'কেবলই গ্রাম পতনের শব্দ শুনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটে নেওয়ার আগে বাঁশের ওই সারিরও পরে ছিল মায়াদ্বীপ,      ছবি: লেখক
কেটে নেওয়ার আগে বাঁশের ওই সারিরও পরে ছিল মায়াদ্বীপ, ছবি: লেখক

সোনারগাঁয়ে সোনা নেই, কিন্তু সোনার মতো দামি মাটি আছে। কৃষকের কাছে মাটিই ঠিকানা, মাটিই ‘দ্যাশ’। জেলের কাছে নদীই জীবন, নদীই জীবিকা। নিজেদের তাঁরা বলেন ‘নদীর দ্যাশের মানুষ’। সোনারগাঁয়ে নদী আছে বটে, কিন্তু অনেকেরই আর ‘দ্যাশ নাই’। ‘আমাগো দ্যাশ খাইয়া হালাইছে’ শুনে প্রথমে চমকে উঠি। গত বছরও শুনেছিলাম, ‘আমাগো দ্যাশ কাইট্যা লইয়া যাইতেছে’ । 
গত বুধবার সোনারগাঁয়ের আনন্দবাজার থেকে মায়াদ্বীপের উদ্দেশে ট্রলার নৌকায় উঠি। মায়াদ্বীপের কথা জিজ্ঞাসা করতেই সহযাত্রী জেলে আহাদ আলী বললেন, ‘মায়াদ্বীপ কই, মায়াদ্বীপ শ্যাষ!’ কেন শেষ? ‘গেলেই দ্যাখবেন।’ গিয়ে সত্যিই অনেক কিছু দেখলাম। ২০১১ সালে দেখেছি, ২০১২ সালে দেখেছি, ২০১৪ সালেও দেখছি ‘দ্যাশ কাইট্যা লইয়া’ যাওয়ার সেই দৃশ্য।
সোনারগাঁয়ে বৈদ্যের বাজার বা আনন্দবাজার ঘাট থেকে ইঞ্জিন নৌকায় করে মায়াদ্বীপ ৪০ মিনিটের জলপথ। সেই পথে যেতে যেতে চোখে পড়বেই পেট ভরা বালু নিয়ে আসছে বড় বড় ভলগেট নৌযান। নিরীহ নৌযানের ততোধিক নিরীহ বালু দেখে ‘উন্নয়নের’ কুটিল গল্পটা বোঝা যায় না।
দেশময় কত রকমের স্থাপনা তৈরি হচ্ছে। তার জন্য বালু চাই। নদী-খাল-জলাশয় ভরাট করার জন্যও চাই সেই নদীরই বালু। কত মানুষের ঘর-জমি ধ্বংস করে এই বালু আহরিত হয়, সে কথা কে মনে রাখে? সরকারি অনুমতি, বালুমহালের ইজারা কিচ্ছু নাই। কিন্তু বালু লুট যেন চলছেই চলবে।
গত বছর মেঘনা নদীর মায়াদ্বীপের যেখানটায় নৌকা ভিড়েছিল, এবার ভিড়ল তারও ১০০ হাত সামনে। কৃষিজমি ধসাতে ধসাতে এখন ঘরবাড়ির কাছে চলে এসেছে নদী। আর ২০ থেকে ৩০ হাত জমি কাটলেই ধসে যাবে কয়েকটি পরিবারের বসত। এই ধস প্রাকৃতিক নয়, পাশবিক।
রাত হলে প্রায়ই ড্রেজারের বহর আসে, চরের গায়ে পাইপ ঠেকিয়ে চলে বেআইনি বালু আহরণ। সমগ্র চরটা তখন কাঁপে। ঘুম ভেঙে মানুষ টের পায়, তাদের দেশ কেটে নিয়ে যাওয়া চলছে। গত মঙ্গলবারও এ রকম চলছিল। তখন নুনেরটেকের বাসিন্দারা নারী-পুরুষনির্বিশেষে হইহই করে নামলে তারা চলে যায়। ড্রেজার ধরে অভিযোগ করলে পুলিশ ‘নুনেরটেক চেনে না। হ্যারা কয়, নুনেরটেক কী, কই?’ রাগ নিয়ে বললেন জেলে আহাদ আলী। মায়াদ্বীপের বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক আলমাস আলী বলেন, ‘এক ঘণ্টা কাটলে দুই-তিন কানি (এক কানি ৪০ শতক) জমি নাই হইয়া যায়।’
সোনারগাঁ, মেঘনা থানা, মুন্সিগঞ্জের মেঘনা নদীর এমন কোনো চর নেই, গত ছয়-সাত বছরে যার জমি বালুদস্যুরা ড্রেজার দিয়ে কেটে নিয়ে যায়নি! সোনারগাঁয়ের এদিকটায় এখন দস্যুতা তা–ও রয়েসয়ে চলে। কিন্তু মুন্সিগঞ্জের বকচর, আবদুল্লাহপুর, ঝাউচরের অবস্থা বীভৎস। দিনদুপুরে শত শত ড্রেজার গ্রাম কাটছে, বাধা দিতে গিয়ে গুলি খেয়েছে ছয়জন। চরে চরে ঘুরে এই কথাটাই শুনেছি যে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদের শুরু থেকেই বালুদস্যুরা এ রকম বেপরোয়া। দ্বিতীয় মেয়াদে সরকার ক্ষমতাসীন হওয়ার পর তাদের দাপট আরও বাড়বাড়ন্ত। আলমাস আলীর কথায়, ‘সাংবাদিক বা প্রশাসনের কাছে অভিযোগ করলে ধরে নিয়ে গিয়ে মারধর করে, মামলা দেয়।’ এ রকমই এক মামলার আসামি নুনেরটেক চরের ইউপি সদস্য জিলানি মেম্বার। গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ড্রেজার আটক করে পুলিশে খবর দেওয়ার পুরস্কার হিসেবে পান ডাকাতির মামলা। হাজিরা দিতে গেলে আদালত থেকেই তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কুমিল্লা জেলখানায়। বহু কষ্টে জামিন পেলেও আগের মতো আর সাহস দেখাতে পারেন না।
এদিন তিনি বাড়ি ছিলেন না, ফোন করেও আনা গেল না। তাঁর বাড়ির উঠানে বসে কথা হয় পাঁচ কানি জমি খোয়ানো আমিনা বেগমের সঙ্গে। তিনি জানালেন, গত রোজার সময়ও গ্রামের সব মেয়ে ইট-লাঠি নিয়ে চর পাহারা দিয়েছেন। কিন্তু এখন আর যান না। কারণ, বারদী ইউনিয়নের চেয়ারম্যান সালিস করে হুকুম দিয়েছেন, আবার ড্রেজার ঠেকাতে গেলে জিলানি মেম্বারকে জরিমানা করা হবে। সেই খেদই আমিনা বেগমের কণ্ঠে, ‘চেয়ারম্যানে অর্ধেক খায়। অহন মেম্বার না বাইরাইলে পাবলিকে যাইব?’
থম ধরে বসে ছিলেন কৃষক আবদুস সাত্তার (৫০)। তিনিও বললেন, ‘হ্যারা আওয়ামী লীগের লোক। আইনের লাইগ্যা আমরা পারি না। কইতে গেলে বাড়ি লুট করতে আহে।’ আহাদ আলীও বলছিলেন, ‘আওয়ামী লীগে মিলছে, পরে বিএনপিরেও নিছে। ব্যাগগুলিরে হাতে নিছে হ্যারা।’ রাজনৈতিক দল হাত করেছে, প্রশাসন হাত করেছে। স্থানীয় কোনো কোনো সাংবাদিকের নামেও অভিযোগ আছে।
ড্রেজারের অত্যাচারে নদীতে মাছও ধরা যায় না। পানির তলায় মেশিনের প্রচণ্ড শব্দে মাছ থাকতে পারে না। ক্রমাগত বালু উত্তোলনে মাছও আর বসতি করে না, ডিম পাড়ে না। এর পরও যদি জেলেরা নৌকা নিয়ে নামেন; বালু-সিন্ডিকেটের মাস্তানরা মারধর করে, জাল কেড়ে নেয়। অতিষ্ঠ হয়ে জেলে আবদুল আলী জাল বিক্রি করে দিয়েছেন। ১০ হাজার টাকার মাছের চাইর নষ্ট হয়ে যাওয়ায় তিনি এখন সর্বস্বান্ত।
মায়াদ্বীপ ছিল এরশাদ আমলের শেষের দিকে প্রতিষ্ঠিত গুচ্ছগ্রাম। বিভিন্ন জেলা থেকে ভূমিহীন কৃষকদের এনে এসব চরে জমি দেওয়া হয়েছিল। সেই জমিই দিনে দিনে তাঁদের ‘দ্যাশ’ হয়ে উঠেছিল। বিভিন্ন জেলার মানুষ একসাথে সমাজ গড়েছিলেন, শিখে নিয়েছিলেন আঞ্চলিক ভাষা। জমি গেলে মানুষও যাবে, সেই ভাষাও যাবে, শেকড় ছড়াবার ‘দ্যাশ’ও আর থাকবে না। নুনেরটেক যাচ্ছে, গুচ্ছগ্রাম অর্ধেক শেষ। কমলাপুর গ্রামটা যেখানে ছিল, সেখানে এখন মেঘনার খলবলা সবুজ পানি।

২.
মায়াদ্বীপ থেকে নদীর ডান দিকে নৌকায় ২০ মিনিট গেলে মেঘনা থানার অন্তর্গত রামপ্রসাদের চর। যেখানে নৌকা থামল—মাঝি জানালেন—সেখানেই ছিল গ্রামের একমাত্র মসজিদ আর বিদ্যালয়। জায়গাটা ছিল গ্রামের একেবারে মধ্যখানে। প্রায় এক কিলোমিটার লম্বা চরটার অর্ধেকই বালু হয়ে চলে গেছে দূরদূরান্তে। আর মানুষগুলো? কে জানে, হয়তো তাঁরা এখন তাঁদেরই জমির বালু দিয়ে কারও বাড়ি বানানোর কামলা খাটছেন!
এই চরের ইউপি সদস্য মো. সেলিম। এ বছরের মার্চে তিনিও মিথ্যা মামলায় ১০ দিন জেল খেটেছেন। গ্রামের প্রায় ৫০ জন আসামি। গত ঈদের কোরবানির চামড়ার টাকা দিয়ে গ্রামবাসী এসব মামলা চালাচ্ছে। অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক এম এ বারেক ও তাঁর দুই ছেলেও আসামি। তিনি জানালেন, পাঁচ-ছয় বছরে গ্রামের তিন ভাগের দুই ভাগ বসতভিটা বিলীন হয়েছে। যে আলী মিয়ার মুদি দোকানের বেঞ্চে বসেছি সবাই, ঘর-জমি চলে যাওয়ার পর তিনিও এখন পরাশ্রিত। এ রকম আড়াই শ পরিবারের ঘর গেছে, যুবকেরা বেশির ভাগই বেকার। মো. সেলিম তবু আশা ছাড়েননি।
কৃষক আবদুল বাতেন সত্যটা বলে দিলেন এক কথায়, ‘আমগো ২০০ পরিবার ধ্বংস হয়, আর তাগো ১০ পরিবার ধনী হয়।’ হিসাবটা সোজা: একটি ড্রেজার এক ঘণ্টায় প্রায় ২০ হাজার ঘনফুট বালু কাটে, যার দাম ৪০ হাজার টাকা। বর্ষায় এ রকম শত শত ড্রেজার নদী-খাল-বিলে ছড়িয়ে গিয়ে চারদিক থেকে বালু তোলে; আর গ্রাম ধসে। কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘কেবলই গ্রাম পতনের শব্দ শুনি।’ মেঘনা নদীর চরগুলোয় মাটি ধসে গ্রাম পতনের সেই শব্দ সত্যিই শোনা যায়।

৩.
আমাদের নৌকা যখন সন্ধ্যার কুয়াশার মধ্যে ফিরছিল, তখন মাঝি নদীর মাঝখানের একটি জায়গা দেখিয়ে বললেন, ‘এইহানেও গ্রাম আছিল, এহন নাই।’ সন্ধ্যার অপার্থিব কুয়াশায় রামপ্রসাদের চর দৃষ্টি থেকে মুছে যাচ্ছে। পানকৌড়ি উড়ছে। পেছনে তাকিয়ে দেখি, চরের অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছে নদীর কিনারায়। উচ্ছেদের ইতিহাসের প্রান্তে দাঁড়িয়ে তারা ভীষণ থতমত। বৈদ্যুতিক সভ্যতা, আইনের আশ্বাস কিছুই সেখানে না গেলেও ঠিকই পড়েছে তার ধ্বংসকারী প্রভাব।
দেখি, বিলীন হওয়ার মুখে দাঁড়িয়ে, বিদায় শুভেচ্ছা নিয়ে তারা হাত নাড়ছে।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]