‘এই প্লেন, আমারে ন্যাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দুই দিন আগের কথা।থেকে থেকে কয়েক দিন ধরে চলা বৃষ্টির পর একটা রোদেলা দিন বেশ লাগে। রোদেলা দিনের শেষে পড়ন্ত বিকেলের রক্তিম আভা মুখে লাগিয়ে চারুকলার ছবির হাট পেরিয়ে শাহবাগমুখী হলেই চোখে পড়ে ফুলের ঝুড়ি নিয়ে অপেক্ষারত ছোট শিশুদের মুখ। এভাবেই কাঁঠালচাপা ফুল নিয়ে বিক্রির অপেক্ষা করছিল ছোট দুই শিশু। আর এ দুজনের মধ্যে অপেক্ষাকৃত ছোটজনের পরনে নেই কোনো পোশাক। কিছু সময় পর পর পুরোনো রিকশার একটা চাকা ঘুরিয়েই বলে, ‘গাড়ি গাড়ি, এই গাড়ি থাম।’আবার এসে বসে অন্যজনের পাশে, যদি ফুল বিক্রি হয়—এই আশায়। কাছে আসতেই ভারি খুশি হয় তারা। আর হবেই বা না কেন? বেচা-বিক্রি একেবারেই নেই। কাছে কাউকে আসতে দেখলেই ভাবে, হয়তো ভাগ্যটা প্রসন্ন হবে। ঈদের আগে নাড়ির টানে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। আর তাই যেতে বাদ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাস একেবারেই ফাঁকা। এই ফাঁকা ক্যাম্পাসে বেড়াতে এসে নগরবাসী হয়তো খুশি হবে। তবে খুশি হবে না ক্যাম্পাস পরিমণ্ডল ঘিরে যাদের জীবিকা নির্বাহ করতে হয়, এমন শিশুরা। কেননা, বিশ্ববিদ্যালয়ে লোকজনের সমাগম বেশি থাকা মানেই বিক্রি ভালো হওয়া। ফুলের ঝাঁকা নিয়ে অপেক্ষারত দুই শিশুর বড়টার নাম মহররম। তবে নাম জিজ্ঞেস করার আগেই ছোটটা বলে, ‘আমার নাম হাসান।’ মহররমের বয়স কত? উত্তর দিতে কিছুটা দেরি হচ্ছিল তার। আর কালক্ষেপণ নয়, এবারও হাসান ঝটপট বলে, ‘আমার বয়স চার আর ওইর হইল ছয় বচ্ছর।’তখনই মহররম বলে, ‘না আপা, অর বয়স তিন বচ্ছর’। এবার জোরালো প্রতিবাদ হাসানের, ‘তুই ভুল কস কেন?’ হাসান আবার বলে ‘আমার বইন মরিয়ম হপায় হইসে। মানে আমারও ছোড। থাকে মায়ের কোলের মইদ্দ্যে।’বুঝতে বাকি রইল না ওরা দুই ভাই। বাবায় কী করে? মহররম বলে, ‘পাপ্পন (পপকর্ন) বেচে। তাতে ছোড বইনের খাওন আর আমাদের দুই ভাই মিইল্লা চলে না।’ফুল বিক্রি করে কয় টাকা হয়? ছোট্ট হাসান বলে, ‘আমার ৫০ টেকা আর ওইর হয় ১০০ টেকা। তয় ইনভারসিটি বন্ধ, তাই বেচা-বিক্রি নাই। সব টেকা মায়রে দেই।’আর থাকা? ‘কেন, সোরর্দির (সোহরাওয়ার্দী) মধ্যে থাকি।’স্কুলে যাও?হাসান বলে, ‘আমি পড়ি না। ওই (মহররম) পড়ে। এইহানে যারা আঁকে, তারাই পড়ায়। আবার খাইতেও দেয়। আমি শিঙাড়া খাইছি। তাই আসি মাঝেমইদ্যে। তয় বই-খাতা ভালো লাগে না। হ্যারা তো ট্যাকা দেয় না।’ ঈদ তো চলে আসল, ঈদে কী করবা? কম কথা বলা মহররম বলে, ‘ঈদ নাই গো আপা। জামা নাই, তাই ঈদও নাই। ঈদ মানেই নতুন জামা আর জুতা। আমার তো নতুন কিছু নাই, তাই আমাগো ঈদ নাই।’ ভাইয়ের কষ্টটা বুঝতে পারে ছোট হাসান। চটপটে হাসান চুপ মেরে যায়। আবার হঠাৎ করেই বলে, ‘মরিয়মরে আব্বায় একটা জামা কিনা দিছে। আমরা তো বড়, তাই আমাগো নাই।’ ছয় আর চার বছরের শিশু দুটো বাস্তবতার খাতিরে নিজেদের প্রবোধ দিতে শিখেছে। ঈদের আগে যেখানে শপিং মল আর মার্কেটে উপচে পড়া ভিড়, সেই একই ঈদেই আমাদের দেশের হাজার হাজার ছোট শিশু নতুন পোশাকের মুখ দেখছে না। নতুন পোশাকের গন্ধ ওরা পায় না। ঈদের দিন কী করবা? দুজনের উত্তর একসাথে। ‘চরে জামু, ফুফু থাকে চরে (কামরাঙ্গীরচর)। ফুফুর দুই পোলা বাদশা আর সুলতানের লগে খেলুম। বাড়ি গেলে ফুফা দুই টেক্যার নোট দেয়। সেই টেক্যা আমরা মায়েরে দেই। মা কইছে টিভি কিন্যা দিব।’টিভি দেখতে ভালো লাগে? এবার দুজনের চোখই চকচক করছে। একসঙ্গে বলে ওঠে, ‘হুম, খুব ভাল্লাগে। শাকিব খানরে বেশি ভালা লাগে।’শাকিব খান হতে ইচ্ছে করে? এবার দুজনের চোখেমুখে লাজুক হাসি।আর কথা বলতে চায় না তারা। সন্ধ্যা ঘনিয়ে আসছে। বাকি ফুলগুলোও বিক্রি করতে হবে সন্ধ্যার আগেই। উঠে দাঁড়াতে গিয়ে দুজনের হাতে গুঁজে দিই কমলা গন্ধের চকলেট। একবার নাকে শুঁকেই মুখে পুরে দেয়। এমন সময় প্লেন উড়ে যায় মাথার ওপর দিয়ে। ছোট্ট হাসান তার চাকা ঘোরাতে ঘোরাতে ছুটে যায়। ‘এই প্লেন, আমারে ন্যাও।’পিছু পিছু ছোটে বড় ভাই মহররমও। এই ছুটে চলা সামনের দিকে। আর এই ছুটে চলার অন্য নাম হয়তো স্বপ্ন।শারমিন নাহার