১৯৭৮ সাল। আমরা তখন শিশু। আমরা মানে আমি আর আমার বন্ধুরা। ধরা যাক, তাদের নাম সালমা আর মায়মুনা। আমাদের একসঙ্গে বেথলেহেম প্রাইমারি স্কুলে যাওয়া, এক আইসক্রিম থেকে কামড়ে খাওয়া, একই ছাতার নিচে তিনজন বৃষ্টিতে ভিজে স্কুল থেকে ফেরার অমল সেই সব দিন। আমরা তখন বরিশাল শহরের অক্সফোর্ড মিশন রোডে থাকি। আমাদের পাশাপাশি বাসা। বাসার পেছনে মুসলিম গোরস্থান। তারই খানিকটা সামনে শীতলাখোলা। প্রতিবছর সেখানে শীতলা দেবীর পূজা হতো। ঢোল, গান, প্রসাদের পাশাপাশি লাল জবায় সাজানো চুলখোলা শীতলা প্রতিমা দেখতে অনেক মানুষের ভিড় হতো।সেবারও আমরা তিনজন শীতলাখোলার পূজামণ্ডপে। হঠাৎই হইচই, কারা যেন ঢুকে প্রতিমা ভাঙচুর করে লন্ডভন্ড করে দিল পূজার যত আয়োজন। আমরা তিন শিশু ভয়ে ভয়ে ফিরে এলাম। পরদিন স্কুল থেকে ফিরে আমাদের খেলায় সেই ধ্বংস দৃশ্যের নির্মাণ-চেষ্টা চলছে। আমাকে শীতলা দেবী বানিয়ে সালমা-মায়মুনা মারার অভিনয় করছে। আচমকা মায়মুনা বলে ওঠে, ‘কাক্কু বলছে, হিন্দুর ঠাকুর তো মিথ্যা, তাই ওই মূর্তি ভাঙা যায়।’ শিশুমন আমার প্রথমবারের মতো থমকে গিয়েছিল বন্ধুর এমন ‘অকাট্য’ যুক্তির কাছে। সেই শুরু, তারপর একই ধরনের কথা শুনতে থাকি স্কুলে, খেলার মাঠে, বন্ধুদের আড্ডায় এমনকি কখনো বা কোনো শিক্ষকের মুখেও। খুব যে বিদ্বেষ নিয়ে এসব কথা বলেছেন তাঁরা, এমন নয়, এবং তাঁদের কেউ-ই খারাপ মানুষ নন। এসব কথাকে সত্য প্রমাণ করে মাঝে মাঝে প্রতিমা ভাঙার ছোট-মাঝারি খবরের ভেতর বেড়ে উঠতে থাকা আমি মিছিলে নেমেছিলাম ১৯৯২ সালে, ভারতে বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ মিছিলে আমার হাঁটার গতি দ্রুততর হয়েছিল আর চোখ বেয়ে নেমেছিল অঝোর কান্না। দুই.বাংলাদেশ হলো এমন একটি দেশ, যে দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান-আউল-বাউল-শাক্ত-বৈষ্ণব-সহজিয়া-কর্তাভজা—সবাই পাশাপাশি বাস করে এসেছে শত শত বছর ধরে। আমার শৈশবসাথি জ্যোৎস্না-পাপড়ির আম্মা, যাঁকে আমি কাকিমা ডাকতাম, তিনি কী স্নেহেই না ঈদে-কোরবানিতে সকাল থেকেই ডাকাডাকি করতেন প্রথমে সেমাই আর দুপুরে পোলাও আর মুরগির কোর্মা খাওয়ানোর জন্য। ঈদের সকাল মানেই এখনো আমার কাছে সেমাইয়ের অলৌকিক ঘ্রাণ। চাঁদরাতে হাতে মেহেদি লাগিয়েছি অপার আনন্দে, কার হাত কত লাল হয় আর ঈদের চাঁদ দেখার প্রতিযোগিতা সেও তো জ্যোৎস্না-পাপড়ির সঙ্গেই! এই দেশটির জন্ম হয়েছে একটি অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে, ‘পদ্মা-মেঘনা-যমুনা’-কে নিজের ঠিকানা জেনে। মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের পোস্টারেও সেই ঘোষণা, ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান—আমরা সবাই বাঙালি’ অথচ এই দেশেই অষ্টম সংশোধনীতে ইসলামকে করা হয়েছে রাষ্ট্রধর্ম। মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলিমনির্বিশেষে বাঙালি রক্ত দিয়েছে, রক্ত দিয়েছে অন্যান্য জাতিসত্তার মানুষ। পাকিস্তানি সেনাবাহিনী এ দেশের রাজাকার-আলবদর-আলশামস বাহিনীর সাহায্যে খুঁজে খুঁজে বের করেছে হিন্দুর বাড়ি আর লুঙ্গি খুলে নির্ধারণ করেছে কাকে মরতে হবে। অথচ সেই দেশে শত্রুসম্পত্তি আইন আজও বহাল। ক্রমাগত কমে যাচ্ছে হিন্দু জনগোষ্ঠী। ১৯৪৭ সালে এই দেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিল প্রায় ২৮ দশমিক ৩ শতাংশ। ১৯৫১ সালে সেই সংখ্যা দাঁড়ায় ২২ শতাংশ, ১৯৬১ সালে ১৮ দশমিক ৫ শতাংশ, ১৯৭৪ সালে ১৩ দশমিক ৫, ১৯৮১ সালে ১২ দশমিক ১, ১৯৯১ সালে ১০ দশমিক ৫, ২০০১ সালে ৯ দশমিক ২ এবং ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ৮ দশমিক ৫ শতাংশ। যাঁরা দেশ ছেড়ে যান বাস্তুভিটে-তুলসীতলা-বংশপরম্পরার স্মৃতি পেছনে ফেলে, তাঁদের কান্না কেউ শুনেছে এমন জানা নেই, কিন্তু তাঁদের দেশপ্রেমহীনতার আলোচনা আমি অহরহ শুনেছি জনপরিসরে, প্রগতিশীল বন্ধুদের মুখে, এমনকি এক সরকারপ্রধানের মুখেও, ‘দুই নৌকায় পা দিয়ে চলবেন না’। তিন.এ দেশে নির্বাচন মানেই যেসব এলাকায় হিন্দু জনগোষ্ঠীর ভোটের ওপর নির্বাচনের ফলাফল নির্ভর করে, সেখানকার হিন্দুরা মার খাবে, মন্দির ভাঙচুর হবে। দুঃখের বিষয়, মার দেওয়া, মন্দির ভাঙা, জনবসতিতে আগুন দেওয়া, ব্যবসা-বাণিজ্য লুট—এগুলো যেন দেশের যেকোনো রাজনৈতিক উত্তেজনার অনিবার্য ক্ষয়ক্ষতির অংশ হয়ে যাচ্ছে। ২০০১ সালের নির্বাচনের পরে, হিন্দু নারীদের ওপর ধর্ষণের যে বীভৎসতা নেমে এসেছিল, সেই সময়কার সরকার তার স্বীকৃতি পর্যন্ত দেয়নি। বলেছিল, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে সাতক্ষীরা, চিরিরবন্দর, হাটহাজারী, পাথরঘাটা, রাঙামাটি হয়ে সবশেষে রামুর বৌদ্ধবিহারের নারকীয় ধ্বংসযজ্ঞের পরে আশা করা গিয়েছিল, এযাত্রায় বুঝি এটাই শেষ। সেই আশার গুড়ে বালি। একাত্তরের যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে ঘিরে যে নির্যাতন নেমে এসেছে হিন্দু মন্দির-বসতভিটা-জীবিকার ওপর, সে বিষয়ে সরকারের উদাসীনতা ব্যাখ্যাতীত। বাঁশখালী-সাতকানিয়া-বেগমগঞ্জ থেকে শুরু হয়ে সারা দেশে খুব কম এলাকা আছে, যেখানে কোনো না-কোনো মন্দির বা বিগ্রহ ক্ষতিগ্রস্ত হয়নি। সবশেষে দেখলাম বগুড়ার গাবতলী উপজেলা আর বাগেরহাটের কচুয়ার ঘটনা, ২১ মার্চ ২০১৩। এক মাসের বেশি হয়ে গেছে এই তাণ্ডব চলছে। ১৯৭১ সালের মতোই শাঁখা খুলে ফেলতে বাধ্য করা হয়েছে, শুধু হিন্দু হওয়ার জন্য মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে আসা বৃদ্ধজন পুকুরে আশ্রয় নিতে গিয়েও রেহাই পাননি, মেরে ফেলা হয়েছে। টেলিভিশনে দেখেছি গুঁড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া বাস্তুভিটায় খণ্ডিত-মস্তক দেববিগ্রহের সামনে শূন্যদৃষ্টিতে বসে থাকা অসহায় মানুষের ছবি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ক্রমাগত বলে চলেছেন মানবতার বিরুদ্ধে এই অপরাধ প্রসঙ্গে। সরকার থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য আমরা পাইনি। এ দেশে একটি ধর্ম মন্ত্রণালয় আছে, আমি নিশ্চিত নই, সেই মন্ত্রণালয় ঠিক কতগুলো মন্দির, বিগ্রহ আর বসত-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই হিসাব দিতে পারবে কি না। ইতিমধ্যে আমরা দেখেছি, সরকার থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে বিভিন্ন ব্লগ খুঁজে দেখার জন্য, কেউ ধর্মবিদ্বেষী কোনো মন্তব্য করেছে কি না কোথাও। এই কমিটির পাশাপাশি সরকার থেকে একটি কমিটি করা কি খুব অসংগত হতো, যারা এত মন্দির আর বিগ্রহ ধ্বংস করেছে, তাদের খুঁজে বের করার জন্য? শাস্তির আওতায় আনার জন্য? আমাদের মানবাধিকার সংগঠনগুলো, আমাদের সুশীল সমাজ থেকেও কার্যকর প্রতিরোধের ডাক ওঠেনি। তবে কি ধরে নিতে হবে, আমরা সবাই মেনেই নিয়েছি, প্রতিদিন খণ্ডিত-মস্তক দেববিগ্রহ দেখে এ দেশের হিন্দু জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে যে আঘাত লাগতে পারে, তা আমরা আর মনেই করি না? সে জন্যই কি কোনো ব্যবস্থা নেওয়া হয় না? প্রতিরোধ গড়ে ওঠে না? এমনকি ক্ষতিগ্রস্ত হিন্দুদের ভেতর থেকেও নয়? অন্যায়ের কাছে ‘প্রতিকারহীন পরাভব’কেই কি নিয়তি হিসেবে মেনে নিয়েছেন তাঁরা নিজ দেশে? চার.সামনে নির্বাচন। জানা কথা, আওয়ামী লীগ দায়ী করবে বিএনপি-জামায়াতকে এসব কাজের জন্য। আর বিএনপি-জামায়াত তুলবে সরকারের ব্যর্থতার প্রসঙ্গ। দলীয় বুদ্ধিজীবী আর টক শো ব্যক্তিত্বদের চাপান-উতোরের ওপর নির্মিত হবে ‘সত্য’। জমে উঠবে ‘সংখ্যালঘু’ নিয়ে ভোটের রাজনীতি। তারপর, কোনো এক রাতের আঁধারে নিঃস্ব মানুষগুলো হয়তো আবার আক্রান্ত হবে, বড়জোর নীরবে কুণ্ঠিত পায়ে জড়ো হবে সীমান্তে, পরের আদমশুমারিতে হিন্দু জনসংখ্যার হার হয়তো ৫ শতাংশে নেমে আসবে। ধর্মীয় কিংবা জাতিগত সংখ্যালঘুদের জন্য এ দেশের মানুষের শুভবোধ ছাড়া কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা যে নেই, সে তো বারবারই প্রমাণিত হচ্ছে।কতটা কান পাতলে পরে এসব মানুষের কান্না শোনা যাবে, আমার জানা নেই। মানুষকে যখন কেবল সংখ্যায় মাপা হয় ভোটের রাজনীতির জন্য, তখন মাত্র ৮ শতাংশের কান্না শোনার জন্য কান পাতার আহাম্মকি কে করবে? কেনই বা করবে? তবু, দেশটা তো মুক্তিযুদ্ধ করা বাংলাদেশ, সংখ্যায় লঘু হলেও মানুষের কান্না তো মানুষেরই কান্না, আর সেই কান্না শোনার জন্য অন্তত কিছুটা মানবিক মানুষ কি আমরা ৪২ বছরেও হয়ে উঠিনি? ড. কাবেরী গায়েন: শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।