‘ওয়াল স্ট্রিট দখল করো’ নামের তৃণমূল আন্দোলন এখন যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি শহরেই ছড়িয়ে পড়েছে। ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের বাণিজ্যিক কেন্দ্র ম্যানহাটানের ওয়াল স্ট্রিটে কয়েক ডজন মানুষের সমাবেশ দেখে যা অনুমান করা ছিল অসম্ভব—গত প্রায় এক মাসে তা বাস্তবে পরিণত হয়েছে—ছোট-বড় দেড় শ শহরে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলে বা অন্যত্র নিয়মিত বিক্ষোভ করছেন। ইতিমধ্যে নিউইয়র্কে সমাবেশকারীর সংখ্যা হাজারে হাজারে উন্নীত হয়েছে। গোড়াতে দেশের গণমাধ্যমগুলো এই বিক্ষোভ উপেক্ষা করলেও এখন তা আর সম্ভব হচ্ছে না। উপেক্ষার পর এ নিয়ে কোনো কোনো মাধ্যম উপহাস করার চেষ্টা করেছে যে নেতৃত্বহীন, সুস্পষ্ট দাবি-দাওয়াহীন এই আন্দোলন দিন কয়েকের মধ্যেই বাতাসে মিলিয়ে যাবে। তা তো হয়ইনি, বরং বিরূপ আবহাওয়া ও পুলিশি হামলা মোকাবিলা করে বিক্ষোভকারীরা আরও সংহত হয়েছেন। পুলিশি উসকানির মুখে তাঁরা যে সহিংসতার পথে পা বাড়াননি, সেটা আন্দোলনের সমালোচকদের মুখে ছাই দিয়েছেন। শুধু তা-ই নয়, এই আন্দোলনের সঙ্গে সহমর্মিতায় সারা দেশে বিক্ষোভ সংঘটিত হচ্ছে এবং কার্যত ইন্টারনেটভিত্তিক ‘একসঙ্গে দখল করো’ বা ‘অকুপাই টুগেদার’ নামের আন্দোলন গড়ে উঠেছে। ওয়াল স্ট্রিটের বিক্ষোভকারীদের সঙ্গে গত সপ্তাহে যোগ দিয়েছেন একাধিক ইউনিয়ন সদস্যরা—স্থানীয় শিক্ষক ইউনিয়ন সদস্য থেকে শুরু করে শ্রমিক ইউনিয়ন সদস্যরা।এই আন্দোলনে অংশগ্রহণকারীরা কোনো রকম দাবি-দাওয়ার তালিকা পেশ করেননি। কিন্তু এই আন্দোলনের কারণ বুঝতে কারোরই কষ্ট হয় না। দেশে বেকারত্বের হার যখন ৯ শতাংশের বেশি, তখন ক্ষুব্ধ হওয়ার জন্য অন্য কারণের দরকার হয় না। কিন্তু বেকারত্ব ও অর্থনৈতিক সংকটই এর কারণ নয়; কারণ হলো, সমাজে ক্রমাগতভাবে বেড়ে চলা বৈষম্য। এত দিন যুক্তরাষ্ট্রে যখন সবচেয়ে বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, তখন সমাজের সবচেয়ে ক্ষুদ্র অংশটির সম্পদ বাড়ছেই। সেপ্টেম্বরে প্রকাশিত হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১৭ দশমিক ২ মিলিয়ন সংসার—প্রায় প্রতি সাতটি পরিবারের একটি পরিবারের কোনো খাদ্যনিরাপত্তা নেই। শিশুদের মধ্যে এই হার আরও বেশি। বিক্ষোভকারীদের যে স্লোগান ‘আমরাই ৯৯ শতাংশ’—এর উৎস হচ্ছে, এই তথ্য যে ১ শতাংশ মার্কিন ধনী নিয়ন্ত্রণ করে ৩৮ শতাংশ সম্পদ। ২০০৮ সালে শুরু হওয়া অর্থনৈতিক সংকটের ফলে দেশের প্রায় সব পরিবারই ক্ষতিগ্রস্ত হলেও দেশের ধনিক গোষ্ঠী আর করপোরেশনগুলোর মুনাফা বেড়েই চলেছে।বৈষম্য ও দারিদ্র্য বৃদ্ধির সময়ে করপোরেশন আর করপোরেশনের পরিচালকেরা তাঁদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এতটাই বাড়িয়েছেন, যাকে ‘অশ্লীল’ বললে মোটেই অতিরঞ্জন হবে না। কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে সাধারণ মানুষের হতাশা—দেশের দুই দল রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটদের একাংশ এদের হাতের পুতুলে পরিণত হয়েছে। রিপাবলিকান পার্টির নেতৃত্বের সবটাই এই করপোরেশনগুলোর স্বার্থরক্ষার জন্য প্রাণপাত করে যাচ্ছে। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে এই করপোরেশন ও ধনীদের প্রভাব সীমাহীন। ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে যে ২০০৯ সাল থেকে এই ধনিক গোষ্ঠী ও করপোরেশনগুলো—যাদের সীমাহীন লালসা এবং যাদের ওপর সরকারি নিয়ন্ত্রণহীনতা এই অর্থনৈতিক সংকট তৈরি করেছে, লাখ লাখ মানুষকে গৃহহীন করেছে, বেকারত্বের পথে ঠেলে দিয়েছে—তাদের নিয়ন্ত্রণে আনার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। দেশের বড় অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য বড় বড় ব্যাংক, বিমা ও অর্থলগ্নিকারীদের সরকারি কোষাগার থেকে সাধারণ মানুষের দেওয়া করের টাকায় সাহায্য করা হয়েছিল এই আশায় যে, তাদের নিয়ন্ত্রণের জন্য আইন তৈরি করে পরে তা মোকাবিলা করা যাবে। কিন্তু তা এই করপোরেশনগুলোর অর্থের জোরে ও লবিংয়ের কারণে ভেস্তে গেছে। এর জন্য দুটো প্রমাণই যথেষ্ট। ওয়াল স্ট্রিট নিয়ন্ত্রণে আনতে আইনপ্রণেতা বার্জি ফ্র্যাংক ও ক্রিস ডডের প্রস্তাবিত আইন পাস হলেও আইনে পরিণত হওয়ার এক বছর পরও ভোক্তা অধিকার রক্ষার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান তৈরি করা যায়নি, এর জন্য একজন পরিচালক নিয়োগ করা যায়নি, পরিচালনার নীতি ও কার্যপদ্ধতি তৈরি হয়নি। রিপাবলিকানরা এককাট্টা হয়ে পদে পদে বাধা দিয়ে এসব আটকে দিয়েছে।প্রেসিডেন্ট বারাক ওবামা যেসব পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন, এর মধ্যে এসব ছিল অন্যতম। কিন্তু স্বাস্থ্যবিমা-সংক্রান্ত পরিবর্তন, কোটিপতিদের কর বৃদ্ধি, করপোরেশনগুলোকে নিয়ন্ত্রণ করা, বাজেট ঘাটতি হ্রাসে ব্যয় কমানো—এ রকম অনেক প্রয়োজনীয় পদক্ষেপে রিপাবলিকানদের সঙ্গে আপস করতে গিয়ে তিনি কার্যত পরাজিত হয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠার চিন্তায় তিনি এতটাই আপসমুখী হয়ে পড়েন যে গত দুই বছরে তাঁর ওপরে উদারপন্থী ডেমোক্র্যাট ও নির্দলীয় মার্কিনরা আর আস্থা রাখতে পারছেন না। গত মাসগুলোতে প্রেসিডেন্ট ওবামা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বটে, কিন্তু রিপাবলিকানরা এককাট্টা হয়ে তাঁর বিরোধিতা যেভাবে করেন, ডেমোক্র্যাটরা এককাট্টা হয়ে প্রেসিডেন্টকে সেভাবে সমর্থন করেন না। ফলে ক্ষুব্ধ মানুষ বুঝতে পেরেছে, এই দুই দলের কাছ থেকে এই মুহূর্তে কম আশা করাই ভালো। রিপাবলিকান দলের কাছ থেকে আশার কিছু নেই। ডেমোক্রেটিক দলের উদারপন্থীরাও দলের ভেতরে-বাইরে কোণঠাসা হয়ে পড়ায় জনসাধারণের একটি অংশের সামনে তাঁদের ক্ষোভ নিয়ে রাস্তায় নামার কোনো বিকল্প ছিল না। তাঁরা কোনো দলের নেতৃত্বের জন্য অপেক্ষা করেননি। তাঁরা এও জানেন, কেবল একটি পদক্ষেপ, একটি দাবি বাস্তবায়ন করে এই পরিস্থিতির মোকাবিলা করা যাবে না। সেই অর্থে যুক্তরাষ্ট্রে এসব বিক্ষোভ আসলে সমাজ ও অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা বিষয়ে দুটো আদর্শিক অবস্থানের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ।বর্তমান অর্থনৈতিক সংকট মোচনে রিপাবলিকান দলের প্রস্তাবিত সমাধানগুলো মোটেই নতুন কিছু নয়। প্রেসিডেন্ট রিগানের আমল থেকে রাষ্ট্রের ভূমিকা হ্রাস, নিয়ন্ত্রণ কমানো ও বেসরকারীকরণের যে আদর্শের বাস্তবায়ন হয়েছে, তা-ই অব্যাহত রাখার পক্ষে তারা। সহজ করে বললে, যে পদক্ষেপগুলোর পরিণতি এই সংকট তারা বলছেন, আরও জোরেশোরে তা চালালেই সমাধান খুঁজে পাওয়া যাবে। এই ধারণা যে কতটা ক্ষুদ্র স্বার্থ-প্রণোদিত ও অবাস্তব, তা বোঝার জন্য এই তথ্যই যথেষ্ট—ব্যাংকগুলোর ওপর নিয়ন্ত্রণ হ্রাস করার ফলে তারা মুনাফাকেই চূড়ান্ত লক্ষ্য বলে ধরে নেয়। নব্বইয়ের দশকের মাঝামাঝি করপোরেশনগুলোর করা মুনাফার ৪১ শতাংশ ছিল ব্যাংকগুলোর। এক দশক আগেও এই মুনাফার হার ছিল মাত্র ১৬ শতাংশ। রিপাবলিকানদের প্রস্তাবের একটি দিক হলো, করপোরেশনের করের হার হ্রাস করা। যুক্তি হলো, কম কর দিতে হলে বা একেবারেই কর না দিতে হলে (অর্থাৎ ট্যাক্স হলিডে পেলে) কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে এবং তাতে করে চাকরির সুযোগ তৈরি করবে, বেকারত্ব কমবে এবং আবারও অর্থনীতি চাঙা হবে। ২০০৪ সালের হিসাব অনুযায়ী, মুনাফার ওপর ট্যাক্স হলিডের পরিণতি হয়েছে সরকারের ৯২ বিলিয়ন ডলার ক্ষতি। ট্যাক্স হলিডের সুযোগ নেওয়া ৫৮টি কোম্পানি ছয় লাখ লোককে চাকরিচ্যুত করেছে। রিপাবলিকানরা কোটিপতিদের দেওয়া কর রেয়াত প্রত্যাহারের জন্য ওবামার সব চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। ২০০১ ও ২০০৩ সালে প্রেসিডেন্ট বুশের দেওয়া কর রেয়াত-ব্যবস্থায় করের হার ক্লিনটন আমলের চেয়ে কমিয়ে দেওয়া হয়—এখন বিল ক্লিনটন আমলের হারে ফিরিয়ে নিলে সরকারের আয় হবে কয়েক বিলিয়ন ডলার। কিন্তু তার পরও দফায় দফায় এই রেয়াত বাড়ানো হয়েছে প্রেসিডেন্ট ওবামার আমলেও।যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে সংকট, তার কারণ যেমন গত কয়েক দশকে অনুসৃত অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতিমালা, তেমনই তার পররাষ্ট্রনীতিও। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় চার ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। লিবিয়ায় ন্যাটোর সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সীমিত হলেও এর জন্য ব্যয়ভার প্রতিদিন দুই মিলিয়ন ডলারের মতো। ফলে এটা মোটেই বিস্ময়কর নয় যে ওয়াল স্ট্রিট দখলের বিক্ষোভের একটা অন্যতম দিক হচ্ছে যুদ্ধ-বিরোধিতা। ওয়াল স্ট্রিট দখল কিংবা ‘একসঙ্গে দখল করো’ আন্দোলনের সংগঠকদের অনেকেই যুদ্ধবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তৃণমূল থেকে সংগঠিত আন্দোলনের ব্যাপারে গত এক মাসে গণমাধ্যমগুলোর আলোচনায়, এমনকি এর প্রতি সহানুভূতিশীল মাধ্যমগুলোর কথাবার্তায়ও একটা ত্রুটি লক্ষণীয়। এই আন্দোলনকে তারা অনেকেই দেখছে ‘হঠাৎ করে ঘটা’ বলে। মনে রাখা দরকার, যুক্তরাষ্ট্রের তৃণমূল পর্যায়ের আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিংশ শতাব্দীর মহামন্দার সময় অর্থাৎ ত্রিশের দশকে এ ধরনের প্রতিবাদ-বিক্ষোভ দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। এর সূচনা করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সাবেক সেনারা—তাঁদের পেনশন তাড়াতাড়ি দেওয়ার দাবিতে ওয়াশিংটনে সমাবেশ ও মিছিল করে। বিভিন্ন এলাকায় কৃষকেরা সশস্ত্রভাবে ব্যাংক কর্মকর্তাদের মোকাবিলা করে, যখন ব্যাংকগুলো ঋণ শোধ না করার জন্য তাদের খামার বন্ধ করে চেষ্টা করে। নেবরাস্কায় কৃষকেরা রাজ্যের রাজধানীতে স্থানীয় সংসদ ভবনে অবস্থান নিয়েছিল। শিকাগোতে দুই বছর ধরে চলে কর না দেওয়ার আন্দোলন; যাতে অংশ নিয়েছিল সমাজের সর্বস্তরের মানুষ। এসব ইতিহাস খুব বেশি উল্লিখিত না হলেও ২০০৯ সালে দক্ষিণপন্থীদের ‘টি পার্টি আন্দোলনের কথা বলা হচ্ছে প্রায়ই। প্রধানত রিপাবলিকান পার্টির সমর্থন দক্ষিণপন্থীরা প্রেসিডেন্ট ওবামার প্রস্তাবিত স্বাস্থ্যবিমা সংস্কার রোধে সারা দেশে সংগঠিত হয় এবং বিক্ষোভ করে। তারা কর হ্রাসের দাবিও তোলে। দক্ষিণপন্থীদের এই আন্দোলন আপাতদৃষ্টে ‘তৃণমূল আন্দোলন’ বলা হলেও এটা সবারই জানা যে এর পেছনে বড় বড় করপোরেশন বিশেষজ্ঞ কোক ভ্রাতৃদ্বয় (বিলিয়নিয়ার ব্যবসায়ী ডেভিড কোক ও চার্লস কোক) লাখ লাখ ডলার ব্যয় করেছিল। টি পার্টির উগ্র সরকার-বিরোধিতা ও ওবামা-বিরোধিতা ছিল লক্ষণীয়। ফলে আপাতদৃষ্টে কতক মিল থাকলেও টি পার্টি ও বর্তমান ওয়াল স্ট্রিট দখল আন্দোলন প্রকৃতপক্ষে তুলনীয় নয়। তার অর্থ এই নয় যে টি পার্টি আন্দোলনের কোনো প্রভাব বর্তমান আন্দোলনের ওপর নেই। দক্ষিণপন্থীদের আন্দোলনের কারণে দেশের উদারপন্থীরা প্রবল সমালোচনা ও কোণঠাসা হয়ে পড়ে। এখনকার আন্দোলন সেই আন্দোলনের জবাবে উদারপন্থীদের অস্তিত্বের জানান দেওয়ার আন্দোলন।ওয়াল স্ট্রিট দখলের আন্দোলনের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ফল কী হবে, তা নিয়ে এখনো কথা বলার সময় আসেনি বলেই আমার ধারণা। যদিও স্পষ্টতই রিপাবলিকানরা এই আন্দোলনে বিরক্ত, তারা একে ক্রুদ্ধ জনতা বা ‘মব’ বলে বর্ণনা করেছেন। ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি একে খোলামেলা সমর্থন দিয়েছেন এবং প্রেসিডেন্ট ওবামা এর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এই আন্দোলনের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ফলের জন্য অপেক্ষা করার সময়ে আমরা এই আন্দোলনের কতক বৈশিষ্ট্য লক্ষ করতে পারি, যা শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য দেশের উদারপন্থী ও সচেতন নাগরিকদের জন্যও গুরুত্বপূর্ণ। ওয়াল স্ট্রিট দখল আন্দোলন স্পষ্টতই দেখিয়েছে যে তৃণমূল পর্যায় থেকে আন্দোলন তৈরি করা সম্ভব; দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থায় দুটি দলই যখন জনগণের, বিশেষত সাধারণ মানুষের ক্ষোভ বুঝতে নারাজ, তখন তাদের ওপর চাপ সৃষ্টির জন্য অহিংস আন্দোলনের বিকল্প নেই। আন্দোলনের অর্থই একগুচ্ছ সুনির্দিষ্ট দাবি-দাওয়া নয়, বরং ক্ষোভের কারণগুলো স্পষ্ট করে তোলাও আন্দোলনের লক্ষ্য হতে পারে। নেতৃত্ব ও সংগঠিত শক্তিই আন্দোলন তৈরি করে না এবং নেতৃত্ব তৈরি করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আন্দোলনের ফসল নির্বাচনী হিসেবে কার ঘরে যাবে, এর অঙ্ক কষার চেয়ে দরকার রাজনীতিবিদদের এই বার্তা পৌঁছানো—ক্ষুব্ধ জনসাধারণ তাঁদের জন্য দীর্ঘদিন অপেক্ষা করবে না।ইলিনয়: ৯ অক্টোবর ২০১১আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।