল চালিকাশক্তি? কমিশন যে খালি দোষ ধরে বেড়ায়, তা কিন্তু নয়; বরং গাজীপুর সদর হাসপাতালের গাইনি বিভাগের জনৈক সেবিকার আন্তরিক সেবাদানে মুগ্ধ হয়ে কমিশন স্বাস্থ্যমন্ত্রীকে সে ব্যাপারে অবগত করে এবং সরকার গত বছর সেই সেবিকাকে জাতীয়ভাবে পুরস্কৃত করেছে।প্রাইভেট প্র্যাকটিসের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, বরং তা রোগীদের জন্য উপকারী। তবে, হাসপাতালের সময়টুকু যথাযথভাবে দিলে দেশের দরিদ্র, সুবিধাবঞ্চিত নাগরিকেরা আরও উন্নত সেবা পেতে পারেন। সে লক্ষ্যেই আমাদের কাজ করা উচিত। নিষ্ঠার সঙ্গে কাজ করে সব সীমাবদ্ধতা অতিক্রম করে দরিদ্রের মুখে হাসি ফোটালেই ‘সোনার বাংলার’ স্বপ্ন সত্য হবে।২০১০ সালে হূদ্যন্ত্রের অসুখের সময় চিকিৎসকদের নিবিড় পরিচর্যা আমাকে নতুন জীবন দান করেছে, আমার অনেক বন্ধু চিকিৎসক মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছেন। তাঁরা আমাদের ধন্যবাদার্হ ও পূজনীয়। কিন্তু যাঁরা বিনা কারণে কর্মক্ষেত্রে আসেন না, গরিব রোগীদের সরকার প্রদত্ত সেবা থেকে বঞ্চিত করেন, তাঁদের প্রতি সদয় হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না।আব্দুল্লাহ সাহেব বলেছেন, ‘দেশে চিকিৎসক হাজারে হাজারে নেই, রোগীরা কি মানবাধিকার কমিশনে গিয়ে চিকিৎসা নেবেন?’ সেই এখতিয়ার তো কমিশনের নেই, তবে প্রতিবার পরিদর্শন শেষে কমিশন সরকারকে উন্নয়ন প্রস্তাব ও সূচি দেয়, তা দ্রুততার সঙ্গে পালনও করা হয়। তবে, প্রয়োজন হলে, রোগীরা যেন সরাসরি কমিশনে যেকোনো অনিয়মের অভিযোগ জানাতে পারেন, সে ব্যবস্থাও কমিশন নিতে পারে বৈকি।পরিশেষে, অনেকেই বলেছেন, গুরুত্বপূর্ণ পদে থাকার ফলে আমার আবেগতাড়িত হওয়া সাজে না। তবে, আমি মনে করি, মানুষ মাত্রই আবেগপূর্ণ এবং সে আবেগ অবদমন করা সহজাত মনুষ্যত্ব অস্বীকারের সমতুল্য। আশা করি আমার এ আবেগ সেভাবেই গৃহীত হবে।আমি বিশ্বাস করি যে কাউকে ছোট করে বড় হওয়া যায় না। তথাপি শিক্ষক মানুষ আমি, সমাজের অন্যায়গুলো বলতে বহুদিন পর আবার কলম ধরলাম। আমার বক্তব্যে কোনো চিকিৎসক আহত হয়ে থাকলে আমি দুঃখিত এবং আশা করি আমার এ ব্যাখ্যার মাধ্যমে সব ভুল-বোঝাবুঝির অবসান হবে। মিজানুর রহমান: চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন, ঢাকা।