'এত ভালোবাসা তুমি দিয়ো না আমায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ও অবশেষে এগিয়ে এসেছে; দেশি-বিদেশি সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছে, তারা নিঃসঙ্গ, পরিবারছাড়া, মা-বাবাহারা শিশুদের একত্র করবে। গুগল ফরমস-এর মাধ্যমে তাদের গণনা করা হচ্ছে। গণনা শেষ হলো বলে। উখিয়া আর টেকনাফে দুই শ দুই শ চার শ একর জমির ওপর এসব নিঃসঙ্গ শিশু-কিশোর-কিশোরীর জন্য ‘এতিমখানা’ বানানো হবে। বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তি জানিয়েছেন, জাতিসংঘে শিশু তহবিলের কর্মকর্তাদের সঙ্গে তাঁদের এ ব্যাপারে কথা হয়েছে।

জাতিসংঘের শিশু অধিকার সনদ বলে একটা সনদ আছে। এক সোমালিয়া ছাড়া পৃথিবীর (সোমালিয়ায় কোনো স্বীকৃত সরকার গদিনশিন না হওয়ায় তারা স্বাক্ষর করতে পারেনি) সব দেশ এটা গ্রহণ করে স্বাক্ষর করেছে। জাতিসংঘের আর কোনো সনদে এখন পর্যন্ত পৃথিবীর এতগুলো দেশ স্বাক্ষর, অনুস্বাক্ষর ও অনুমোদন করেনি। বাংলাদেশ প্রথম স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে অন্যতম। ১৯৮৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত এই সনদ ১৯৯০ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক আইনের একটি অংশে পরিণত হয়।

দেখা যাক, এখানে শরণার্থী শিশুদের নিয়ে আমরা কী কী দায়িত্ব মেনে নিয়েছি। সনদের ২২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘শরণার্থী শিশু বা শরণার্থীর মর্যাদাপ্রার্থী শিশুদের বিশেষভাবে রক্ষার ব্যবস্থা করা হবে। সরকার এসব শিশুর জন্য এই সনদে এবং আন্তর্জাতিক শরণার্থী আইনে উল্লিখিত অধিকারগুলো নিশ্চিত করবে। শিশুর মা-বাবাকে খুঁজে বের করা এবং শিশুকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া এর অন্তর্ভুক্ত। যদি শিশুর মা-বাবা অথবা পরিবারের কাউকে খুঁজে না পাওয়া যায়, তাহলে সরকার তার লালন-পালন ও সুরক্ষার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে। যেসব সংস্থা শরণার্থী শিশুদের রক্ষার দায়িত্ব নেবে, তাদের সাহায্য ও সহযোগিতা করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব।’

এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে নিঃসঙ্গ শিশুর মা-বাবা বা তার আত্মীয়স্বজনের হদিস করা, তাঁদের খুঁজে বের করা, খোঁয়াড়ে বন্দী করা নয়। যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে কী হবে? এ বিষয়েও সনদের ২০ অনুচ্ছেদে পরিষ্কার দিকনির্দেশনা দেওয়া আছে: ‘কোনো শিশু যদি বিশেষ পরিস্থিতিতেও, যেমন মা-বাবার মৃত্যুর কারণে অথবা মা-বাবা ছেড়ে চলে যাওয়ায় কিংবা মা-বাবার কাছ থেকে হারিয়ে যাওয়ায় তার পারিবারিক পরিবেশ থেকে বঞ্চিত হয়, তাহলে সেই শিশুর অধিকার রক্ষার জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে সরকার শিশুদের জন্য পারিবারিক সুযোগ-সুবিধার বিকল্প ব্যবস্থা নেবে অথবা প্রয়োজনবোধে কোনো প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করবে।’

শিশুকে পরিবারের সঙ্গে থাকতে দিতে হবে, তার নিজের পরিবার না থাকলে প্রসারিত পরিবার, আত্মীয়স্বজনের সঙ্গে সে থাকবে। নিদেনপক্ষে তাকে সংস্কৃতির সঙ্গে সংগতিপূর্ণ দায়িত্বশীল মানুষজনের সঙ্গে বসবাসের সুযোগ দিতে হবে। শিশু অধিকার সনদের ৩৯ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘যেসব শিশু সশস্ত্র সংঘাত, অত্যাচার, অবহেলা, বিনা চিকিৎসা বা শোষণের শিকার, তাদের শারীরিক ও মানসিক সুস্থতা ফিরিয়ে আনতে এবং তাদের সমাজে পুনর্বাসিত করার লক্ষ্যে রাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যেন ভবিষ্যতে তারা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে।’

২০০০ সালে ভারতের ওডিশায় সুপার সাইক্লোনে হাজার হাজার মানুষ সাগরে হারিয়ে যায়, গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যায়। প্রায় ২০ হাজার শিশু পরিবার-পরিজন হারিয়ে অনাথ হয়ে পড়ে। সারা দেশের এতিমখানাগুলোর দরজা খুলে দেওয়া হয় এসব শিশুকে আশ্রয় দেওয়ার জন্য। শ পাঁচেক শিশুকে উত্তর ভারত মধ্য-ভারতের এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়। কয়েক পুরুষ আগে বাংলাদেশের কালীগঞ্জ এলাকা থেকে যাওয়া মানুষেরা এক বিধ্বস্ত পল্লিতে কাজ করার সময় আমাকে কয়েকজন মা ঘিরে ধরলেন, ‘তুমি মনে হয় বাঙালি? কী কও?’ খুলনা সাতক্ষীরার পরিষ্কার বাংলা। কেন তাঁদের মনে হয়েছিল আমি তাঁদের কথা শুনব, তা আজও আমি জানি না। মায়েরা আমাকে অনুরোধ করেন এতিম শিশুদের এতিমখানায় পাঠানোর বদলে স্থানীয় সন্তানহারা মায়েদের দায়িত্বে ছেড়ে দেওয়ার। তাঁরা আমাকে বলেন, ‘তাদের যেমন মা-বাবা হারিয়ে গেছে, আমাদেরও ছেলেমেয়ে হারিয়েছে। আমরা ওদের দেখভাল করব। অনাথ আশ্রমে পাঠালে তারা শেষ হয়ে যাবে। তুমি ব্যবস্থা করো।’

দায়িত্বপ্রাপ্ত রিলিফ কমিশনার আইসিএস অফিসার মিস্টার ঝা’র কাছে প্রস্তাব দেওয়া হলো। বৃত্তের বাইরে এসে চিন্তা করার তৌফিক আল্লাহ তাঁকে দিয়েছিলেন। কাজ শুরু হলো ‘মমতা গৃহের’। শিশুদের সুযোগ দেওয়া হলো পরিবার বেছে নেওয়ার। শিশুরা তাদের কমিউনিটিতে, সমাজে থাকার সুযোগ পেল। নানা সম্প্রদায় ও বর্ণভিত্তিক সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কে কোন পরিবারে থাকবে, তা নিয়ে বড়দের নানা দুশ্চিন্তা থাকলেও শিশুদের সে ভাবনা ছিল না। যে মাকে তাদের ভালো লেগেছে, তাঁর কাছে তারা থেকে গেছে, সে শূদ্র না ব্রাহ্মণ, তা তারা দেখেনি।

এ দেশ থেকে তিন পুরুষ আগে শরণার্থী হয়ে যাওয়া, জমির অধিকার পত্তনি না পাওয়া মৎস্যজীবী ‘নিকিরি’ পল্লিবালা যদি শিশুদের প্রতিষ্ঠান বন্দীর অমর্যাদার পরিণাম সম্পর্কে বুঝতে পারে, তাহলে আমাদের কোথায় অসুবিধা? আসলে শিশুদের কষ্ট বুঝতে দিগগজ পণ্ডিত হওয়া জরুরি নয়, জরুরি মনটাকে প্রসারিত করা। কথিত শিক্ষা আমাদের বাক্সে বন্দী করে, বই-খাতার বাইরে আমরা ভাবতে পারি না। আন্তর্জাতিক নীতিমালা সে ভাবনার সুযোগ করে দিলেও না। আমরা থাকি আমাদের তালে; প্রকল্প, ইমারত, গেট, ফাইল, পাইক-পেয়াদা, বরকন্দাজ, গাড়ি, স্যালুটের মোহবন্দী তালুতে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে কম এতিমখানা নেই। তাদের ব্যবস্থাপনা নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভালো। শিশু নির্যাতন, অবহেলা, যৌন নির্যাতন—কোনটার অভিযোগ নেই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে! মাঝেমধ্যেই শিশুরা অতিষ্ঠ হয়ে বেঁকে বসে, বিদ্রোহ করে, ছুটে বেরিয়ে যায়। পুলিশ, গ্রেপ্তার, বদলি, বহিষ্কার দিয়ে সমাধান হয় সেসব সংকটের। দু-এক দিন সাহসী একজন সাংবাদিক এসব খবরের ফলোআপ পাঠান, তারপর মফস্বলের খবরের ভিড়ে বন্দী শিশুদের কান্না চাপা পড়ে যায় আরেক বিদ্রোহের দিন পর্যন্ত। এই যখন আমাদের ব্যবস্থাপনার ছিরি, তখন কোন সাহসে আমরা শরণার্থী শিশুদের জন্য একই পদক্ষেপের পরিকল্পনা করছি?

সবার নিবন্ধনের সঙ্গে সঙ্গে নিঃসঙ্গ শিশুদেরও জরুরি ভিত্তিতে খুঁজে বের করে নিবন্ধন করতে হবে। দেখতে হবে কোন শরণার্থী মায়ের সঙ্গে সে থাকতে চায়। যার সঙ্গে থাকতে চাইবে, তাঁকে শিশুটি রাখার দায়িত্ব দিতে হবে। এমন হতেই পারে যে কিছুদিন পর শিশুটির দায়িত্ব নেওয়া মা আর শিশুটিকে রাখতে চাইলেন না বা শিশুটি নানা যন্ত্রণার শিকার হচ্ছে, তখন অন্য কোনো পরিবারের সঙ্গে তার থাকার ব্যবস্থা করতে হতে পারে বা দেখা যাওয়া সংকট থেকে বেরিয়ে আসার জন্য দুজনকে নিয়ে বসতে হতে পারে। এ জন্য প্রয়োজন কেস ম্যানেজমেন্টে দক্ষ কর্মীদের সহায়তায় একটা কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা। এতিমখানা নয়, মানসিক সংকটে থাকা শরণার্থী শিশুদের শৈশবকালীন কর্মকাণ্ড—খেলাধুলা, ছোটাছুটি, পড়ালেখা, ছবি আঁকা, গান গাওয়ার সুযোগ করে দিতে হবে।

যারা শিশুদের নিয়ে কাজ করার জন্য প্রকল্প বা প্রস্তাব জমা দিচ্ছে, তাদের শিশু সুরক্ষা নীতিমালা আর এসব নীতিমালা বাস্তবায়নের কর্মকৌশল প্রক্রিয়ার বিধিমালা আছে কি না, তা যাচাই করে দেখতে হবে। প্রয়োজনে কর্মীদের এ বিষয়ে ফলোআপসহ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিশু সুরক্ষা নীতিমালা ও শিশুদের প্রতি বড়দের আচরণবিধির সুষ্ঠু প্রয়োগ না থাকলে এসব নিঃসঙ্গ শিশুর আশু বিপদ তথা পাচার ও ভয়ংকর সব কাজে লিপ্ত করার কারবারিদের হাত থেকে রক্ষা করা খুব কঠিন হবে।

আমাদের সমাজসেবা অধিদপ্তর বা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব কোনো শিশু সুরক্ষা নীতিমালা বা শিশুদের প্রতি আচরণ বিধিমালা আছে কি?

গওহার নঈম ওয়ারা: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী; শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়