কুলাউড়া থেকে ঢাকায় পা রাখি ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর। চারদিকে কনকনে শীতের প্রকোপ। অথচ গায়ে চাপানো ফিনফিনে একটা পাঞ্জাবি। নিচে গেঞ্জিও নেই। পা জোড়া ততোধিক অনাবৃত। স্পঞ্জের স্যান্ডেল শীত রোখা তো দূরের কথা, ওটাই যেন পা থেকে মাথা পর্যন্ত তাকে ছড়িয়ে দিতে আরও বেশি করে সাহায্য করছে। একজনের দেওয়া একটা চাদর গায়ে ছিল। রাতে গায়ে জড়িয়ে ফুলবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে শুয়ে ছিলাম। গভীর ঘুমের আচ্ছন্নতার সুযোগে সেটাও হাতিয়ে নিয়েছে সম্ভবত আমার চেয়েও দায়ে পড়া কেউ।এ রকম অবস্থায় ছেষট্টির জানুয়ারি মাসের ১৩ তারিখ বিকেল চারটার পরে দৈনিক সংবাদ অফিসে আমার পা রাখা। খেলাঘর দপ্তর কোথায় বলতেই দারোয়ানদের একজন দোতলায় চলে যেতে বলেন। যথাস্থানে যেতেই দেখা হয় শিশুসাহিত্যিক নিয়ামত হোসেন, কাজী শওকত আনোয়ার এবং সম্পাদকীয় লেখায় ব্যস্ত বজলুর রহমানের (ভাইয়া) সঙ্গে। এক টেবিল পরেই বসে কাজ করছেন শহীদ ভাই—শহীদুল্লা কায়সার। পরিচয়পর্ব শেষ হতেই পিয়নবাহিত হয়ে নবাবপুরের মতিলাল সুইটস থেকে আসে বিখ্যাত সন্দেশ আর নিমকি।এর পর থেকে সারা দিন চাকরির খোঁজে এখানে-সেখানে ঘোরাঘুরি করার পর সংবাদ অফিসে যাওয়া একটা আবশ্যিক কর্তব্য হয়ে দাঁড়ায়। এ রকমই একদিন বিকেলের দিকে শহীদ ভাইয়ের সঙ্গে দেখা। সেদিন সকাল থেকেই প্রচণ্ড শীত পড়ে ছিল। আমার গায়ে সেই পাতলা ফিনফিনে পাঞ্জাবি। পায়ে সেই স্পঞ্জের স্যান্ডেল। থেকে থেকেই ভয়ানক কাশছিলাম। সেদিন খেলাঘরের পাতার কাজে ব্যস্ত ছিলাম আমি একাই। পাতার কাজ করতে করতে ঠান্ডায় অস্বাভাবিকভাবে কাশছিলাম। একটু পরে দেখি, আমার টেবিলের পাশ ঘেঁষে এসে দাঁড়িয়েছেন শহীদ ভাই। কাঁধে হাত রাখেন। জিজ্ঞেস করেন, ‘তোমার সোয়েটার নেই? চাদর?’ আমি জবাব দিতে পারি না। তিনি বলে চলেন, ‘একটা ফিনফিনে পাঞ্জাবি পরে এই ভরা শীতে কী করে তোমার চলছে? কী করো তুমি?’আমি গড়গড় করে বলে ফেলি আমার বেকার দশার কথা। শহীদ ভাই মনোযোগ দিয়ে আমার কথা শোনার পর বলেন, ‘পড়াশোনা কদ্দুর করেছো?’ বলি, ডিগ্রি আমার নেই। আমার শেষের কথাটার কোনো গুরুত্বই দিলেন না তিনি। বললেন, ‘তোমার চাকরির ব্যবস্থা আমি করছি। আর তোমার শীতের কাপড়েরও ব্যবস্থা হয়ে যাবে।’ কথাটা শেষ করেই পিয়নকে দিয়ে ডাকিয়ে আনেন সংবাদ-এর তখনকার নিউজ সেকশনের শিফট ইনচার্জ হাসান আলীকে। তিনি আসতেই শহীদ ভাই বলেন, ‘হাসান, ও সাব-এডিটর হিসেবে শিক্ষানবিশি করবে। তুমি ওকে দেখবে। আর শোনো, এখন ওর জন্য একটা সোয়েটার, ফুলপ্যান্ট আর অন্তত ক্যাম্বিসের এক জোড়া জুতোর ব্যবস্থা করবে। এই নাও টাকা।’ কথাটা শেষ করেই হাসান ভাইয়ের হাতে শহীদ ভাই তুলে দেন এক শ টাকার একটা নোট। ‘তোমার কাজ শেষে ওকে দরজির কাছে নিয়ে যাবে। ফুলপ্যান্টের কাপড় কিনে বানাতে দেবে। কিনে দেবে জুতো আর সোয়েটার।’ আবেগে আমার থরোথরো হওয়ার জোগাড়।হাসান ভাই আমাকে নিচতলায় নিউজ সেকশনে নিয়ে আসেন। টেলিপ্রিন্টার থেকে একটা স্ল্যাগ বের করে আমাকে বুঝিয়ে দেন। আমি পরীক্ষা দিই। পাসও করি। সে খবর পৌঁছে যায় শহীদ ভাইয়ের কাছে। পরদিন পাঞ্জাবির ওপর সোয়েটার এবং পাজামার সঙ্গে ক্যাম্বিসের জুতা পরে তাঁর সামনে হাজির হতেই বললেন, ‘তুমি যে অনুবাদ পারবে, আমি জানতাম। তোমার গল্প লেখার হাত বড় ভালো।’শহীদ ভাইকে কতভাবে যে দেখেছি, এই স্বল্প পরিসরে তার বর্ণনা দেওয়া সম্ভব নয়। ১৯৬৮ সালে রুশ লেখক ম্যাক্সিম গোর্কির শততম জন্মবার্ষিকী উপলক্ষে তখনকার পাকিস্তান-সোভিয়েত মৈত্রী সমিতির উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। সংবাদ-এর জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টু এবং সোলায়মান ভাইয়ের যৌথ প্রয়াসে ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসের নাট্যরূপ দেওয়া হয়। এই নাটকের প্রাথমিক দিন কয়েকের মহড়া চলে শহীদ ভাইদের কায়েতটুলির বাসায়। নাটকটি পরিচালনা করেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম। অভিনয় করেছিলেন চলচ্চিত্রজগতের অনেকেই। আমরা, নবীনেরাও। ত্রিশ থেকে চল্লিশজন কুশীলবের বেলা তিনটা থেকে রাত সাত-আটটা পর্যন্ত রিহার্সাল করার ঝক্কি-ঝামেলা শহীদ ভাইকে বেশ কদিন পর্যন্ত পোহাতে হয়েছিল এবং হাসিমুখেই। তাঁর মা, খালাম্মাকেও সহাস্যে আপ্যায়নে উদ্যোগী হতে দেখেছি। ম্যাক্সিম গোর্কির জন্মশতবার্ষিকী উদ্যাপন আমাদের সাংস্কৃতিক জগতে তখন একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হয়ে উঠেছিল। আর এই সবকিছুর নেপথ্যে সক্রিয় ছিলেন শহীদ ভাই। তাঁর সঙ্গে আমার শেষ দেখা ১৯৭১ সালের ৬ জুন। তাঁর সেই ছোট্ট ফক্সভাগেন গাড়ি। নিজেই চালাতেন। নিউমার্কেটের বিপরীতে ‘বলাকা’ সিনেমা হলের সামনে তিনি দাঁড়িয়ে। বাসায় যাওয়া মানা ছিল বলে তাঁর সঙ্গে এখানেই সাক্ষাৎ করতে হবে। রুশ তথ্য বিভাগ থেকে দেওয়া খামের মুখ বন্ধ করা একটা গোপনীয় চিঠি তুলে দিতে হবে তাঁর হাতে। চিঠিটি দিয়েছেন তখনকার রুশ তথ্য বিভাগের বাঙালি প্রধান এ টি এম শামসুদ্দীন। সামান্য হাসি বিনিময় ছাড়া সেদিন শহীদ ভাইয়ের সঙ্গে কোনো কথা হয়নি। চিঠিটা তাঁর হাতে তুলে দিয়েই আবার দ্রুত আমি উঠে বসি আমার রিকশার সিটে। শহীদ ভাই নিজেই গাড়ি হাঁকিয়ে চলে যান আজিমপুরের দিকে। তখন কি ভেবেছিলাম, তাঁর সঙ্গে এ-ই আমার শেষ দেখা! জীবনে আর কোনো দিন তাঁকে দেখব না!অনেক পরে ১৯৮৪-৮৫ সালের দিকে চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার সূত্রে যোগাযোগ হয় শহীদ ভাইয়ের ছোট ভাই জাকারিয়া হাবিবের সঙ্গে। তাঁদের কায়েতটুলির বাসায় তখন ঘন ঘনই যাচ্ছি। একদিন কথায় কথায় তাঁকে বলি, ‘জাকারিয়া ভাই, শহীদ ভাই আমার কাছে সামান্য কিছু টাকা পেতেন। সেটা আমি শোধ করে দিয়ে ঋণমুক্ত হতে চাই।’ তাঁর সাফ জবাব ছিল, ‘কিছু কিছু ঋণ শোধ করতে নেই, আখতার। ঋণী থাকুন না শহীদুল্লা কায়সারের কাছে।’আমার চোখ ভিজে আসে।আখতার হুসেন