'কাফালা' প্রথা বাতিল হয় না কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারের মতো জঘন্য কর্মকাণ্ড শুধু যে গোপনভাবে চলে, তা নয়। কিছু দেশে এমন কিছু মধ্যযুগীয় ব্যবস্থা (যেমন কাফালা প্রথা) এখনো দাপ্তরিকভাবে প্রচলিত আছে, যার অপব্যবহারের মাধ্যমে হাজার হাজার নিরীহ শ্রমজীবী অভিবাসী নর-নারীকে দুঃসহ জীবনের দিকে ঠেলে দেওয়া হয়। প্রকৃষ্ট উদাহরণ, সম্প্রতি থাইল্যান্ডের গভীর জঙ্গলে মানব পাচারকারী চক্রের শত শত সাধারণ মানুষকে আটকে অমানুষিক নির্যাতন আর জীবনের মূল্যে মুক্তিপণ আদায়। এভাবেই চলছে বিশ্বব্যাপী অর্থলোলুপ মানব পাচার চক্রের সিন্ডিকেট।
মধ্যপ্রাচ্যে শ্রম অভিবাসনে বিতর্কিত ‘কাফালা’ প্রথা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে। সম্প্রতি কাতার সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা এটি রহিতের ঘোষণা দেন। কাতার সরকার কেন এই প্রাচীন প্রথার উচ্ছেদ চায়? কেন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকেও এই প্রথার উচ্ছেদ হওয়া দরকার? কাতার সরকারের সুস্পষ্ট ঘোষণা ও যথেষ্ট সময় নেওয়ার পরও কেন এটি রহিত করা সম্ভব হয়নি? আমাদের মতো উন্নয়নশীল দেশ থেকে অসংখ্য নর-নারী সংসারের চাকা সচল রাখার জন্য মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশে কাজ করতে যান। কিন্তু মধ্যপ্রাচ্যের ওই কাফালা প্রথার জাঁতাকলে পড়ে এসব নর-নারীর অনেকের জীবন বিপন্ন হয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ নাগরিকেরা কাফালা বা স্পনসরশিপের মাধ্যমে বিদেশি শ্রমজীবীদের কাজের ভিসা ও অস্থায়ী বসবাসের অনুমতি দিতে পারে। এই সুযোগে ভিসাদাতা কফিলরা বিদেশি শ্রমিকের ওপর নানাভাবে শোষণ-নির্যাতন করেন। এসব অত্যাচার-নির্যাতনের কোনো সুবিচার মেলে না বরং সবকিছু মুখ বুজে সহ্য করতে হয়। সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন গৃহস্থালি কাজে নিযুক্ত অভিবাসীরা। তাঁদের পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভ্রমণ ডকুমেন্ট আটকে রেখে সর্বতোভাবে নিয়োগকারী কফিলের ওপর নির্ভরশীল হতে বাধ্য করা হয়। কাফালা প্রথায় বিদেশি শ্রমিক নিয়োগ, তাঁদের গমনাগমন ও বিশেষ করে শ্রম অধিকারের সঙ্গে কী ধরনের সাংঘর্ষিক সম্পর্ক রয়েছে, তা জানা খুব দরকার। এই ব্যবস্থার সুযোগ শ্রম অধিকার ও মানবাধিকার পরিপন্থী মানব পাচারের কাজে কীভাবে অপপ্রয়োগ করা হয়, তা উঁচু পর্যায়ে কিছুটা জানা থাকলেও সাধারণের কাছে অজানা রয়ে গেছে। মধ্যপ্রাচ্যে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে দেখভাল করে এমন শ্রমিক ইউনিয়ন, বেসরকারি সংস্থা ও মানবাধিকার সংস্থাগুলোর কর্মকাণ্ড সব সময়ই সীমিত। সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রাজনৈতিক অঙ্গীকার না থাকা, নানা ধরনের দমননীতি, শ্রম অধিকার পরিপন্থী বিধিবিধান আর স্বার্থান্বেষী মহলের বাধা প্রধান কারণ বলে মনে করা হয়। শ্রম আমদানিকারী দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শ্রমজীবী অভিবাসীদের সংগঠন, বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো, আন্তর্জাতিক অভিবাসন ও মানবাধিকার সংস্থাগুলো অভিবাসী শ্রমিকের ন্যায়সংগত অধিকার ও নিরাপত্তা প্রশ্নে দেনদরবার করলেও কাফালা প্রথা আর সরকারি আইনের বিস্তর ব্যবধান থাকায় এসব আবেদন-নিবেদন অরণ্যে রোদন পরিণত হয়।

>সর্বজনীন আইনের অভাব ও কাফালা প্রথার সুযোগ নিয়ে বিদেশি শ্রমজীবী শত শত নারীকে শোষণ ও নির্যাতন করা হয়

বাংলাদেশসহ অন্যান্য দেশের ফিরে আসা নারী অভিবাসীদের নেতিবাচক অভিজ্ঞতা আজ সর্বজনস্বীকৃত। ফলে সৌদি কর্তৃপক্ষ ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক চুক্তি হওয়া সত্ত্বেও সে দেশে গৃহকাজে যাওয়ার জন্য আগ্রহী কর্মীর সংখ্যা অত্যন্ত কম। দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের পর সম্পাদিত চুক্তির যে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ হয়েছিল, তার যৌক্তিকতা আজ প্রমাণিত হয়েছে। গৃহকাজে নিযুক্ত অধিকাংশ ভুক্তভোগী কর্মীকে কাফালা ব্যবস্থার কারণেই যে নব্য দাসত্বের শিকলে আবদ্ধ হতে হয়, তা শ্রমজীবীদের কাছে অনেকটা স্পষ্ট হয়েছে। উল্লেখ্য, সৌদি আরব থেকে ১৯৬২ সালে দাসব্যবস্থা উচ্ছেদ হলেও এর পীড়নমূলক প্রবণতা এখনো দূর হয়নি।
কাফালা ব্যবস্থায় সংগৃহীত ভিসা সৌদি আরব, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য গৃহকর্মী আমদানিকারক দেশে একধরনের ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে। একশ্রেণির দালাল ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট শ্রম রপ্তানি ও আমদানিকারক উভয় দেশে সক্রিয় রয়েছে। এসব মধ্যস্বত্বভোগী দালালেরা অসংখ্য নারী-পুরুষকে নানাভাবে প্রলুব্ধ করে প্রতারণার মাধ্যমে বিদেশে শ্রম রপ্তানির খোলসে মানব পাচারে জড়িত রয়েছে। এই ভিসায় যেসব নারী কর্মীকে গৃহস্থালি কাজে নিয়ে যাওয়া হয়, তাঁদের অনেককেই অন্ধকার জীবনে ঠেলে দেওয়া হয়। তাঁরা নানা ধরনের আর্থিক শোষণ, শারীরিক ও যৌন নিপীড়নের শিকার হন। অনেককে সরাসরি দেহ ব্যবসা ও পাশবিক নির্যাতনের শিকার হতে হয়। এ কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সৌদি আরবকে মানব পাচারের টায়ার-৩–এ (সর্বোচ্চসংখ্যক মানব পাচার সংঘটিত দেশ) রাখে। পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে চলতি বছর দেশটিকে টায়ার-২–এর পর্যবেক্ষণ স্তরে রাখা হয়েছে। যদিও এ ব্যাপারে ভুক্তভোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে।
সৌদি সরকার ‘মানব পাচার আইন, ২০০৯’ প্রণয়ন করলেও পাচারে জড়িতদের বিরুদ্ধে সে আইন প্রয়োগের দৃষ্টান্ত খুব কম। পাচারের শিকার নারীদের সুরক্ষা দেওয়ার কর্মসূচিও খুবই সীমিত। কাফালা প্রথা বাতিল বা সংশোধন করাও হয়নি। কাতার সরকার ঘোষণা দিয়েও প্রথাটি এখনো বাতিল করেনি। শ্রমজীবী জনগোষ্ঠীসহ অভিবাসী নারীদের শ্রম আইনের দ্বারস্থ হওয়া কিংবা শোষণ-নির্যাতনকারীর বিরুদ্ধে আইন প্রয়োগের সুযোগ নেই বললেই চলে। সর্বজনীন আইনের অভাব ও কাফালা প্রথার সুযোগ নিয়ে বিদেশি শ্রমজীবী শত শত নারীকে শোষণ ও নির্যাতন করা হয়। কিন্তু তাঁদের মানবাধিকারসহ শ্রমস্বার্থের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে শোনা যায়, সৌদি নাগরিকদের একটা বড় অংশ নাকি এই কাফালা ও সেখানে কর্মরত বিদেশি নারী কর্মীদের শোষণ-নির্যাতনের বিরোধী। তা যদি সত্য হয়, তাহলে কেন শত শত নারী গৃহকর্মী প্রতিদিন দৈহিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হন? কেন কাফালা প্রথার দায় থেকে সৌদি আরব কিংবা কাতার বের হতে চাইছে না?
আবদুল হান্নান বিশ্বাস: মানব পাচার ও শ্রম অভিবাসন গবেষক, দৃষ্টি রিসার্চ সেন্টার।
[email protected]