'আশায় আশায় আশায় আশায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একখণ্ড জমিতে একাকী এক মানুষ। সারা বছর মাটির পোকার মতো উবু হয়ে মাটির দিকে মুখ করে কাজ করে যায়। আকালে আর সংগ্রামে এই একাকী মানুষটা মাথা তোলে। মাথায় একটা প্রশ্ন ঘোরে। মাটি কি মানুষকে আশাবাদী করে? এ এক আশ্চর্য অর্থকরী জাদু—সবকিছুর দাম বাড়ে, কমে শুধু কৃষকের ধান আর জীবনের দাম। তারপরও কৃষক আবাদ করে যায়—আশায় আশায়।
পঞ্চগড় শহর থেকে বোদা উপজেলা হয়ে দেবীগঞ্জে যাচ্ছি। ঢাকা থেকে বাতিল হওয়া পুরোনো বেবি ট্যাক্সিগুলো এখন মফস্বল শহরের প্রধান বাহন। সে রকম তিন চাকার একটি যানে করে যাচ্ছি। দুই পাশে নতুন চষা জমি। থেকে থেকেই চোখে পড়ে পিচের রাস্তায় ধানশুকানি নারীদের কাজ। থেকে থেকেই চোখে পড়ে, সাইকেলে করে কিশোরীদের স্কুল থেকে ফেরার দৃশ্য। শীতের আদুরে রোদের মধ্যে দেখা যাবেই জমিতে কর্মরত কৃষকের মুখ বা পিঠ।
সে রকমই একটি জমিতে নেমে কথা হয় দেবুচন্দ্র রায়ের সঙ্গে। কথায় কথায় জানা হয় কৃষকের চিরাচরিত কথাটা, ‘গত বছর ধানের দাম পাইনি। আমরা এত পরিশ্রম করি। সব জিনিসেরই দাম বেশি। সার, তেল—সবকিছু।’ কিন্তু নতুন কথাও শোনা হলো, এবারে ধানের দাম তখন পর্যন্ত ভালোই পাওয়া যাচ্ছে। প্রায় সাত শ টাকার ওপরে। তারপরও কথা থাকে। আলুর খেতে সার ছিটাতে ছিটাতে দেবুচন্দ্র বলছিলেন, ‘হাজার টাকার ওপরে ছাড়া আমাদের কৃষকের পোষায় না। আমরা তো ধর্মঘট করতে পারি না। আমাদের তো খাওয়ার জন্য খেতিকাজ করতেই হচ্ছে। আমরা যদি ধান আবাদ না করি, তাহলে তো শহরের মানুষ খাইতে পারবে না। দেশের অবস্থা করুণ হয়া যাবে। আমরা কৃষকেরা তো স্বার্থবাদী না। আমরা দেশটাকে নিয়ে ভাবি; সবাই যাতে ভালো থাকে, তা ভাবি।’
যেখানেই গেছি, কৃষকের এই গর্ব, এই নৈতিক চেতনার দেখা পেয়েছি। কৃষকতা শুধু একটা পেশা না, তা একটা জীবনদর্শন। সেই জীবনের গোড়ায় আছে মাটির প্রতি দায়বোধ, আর অপরাজেয় আশাবাদ। গাছগাছালি ঘেরা গ্রামটার নাম সোনাপোতা। দেবুচন্দ্র সেখানকার অবস্থাপন্ন কৃষক। দেবীগঞ্জ কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন। বোনটাও ডিগ্রি পাস। ভাই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে। বয়স ৩০-৩৫ হবে। বাড়িতে একান্নবর্তী পরিবার। মা-বাবা-ভাইবোন-স্ত্রী-সন্তান—সবাই আছে। পড়ালেখা করে একটা এনজিওতে চাকরি নিয়েছিলেন। কিন্তু ‘ওখানে যত লোনের কিস্তি তোলার কাজ, মানুষের কলহ দেখে ছাড়ি আসি খেতিকাজ করি। সরকারি চাকরি নিতে গেলে ১০-১৫ লাখ টাকা চায়। অনেক সময় প্রতারিত হতে হয়। যুব উন্নয়নে প্রশিক্ষণ দিছি। কিন্তু ঋণ পেলাম না। জমি না থাকলে ঋণ দেয় না। আমার নামে তো জমি নাই, জমি তো বাবার নামে।’ ধান তোলার পর এবার দেবু জমিতে আলু লাগিয়েছেন। মনে ইচ্ছা, আলু বেচে গবাদিপশুর খামার দেবেন। এক একরে ৮০-৯০ হাজার টাকা পাওয়ার আশা করেন। তাতে হয়তো দুটি গরু কেনা যাবে।
নিজের এলাকা সম্পর্কে বলছিলেন, ‘মুসলমান-হিন্দু—সব মিলেই সোনাপোতা গ্রাম। পাশাপাশি থাকতে গেলে কিছু কথা-কাটাকাটি হয়, তার বেশি কোনো সমস্যা হয় না। এখানে বড় ধরনের কোনো গন্ডগোলও কখনো হয় নাই।’ দেশ নিয়ে উদ্বেগে আছেন উত্তরের এই মাঝারি কৃষক। তাঁর ভাষায়, ‘দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কোলাহল। খুন আর কাটাকাটি চলছে। বিভিন্ন জায়গায় মানুষ হতাশাগ্রস্ত।’
দেবুচন্দ্রের দাবি, ‘সরকারের কাছে চাই, আমরা যাতে ন্যায্যমূল্য পাই। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যদি এভাবে থাকে, তাহলে ধানের দাম বাড়তি লাগবে। আবার যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমে যায়, তাহলে ধানের যে দাম আছে সেটাই যথেষ্ট।’ চালের দাম স্থিতিশীল রাখা রাজনৈতিক স্থিতিশীলতার শর্ত। চালের দাম চড়া হলে শহরবাসী খেপবে। তাই অনেক সময়ই কৃষক ধানের ন্যায্য দাম পায় না। তার ওপর আছে ধানকলের মালিক নামক মধ্যস্বত্বভোগী। সরকারিভাবে ধান-চাল কেনার ব্যবসার লাগামও একশ্রেণির ফড়িয়ার হাতে। এবারও যখন দাম ভালো, তার অর্থ হলো গতবারের চেয়ে ভালো। কিন্তু এখনো তা কৃষকের উৎপাদন খরচের চেয়ে কম। কৃষক যদি চাষাবাদের বাণিজ্যিক মুনাফা হিসেবে ধরত, তাহলে দেখতে পেত, প্রতি ফসলেই তার কিছু না কিছু লোকসান।
এ থেকেই মাথায় আরও একটা প্রশ্ন ঘোরে: তারপরও কৃষক কেন ফসল ফলায়? যেখানেই কৃষকের দেখা পেয়েছি, প্রশ্নটা করেছি। আশ্চর্য হয়ে দেখলাম, ফরিদপুরের পদ্মার চরের কৃষক, তিস্তার ভাঙনে সর্বস্বান্ত হওয়া বৃদ্ধ চাষি কিংবা পঞ্চগড়ের দেবীগঞ্জের এই কৃষকের মনে বাজছে একই উত্তর। তাঁরা খেতখামারির প্রতি ভালোবাসার কথা বলেন, গ্রামের জীবনে শান্তির কথা বলেন। কিন্তু সবচেয়ে বেশি বলেন আশার কথা। দেবুচন্দ্রের মুখে কথাটা যেন কোনো চিরায়ত সত্যের মতো শোনাল, ‘আমরা আশাবাদী। প্রতিবার ধান করি আর আশায় আশায় থাকি, এবার ভালো দাম হতে পারে, এবার ভালো দাম হতে পারে। কৃষক থাকে আশায় আশায়। কিন্তু কৃষকের আশা কোনো দিন পূরণ হয় না!’
ফেরার সময় উত্তরবঙ্গের বিরাট প্রান্তরের দিকে তাকিয়ে, তার মধ্যে দূরে দূরে কাজ করা কালো কালো ছায়ার মতো মানুষের দিকে তাকিয়ে শুধু ওই কথাটাই মনে বাজছিল, ‘আশায় আশায় আশায় আশায়’। যে আশা কখনো পূরণ হয় না, সেই আশাই কি বাংলাদেশের কৃষকের মূল শক্তি ও দুর্বলতা?