'কারও ঘরের দাসী হতে দেব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বা বড় বড় শহর থেকে ঈদে গ্রামের বাড়ি যাননি এমন মানুষের সংখ্যা হাতে গোনা। জাকাত-ফিতরা বিতরণের জন্যও অনেকে নিজের গ্রামকেই বেছে নেন। অবস্থাপন্ন বাড়িতে দরিদ্র মানুষের অবিরল আগমন। প্রত্যক্ষ করলাম, সাহায্য নিতে আসা মানুষের অধিকাংশই নারী। জিজ্ঞাসা করলে তাঁদের বেশির ভাগই নিজেদের স্বামী পরিত্যক্তা বলে পরিচয় দিচ্ছিলেন। কেউ বিধবা, কারও কোলে শিশুসন্তান, কেউ অশীতিপর। পরের বাড়িতে, ধানের চাতালে, মেসে-হোটেলে, ইটভাটায় কাজ করেন বা দিনমজুরি করে পেট চালান। রুগ্ণ বা অলস স্বামীর কথাও বললেন কেউ কেউ। তো এসব অসহায় নারী যদি বিনা পয়সায় সৌদি আরব যেতে পারেন, তাহলে যাবেন না কেন? কিন্তু দাসত্ব—সে দেশেই হোক আর বিদেশে, সমান বেদনার।

সাবিনা ইয়াসমীনের কণ্ঠে যখন গানটা শুনি—‘আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব না, তোমায় মাগো কারও ঘরের দাসী হতে দেব না’, তখন চোখের সামনে ভেসে ওঠে গ্রাম–বাংলার দুঃখিনী মায়ের মুখ। যদিও গানের মা মানে দেশমাতৃকা, তবু দৃশ্যকল্পটিতে কলসি কাঁখে দাঁতে ঘোমটা কাটা জয়নুলের নারীই যেন দৃশ্যমান হয়ে ওঠে।

গৃহকর্মী হিসেবে সৌদি আরবে চাকরি করতে যাঁরা যাচ্ছেন, তাঁরা সবাই কি মা? বলা বাহুল্য, এ চাকরির যোগ্য নারীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। এ বয়সের নারীরা গ্রামগঞ্জে সচরাচর অবিবাহিত থাকেন না। তবে তালাকপ্রাপ্ত একক মায়ের সংখ্যাও কম নয়। মূলত সন্তানদের মানুষ করার জন্যই নারীরা অনেক প্রতিকূলতা উপলব্ধি করেও উড়াল দেন অজানার উদ্দেশে। বছর দশেক আগে পঞ্চাশোত্তীর্ণ সৌদিফেরত এক মাকে চিনতাম। চামড়ার কারখানায় কাজ করা তাঁর স্বামী হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লে পাঁচ সন্তান নিয়ে ওই মা দিশাহারা হয়ে পড়েন। ছেলেমেয়ে ও স্বামীকে তাঁর আরেক স্বামী পরিত্যক্ত বোনের জিম্মায় রেখে তিনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে চাকরি নিয়ে চলে যান। সাড়ে চার বছর পর দেশে ফিরে দেখেন তাঁর রেখে যাওয়া টিনের দোচালা পাকা হয়েছে। বড় ছেলে ড্রাইভিং শিখে অন্যত্র চলে গেছে, এক মেয়ের বাল্যবিবাহ দেওয়া হয়েছে, বাকি ছোট তিনজনের সঙ্গে আরও একজন খুদে সদস্য যোগ হয়েছে। বলা বাহুল্য, তাঁর পক্ষাঘাতগ্রস্ত স্বামী চলন শক্তি ফিরে পেয়েই শ্যালিকাকে ঘরনি বানিয়ে স্ত্রীর অভাব পূরণ করেছেন। খুদে সদস্যটির আগমনেও কালবিলম্ব ঘটেনি। এসব তবু মেনে নেওয়া যায়। কিন্তু স্বামী যখন বলে দিলেন ‘যে মেয়েছেলে বিদেশে দেহ বিক্রি করে আসে, তার এখানে ঠাঁই নেই’, তখন সে নারী কোথায় যাবেন?

বাংলাদেশ জনশক্তি ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত মোট ১ লাখ ৯ হাজার ৯৬১ জন নারী গৃহকর্মী হিসেবে সৌদি আরব গেছেন। ধর্ষণ ও অন্যান্য নির্যাতনের শিকার হয়ে অন্তত ২২ জনকে জীবন দিতে হয়েছে। বৈধভাবে যাওয়া ৬ জন নারীকে তাঁদের নিয়োগকারীরা মোটা টাকার বিনিময়ে অন্য নারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে (সমকাল, ১০ এপ্রিল ২০১৭)। সৌদি আরব ছাড়াও ওমান, লেবানন ও জর্ডানেও কয়েক লাখ শ্রমজীবী নারী রয়েছেন। তাঁদের অবস্থাও একই রকম। সেই অন্ধকার যুগের আরব দেশে হাটে-বাজারে ক্রীতদাস কেনাবেচা হতো। এখন গরিব দেশগুলো তাদের ততোধিক গরিব নারীদের উড়োজাহাজে করে
বিক্রি করতে পাঠিয়ে দিচ্ছে। মালিকদের চরিত্রের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। লাখো নারীর বঞ্চনা ও নির্যাতনের ইতিহাস গুমরে কাঁদে, নিরুপায় কয়েকজনের কথা কেবল আমরা জানতে পারি। মাকে নিয়ে যে দেশের সিনেমা, গান, নাটক, যাত্রা, শিল্পসাহিত্য একেবারে সয়লাব, সে দেশের মায়েদের আসল সম্মান দেখানো হচ্ছে কোথায়? আবার কেঁদে কেঁদে গাওয়া হয়: মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম/ পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না।...

নিজেদের নারীকে অপমান, অসম্মান ও নির্যাতনের মুখে ঠেলে দিতে যদি ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশ আর রাজি না হয়, তাহলে আমরা কেন কেবল প্রবাসী আয়ের লোভে নারীদের এ সর্বনাশ করছি? প্রবাসে নারী শ্রমিকদের ওপর অমানবিক আচরণে ক্ষুব্ধ হয়ে অনেকেই বক্তব্য-বিবৃতি দেন, সেমিনার-সিম্পোজিয়াম হয়, বিদেশে না পাঠানোর জন্য জোর দাবি তোলা হয়। কিন্তু দেশেই তাঁদের জন্য পর্যাপ্ত সুযোগ সৃষ্টির কথা সেভাবে উঠে আসে না। সরকারের পক্ষ থেকে যদি ব্যাপকভাবে সুদবিহীন বা অল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা থাকে, তবে গ্রামীণ নারীরা তাঁদের শ্রম ও সংগ্রাম দিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন, হতে পারবেন স্বনির্ভর।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নারীর উন্নয়নে আগের বছরগুলোর তুলনায় বেশি বরাদ্দ রাখা হয়েছে। ‘কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ (সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটি সরকারের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২০১২-২০১৭ মেয়াদে ৫৭ জেলার ৪৪২ উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে উপজেলা পর্যায়ে বিভিন্ন কোর্সে যুবক ও যুব নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলোর মধ্যে ব্লক, বাটিক ও প্রিন্টিং, গবাদিপশু, মৎস্য ও পোলট্রি পালন, বিউটি পারলার, মুঠোফোন মেরামত, গরু মোটাতাজাকরণ, মৎস্য খাদ্য উৎপাদন, শুঁটকি মাছ উৎপাদন, শাকসবজি চাষ, মাশরুম চাষ, নার্সারি, পোশাক তৈরি, তাঁত বুনন, মোটরসাইকেল মেরামত, বেসিক কম্পিউটার কোর্স, রান্না শিক্ষা ও কুটিরশিল্প অন্যতম। এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো স্থানীয় চাহিদার ভিত্তিতে হাতে–কলমে প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবদের দক্ষ ও আধা দক্ষ মানবসম্পদে পরিণত করা। প্রকল্পটি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ, আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব নিরসনে কার্যকর ভূমিকা রাখছে। সামাজিক অস্থিরতা ও অনাচারের হার কমিয়ে প্রশিক্ষণ অঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হচ্ছে। এ ছাড়া অন্যান্য মন্ত্রণালয় ও বেসরকারি উদ্যোগে দেশব্যাপী প্রশিক্ষণসহ কর্মসংস্থানের প্রচুর সুযোগ রয়েছে। সরকার প্রবাসে নারী শ্রমিক পাঠানো বন্ধ করে
এসব কার্যক্রমকে আরও অধিক নারীবান্ধব করে তুললে নারী তাঁর মর্যাদা নিয়ে দেশেই আত্মনির্ভর হতে পারবেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পুরুষ শ্রমিকেরাও বঞ্চিত-নির্যাতিত হচ্ছেন, কিন্তু দেশে ফিরে তাঁদের একঘরে হয়ে থাকতে হচ্ছে না। এক মানবাধিকার কর্মী দুঃখ করে বলছিলেন, দুর্বিষহ শ্রম দিয়েও আমাদের এই গরিব-দুঃখী নারীদের শেষ পর্যন্ত নো-ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সৌদি আরবে যাওয়া আমাদের নারী গৃহকর্মীদের সে দেশের পরিবারগুলো যৌনকর্মী হিসেবে বিবেচনা করে, আবার দেশে ফিরেও পরিবার-পরিজন তাঁদের সেই একই দৃষ্টিতে দেখে। মা আর মাটি নাকি অভিন্ন। সত্যিই কি আর মায়ের মলিন বদন দেখে তাঁর সন্তানেরা নয়নজলে ভাসে?

উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক।