অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ২১০টি দেশ ও অঞ্চল থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে প্রকাশিত হলো।
‘রাষ্ট্র খণ্ড হলো কেন?’
রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের সমালোচনা করে রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘জাতির অখণ্ডতা রক্ষা করতে হবে, ঠিক আছে। কিন্তু অখণ্ড রাষ্ট্র খণ্ড হলো কেন?’
প্রতিক্রিয়ায় পাঠক রায়হান নবী বলেছেন, পুরো জাতি আজ বিভক্ত। ছাত্র, শিক্ষক, চিকিৎসক, বিচারক, সরকারি-বেসরকারি কর্মকর্তা—এমন কোনো খাত নেই যেখানে বিভক্তি নেই। সবাই বিভক্তি করেছে সুবিধা লাভের আশায়। ব্যক্তিসুবিধা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। এখান থেকে উত্তরণের একটিই পথ খোলা আছে আর তা হলো ‘সুস্থ গণতান্ত্রিক চেতনার গণ-অভ্যুত্থান’।
আবুযর গিফারী জোর দিয়েছেন রাজনৈতিক সংস্কৃতির দিকে: দেশের উন্নতি বলতে দেশের প্রত্যেকের উন্নতিকে বোঝায়। জাতির বিশাল অংশকে বাদ দিয়ে জাতির উন্নতির আশা করা বাতুলতা মাত্র। আপনি যাকে বিরোধী দল ভেবে দমন করতে চাইছেন, সেও কিন্তু জাতির অবিচ্ছেদ্য অংশ। যত দিন আমাদের রাজনীতিতে বিরোধীদের কোণঠাসা করে রাখার প্রবণতা থাকবে, তত দিন এ জাতি বিদেশিদের তাঁবেদার থাকবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’
‘যেভাবে সংকটের অবসান হতে পারে’
অধ্যাপক আলী রীয়াজ ১৭ জানুয়ারি প্রকাশিত কলামে প্রস্তাব দিয়েছিলেন, ‘রাষ্ট্রপতি গোলটেবিল বৈঠকের আয়োজন করতে পারেন, এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সরকার ও বিরোধীরা তাদের অনমনীয় অবস্থান থেকে সরে আসার সুযোগ পাবে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সংসদের স্পিকার একই ভূমিকা নেওয়ার কথা বিবেচনা করতে পারেন।’
মো. জাহাঙ্গীর আরিফ প্রশ্ন করেছেন: গণতান্ত্রিক দেশ বলে প্রচার করব আর রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার সুযোগ থাকবে না, এটা কোন ধরনের গণতন্ত্র? সরকার আলোচনা করতে না চাইলে তার মাশুল তো দেশের জনগণকে দিতে হবে। পাঠক রাসেল আরও গভীরে তাকাতে চান। তাঁর অভিমত: এবারের সংকট না হয় সমাধান হবে, কিন্তু আন্দোলন হলেই যে সহিংসতা হয়, সেটার সমাধান আগে করা জরুরি, তা না হলে একবারের সংকট থামিয়ে লাভ কী হবে? কালও আরেকটা আন্দোলন হতে পারে, প্রতিবারেই পুড়বে দেশ ও জনগণ?
পাঠক বানুর প্রেক্ষাপট আরও বড়: বাহ্যিক দৃষ্টিতে দুই দলের মাঝে ক্ষমতার দ্বন্দ্ব যতটা প্রকট, তা বিবেচনায় নিলেও বলা যায় আমাদের মূল সমস্যা অন্য জায়গায়। মৌলিক প্রশ্নে দুই দলের রাজনীতি বিপরীতমুখী এবং সাংঘর্ষিক। যত দিন মৌলিক বিষয়ে মতপার্থক্য থাকবে, তত দিন আমজনতার ছেলেমেয়েদেরই রক্তাক্ত হতে বা জীবন দিতে হবে।
‘রাজনীতির নিয়ন্ত্রণ রাজনীতিকদের হাতে নেই’
১৮ জানুয়ারি সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন লিখেছেন, ‘রাজনীতির নিয়ন্ত্রণ রাজনীতিকদের হাতে নেই’। দলীয়করণের পাশাপাশি তিনি দেখতে পাচ্ছেন, ‘রাজনৈতিক সমস্যা হয় আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে, না হয় আমলাতন্ত্রের মাধ্যমে নিষ্পত্তি অথবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর সুদূর প্রভাবে রাজনীতি এবং রাজনীতিবিদদের ক্ষতি হবে।’
রাজীব চৌধুরী মনে করেন, ‘কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক না অগণতান্ত্রিক, তা সেই দলের কর্মকাণ্ডে প্রকাশ পায়, জন্মে নয়।...আওয়ামী লীগের জন্ম গণতান্ত্রিকভাবে হলেও এই দলটিই এখন সবচেয়ে বেশি অগণতান্ত্রিক, যা তার কর্মকাণ্ডেই বলে দিচ্ছে।’
ইমরুল কায়েসের মতে, ‘এ দেশে যত দিন সাধারণ মানুষের নির্বাচন করার ক্ষমতা না আসবে, তত দিন রাজনীতির নিয়ন্ত্রণ রাজনীতিকদের হাতে থাকবে না। আমরা দেখি সাধারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় কোটি টাকা খরচ হয়। সেখানে একজন সাধারণ সৎ ব্যক্তি কীভাবে নির্বাচিত হবেন? এ ব্যবস্থা পাল্টাতে হবে।’
সালেকিন দৃষ্টি দিচ্ছেন আরও অতীতে। তিনি বলেছেন, ‘সংকটের শুরু ২১ আগস্ট থেকে। তারপর বিএনপির ইয়াজউদ্দিন–নাটক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে সম্পূর্ণরূপে হত্যা করেছে। আপনি কি জেনেও এই মূল বিষয় দুটি এড়িয়ে গেলেন?’
আইজিপির বক্তব্য চরম ধৃষ্টতাপূর্ণ: ২০ দল
১৭ জানুয়ারি বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সাম্প্রতিক বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ এবং এখতিয়ারবহির্ভূত বলে আখ্যা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। প্রতিক্রিয়া জানিয়ে মো. খায়রুল ইসলাম লিখেছেন: অবশ্যই তাঁদের আমাদের নিরাপত্তা দেওয়া উচিত এবং এর জন্য যা যা করা দরকার, তার সবই তাঁরা করবেন। কিন্তু এখানে একটা কথা আছে! তাঁদের বক্তব্যগুলো ভালোভাবে পড়ুন, বুঝুন, তারপর ভাবুন। তাঁরা যেভাবে মতবিনিময় করে বক্তব্য দিয়েছেন, তা প্রশাসনের দেওয়া ঠিক হয়নি।
এ এম বাড়ই নিরাপত্তার খাতিরে পুলিশপ্রধানের কথায় সমর্থন জানিয়ে বিএনপির উদ্দেশে বলেন: আইজিপি কী বলেলন সেটা বড় কথা নয়, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ কী বলে সেটাই আসল কথা। মুখে বলেন জনগণের অধিকার আর রাতের বেলা সেই জনগণের ওপরই মারেন পেট্রলবোমা! রাস্তায় ১০০ জন পথচারীকে জিজ্ঞাসা করুন, তারা আপনাদের সমর্থন করেন?
ফারুক আহম্মেদ বিষয়টিকে দেখেছেন দলীয়করণের নমুনা হিসেবে। তিনি বলেছেন, ‘কিছুদিন আগে খালেদা জিয়ার সঙ্গে গভীর রাতে সরকারি চাকরিজীবীরা দেখা করেছিলেন, তাই সরকার তাঁদের চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যখন বিজিবির ডিজি এবং পুলিশের আইজি রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হয়ে ২০ দলের বিরুদ্ধে কথা বললেন, তখন সরকার নীরব। এ ধরনের সরকারের কাছে জাতি কখনোই ভালো কিছু পাবে না।’
গণতন্ত্র এভাবে হয় না
১৭ জানুয়ারি সোহরাব হাসান তাঁর কলামে লিখেছেন, ‘গণতন্ত্র মানে ক্ষমতাসীনেরা যা বলবেন, যা করবেন, তা-ই অকপটে মেনে নিতে হবে। কোনো প্রশ্ন বা আপত্তি করা যাবে না। আপত্তি করলেই আপনাকে দেশের ও জনগণের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।’
সহমত জানিয়ে পাঠক মিজানুর রহমান খান মন্তব্য করেছেন, ‘এই সরকার রোগীর চিকিৎসা করছে, রোগের নয়। সরকারের ভুল ওষুধের কারণে রোগী বিএনপির আজ এই অসুখ, দমন-পীড়নের মতো ভুল ওষুধে জঙ্গি নামক নতুন অসুখ তৈরি করবে।’ এম মাসুদুল আমিন বলেছেন, ‘এত দিন গায়ের জোরে ক্ষমতায় বসা সেনাশাসকেরা গণভোট ও নির্বাচনের নামে যে প্রহসন করতেন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী আওয়ামী লীগও তাই করল। এটি দেশের গণতন্ত্রের জন্য যতটা না লজ্জাজনক, তার চেয়ে বেশি লজ্জাজনক আওয়ামী লীগের জন্য। এই লজ্জার ভার তারা কত দিন বইবে?’

‘আগায় আসেন ভাই, আগুন নিভান, কষ্টে কেনা ট্রাক’
বগুড়ায় ট্রাক পুড়ে যাওয়া দেখে মালিকের আকুতির সংবাদের প্রতিক্রিয়ায় পাঠক সাইফুর সাহিন বলেছেন, ‘সরকারের নীতিনির্ধারকদের জেদ, খামখেয়ালি, ক্ষমতার মোহ আর কত দিন? মানুষ পুড়ছে, গাড়ি পুড়ছে! পাহারা দিয়ে এসব বন্ধ করা যাবে না। দয়া করুন। সমাধানে আসুন।’ জবাবে সজল লিখেছেন, ‘নীতিনির্ধারকেরা জেদ করে সাধারণ জনগণের ক্ষতি করবে কেন? জনগণের কী দোষ? পারলে সরকারের ক্ষতি করুক।’ শামসুল মন্তব্য করেছেন, ‘রাজনীতিবিদেরা কি বুঝতে পারে না একদিন এই অসহায় মানুষগুলোর অভিশাপেই তাঁরা ধ্বংস হবেন। একজন সাধারণ নাগরিক হিসেবে এই নিরীহ ট্রাক মালিকের বেদনায় ব্যথিত হয়ে আমিই অভিশাপ দিলাম।’