
আমার এক বন্ধুর ফেসবুক স্ট্যাটাস দেখে প্রথম বিষয়টি নজরে আসে। আমার সেই বন্ধু, যিনি একজন নারীও, ফেসবুকে দুটি প্রশ্ন রেখেছেন। পাঠকদের সুবিধার জন্য হুবহু তুলে দিচ্ছি। তাঁর প্রশ্ন দুটি হচ্ছে;
১. ‘গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট আমার ভাই-বোন-বন্ধু সকল, আমাকে কি একটু শিক্ষিত করবেন?
আপনাদের কাছে আমি জানতে চাই, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার এবং প্রকাশকৃত কনটেন্টের নজরদারি, পর্যবেক্ষণ, নিরীক্ষণ এবং মানোন্নয়নের জন্য সরকারি কোনো সংস্থা জড়িত?
২. প্রিয় বন্ধুরা-সহযোদ্ধারা, শেয়ারকৃত লিংক (তিনি আরটিভিতে প্রচারিত টক শো ‘এবং পূর্ণিমা’-এর একটি অংশ শেয়ার করেছেন তাঁর স্ট্যাটাসের সঙ্গে)-এর ১৩.১০-১৫. ২০ মিনিট পর্যন্ত দেখে আমার উপলব্ধি-ধর্ষণ একটি হাস্যরসাত্মক বিষয়। একে নিয়ে ঠাট্টা-ফাজলামি-চিমটি কেটে ইয়ার্কি মসকরা সবই চলে। আমিই কি তবে একমাত্র উজবুক? কী প্রচার করছি আমরা? চরম হতাশ হয়ে গেলাম।’
তাঁর এসব প্রশ্ন, ক্ষোভ ও হতাশার যে যথেষ্ট কারণ রয়েছে, তা ভিডিও লিংকটি দেখে নিশ্চিত হয়েছি। বেসরকারি টেলিভিশন আরটিভিতে গত ২৪ মার্চ ‘এবং পূর্ণিমা’ নামে এ অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে। এটা একটা নিয়মিত অনুষ্ঠান, অভিনেত্রী পূর্ণিমা তা উপস্থাপনা করেন। বিনোদনজগতের একজন অতিথি সেখানে হাজির থাকেন। বিতর্কিত এই অনুষ্ঠানে পূর্ণিমার অতিথি ছিলেন খল অভিনেতা মিশা সওদাগর। একজন পেশাদার অভিনেতা চরিত্র ও কাহিনি অনুযায়ী অভিনয় করেন। মিশা সওদাগর যেহেতু মূলত খলচরিত্রে অভিনয় করেন, তাই স্বাভাবিকভাবেই নানা অপরাধ ও অপকর্মের দৃশ্যে তাঁকে অভিনয় করতে হয়। এর মধ্যে ধর্ষণের মতো জঘন্য অপরাধও রয়েছে। খলনায়ককে নিয়ে যে অনুষ্ঠান তাতে এসব প্রসঙ্গ থাকবে, এটাও স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে মিশা সওদাগরকে নিয়ে করা প্রশ্ন, এর ধরন ও উপস্থাপনা। সেখানে খল অভিনেতার ধর্ষণের দৃশ্যে অভিনয় ও এর অভিজ্ঞতা নিয়ে যেসব কথাবার্তা হয়েছে, তাকে ধর্ষণের মতো অপরাধ ও সংবেদনশীল বিষয় নিয়ে হাস্যরসাত্মক আলোচনা হিসেবেই বিবেচনা করতে হবে।
এমন একটি অনুষ্ঠান তুমুল সমালোচনার মুখে পড়বে, এটাই স্বাভাবিক। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অনেকেই। প্রশ্ন ওঠে, ধর্ষণ কি একটি হাসি-ঠাট্টার বিষয়? অথচ একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে আমাদের উদ্বেগ আর উৎকণ্ঠার শেষ নেই। ধর্ষণের নানা কাহিনি ও বীভৎসতার খবর গণমাধ্যমে দেখতে ও পড়তে গিয়ে আমাদের অসুস্থ হওয়ার জোগাড় হয়েছে। গত মঙ্গলবারই শিশু অধিকার ফোরামের এক পরিসংখ্যান বের হয়েছে প্রথম আলোয়; তিন মাসে ১৭৬ শিশু ধর্ষণের শিকার। সেই দেশে বসে আমরা ধর্ষণ নিয়ে হাসি-ঠাট্টা করছি!
এ ধরনের একটি অনুষ্ঠান ও তা টেলিভিশনে প্রচারের ঘটনা আমাদের কিছু প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন যেহেতু অভিনেত্রী পূর্ণিমা, তাই এর সব সমালোচনা ও নিন্দার ঝড়টি তাঁর ওপর দিয়েই গেছে। কিন্তু এর পুরো দায়টি কি শুধুই তাঁর? একটি টিভি অনুষ্ঠানের প্রযোজক-পরিচালক থাকেন। অনুষ্ঠানের পরিকল্পনা থেকে শুরু করে স্ক্রিপ্ট-সবই তাঁর দায়িত্ব। কোন অনুষ্ঠানে উপস্থাপক কী প্রশ্ন করবেন, সেটা ঠিক করাও প্রযোজক-পরিচালকের কাজ। উপস্থাপক কী প্রশ্ন করবেন, তা যদি একজন প্রযোজক-পরিচালক ঠিক না-ও করে দিয়ে থাকেন, তাহলেও তা তাঁর নজরদারি বা জানার বাইরে থাকার কথা নয়। অনুষ্ঠানটি ধারণ ও সম্পাদনা করার সময় নিশ্চয়ই অনুষ্ঠানটির নির্মাতা জেনে-বুঝেই যা রাখার তা রেখেছেন ও বাদ দিয়েছেন। এ অনুষ্ঠানটি কোনো সরাসরি অনুষ্ঠান ছিল না। অনুষ্ঠান তৈরির পর সম্প্রচারের আগে তা যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যাওয়ার কথা। গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে-এতগুলো পর্যায়ের কোথাও মনে হলো না যে এটি সম্প্রচারযোগ্য নয়? আমাদের সকল পর্যায়ের সংবেদনশীলতা কি তবে পুরোপুরি লোপ পেয়েছে? ধর্ষণ নিয়ে হাস্যরস করা এই অনুষ্ঠানের পুরো দায় তাই আমরা এখন উপস্থাপক ‘নারীর’ ওপর চাপিয়ে বসে আছি! এখানেও সেই সংবেদনশীলতার অভাব! যার পেছনে আছে আমাদের মনোজগতের পুরুষতান্ত্রিকতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতি আরা নাসরিন বিবিসিকে বলেছেন, ‘পূর্ণিমা যে খুব স্বাভাবিকভাবে অন্য আর যেকোনো প্রশ্নের মতোই কতবার ধর্ষণ করেছেন-এ প্রশ্নটি করেছেন বা মিশা সওদাগরের সঙ্গে যে এ বিষয়টি নিয়ে টেলিভিশনের পর্দায় হাসাহাসি করেছেন, তার কারণ অধিকাংশ ছায়াছবিতে ধর্ষণ একটি বিনোদন দৃশ্য হিসেবেই উপস্থাপন করা হয়। সিনেমায় ধর্ষণকে খুব স্বাভাবিক করে তোলার ফলে ধর্ষণের মতো অত্যন্ত একটা ভয়ংকর অপরাধের প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারেও কিন্তু আমরা অসাড় হয়ে পড়ি।’
সমস্যাটির মূল শিকড়টি আসলে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্র এবং দীর্ঘদিন ধরে চলে আসা এর সংস্কৃতির মধ্যে। আমাদের দেশের মূল ধারার বাংলা চলচ্চিত্রে মোটা দাগে যে ভালো-মন্দকে তুলে ধরা হয়, তাতে ধর্ষণ একটি অপরাধ-নির্যাতন হিসেবেই বিবেচিত, কিন্তু একে উপস্থাপন করা হয় পরিষ্কারভাবেই বিনোদনের উপকরণ হিসেবে। বাণিজ্যিকভাবে সিনেমাকে ‘হিট’ করানোর জন্য কটি গান থাকবে, কীভাবে তার চিত্রায়ণ হবে-এগুলো যেমন বিবেচনার বিষয়, তেমনি কয়টি ধর্ষণ-দৃশ্য বা কীভাবে তা দেখানো হবে, সেটাও অনেক ক্ষেত্রে বিবেচনার বিষয়। ফলে সমস্যাটির শিকড় অনেক গভীরে ঢুকে গেছে।
গীতি আরা নাসরিন তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ফর্মুলা ফিল্মগুলোতে ধর্ষণ যতবার উপস্থিত হয়, তা গল্পের প্রয়োজনে নয়। ধর্ষণ উপযোগী করে চিত্রনাট্য রচিত হয়। তার সঙ্গে থাকে যৌন নিপীড়নের রোমান্টিককরণ। নায়ক নায়িকাকে অনুসরণ করে, অতিষ্ঠ করে, অঙ্গভঙ্গি করে, শিস দিয়ে বা যেভাবে একা অথবা বন্ধুবান্ধবসহ গান গেয়ে ও নৃত্য করে প্রেমে পড়তে বাধ্য করেন, এর প্রতিটি আচরণই যৌন নিপীড়ন ও অপরাধ। সিনেমায় এর পৌনঃপুনিক উপস্থাপন যৌন নিপীড়নকে প্রেমিকসুলভ স্বাভাবিক আচরণ হিসেবে বুঝতে শেখায়।’
বাংলা চলচ্চিত্রে যৌন অপরাধের এই ‘স্বাভাবিকীকরণের’ কারণেই সম্ভবত এ নিয়ে আলোচনায় একজন উপস্থাপক ধর্ষণ নিয়ে সহজেই প্রশ্ন করতে পারেন এবং অতিথিও সেভাবে তার জবাব দিতে ও তা নিয়ে হাস্যরস করতে পারেন। তাঁদের মনে এ নিয়ে কোনো ভিন্ন চিন্তা আসে না। আর চলচ্চিত্র মাধ্যমে যৌন অপরাধের এই স্বাভাবিকীকরণের বিষয়টি সম্ভবত টিভির লোকজনের মাথায়ও ঢুকে গেছে। বাংলা সিনেমা নিয়ে যখন অনুষ্ঠান, তখন অনুষ্ঠানের প্রযোজক, টিভির প্রিভিউ কমিটি বা নীতিনির্ধারকদের মধ্যেও সম্ভবত কোনো ধরনের সংবেদনশীলতা কাজ করে না। অনুষ্ঠানটি হয়তো সে কারণেই প্রচার হতে পেরেছে।
সমালোচনার মুখে অভিনেত্রী পূর্ণিমার দুঃখ প্রকাশের একটি খবর দেখলাম ১ এপ্রিলের বাংলা ট্রিবিউন-এ। সেখানে তিনি বলেছেন, ‘এই অনুষ্ঠান দেখে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’ জনপ্রতিক্রিয়ায় তিনি সাড়া দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, এটা ভালো। তবে এ ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে বোধোদয়। অনুষ্ঠানটিকে ‘ফান শো’ বা ‘দুই শিল্পীর আড্ডা’ যা-ই বলা হোক না কেন, যখন তা টিভিতে প্রচারিত হয়, তখন কী বলা যাবে বা যাবে না, সেই বিবেচনাবোধটি টনটনে থাকতে হয়। সমাজের বাস্তবতা ও স্পর্শকাতরতার বিষয়টি বিবেচনায় নিতে হয়।
অনুষ্ঠানের প্রযোজক সোহেল রানার তরফেও আমরা একটি দুঃখ প্রকাশের খবর পেয়েছি বাংলা ট্রিবিউন-এ। তিনি বলেছেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ভুল। ভুলটা আমাদেরই। অনুষ্ঠানটির প্রযোজক হিসেবে এর দায় সরাসরি আমি নিচ্ছি। পূর্ণিমা আগেই দুঃখ প্রকাশ করেছেন। এবার আমি নিজেও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল থেকেই শিখতে চাই।’
আসলে ভুল থেকে শিখতে হলে ধর্ষণ বা যৌন নিপীড়নের মতো বিষয়গুলোর বাণিজ্যিক ব্যবহার ও বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহারের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তাকে প্রথম বিবেচনায় নিতে হবে এবং সেখান থেকে বের হওয়ার পথ ধরতে হবে। এসব ইস্যুতে চাপে পড়ে বা সমালোচনার মুখে নয়; বরং তাগিদটা ভেতর থেকে আসতে হবে। পরিবর্তন লাগবে আমাদের সবার মনোজগতে। তা না হলে এ ধরনের ভুল হতেই থাকবে।
এ কে এম জাকারিয়া: প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক
akmzakaria@gmail. com