
অনেক সংগ্রাম করে পড়ালেখা করেছেন দাশিয়ার ছড়ার হাবিবুর রহমান। কুড়িগ্রাম কলেজে ভর্তির দিন বন্ধুর কাছ থেকে ধার করা সাইকেলটি খোয়া গেলে ক্ষতিপূরণের টাকা দিতে ঢাকার মুন্সিগঞ্জে ২৮ দিন আলু তোলার কাজ করেছিলেন বাপ-ছেলে দুজন। এত কষ্ট করে যে শিক্ষা লাভ করেছেন, তার দাম পাননি ছিটমহলের বাসিন্দা বলে।
গত শনিবার খাঁচায় বন্দিজীবন থেকে তাঁরা মুক্ত হয়েছেন। একটি দেশ পেয়েছেন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে এখন বাবা-ছেলে দুজন স্বপ্নের জাল বুনছেন, এবার চাকরিবাকরি একটা কিছু হবে। হাবিবুরের মতো বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হওয়া ১১১টি ছিটমহলের শিক্ষিত যুবক এবং তাঁদের অভিভাবকেরাও আশায় বুক বাঁধছেন। আবার অনেকে দুশ্চিন্তায় পড়েছেন। নাগরিকত্বের স্বীকৃতি অর্জনের পর এর কতটা গুরুত্ব বা মূল্য বা পাবেন, এমন আলোচনা সব ছিটমহলেই।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ছিটমহলের শতকরা ৯০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। অনেকে ভারতে, বাংলাদেশে দিনমজুরের কাজ করছেন। একদিকে অর্থকষ্ট, তার সঙ্গে আছে শিক্ষা গ্রহণে নানা বাধাবিপত্তি, আছে অবহেলা-অবজ্ঞা। এসব ডিঙিয়ে ছিটমহলে পড়ালেখা করেছেন খুব কমসংখ্যক যুবক।
দাশিয়ার ছড়ার অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১০ হাজার লোকসংখ্যার এই ছিটমহলে শিক্ষিত যুবকের সংখ্যা প্রায় ৩০০। এঁদের মধ্যে সর্বোচ্চ শিক্ষা নিয়েছেন (মাস্টার্স) ১২ জন। সম্মান বা বিএ সমমান পাস করেছেন ২০ জনের মতো। বাকিরা মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করেছেন। নিম্নমাধ্যমিক পর্যন্ত পড়েছেন আরও শতাধিক। এঁদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া প্রায় সবাই বেকার।
হাবিবুরের বাবা আলতাফ হোসেন বলেন, ‘এত টাকাপয়সা খরচ করিয়া বেটাকে পড়ালেখা করাইলাম। বেটা আমার বসিয়া আছে, বেকার।’
আবার এমনও আছে, পরিচয় গোপন করে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকও হয়েছিলেন। ছিটমহলের বাসিন্দা এ তথ্য জানার পর তাঁরা চাকরি হারিয়েছেন। এঁদের মধ্যে দাশিয়ার ছড়ার কামালপুর গ্রামের আন্তাজ আলীর ছেলে আবদুল মান্নান ২০১৩ সালের ১৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৯ ব্যাচের সদস্য হিসেবে সাড়ে চার মাস প্রশিক্ষণও নেন। কিন্তু তদন্তে ছিটমহলের লোক প্রমাণিত হওয়ায় তিনি চাকরিচ্যুত হন।
আবদুল মান্নানের মতো একই অবস্থা দাশিয়ার ছড়ার রাশমেলা গ্রামের মো. শাজদা ও তাঁর ছোট ভাই শাহজাহান আলীরও। দুজনই সেনাবাহিনীতে চাকরি পেয়ে আবার তা হারান ছিটমহলের বাসিন্দা হওয়ার কারণে। আবদুল মান্নানের ভাষায় ‘ছিটের বাসিন্দা হওয়ায় আমার চাকরি চলে যায়। এখন যেহেতু ছিটমহল বাংলাদেশের হলো, আমিও বাংলাদেশি হিসেবে চাকরিটা ফিরে পেতে চাই।’
কুড়িগ্রাম জেলার অন্য ১০টি ছিটমহলের শিক্ষার হার দাশিয়ার ছড়া থেকে আরও কম। ভূরুঙ্গামারী উপজেলার ছোট গাড়াল ঝাড় ছিটমহলের জাফর আলী এ বছর বিএ পাস করেছেন। তিনিও বেকার। ১ নম্বর দীঘলটারি ছিটমহলের কৃষক বাবলু মিয়ার ছেলে ফারুক হোসেন পড়ছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। তাঁর ছোট বোন বিউটি বেগম পড়ছেন ভূরুঙ্গামারী মহিলা কলেজে। পড়ালেখা করলেও চাকরি না পাওয়ার হতাশা আছে তাঁদের মধ্যেও। নাগরিকত্বহীন হয়ে থাকার দীর্ঘ বঞ্চনার অবসানের পর এবার অন্তত চাকরির জন্য দরখাস্ত করতে পারবেন, এই অধিকারটা পেয়ে বাংলাদেশের নতুন নাগরিকেরা এখন কিছুটা নির্ভার।
দাশিয়ার ছড়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রায় ৫০০ মানুষের বসবাস। এঁদের মধ্যে একমাত্র গ্র্যাজুয়েশন করেছেন কামারপুরের ধীরেন চন্দ্র রায়। আট বোনের এক ভাই ধীরেন ভুয়া নাম-পরিচয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজ থেকে বিকম পাস করেন ২০১৩ সালে। এখনো চাকরিবাকরি জোগাতে পারেননি। দু-একবার চাকরির সম্ভাবনা তৈরি হলেও নাম কাটা গেছে ছিটের বাসিন্দা বলে। পেট চালাতে এখন টিউশনি করছেন। মাসে হাজার ছয়েক টাকা আয় হয়। তা দিয়ে চলছে পরিবারের ভরণপোষণ।
শুক্রবার বিকেলে দাশিয়ার ছড়ার কালীমন্দিরের সামনে কথা হয় ধীরেন্দ্র চন্দ্র রায়ের সঙ্গে। তিনি বলেন, ছিটের বাসিন্দারা অনেক কষ্ট করে পড়ালেখা করেছেন। তাঁর নিজের পাড়া কামারপুরের ছেলেমেয়েরা কয়েক কিলোমিটার দূরে গিয়ে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তির পর চিন্তা করেন একটি বিদ্যালয় গড়ার। এলাকার লোকজনকে নিয়ে নিজের কামারপুরে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তিনি। ইতিমধ্যে পাড়ার হাবিবুর রহমান ৩৩ শতক জমি দিয়েছেন। গত ২৬ জুলাই বৈঠক করে স্কুলের নাম ঠিক করেছেন হাবিবপুর প্রাথমিক বিদ্যালয়।
ধীরেন বলেন, হাবিবুরের মেয়ে রীনা খাতুন, নাতনি রাশেদা খাতুন ও ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য পারুল আক্তারকে শিক্ষক হিসেবে মনোনীত করেছেন এলাকাবাসী। কিন্তু প্রতিষ্ঠান গড়ার পর সরকারের সহায়তা পাওয়া এবং স্কুলের শিক্ষক হিসেবে সরকারি স্বীকৃতি পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছেন তাঁরা।
এ অবস্থায় দাশিয়ার ছড়ার অধিবাসীদের দাবি, বাংলাদেশের এই নতুন ভূখণ্ডের প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের সময় যোগ্য প্রার্থী পাওয়া গেলে সেখানকার বাসিন্দাদের যেন অগ্রাধিকার দেওয়া হয়। এমনটি বললেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাও।
ধীরেন্দ্র চন্দ্র রায় বলেন, ‘দাশিয়ার ছড়া ছিটমহলে একমাত্র ডিগ্রি পাস সংখ্যালঘু আমি। এখানে কারও চাকরি হলে আমার হওয়া উচিত। তবে চাকরি পেতে যদি পাঁচ লাখ টাকা লাগে, দলীয় লোক দেখে চাকরি দিলে আমি পাব না। কারণ, আমি নিঃস্ব।’ হতাশ কণ্ঠে বললেন, ‘দয়া করে এই কথাগুলো লিখবেন।’
সেলিম জাহিদ: সাংবাদিক।