'এই নিখোঁজ, ওই নিখোঁজ'
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের বেশি অনুপস্থিত ও নিরুদ্দেশ শিক্ষার্থীদের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই তালিকায় ৫৩ শিক্ষার্থী অনুপস্থিত বলে উল্লেখ রয়েছে। ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu.ac.bd) এসব শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ১৮ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৩ জন, ব্যবস্থাপনা বিভাগের ১১ জন ও ফোকলোর স্টাডিজ বিভাগের ৬ জন রয়েছেন।
খবরটি রীতিমতো হতচকিত হওয়ার মতো। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩জন শিক্ষার্থী অনুপস্থিত! ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধন্যবাদ পেতে পারে। তারাই প্রথম এ রকম একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল। এর আগে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান তালিকা প্রকাশ করলেও তা ছিল অসম্পূর্ণ। একইভাবে খবরটি আমাদের যারপরনাই উদ্বিগ্ন করে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যদি অর্ধশতাধিক শিক্ষার্থী অনুপস্থিত থাকে, সারা দেশে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটি সহজেই অনুমান করা যায়।
তবে এই অনুপস্থিত শিক্ষার্থীদের সবাই জঙ্গি হয়ে গেছেন, তা-ও বলা যাবে না। নানা কারণে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকতে পারেন। অসুস্থতা, দুর্ঘটনা কিংবা পারিবারিক বা আর্থিক সমস্যার কারণে তাঁরা ক্লাসে অনুপস্থিত থাকতে পারেন। একসময় প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠনের মধ্যকার বিরোধের কারণে নেতা-কর্মীরা ক্যাম্পাসে যেতে পারতেন না। গেলেও একপক্ষ অন্যপক্ষকে বিতাড়িত করত। এখন সবকিছু সরকার-সমর্থক ছাত্র সংগঠনটির নিয়ন্ত্রণে। তাদের সঙ্গে সমঝোতা করেই প্রতিদ্বন্দ্বী সংগঠনের নেতা-কর্মীরা শ্রেণিকক্ষে যান। কিন্তু তাঁরা ক্যাম্পাসে থাকতে পারেন না। ক্লাস-পরীক্ষা দিয়েই ক্যাম্পাস ছাড়তে হয়। এটাই চলে আসছে অনেক বছর ধরে। বিএনপি আমলে ছাত্রদলের দখলে, আর আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের দখলে। প্রধানমন্ত্রী ছাত্রলীগের কর্মীদের পড়াশোনা করতে বলেছেন। পড়াশোনা ও দখলবাজি একসঙ্গে চলতে পারে না।
তবে কারণটা খুঁজে বের করা জরুরি। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পরই প্রকাশিত হয় যে, জঙ্গিদের বেশ কয়েকজন ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাঁদের কেউ ছয় মাস, কেউ এক-দুই বছর আগে থেকে অনুপস্থিত রয়েছেন। সরকারি ও বেসরকারি উভয় শ্রেণির শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীরা জঙ্গিবাদে দীক্ষা নিচ্ছেন। ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব হায়দার হত্যার সঙ্গে জড়িত প্রায় সবাই ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের খুঁজে বের করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তদারকি জোরদার করেছে। এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। কেননা শতকরা ৯৯ ভাগ ক্ষেত্রে অভিভাবকদের না জানিয়েই এই শিক্ষার্থীরা লা পাত্তা হয়ে যান।
এটি হলো এক ধরনের নিখোঁজ; যাদের বলা যায় স্বেচ্ছা-নিখোঁজ। কোনো বড় ভাই বা জঙ্গিবাদী সংগঠনের পাল্লায় পড়ে তাঁরা নিখোঁজ হন। কেউ কেউ ফিরেও আসেন। কিন্তু আরেক ধরনের নিখোঁজের ঘটনাও দেশে ঘটছে। সেটি হলো অনিচ্ছার নিখোঁজ বা গুম হওয়া। একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। একসময় বাম চরমপন্থীদের হাতে মানুষ গুম হওয়ার ঘটনা ঘটত। এখন তাদের তৎপরতা নেই বললেই চলে। তাহলে কারা গুম করছে? সংশ্লিষ্ট পরিবারের অভিযোগ, সাদাপোশাকের লোকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম করে তাঁদের তুলে নিয়ে যাচ্ছেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, তাঁরা কিছু জানেন না। অথচ প্রতিবছর আমরা দেখছি এ ধরনের গুম বা নিখোঁজের সংখ্যা বেড়েই চলেছে। সে ক্ষেত্রে সরকারের ওপরই দায়িত্ব বর্তায় নিখোঁজ লোকজনকে খুঁজে বের করা।
এই নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে প্রতিবছর ৩০ আগস্ট পালিত হয় আন্তর্জাতিক গুমবিরোধী দিবস। ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন অ্যাগেইনস্ট এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ নামের একটা আন্তর্জাতিক সংস্থার বরাত দিয়ে বিবিসি বলছে, চলতি বছরে জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে ৫২ জন মানুষ নিখোঁজ বা গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৭ জনের মৃতদেহ পাওয়া গেছে। ৩৩ জনকে পরবর্তী সময়ে পাওয়া গেছে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে। তবে, ১২ জনের খবর পাওয়া যায়নি।
গুম দিবস উপলক্ষে গত ২৭ আগস্ট মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত সেমিনারে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেছেন, গুম প্রতিরোধে বিশেষ আইন তৈরি করতে হবে। সরকার ও রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, যারা বেআইনি কাজ করছে, আইনশৃঙ্খলা বাহিনী আইন মেনে তার প্রতিরোধ করবে।
শাহদীন মালিক বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার বিচার রুখতে ইনডেমনিটি অধ্যাদেশের পর ২০০৩ সালে তথাকথিত যৌথ বাহিনীর অভিযানের দায়মুক্তি দিতে দায়মুক্তি আইন পাস করা হয়। এ রকম দায়মুক্তি দিতে আমার জানামতে বিশ্বে গত ৫০ বছরে কোনো সংসদই আইন পাস করেনি। আইনশৃঙ্খলা বাহিনীর আইনবহির্ভূত কাজের ওই যে শুরু, তারপর আমরা সবাই জানি। গুমের পাশাপাশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও চলছে।’
আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এসব আইনবহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করতেই হবে। আইনের মানুষ আইন অমান্য করলে সাধারণ মানুষ কোথায় ভরসা রাখবে? কার কাছে প্রতিকার চাইবে? আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই নিখোঁজ, ওই নিখোঁজদের হদিস বের করতেই হবে।