
‘এরশাদের চাকরি আমরা করি না।’ এটি কোনো শ্রমিক মিছিলের স্লোগান নয়। নব্বইয়ের ৩ ডিসেম্বর বাংলাদেশ সচিবালয়ের ভেতরে তরুণ বিসিএস কর্মকর্তারা মিছিল বের করে এ স্লোগান দেন। এর ফলে সচিবালয়ে একধরনের আতঙ্ক দেখা দেয় এবং মন্ত্রী ও সচিবেরা নিজ নিজ কক্ষ ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।
এদিনই বিভিন্ন ক্যাডারের কয়েক শ কর্মকর্তা পদত্যাগের ঘোষণা দেন, যার নেতৃত্বে ছিলেন সচিব মহীউদ্দীন খান আলমগীর। একই দিন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরাও আন্দোলনে অংশ নেন এবং সচিবালয়ের ভেতরে তাঁরা মিছিল বের করেন। বিভিন্ন অফিসে এরশাদের ছবি নামিয়ে পদদলিত করা হয়। আগের দিন ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-বিডিআরের সংঘর্ষ ঘটনা ঘটলেও আজকের পরিস্থিতি ছিল অপেক্ষাকৃত শান্ত।
৩ ডিসেম্বরই প্রেসক্লাবের সামনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সমবেত হয়ে স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হলেও এতে সেনাসদস্যরা অংশ নেননি। রাজধানীতে টহলরত সেনাবাহিনী, বিডিআর ও পুলিশের গাড়ি থেকে মিছিলের প্রতি হাত নেড়ে সম্ভাষণ জানানো হয়। উৎসাহী মিছিলকারীরা সশস্ত্র বাহিনীর গাড়িগুলোর কাছে গিয়ে তাঁদের সঙ্গে হাত মেলান ও করতালি দেন।স্বৈরাচারবিরোধী গণ–অভ্যুত্থানের ২৫ বছর
জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সমাবেশ চলতে থাকে। ২ ডিসেম্বর এক সমাবেশ থেকে উপজেলা চেয়ারম্যানদের প্রতি পদত্যাগের আহ্বান জানানো হয়।
এ সময় এরশাদ ও তাঁর সহযোগীরা বুঝতে পারেন, পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আলামত দেখে বোঝা যাচ্ছে, এবারও ঊনসত্তরের অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। ছাত্র-জনতার অব্যাহত আন্দোলনের মুখে এরশাদ বেতার-টিভিতে বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী কাজী জাফর আহমদ ও আনিসুল ইসলাম মাহমুদ বক্তৃতার মুসাবিদা করতে থাকেন। এরই মধ্যে উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ টিভিতে এরশাদের উদ্দেশ্য যে মহৎ এবং তিনি সাংবিধানিক ধারাবাহিকতা রাখতে চান, সেটাই দেশবাসীকে বোঝালেন।
শাহ মোয়াজ্জেম হোসেন এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিরোধী দলকে কটাক্ষ করে বলেন, ‘ক্ষমতা কোথায় হস্তান্তর করা হবে, জিরো পয়েন্টে না বায়তুল মোকাররমে?’ তাঁর এ বক্তব্য আন্দোলনকারী ছাত্র-জনতাকে আরও খেপিয়ে তোলে।
ওই দিন সন্ধ্যায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর যে সভা আহ্বান করা হয়, তাতে উপস্থিত একজন জ্যেষ্ঠ সদস্যের জবানবন্দি ছিল এ রকম, ‘মিটিংয়ে যাওয়ার পর শাহ মোয়াজ্জেমকে অত্যন্ত বিচলিত ও উত্তেজিত দেখতে পাই। কাজী জাফর বললেন “সব শেষ”। আমি তখনো বুঝতে পারিনি “সব শেষ” বলতে তিনি কী এবং কতটুকু বুঝিয়েছেন।...রাত আটটার িকছু পরে সভা শুরু হলো। এরশাদ অত্যন্ত বিমর্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা জানালেন। এ সময় কাজী জাফর আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। কাজী বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন বলেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। পক্ষান্তরে স্বরাষ্ট্রমন্ত্রী ধমকের সুরে বলেন, আপনার কথামতো সবকিছু করতে হবে নাকি?’ (রাজনীতির তিন কাল: মিজানুর রহমান চৌধুরী)‘কাকে ক্ষমতায় রাখার জন্য গুলি করছেন?’
৩ ডিসেম্বর রাতে এরশাদ জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি এই সিদ্ধান্ত শুধু নিজের এবং তাঁর দুজন ঘনিষ্ঠ সহযোগীর কাছে সীমাবদ্ধ রাখেন। রেকর্ডিং শেষ হওয়ার পর প্রচারের আগে সব মন্ত্রীকে তাঁর সচিবালয়ের অধিবেশনকক্ষে ডাকা হয় এবং তিনি সবাইকে তাঁর সিদ্ধান্ত জানান। সেখানে কোনো আলোচনা হয়নি বললেই চলে এবং বৈঠক আধ ঘণ্টার বেশি চলেনি। ভাষণ প্রচারিত হওয়ার পর তিনি প্রত্যাশা করেছিলেন যে বিরোধী দল তাতে ইতিবাচক সাড়া দেবে এবং রাজনৈতিক পরিস্থিতি শান্ত হয়ে আসবে। এরশাদ নিম্নোক্ত প্রস্তাবসমূহ পেশ করেন:
১. নিরপেক্ষ পরিবেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের তারিখের ১৫ দিন আগে রাষ্ট্রপতির অবস্থান থেকে পদত্যাগ করবেন এবং একজন নিরপেক্ষ উপরাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২. নবম সংশোধনীর অধীনে একজন উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদ ভেঙে দেওয়া হবে। ৩. রাজনৈতিক জোট ও দলগুলোর সঙ্গে আলোচনাক্রমে নির্বাচন কমিশনকে পুনর্বিন্যস্ত করা হবে। ৪. রাষ্ট্রপতি ও পার্লামেন্ট নির্বাচন একই সময়ে হবে। ৫. রেডিও-টেলিভিশনসহ রাষ্ট্রায়ত্ত সব প্রচারমাধ্যম সব দলকে প্রচারণার সমান সুযোগ দেবে। ৬. ১৬ ডিসেম্বরের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। ৭. নির্বাচনে যেকোনো সংখ্যক বিদেশি পর্যবেক্ষক দল পর্যবেক্ষণ কার্য চালাতে পারবে। ৮. ১৭ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। ৯. সংবাদপত্রের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তাৎক্ষণিক ভিত্তিতে প্রত্যাহার করা হবে।
সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মওদুদ আহমদ লিখেছেন, ‘এরশাদের ঘোষণায় ছিল যে মনোনয়ন দাখিল করার তারিখের ১৫ দিন আগে অর্থাৎ নির্বাচনের প্রায় দুই মাস আগে তিনি পদত্যাগ করবেন। বিবিসির ধারাভাষ্য শুনে ড. কামাল হোসেন ও খালেদা জিয়া সর্বাগ্রে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করে সরকারি প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। এরশাদের প্রস্তাব নিয়ে বিরোধী দলগুলো আলোচনায় বসার আগেই এই কাণ্ড ঘটে যায়।’ (চলমান ইতিহাস, মওদুদ আহমদ, ইউপিএল)
মওদুদ আহমদ যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, সেদিন এরশাদের সুবচন শুনতে দেশবাসী মোটেই তৈরি ছিল না। তারা একটি ঘোষণাই শুনতে চেয়েছে, আর তা হলো এরশাদের নিঃশর্ত পদত্যাগ।
৪ ডিসেম্বর নিয়ে পড়ুন আগামীকাল
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrab০[email protected]