আগের রাতে এরশাদের শর্তসাপেক্ষ পদত্যাগের ঘোষণা তিন জোট প্রত্যাখ্যান করার পরই দেশের পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। ৪ ডিসেম্বর সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের হয়। সবার মুখে একটিই প্রশ্ন, এরশাদ কখন পদত্যাগ করছেন? রাজপথে স্লোগান ওঠে ‘এক দফা এক দাবি এরশাদ তুই আজই যাবি’। ওই দিন বিকেলে আন্দোলনকারী তিন জোট আলাদা আলাদা সমাবেশ করে এরশাদের নিঃশর্ত পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায়।
এদিকে রাতে উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ এরশাদের প্রস্তাবের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। কিন্তু মানুষ তখন আর এসব শুনতে চায় না। তারা চায় সাড়ে আট বছরের স্বৈরশাসনের অবসান। এরশাদ ক্ষমতা ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালান এবং সেনাবাহিনীর সহযোগিতা চান। কিন্তু তৎকালীন সেনাপ্রধান নূরউদ্দীন খান জানিয়ে দেন, বেসামরিক বিষয়ে তাঁরা মোটেই নাক গলাবেন না। ফলে এরশাদের শেষ চেষ্টাও ব্যর্থ হয়ে যায়।
রাত ১০টায় মওদুদ আহমদ যখন এরশাদের শর্তসাপেক্ষ পদত্যাগের পক্ষে যুক্তি তুলে ধরছিলেন, তখনই টেলিভিশনের পর্দায় একটি ঘোষণা ভেসে আসে যে এরশাদ পদত্যাগ করেছেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সর্বস্তরের মানুষ ঘর ছেড়ে রাজপথে
বেরিয়ে আসে। মন্ত্রিপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মন্ত্রী পরিবার-পরিজন নিয়ে রাতেই বাসা থেকে পালিয়ে যান।
রাজনৈতিক দলগুলো তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এরশাদ শেষ চেষ্টা চালান সেনাবাহিনীকে তাঁর পক্ষে নিতে। উদ্দেশ্য ছিল ফের সামরিক শাসন জারি করে আরও কিছুদিন ক্ষমতায় থাকা। এ সম্পর্কে গবেষক ড. মোহাম্মদ হাননান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বইয়ে লিখেছেন: ‘গুজব ছিল শেষ চেষ্টা হিসেবে সামরিক আইন জারি করে আরও কয়েক দিন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন জেনারেল এরশাদ। কিন্তু সশস্ত্র বাহিনী রাজি হয়নি তাঁর শেষ খায়েশে।’
সেদিেনর ঘটনা সম্পর্কে এরশাদের সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী লিখেছেন, ৪ ডিসেম্বর সারা দেশে ঘটে যায় এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থান। রাজধানী ঢাকা শহর পরিণত হয় এক মিছিলের নগরীতে। হাজার হাজার মানুষ গগনবিদারী স্লোগান দিয়ে এরশাদের পদত্যাগ এবং ফাঁসি দাবি করতে থাকে। কাগজে-কলমে জরুরি অবস্থা তখনো বলবৎ ও কারফিউ জারি ছিল। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তা দেখার কেউ ছিল না। এমনকি সচিবালয়সহ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও এ গণ-অভ্যুত্থানে যোগ দেন। ওদিকে ততক্ষণে ক্যান্টনমেন্টেও এরশাদ তাঁর সতীর্থদের সমর্থন হারিয়েছেন। এ অবস্থায় এরশাদ নিজের পদত্যাগ ও তিন জোটের মনোনীত তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে একজন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ অনুমোদনের জন্য ৮ ডিসেম্বর সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেন। কিন্তু বিরোধী দল এ ঘোষণা প্রত্যাখ্যান করে তাদের দাবি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করে। এরশাদের তখন শেষ অবস্থা।’ (রাজনীতির তিনকাল, মিজানুর রহমান চৌধুরী)
২৭ নভেম্বর থেকে সাংবাদিকদের ধর্মঘটের কারণে ৪ ডিসেম্বরও কোনো পত্রিকা প্রকাশিত হয়নি। সাংবাদিকেরা প্রেসক্লাব অঙ্গনে সমাবেশ করে বিরোধী দলের আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করেন। কয়েকজন তরুণ সাংবাদিক এরশাদবিরোধী আন্দোলনের খবর নিয়ে প্রতিদিনই টেলিগ্রাম বের করতেন। এ ছাড়া পেশাজীবীদের বিভিন্ন সমাবেশেও নানা ধরনের প্রচারপত্র বিলি করা হতো।
রাজনৈতিক আন্দোলন নিয়ে তখন সেনাবাহিনীর সঙ্গে এরশাদের যে প্রচণ্ড টানাপোড়েন চলছিল, তার বিশদ বিবরণ পাওয়া যায় এরশাদের তৎকালীন সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মনজুর রশীদ খানের এরশাদের পতন ও সাহাবুদ্দীনের অস্থায়ী শাসন: কাছ থেকে দেখা বইয়ে।
মনজুর রশীদ খান লিখেছেন, ১ ডিসেম্বরই এরশাদ বিরোধী দলের দাবি মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার ব্যাপারে মনস্থির করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে একই দিনে রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রেসিডেন্টের অফিসে সেদিন কী ঘটেছিল? অন্যান্য দিনের মতো ৪ ডিসেম্বর ভিআইপি অতিথিদের ভিড় ছিল না। নাজিউর রহমান ছাড়া কোনো মন্ত্রী কিংবা সচিবও সেখানে যাননি। সবার মধ্যে উদ্বেগ–উৎকণ্ঠা। সকাল সাড়ে আটটায় অফিসে এসে মনজুর রশীদ বের হয়ে যান। সেনা দপ্তর থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তারা সেনাবাহিনী প্রধানের ওপর চাপ দিয়ে আসছিলেন যে, তিনি যেন দুর্নীতিবাজ সরকারের দায়িত্ব না নেন। সেনানিবাস থেকে ফিরে মনজুর রশীদ ফের প্রেসিডেন্টের অফিসে ঢুকতেই এরশাদ জিজ্ঞেস করলেন, ‘সদর দপ্তরের কী খবর?’ তাঁর জবাব ছিল: ‘খবর ভালো নয়।’
রাত দশটায় ভয়েস অব আমেরিকার বাংলা খবরে জানানো হয়, ‘এরশাদ পদত্যাগ করেছেন।’
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrab০[email protected]