‘কুষ্টিয়ার যুদ্ধ’ নিয়ে কিছু কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১১ মার্চ প্রথম আলোয় প্রকাশিত রাশেদুর রহমানের ‘কুষ্টিয়ার যুদ্ধ’ নিবন্ধে ওই যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনায় কিছু বিভ্রান্তি পরিলক্ষিত হওয়ায় এবং সঠিক তথ্য তুলে ধরা প্রয়োজন বলে মনে করছি। তিনি লিখেছেন, মেজর আবু ওসমান চৌধুরী ১৯৭১ সালের ২৬ মার্চ সকালে কুষ্টিয়া সার্কিট হাউস থেকে তৎকালীন ইপিআরের ৪ নম্বর উইংয়ের সদর দপ্তর চুয়াডাঙ্গায় পালিয়ে আসেন। সেখানে পৌঁছে ক্যাপ্টেন আযম চৌধুরীকে সঙ্গে নিয়ে বিদ্রোহ করেন এবং পরে আওয়ামী লীগের স্থানীয় নেতা, নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সভা করেন—তথ্যটি সঠিক নয়।প্রকৃতপক্ষে ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে স্থানীয় মহকুমা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্য ডা. আসহাব-উল-হক জোয়ার্দার (‘ডা. আসহাবুল হক জোয়ারদার’ নয়) টেলিফোনে ঢাকায় সংঘটিত গণহত্যার সংবাদ পাওয়ামাত্র ওই রাতেই দলীয় স্থানীয় নেতা-কর্মীদের সংগঠিত করতে শুরু করেন। তিনি ও তাঁর দলীয় সহকর্মী মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্য আইনজীবী মো. ইউনুস আলীর নেতৃত্বে ২৬ মার্চ সকাল আনুমানিক নয়টায় স্থানীয় থানার সামনে বড়বাজার চৌরাস্তায় এক চটজলদি জনসভা আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন আসহাব-উল-হক। সভায় চুয়াডাঙ্গা শহর এবং নিকটবর্তী বিভিন্ন গ্রামের কয়েক হাজার নেতা, কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে স্থানীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে শুধু ওই দুজন প্রাদেশিক পরিষদের সদস্য বক্তব্য দেন। আরও অনেকের মতো রাজনীতিসচেতন কলেজছাত্র হিসেবে আমি ওই সভায় উপস্থিত ছিলাম এবং ওই ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষী। বর্তমানে জীবিতদের মধ্যে আওয়ামী লীগের নেতা মির্জা সুলতান রাজা ও চুয়াডাঙ্গা-১ আসনের বর্তমান সাংসদ মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার ছিলেন ওই সভার আয়োজকদের অন্যতম। সভার শেষে একটি বিক্ষুব্ধ মিছিল শহর প্রদক্ষিণ করে, যার মাঝামাঝি সময়ে মিছিলটি চুয়াডাঙ্গা রেলবাজারে পৌঁছালে সেখানে নিকটবর্তী ইপিআর উইংয়ের বাঙালি সেনাদের একটি অংশ মিছিলের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। পরে মেজর আবু ওসমান চৌধুরী (যিনি ১৯৭১ সালের ২৪ মার্চ তাঁর কর্মস্থল চুয়াডাঙ্গা থেকে সপরিবারে কুষ্টিয়ায় চলে যান) ২৬ মার্চ মধ্যাহ্নের পর কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় পালিয়ে আসেন। যার অনেক আগেই স্থানীয় নেতারা পাকিস্তান দখলদারদের বিরুদ্ধে বিদ্রোহ তথা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছেন।মেজর আবু ওসমান চৌধুরী চুয়াডাঙ্গায় এসে পৌঁছালে ওই অঞ্চলে প্রতিরোধযুদ্ধ পরিচালনার জন্য চুয়াডাঙ্গায় আসহাব-উল-হক, আইনজীবী আবু আহাম্মদ আফজালুর রশীদ (আইনজীবী বাদল রশীদ, নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য), আইনজীবী মো. ইউনুস আলী ও মেজর আবু ওসমান চৌধুরীর সমন্বয়ে বাংলাদেশের প্রথম ওয়্যার কমান্ড ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমান্ড’ বা ‘সাউথ-ওয়েস্টার্ন কমান্ড’ গঠন করা হয়। পরে গঠিত মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের পরিসীমাই ছিল মোটামুটি ‘সাউথ-ওয়েস্টার্ন কমান্ড’-এর কমান্ড এরিয়া। ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ এপ্রিল—এই ২২ দিন ওই অঞ্চলে পরিচালিত সব প্রতিরোধ ও সামরিক কর্মকাণ্ড পরিচালনা বা সমন্বয়ের প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে এই কমান্ড, যার সার্বিক পরিকল্পনায় পরিচালিত হয় ৩০ থেকে ৩১ মার্চ সংঘটিত বিখ্যাত ‘কুষ্টিয়ার যুদ্ধ’। উল্লেখ্য, একজন স্বেচ্ছাসেবী যোদ্ধা হিসেবে ওই যুদ্ধে আমারও সামান্য ভূমিকা ছিল। ওই যুদ্ধের প্রকৃত বীর ছিলেন ক্যাপ্টেন এ আর আযম চৌধুরী। মেসবাহ্উল হক: মুক্তিযোদ্ধা।[email protected]