'এবার তবে আমরা কোথায় যাব?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একসময় পৌঁছে গেলাম এ যাত্রার শেষ নদীর পাড়ে। এপারে চালনা ওপারে দাকোপ। মাঝখানে ঢাকী নদী। তখন ভাটার সময়। পানি কম। নদীর মাঝখানে কালো পলির একটুখানি চর। জোয়ার এলেই আবার ডুবে যাবে। একদল শিশু তার মধ্যে দৌড়াদৌড়ি খেলছে। আর তাদের মায়েরা গলাপানিতে ডুবে ডুবে ধরছে চিংড়ির রেণু, কিংবা গলদা; যা পাওয়া যায়। খেয়ানৌকায় ওপার থেকে এসে নামল এক কিশোর। হাতে ছোট্ট পলিথিনে একটা তিন-চার ইঞ্চি লম্বা চিংড়ি। কথা বলে জানা গেল, দুই ঘণ্টা পানি চষে এই একটাই পেয়েছে সে। এখন বেচতে যাচ্ছে চালনা বাজারে। দাম ২০ টাকা মাত্র। কোনো বড় হোটেলে এটা যখন রান্না করে পরিবেশিত হবে, তখন জাদুবলে দাম হয়ে যাবে ২০০ টাকা বা তারও বেশি।

এ এমন এক জনপদ, সময় যেন এখানে শত বছর ধরেই আটকে আছে। অর্থনীতি পড়ে আছে প্রাণধারণের স্তরে। মাছ ধরা, মাটি কাটা আর ধান চাষ ছাড়া জীবিকা নেই সাধারণ মানুষের। চারদিকে নিচু বাঁধ ছিল একসময়। সাত বছর আগের ঘূর্ণিঝড় আইলা তার অনেকটাই ভেঙে দিয়ে গেছে। সমুদ্রের জলোচ্ছ্বাস আর মানুষের ঘরবসতির মধ্যে এমন কিছুই নেই, যা তাদের ভাসিয়ে নিয়ে যাওয়া ঠেকাতে পারে। কয়েক দিন আগের রোয়ানুর সময়ও তারা ভয়ে ভয়ে ছিল। কিন্তু এ দফায় নদী আর উঠে আসেনি।

সেই আইলার সাত বছর পার হলো ২৫ মে। প্রকৃতির আইলা চলে গেছে বটে, বিপর্যয়ের আইলা এখনো ফুরায়নি অনেকের জীবনে। খুলনার দাকোপ উপজেলার মানচিত্রই বদলে দিয়েছে সেই সামুদ্রিক প্লাবন। দ্বীপের মতো ভূখণ্ডটির শেষ প্রান্তে একসময় ছোট জালিয়াখালি নামে এক গ্রাম ছিল। আইলার দিনেই ঢাকী নদী তার দক্ষিণ পাড় কাটতে শুরু করে। গ্রামটি তলিয়ে যায়। আগেও এখানে জীবন-জীবিকার দারুণ অসুবিধা ছিল। লোনা পানির অভিশাপে মানুষ, ফসল ও গাছপালা ভুগছিল। বাঁধের ভাঙন, স্লুইসগেট অকেজো হওয়া এবং আস্ত এক গ্রাম তলিয়ে যাওয়ার পর আর আশা রইল না।

এসএসসি পাস পরিতোষ বাইনের (৪৩) বাড়ি ও ২০ বিঘা জমি চলে গেছে আইলার গ্রাসে। বাঁধের ওপরের ঝুপড়ি ঘরে বসে তিনি বলছিলেন, ‘আগে আশা ছিল দিনে দিনে উন্নতি করব। একটা কিছু হবে। এখন কীভাবে সারা বছর খেয়ে কাটাব, সেই চিন্তা করি।’ এখন চিংড়ির রেণু ধরে বাজারে বিক্রির ব্যবসা করেন। ছেলে বড় হচ্ছে। দিনও আগের চেয়ে আরও খারাপ হয়ে পড়ছে।

বাঁধই এখানে রাস্তা, বাঁধই ঘর, বাঁধের ওপরই আইলা-দুর্গত লোকজনের সমাজ। সেই সমাজের জবেদা বিবি আর রাহিলা বিবি রোদের মধ্যে বসে ছিলেন। আইলার পর চারবার উচ্ছেদ হয়েছেন। নদী ভাঙে আর তাঁরা পিছু হটেন। এখন আশা করছেন নতুন যে বাঁধ হচ্ছে, সেখানে ঘর করবেন।

বিশ্বব্যাংকের সাহায্যে পুরো দ্বীপ ঘিরে উঁচু বাঁধ বানানো শুরু হয়েছে। চীনা কোম্পানির লোকেরা বিরাট বিরাট যন্ত্র নিয়ে নেমে পড়েছেন। এই বাঁধ হলে হয়তো দাকোপের ভাঙন আপাতত ঠেকবে। কিন্তু উদ্বাস্তু লোকজনের জায়গা সেখানে হবে না। বাঁধের ওপর রাস্তা হবে, বাঁধ রক্ষার জন্য দুই পাশে কিছুটা জমিতে গাছ লাগানো হবে। এই পরিকল্পনায় বিলুপ্ত ছোট জালিয়াখালি গ্রামের ৫২ পরিবারসহ মোট ১২০ পরিবারের কোনো ঠাঁই নেই। তারা পড়ে গেছে বাঁধের বাইরে নদীর গ্রাসের সামনে উন্মুক্ত হুমকির মধ্যে। যুবক বিদ্যুৎ বাইনের আক্ষেপ, ‘এবার তবে আমরা কোথায় যাব?’

আইলার ক্ষতি সমগ্র দক্ষিণ অঞ্চলেই হয়েছিল। কিন্তু আর কোথাও আস্ত গ্রাম তলিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। একসময় চিংড়িঘেরের বিরুদ্ধে আন্দোলন করে ধান চাষের চেষ্টা করেছিল কৃষকেরা। স্লুইসগেট ভেঙে যাওয়ায় লোনা পানি ঢুকে সেই আশা বরবাদ করে দিয়েছে। এখন কেবল আষাঢ়ের বৃষ্টির পর একবার ধান রোয়া যায়। কিন্তু কোনো কারণে নদীর লোনা পানি ভেতরে ঢুকে গেলে সাধের ধান চিটা হতে বাধ্য। আইলার পর নদীর পাড়ের বিশাল এলাকা সম্পূর্ণ গাছপালাহীন হয়ে পড়ে। সেই থেকে এই এলাকার লোকের ফলমূল ভক্ষণ প্রায় বন্ধ। খেতে হলে কিনতে হবে বাইরে থেকে। কাজের খোঁজে লোকেরা দল বেঁধে ধান কাটতে যায় বাগেরহাট, গোপালগঞ্জের দিকে। সেটা তো পৌষ মাসে। কিন্তু এখন তাদের কোনো কাজ নেই, খাবার নেই, আশা নেই।

এর মধ্যেও আশা দেখাতে চাইছেন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঞ্চানন মণ্ডল। বাঁধের পা​েড় দাঁড়িয়েই তিনি জানালেন, খাওয়ার পানির সমস্যা মেটাতে দৈনিক এক হাজার লিটার পানি সরবরাহের প্ল্যান্ট এবং এক কোটি টাকার পানির ট্যাংকের আলোচনা হচ্ছে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে। এই উদ্বাস্তু ১২০ পরিবারের জন্য খাসজমিতে মডেল গ্রাম তৈরির প্রস্তাব দিয়েছেন সরকারের কাছে। তিনি মনে করেন, আইলার পর পলিতে বুজে যাওয়া খালগুলো খুঁড়লে ধান চাষের জন্য সেচের বন্দোবস্ত করা যাবে। স্লুইসগেটগুলো ঠিক করাতে হবে।

পরিতোষ বাইনেরা পঞ্চম দফায় উচ্ছেদের মুখে সামনে কোনো আশা দেখেন না। কোনো আশা দেখেন না নদীর কিনারে ভাঙনের মুখে বসতভিটা আঁকড়ে থাকা বেলাল গাজী। অন্যদিকে বিশ্বব্যাংকের নতুন বাঁধ আর নতুন চেয়ারম্যান শোনাচ্ছেন আশার কথা। দেখা যাক, কোনটা সত্যি হয়!

ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।