বৃষ্টির এখন আর ঘরবাড়ি নেই। উদোম শিশুর মতো যখন তখন ঝাঁপিয়ে পড়ে যেখানে সেখানে। ঘর বা অফিসে বসে যাঁদের দিনভর কাজ করতে হয়, তাঁরা তেমন করে টের পান না যন্ত্রণাটুকু। আর যাঁদের চৌপরদিন জীবিকা খুঁজতে হয় ফুটপাতে বা রাস্তায় রাস্তায়—তাঁদের দেহে আঁচড় কাটে বৃষ্টির ফোঁটা। অথচ এটা বর্ষাকাল নয়। শফিকুল ইসলামের কর্মক্ষেত্র রাস্তার ধারেই। এই বৃষ্টিতে তাঁরও বিরক্তি নেহাত কম নয়। রোদ হাসলে ছুটে আসা কাজের কাছে। আবার মেঘ এলে পালিয়ে বাঁচা একটু আড়ালে-আবডালে। বয়স আর কত! উনিশ কিংবা কুড়ি। মাত্র নয় মাসের ঢাকাবাস শফিকুলের। এরই মধ্যে সেটা রীতিমতো মনে হতে শুরু করেছে কারাবাস। এর থেকে মুক্তি মিললেই যেন স্বস্তি এখন। গত বছর উচ্চমাধ্যমিক পাস করেছেন শফিকুল। কাজের আশায় এসেছিলেন এই শহরে। কেন? কেননা, শফিকুলেরা চার ভাই। তাঁদের দুজন থাকেন গ্রামে আর দুজন ঢাকায়। একমাত্র বোন বিয়ের পর স্বামীর ঘরে। বাবা নেই, তাই মা থাকেন পালাক্রমে দুই ভাইয়ের কাছে, গ্রামের বাড়িতে। সেটা মোটেও মনঃপূত হয় না শফিকুলের। মা কেন এভাবে ভাগ হবেন? তাই তাঁর চাওয়া ‘কাজ করে টাকা আয় করে মাকে নিজের কাছে একেবারে রাখব। সেই জন্যেই এইতা করছি।’ কুষ্টিয়ার কালীশংকর গ্রামে বাড়ি শফিকুলের। সেখান থেকেই মাধ্যমিকে জিপিএ-২.৯৭ এবং উচ্চমাধ্যমিকে পেয়েছেন ৩.৩৫। তার পরে একটা চাকরি হওয়ার কথা ছিল ঢাকায়। এলেনও ছুটে, কিন্তু ব্যাটে বলে মিলল না। তাই চাকরিটাও আর করা হলো না। কী করবেন না-করবেন এমন হাজারো চিন্তার ঘুরপাক তখন মাথার মধ্যে। ভাই বুদ্ধি দিলেন ফলের শরবতের ব্যবসা করতে। গাড়ি, ব্লেন্ডারসহ সব জিনিসও কেনা হলো। এখন শুধু প্রতিদিন ফল কিনে নিয়ে দাঁড়িয়ে পড়া রাস্তার ধারে। তারপর তৃষ্ণার্ত কেউ এলে ফল কেটে বানিয়ে দেওয়া এক গ্লাস ঠান্ডা শরবত। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের পাশে প্রতিদিনই বসেন শফিকুল ইসলাম সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। গ্রাম এবং শহরের তুলনা করলে কোনটি ভালো? গ্রাম—তা আর বলতে! গ্রাম প্রিয় বলেই তো এই অল্প কয় মাসেই ঢাকা অপছন্দ হতে শুরু করেছে তাঁর। ‘ঢাকা শহরে কেমন একা একা লাগে। এখানে যে যার মতন থাকে। কারও সঙ্গে কোনো কথা নাই। আর গ্রামে? মা আর বন্ধুবান্ধবের কথাও খুব মনে পড়ে। মায়ের হাতের রান্না করা সব খাবারই আমার খুব ভালো লাগে। গত নয় মাসেই তিন-চারবার গেছি বাড়িতে।’গ্রামের পাশ দিয়ে দুটি নদী বহমান। একটি গড়াই নদী এবং অন্যটি পদ্মা। দুটিকে জড়িয়ে অনেক অনেক স্মৃতি শফিকুলের চোখের কোণে। আছে একটা পার্কও। সেটার নাম রেইনউইক পার্ক। দিনান্তে নদীতে যাওয়া, একসঙ্গে স্নান করা, পার্কে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার স্মৃতিগুলো স্মৃতিকাতর করে তোলে শফিকুলকে। ‘স্কুল পালিয়ে কত যে পার্কে গিয়ে আড্ডা দিয়েছি।’ স্কুল পালিয়ে? বাড়িতে মার কাছে ধরা পড়লে হাল কী হতো? নিশ্চয়ই মায়ের বকুনি বা পিটুনি? দক্ষ ফাঁকিবাজ শফিকুল জানিয়ে দেন, ‘কখনো তো ধরা পড়ি নাই। পড়লে কী হতো কে জানে?’হার্ডিঞ্জ ব্রিজের স্মৃতি বেশ উজ্জ্বল তাঁর কাছে। ‘হার্ডিঞ্জ ব্রিজে ইঞ্জিনের গাড়ি ছাড়া কোনো গাড়ি যেতে দেয় না। আমরা সাইকেল নিয়ে উঠেছি। আর আটকে রেখে দিয়েছে। তিন-চার ঘণ্টা আটকে থাকার পর ছাড়া পেয়েছি।’ আর নদী, সে তো মিশে আছে শফিকুলের আত্মার সঙ্গে। নদীতে স্নান করতে গিয়ে দুষ্টুমির সীমা থাকত না। ‘একবার হলো কী, নদীতে গিয়ে অনেক উঁচু থেকে উল্টা করে ডিগবাজি দিয়ে নদীতে পড়তে গেছি। আর তখন বুকে ব্যথা পেয়েছি। অনেক ব্যথা। পরে ডাক্তার-টাক্তার দেখাতে হলো। মাস খানেক ওষুধ-পানি খাওয়ায় তবে ভালো হয়েছে।’আবারও গ্রামেই ফিরে যেতে চান শফিকুল। কিন্তু তা হলে মাকে নিজের কাছে রাখার সাধটা কি পূরণ হবে? বাবা মারা গেছেন সেই ছোটবেলায়। ঢাকায় যে ভাইয়ের কাছে থাকেন, তিনি প্রাইভেট কার চালান। আর গ্রামের ভাইদের একজন বাসের হেলপার এবং অন্যজন ক্রিকেট ব্যাট বানান। এখন পড়াশোনা চালানোও দায় হয়ে পড়েছে। তা হলে কী করবেন তিনি? একধরনের সিদ্ধান্তহীনতা তার মধ্যে। ‘আর্থিক অবস্থা খারাপ বলে মেধাতে আর খাটল না। চিন্তা করছি। পড়াশোনা করতে পারলেও হতো। তা না হলে যদি একটা মোটামুটি চাকরি পেতাম, তা হলেও চালিয়ে নিতে পারতাম। গ্রামে হলে গ্রামে। আর ঢাকায় হলে এখান থেকে টাকা পাঠিয়ে দিলেও কোনোভাবে মায়ের ভালোই চলে যেত।’ এখন যে কাজ তিনি করেন তাতে দিন শেষে লাভের ঘরে জমা হয় ১০০ বা ২০০ টাকা। এভাবে চললে কি মাকে কাছে রাখার স্বপ্ন পূরণ হবে? শর্মিলা সিনড্রেলা