‘তুমি যৌতুক দাও আর আমি যৌতুক নিই, এর মধ্যে সরকারকে টানো কেন?’ নারীদের অবস্থা-সংক্রান্ত এক আলোচনা সভায় বলছিলেন রংপুরের এক নারী। দলের এক সদস্য যৌতুক প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে কথা বলায় তাঁর এই মন্তব্য। অনেক বছর পরও এই কথোপকথন মনে পড়ে। সমাজ যখন কোনো কিছু মেনে নেয়, তখন সমাজের জন্য ক্ষতিকর চর্চাগুলো দূর করা কঠিন; এমনকি সেটা আইনত নিষিদ্ধ হলেও। আইন গুরুত্বপূর্ণ কিন্তু সামাজিক পরিবর্তনের জন্য শুধু আইনই যথেষ্ট নয়। বাল্যবিবাহ নিয়ে অনেক আলাপ-আলোচনা চলছে। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমিয়ে দেওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অন্য অনেকের মতো আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছরই থাকা দরকার এবং এর অন্যথা হলে সেটা শিশু অধিকারের চরম লঙ্ঘন হবে। বাংলাদেশে ১৯২৯ সাল থেকে বাল্যবিবাহ প্রতিরোধ আইন থাকার পরও বাল্যবিবাহের হার (৬৪%) কেন এত বেশি? শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে আশাপ্রদ অগ্রগতি হয়েছে। বাল্যবিবাহ কমানোতে আমরা এত পিছিয়ে কেন?
বাল্যবিবাহ বাংলাদেশে মেয়েশিশুদের স্কুল থেকে ঝরে পড়ার সবচেয়ে বড় কারণ। বিয়ের মধ্য দিয়ে একটি মেয়েশিশুর শৈশবের সমাপ্তি ঘটে। এর মাধ্যমে মেয়েশিশুদের প্রতি পারিবারিক সহিংসতার ঝুঁকি বাড়ে। শারীরিক ও মানসিক অপরিপক্বতার কারণে বিবাহিত কিশোরী মেয়েরা তাদের শ্বশুরবাড়ির প্রত্যাশা মোতাবেক দায়িত্ব পালন করতে পারে না। ফলে তারা নির্যাতনের ঝুঁকির মধ্যে থাকে। তা ছাড়া বিবাহিত কিশোরীরা পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারে না। ফলে পুরুষতান্ত্রিক সামাজিক ধারা চলতেই থাকে। বিবাহিত মেয়েরা অকালে গর্ভধারণ করে এবং কিশোরী বধূ প্রস্তুতি ছাড়াই মা হয়ে যায়। কিশোরী মায়েরা প্রাপ্তবয়স্ক নারীদের তুলনায় গর্ভকালীন জটিলতায় বেশি আক্রান্ত হয়। তা ছাড়া তাদের মধ্যে অপুষ্টির ঘটনা খুবই সাধারণ।
>বাল্যবিবাহ বাংলাদেশে মেয়েশিশুদের স্কুল থেকে ঝরে পড়ার সবচেয়ে বড় কারণ। বিয়ের মধ্য দিয়ে একটি মেয়েশিশুর শৈশবের সমাপ্তি ঘটে। এর মাধ্যমে মেয়েশিশুদের প্রতি পারিবারিক সহিংসতার ঝুঁকি বাড়ে
আমরা এ কথা সবাই জানি যে বাল্যবিবাহের কারণের মধ্যে রয়েছে দারিদ্র্য, কিশোরী মেয়েদের সামাজিক নিরাপত্তাহীনতা, মেয়েদের শিক্ষা ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের সুযোগের অভাব। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক গ্রহণযোগ্যতা এবং আইনের দুর্বল প্রয়োগও বাল্যবিবাহের কারণ। জেন্ডার–বৈষম্যও বাল্যবিবাহের অন্যতম কারণ। নারীদের ক্ষেত্রে প্রজনন ও সন্তান পালনের দায়িত্বকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া হয় এবং তাঁদের মানবিক সম্ভাবনার পরিপূর্ণ বিকাশের অধিকারসম্পন্ন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে দেখা হয় না; ফলে নারীর যোগ্যতা অনুযায়ী শিক্ষা ও পেশাগত উন্নয়নের দিকটা উপেক্ষিত হয়েছে। দেখা যায় যে একটি মেয়েশিশু কিংবা নারীর জীবনে সবচেয়ে
গুরুত্বপূর্ণ ঘটনা বিয়ে। সব আর্থসামাজিক গ্রুপের মধ্যেই এই ধারণা বিদ্যমান।
মা-বাবা তাঁদের কন্যাসন্তানের বিয়ে দেওয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করেন। ফলে বেশির ভাগ মা-বাবা সামাজিকভাবে ‘ভালো’ পাত্রের সন্ধান পাওয়ামাত্র মেয়ের বিয়ের আয়োজন করেন, সেই মেয়ের বয়স কম এবং/অথবা তার লেখাপড়া শেষ হয়েছে কি হয়নি, তা তাঁরা দেখেন না। এমনকি একটি ছেলে যখন স্কুল থেকে ঝরে পড়ে, সে দরিদ্র ঘরের সন্তান হলেও, মা-বাবা তাকে কোনো বৃত্তিমূলক শিক্ষায় ভর্তির চেষ্টা করেন কিংবা ছোটখাটো ব্যবসা শুরুর মতো পুঁজি জোগাড় করে দেন, যাতে ছেলেশিশুটি অর্থনৈতিকভাবে উৎপাদনক্ষম হয়। কিন্তু যখন মেয়েশিশু স্কুল থেকে ঝরে পড়ে, বেশির ভাগ মা-বাবা তার বিয়ের বন্দোবস্ত করেন। ছেলেসন্তানের মধ্যে আয় করার সামর্থ্য তৈরি করে দিতে মা-বাবা যতটা যত্ন নেন, মেয়েশিশুর বেলায় সেটা নেন না। ‘কন্যাদায়গ্রস্ত’ শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মেয়েদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি।
বেগম রোকেয়া ১৯০৪ সালে মতিচুর-এ লিখেছেন: ‘পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয়, তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয়, তবে তাহাই করিব।...উপার্জন করিব না কেন? আমাদের কি হাত নাই, না পা নাই, না বুদ্ধি নাই? কি নাই? যে পরিশ্রম আমরা “স্বামী”র গৃহকার্যে ব্যয় করি, সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসায় করিতে পারিব না?...কন্যাদায়ে কাঁদিয়া মরি কেন? কন্যাগুলিকে সুশিক্ষিতা করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন-বস্ত্র উপার্জন করুক।’
আমরা বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পারিনি, নারীদের জন্য এমন পরিবেশ তৈরি করতে পারিনি, যেখানে তাঁদের অর্থনৈতিক মুক্তিকে মূল্যায়ন করা হবে। শত বছরেরও আগে বেগম রোকেয়া লিখেছিলেন, নারীরা যেকোনো পেশা—বিচারক, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার এবং এমনকি ভাইসরয় হওয়ার উপযুক্ত। আজ যদি বেগম রোকেয়া বেঁচে থাকতেন, তিনি নিশ্চয়ই হতাশ হতেন এই দেখে যে, এখনকার মা-বাবারা তাঁদের মেয়েদের বিয়ে না দিতে পারার জন্য ‘কাঁদিয়া’ মরেন। বিয়ে পারিবারিক ও সামাজিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা তো পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কেন বিয়েকে কেন্দ্র করেই শুধু মেয়েদের জীবন আবর্তিত হবে? কেন মেয়েরা পারিবারিক জীবনের জন্য তাঁদের শিক্ষা ও পেশাগত উচ্চাকাঙ্ক্ষা ‘বিসর্জন’ দেবেন? কেন বিশেষ কিছু পেশাকেই মেয়েদের উপযোগী বলে ভাবা হবে? নারীদের পূর্ণ মানুষের মর্যাদা না দিলে, নারী-পুরুষের সমানাধিকার অর্জিত না হলে বাল্যবিবাহ দূর করা যাবে না।
বাল্যবিবাহ একধরনের যৌন নির্যাতন এবং এটি সময়ের অন্যতম চ্যালেঞ্জ। প্রশ্ন হলো, এর প্রতিরোধে আমাদের কী করা উচিত? বাল্যবিবাহ মোকাবিলায় আমাদের সমন্বিত কার্যক্রম গ্রহণ করতে হবে। বিচ্ছিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। বাল্যবিবাহ রোধে আইনের প্রয়োগ নিশ্চিত করা দরকার। সঠিকভাবে জন্ম ও বিয়ে নিবন্ধন করতে হবে। এ ছাড়া মা-বাবার আয় বাড়াতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার এবং মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানে বিনিয়োগ বৃদ্ধি করা দরকার। সমাজে মেয়েদের নিরাপত্তা বাড়াতে জাতীয় ও সমাজভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা কার্যকর করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে পুরুষ ও ছেলেশিশুদের সম্পৃক্ত করা উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মা-বাবাকে মেয়েশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষার অধিকার বিষয়ে সচেতন করা। বাল্যবিবাহ রোধে মেয়ে ও নারীদের প্রতি মা-বাবা ও সমাজের দৃষ্টিভঙ্গিতে অবশ্যই পরিবর্তন আনতে হবে। নারীদের পূর্ণ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন করতে হবে। স্ত্রী ও মায়ের ভূমিকার বাইরেও বিভিন্ন ক্ষেত্রে নারীদের যে সাফল্য আছে, তার যথাযথ মূল্যায়ন করা জরুরি।
আসুন, আমরা আমাদের মেয়ে ও ছেলেসন্তানদের সমান চোখে দেখি এবং তাদের ভবিষ্যৎ নিয়ে একই রকমের আকাঙ্ক্ষা পোষণ করি। মেয়েদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা আত্মবিশ্বাসী হয় এবং নিজস্ব স্বপ্ন বাস্তবায়নে সাহসী হতে শেখে।
লায়লা খন্দকার: পরিচালক, চাইল্ড প্রোটেকশন, সেভ দ্য চিলড্রেন।