'কেউ তোমাদের দাবায়ে রাখতে পারবে না'

যাঁরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন, তাঁদের ভোটে কোনো সিদ্ধান্ত হয় না। সিদ্ধান্ত হয় যাঁরা গণনা করেন, তাঁদের মাধ্যমে। আমেরিকায় নির্বাচনের তিন সপ্তাহ পরও ফ্লোরিডায় গণনা চলছে—তারই উল্লেখ করে আমার আমেরিকান সহকর্মী জর্জের হালকা কৌতুক! জর্জের বক্তব্য, উক্তিটি নাকি রাশিয়ার একসময়ের লৌহমানব স্তালিনের করা। আমি বিপদ টের পাই। বলি, জর্জ, খালি অন্যদের নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করো তোমরা। আমেরিকা নিয়ে কথা বলো।
আমেরিকার লোকজন যেকোনো বিষয় নিয়ে কৌতুক করতে পছন্দ করে। খোদ হোয়াইট হাউসে বসে সাংবাদিকদের বার্ষিক ভোজে বলা কৌতুক থাকে একদম শাণ দেওয়া। সবাই বেশ হালকা করেই নেয় বিষয়টা, খোদ প্রেসিডেন্টও। আমেরিকানরা মধ্যরাতে টিভি শো কমেডি নিয়েই ব্যস্ত থাকে। থাকে তির্যক, থাকে কান গরম করা সব কথা।
জর্জকে বলি, আমার দেশেও নির্বাচন হচ্ছে। একসময় রাজনীতি করতাম, তা–ও জর্জের জানা। মার্কিন সেনাবাহিনীর অবসর নেওয়া এ ক্যাপ্টেন নড়েচড়ে বসেন। বলেন, তোমার রাজনীতি থেকে সরে আসা উচিত হয়নি। আমেরিকা নিয়ে নানা জ্ঞান দিতে সদা যত্নশীল জর্জ। শোনাতে থাকলেন নির্বাচন নিয়ে তাঁর হালকা সব কথামালা।
আমেরিকায় অনেক লোকের জন্ম–পরিচয় পাওয়া কঠিন। নিজে হয়তো জীবনে উন্নতি করেছে। এসেছে পাদপ্রদীপে। জানেই না বাবা কে, বংশপরিচয় কী? বংশপরিচয় বা জন্মপরিচয় খোঁজা এখানে রীতিমতো একটা ব্যাপার। ফ্যামিলি ট্রি বা বংশপরিচয় খোঁজার জন্য এখানে নানা ব্যয়বহুল প্রতিষ্ঠান রয়েছে। তারা ডিএনএ টেস্ট করবে, নানা ঘাঁটাঘাঁটি করে একটা পরিচয় দাঁড় করিয়ে দেবে।
জর্জের বক্তব্য, রাজনীতিতে ঢুকে পড়লে এ নিয়ে তোমার আর উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। প্রতিপক্ষ তোমার চোদ্দগুষ্টির পরিচয় তাদের নিজ খরচে বের করে ফেলবে! জর্জ আমেরিকার রাজনীতি নিয়ে সদা বিরক্ত। তাঁর মতে, আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন তাঁর আগের প্রশাসনকে কোনো দোষারোপ করেননি! বলার অপেক্ষা রাখে না, জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট!
আমেরিকার রাজনীতিতে দ্বিদলীয় বা বাই পার্টিজান একটা কথা খুব চালু আছে। অনেকটা মহাজোট বা ঐক্যফ্রন্টের মতো। জর্জের বক্তব্য, যখন শুনবে এই বাই পার্টিজান সমঝোতা হয়েছে, বুঝতে হবে স্বাভাবিকের চেয়ে একটা বড় প্রতারণা জনগণের ওপর দিয়ে বয়ে যাবে।
অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা এবারে কার্ল মার্ক্সের উক্তি ঝাড়তে থাকলেন। মার্ক্স নাকি তাঁর দাস ক্যাপিটালে বলেছেন, নির্বাচন হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে শোষিত, বঞ্চিত জনগণকে কিছুদিন পরপর আরও বঞ্চিত করার জন্য একজন প্রতিনিধি নির্বাচন করার সুযোগ দেওয়া হয়!
জর্জ বিরক্তির সঙ্গে কথা বলতে থাকেন, প্রায়ই দেখি নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী না হয় রিপাবলিকান দলের প্রার্থী। আমি তো নির্বাচনে আমেরিকার কোনো প্রার্থী দেখি না! জোসেফ পি কেনেডি নির্বাচনের আগে তাঁর পক্ষে জনজোয়ার দেখে বলেছিলেন, আর ভোট কেনার দরকার নেই। ভূমিধস বিজয়ের পর পাহাড় মেরামতের জন্য অনেক ব্যয় করতে হবে!
জর্জ এবারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তাঁর হতাশার কথা বলতে থাকেন। বলেন, আগে সবাইকে বলতাম আমেরিকায় এমন গণতন্ত্র চালু আছে, যেখানে যেকোনো লোক প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখে কথাটি এখন বিশ্বাসও করি, বললেন জর্জ।
আমেরিকার সুশীলদের নিয়েও জর্জ বিরক্ত। বললেন, তারা মনে করেন, আমাদের সাধারণজনের মূর্খতা তাঁদের জ্ঞানের সমান!
জর্জ না বললেও আমাদের জানা, বিশ্বের সবচেয়ে উন্নত আর গণতন্ত্রের ধ্বজাধারী দেশ আমেরিকার অর্ধেক মানুষই পত্রিকা পড়ে না। অর্ধেকেরও বেশি লোক ভোটকেন্দ্রে যায় না। এবার জর্জের খেদোক্তি, হাজার হাজার মাইল দূরে আমরা সাগর–মহাসাগর পাড়ি দিয়ে যাই গণতন্ত্র উদ্ধারের জন্য। আমরা বোমা ফেলে দেশকে দেশ বিরান করে ফেলি গণতন্ত্রের জন্য, অথচ ঘরের সামনের রাস্তাটি পার হয়ে ভোটকেন্দ্রে যাই না! এটাই আমেরিকার গণতন্ত্র!
আমেরিকার বিখ্যাত তুলনামূলক ধর্মতত্ত্ববিদ জেমস ফ্রিম্যান ক্লার্ক বলেছিলেন, একজন রাজনীতিবিদ কেবলই পরবর্তী নির্বাচনের চিন্তা মাথায় রেখে কাজ করেন। আর একজন রাষ্ট্রনায়ক কাজ করেন পরের প্রজন্মের কথা মাথায় রেখে।
ভিয়েতনাম যুদ্ধের সৈনিক ক্যাপ্টেন জর্জ জীবনের বেলাভূমে দাঁড়িয়ে খোদ আমেরিকার গণতন্ত্র আর নির্বাচন নিয়ে হতাশ। বললেন, জনগণের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র অকার্যকর। জনগণের চিন্তাধারার লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে জর্জ আমাকে জ্ঞানদান করেন। চার্চিলের উক্তি স্মরণ করিয়ে দিয়ে বলেন, গণতন্ত্রকে উৎকৃষ্টের শাসন বলা না গেলেও এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় এর চেয়ে ভালো কোনো মতবাদ মানবসমাজ সৃষ্টি করতে পারেনি।
আমি জর্জকে আমাদের দেশের নির্বাচনের চিত্র দেখাই ইউটিউবে। প্রার্থী হওয়ার জন্য, প্রার্থিতার জন্য আগ্রহের ভিডিও চিত্র দেখাই। আমার আমেরিকান বন্ধু স্মরণ করেন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার কথা। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের কনসার্টের কথা। আমি বলি, আমার কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কৌতুক নেই। ইউটিউবে বঙ্গবন্ধুর সাতই মার্চের বক্তৃতাটা তাঁকে শোনাই। ‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না’—অনুবাদ করে শোনাই।
জর্জ আমেরিকান কায়দায় কাঁধ ঝাঁকিয়ে বলে ওঠেন, নির্বাচন আর দেশ নিয়ে তোমাদের দেশের মানুষের যে অবস্থান, তাতে কেউ তোমাদের দাবায়ে রাখতে পারবে না।
নো ওয়ান ক্যান স্টপ ইউ!
ইব্রাহীম চৌধুরী: আবাসিক সম্পাদক, প্রথম আলো উত্তর আমেরিকা।