‘উঠ মা বঙ্গজননী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা বাঙালির সর্বজনীন উৎসব। ধর্মীয় পরিচয় থাকলেও দুর্গাপূজা কিংবা ঈদ উৎসবে বাঙালি মিলিত হয় অভিন্ন মোহনায়। সামাজিকীকরণ ও ইহজাগতিকতাবোধের এক অনন্য অনুষ্ঠান দুর্গাপূজা। বাঙালির লোকায়ত জীবনে দুর্গার অধিষ্ঠান খুব বেশি দিনের নয়। প্রায় আড়াই হাজার বছর আগে রচিত বাল্মীকির ‘রামায়ণ’-এ রাম কর্তৃক দুর্গাপূজার কোনো কাহিনি পাওয়া যায় না। কৃত্তিবাস ওঝার বাংলা ‘রামায়ণ’-এ দেবী দুর্গার আশীর্বাদ লাভের জন্য রামচন্দ্র কর্তৃক তাঁর পূজার কথা বলা হয়েছে। কৃত্তিবাসী ‘রামায়ণ’-এর প্রভাবে বাঙালির ঘরে ঘরে পূজিতা হতে থাকেন দেবী দুর্গা।বাঙালির লোকায়ত জীবনে দুর্গার অধিষ্ঠান দেড় হাজার বছর আগে। লৌকিক কিংবদন্তি এ কথা বলে যে ত্রেতাযুগে রামচন্দ্র শরৎকালে অকালবোধন করে দেবী দুর্গার কৃপা লাভে সক্ষম হয়ে রাবণকে বধ করেছিলেন। কৃত্তিবাসী ‘রামায়ণ’-এর এই কিংবদন্তির পর থেকেই সূচনা ঘটে শারদীয় দুর্গোৎসবের। বাঙালি কবি দেবীর আশীর্বাদ লাভের উপায় হিসেবে রামচন্দ্রকে দিয়েই পূজার কল্পনা করেছেন। এই কল্পনায় জাগতিক কল্যাণচিন্তাই প্রাধান্য পেয়েছে। এখানেই বাঙালির স্বাতন্ত্র্য। মিলিত বাঙালির যেকোনো উৎসবের পশ্চাতেই থাকে এই জাগতিক কল্যাণচেতনা। মন্দিরে দুর্গার পারিবারিক মিলনচিত্রটা আসলে বাঙালির মিলিত জীবনেরই ছবি।দেবী দুর্গার রূপকল্পনায় কৃষিজীবী নারীপ্রধান বাঙালি সমাজের প্রত্নস্মৃতি অলক্ষ্যে উঁকি দেয়। বসন্তকালের পরিবর্তে বাঙালি দুর্গাপূজা পালন করে শরৎকালে। ধানের শিষ যখন রৌদ্র-ছায়ায় হেসে ওঠে, পাকা ফসলে ঘর ভরে ওঠার সম্ভাবনায় বাঙালি যখন উদ্বেলিত হয়—সেই শরৎকালেই বাঙালির ঘরে ঘরে সপরিবারে উপস্থিত হন দুর্গা। মূলে, সেই প্রত্নসময়ে এটি কৃষি-উৎসব ছিল বলেই শরৎকালে বাঙালি আয়োজন করে এই উৎসবের। একসময়ের শস্যদেবী দুর্গাই আর্যপুরাণে পরিণত হন রণরঙ্গিনী দেবীতে। কিন্তু বাঙালি তাঁকে অনায়াসে রূপান্তরিত করে গৃহস্থ-কন্যায়। বাংলার লোকায়ত জীবনে, হর-গৌরীর লোকগানে যে দুর্গাকে আমরা পাই, তিনি তো বাঙালি ঘরের সাধারণ এক নারী। স্বামীর সঙ্গে তাঁর মান-অভিমান, ঝগড়া-বিবাদ, সন্তানের জন্য তাঁর ব্যাকুলতা তো যেকোনো বাঙালি গৃহবধূর মতোই। এই লোকায়ত গীতে পাওয়া যায় স্বামী-স্ত্রীর মান-অভিমানের কথা, যা আর্য-দেবী দুর্গাতে কিছুতেই কল্পনা করা যায় না। রাজশাহী অঞ্চলে প্রচলিত একটি লোকগান থেকে প্রসঙ্গটি অনুধাবন করা যায়—শিব সঙ্গে রসরঙ্গে বসিয়ে ভবানী।কুতূহলে উমা বলেন ত্রিশূল শূলপাণি\তুমি প্রভু, তুমি প্রভু ত্রৈলোক্যের সার।ইন্দ্র চন্দ্র কুবের বরুণ তোমারি কিংকর\তোমার নারী হয়ে আমার সাধ নাহি পোরে।যেন বেন্যা পতির কপালে পড়ে রমণী ঝোরে\দিব্য সোনার অলংকার না পরিলাম গায়।শামের বরণ দুই শঙ্খ পরতে সাধ যায়\দেবের কাছে মরি লাজে হাত বাড়াতে নারি।বারেক মোরে দাও শঙ্খ, তোমার ঘরে পরি\বাংলার লোকবিশ্বাসে দেবী দুর্গা কেবল গৃহস্থ ঘরের বউ নন, তিনি দেশজননী। পরাশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করাই দুর্গা-কল্পনার কেন্দ্রীয় ভাব—এমন কথা ভেবেছেন অনেক প্রাজ্ঞ দার্শনিক চিন্তাবিদ। প্রসঙ্গত, স্মরণ করা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অভিমত। ‘আমার দুর্গোৎসব’ শীর্ষক এক রচনায় বঙ্কিমচন্দ্র লিখেছেন, ‘দেখিতে দেখিতে আর দেখিলাম না—সেই অনন্ত কাল-সমুদ্রে এই প্রতিমা ডুবিল! অন্ধকারে সেই তরঙ্গ-সঙ্কুল জলরাশি ব্যাপিল, জলকল্লোলে বিশ্বসংসার পূরিল! তখন যুক্ত করে, সজল নয়নে, ডাকিতে লাগিলাম, উঠ মা হিরণ্ময়ি বঙ্গভূমি! উঠ মা! এবার সুস্তান হইব, সৎপথে চলিব—তোমার মুখ রাখিব! উঠ মা, দেবী দেবানুগৃহীত—এবার আপনা ভুলিব—ভ্রাতৃবৎসল হইব, পরের মঙ্গল সাধিব—অধর্ম্ম, আলস্য, ইন্দ্রিয়ভক্তি ত্যাগ করিব—উঠ মা—একা রোদন করিতেছি, কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা! উঠ-উঠ, উঠ মা বঙ্গজননী।’ দেবী দুর্গার অবয়বে এই বঙ্গজননী কল্পনাও বাঙালির দুর্গা-ভাবনার আরেক উজ্জ্বল প্রান্ত। মাকে জাগ্রত হওয়ার আহ্বানের মধ্য দিয়ে বাঙালি যেন সবাইকেই আহ্বান করে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।কল্যাণ ও মঙ্গলের বার্তাবহ দেবী দুর্গাকে বাঙালি নিজস্ব প্রয়োজনে রণরঙ্গিনী রূপে কখনো-কখনো কল্পনা করেছে। প্রসঙ্গত, মনে পড়ে কাজী নজরুল ইসলামের একাধিক কবিতার কথা। তিনি দুর্গাকে আহ্বান করেন চণ্ড-বিনাশিনী সত্তায়, দুর্গার অবয়বে নজরুল দেখেন অনন্ত শক্তির আধার। রাবণ নামক রাক্ষসের সমকালরূপী অপশক্তিকে ধ্বংস করার জন্য নজরুল তাঁর কবিতা ও গানে স্মরণ করেছেন দুর্গাকে। ‘পূজা-অভিনয়’ কবিতায় তিনি দুর্গাকে আবাহন করেছেন সামাজিক ‘রাবণ’ শক্তিকে পরাভূত করার আত্যন্তিক বাসনা নিয়ে—দশমুখো ঐ ধনিক রাবণ,দশ দিকে আছে মেলিয়া মুখ,বিশ হাতে করে লুণ্ঠন, তবুভরে নাক’ ওর ক্ষুধিত বুক।হয়ত গোকুলে বাড়িছে সে আজউহারে কল্য বধিবে যে,গোয়ালার ঘরে খেঁটে-লাঠি করেহলধর-রূপী রাম সেজে!দুর্গাপূজার কথা ভাবতে ভাবতে মনে পড়ছে টমাস পেইনের (১৭৩৭-১৮০৯) কথা। কত আগে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি অদ্বিতীয় ঈশ্বরে, তার বেশি কিছু নয়—আমি বিশ্বাস করি মানুষের সাম্যে এবং বিশ্বাস করি যে ন্যায়বিচার, মমতা, দয়া-দাক্ষিণ্য এবং আমাদের সঙ্গী মানুষদের সুখী করার প্রয়াসের মধ্যেই ধর্মীয় কর্তব্যসমূহ নিহিত আমার হূদয়ই আমার চার্চ।’ প্রায় অভিন্ন কথা বলেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম—এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট;এই হূদয়ই সেই নীলাচল, কাশী, মথুরা বৃন্দাবন,বুদ্ধগয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবাভবন,মসজিদ এই মন্দির এই, গির্জা এই হূদয়।ধর্ম পালন আজ অনেকের কাছেই লোকদেখানো ফ্যাশনে পরিণত। ধর্মের মূল বাণী মানবসেবা আজ প্রায় নির্বাসনে। সামাজিক অসুরশক্তি, সামাজিক রাবণেরা আজ রূপে-রূপান্তরে, নানা আবরণে মর্ত্যের মানুষকে গ্রাস করতে উদ্যত। মানুষের শুভবোধ ও কল্যাণচেতনা আজ মুখথুবড়ে পড়েছে। মানুষের ধর্মই সত্যিকার ধর্ম। একজন মানুষ যখন নিজস্ব ধর্ম পালনের পাশাপাশি এই মানবধর্মও পালন করেন, তখনই ধর্ম হয়ে ওঠে মানুষের আকাঙ্ক্ষিত কল্যাণের অনেকান্ত উৎস। মানবধর্মকে উপেক্ষা করে, মানুষকে লাঞ্ছিত করে কেবল সম্প্রদায়ভিত্তিক ধর্মপালন মানুষকে যথার্থ মানুষ হয়ে উঠতে দেয় না। এ প্রসঙ্গেই, ধারণা করি, বাংলাদেশের উৎসবগুলো, বিশেষত দুর্গাপূজা, ঈদ আমাদের প্রতিনিয়ত সতর্ক করে, আমাদের সজাগ করে। এ কথা যত দ্রুত আমাদের উপলব্ধি হবে যে ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যই ধর্ম—ততই আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে মিলিত বাঙালির। বিশ্বজিৎ ঘোষ: অধ্যাপক বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।