
‘ইক্কুনি মনার গুরগুরি ঠ্যাং/ কেমনে মনা রেঙ্গুন গেল/ হাতের বাঁশি থুইয়া গেল/ মা-বাপ দুজন কান্দাই গেল!’—এই গীত মায়ের মুখে বহু আগে শোনা। একসময় এ দেশের অনেক সন্তানের গন্তব্য ছিল রেঙ্গুন। তখন মা-বাবার মধ্যে যে প্রতিক্রিয়া হতো, তারই প্রকাশ ঘটেছে এর মধ্যে। মা-বাবার কাছে সন্তান সব সময়ই ছোট। তাঁদের ছোট ‘মনা’ কীভাবে রেঙ্গুন চলে গেল, সেটা তাঁদের কাছে বিস্ময়ের। হাতের বাঁশি ফেলে যাওয়া সন্তানের জন্য কান্নাকাটি করা ছাড়া তখন আর কীই-বা করার ছিল মা-বাবার?
রেঙ্গুন মানে আজকের ইয়াঙ্গুন। প্রতিবেশী দেশ মিয়ানমারের সবচেয়ে বড় শহর, সাবেক রাজধানী। যে দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে, বাণিজ্য ও জীবিকার আশায় একসময় যে দেশটিতে এখানকার লোকজন পাড়ি জমাত, সে দেশ সম্পর্কে এখন আমাদের জানাশোনা কত কম, তা সম্প্রতি মিয়ানমারে না গেলে টের পেতাম না। মিয়ানমার সম্পর্কে এই কম জানা-বোঝার পেছনে কারণও রয়েছে। দীর্ঘ সময় ধরে দেশটি বলা যায় দুনিয়া থেকে তাদের আলাদা করেই রেখেছিল। তবে নিজেদের ধীরে ধীরে খুলতে শুরু করেছে, তা–ও প্রায় বছর দশেক হয়ে গেছে। মিয়ানমারের এই দরজা খোলার সঙ্গে তাল মিলিয়ে দেশটিকে জানা-বোঝার খুব চেষ্টা আমাদের তরফে হয়েছে বলে মনে হয় না।
৫ ফেব্রুয়ারি ইয়াঙ্গুনে গিয়ে মিয়ানমারের যে রূপ দেখা গেল, সেই পরিবর্তনও এসেছে এই সময়ের মধ্যেই। বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার ঢাকা-ইয়াঙ্গুন ফ্লাইট চালু করেছে গত ডিসেম্বরের ১ তারিখ থেকে। তাদের উদ্যোগেই ইয়াঙ্গুনে যাওয়া। ধারণা ছিল, দীর্ঘদিন বদ্ধ এই দেশের শহরটি নিশ্চয় সেই ষাটের দশকে আটকে থাকা শহরের মতো হবে। কিন্তু ইয়াঙ্গুন ঝকঝকে-তকতকে পরিচ্ছন্ন এক শহর। আধুনিক শহরে যা যা থাকার কথা, আছে সবকিছুই। নতুন নতুন গাড়ি, ট্যাক্সি সার্ভিস, হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে। দূষণ নেই, নেই বিশৃঙ্খলা। রাতবিরাতে চলাচলেও আছে নিরাপত্তার বোধ।
আমরা সাধারণভাবে মিয়ানমারের দীর্ঘ সামরিক শাসনের কথা জানি। তাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্রের কথা আমরা শুনেছি। সেখানকার বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি, তাঁর দীর্ঘদিনের বন্দিদশা ও সাম্প্রতিক নির্বাচনে তাঁর বিপুল বিজয়ের খবরও গণমাধ্যমের সূত্রে জানি। এরপরও মিয়ানমারে গিয়ে মনে হলো, দেশটি এবং এর জনগণ সম্পর্কে জানা-বোঝায় আমাদের ঘাটতি আছে। আছে অনেক ভ্রান্তি। টের পেলাম, এই ভ্রান্তি আছে দুই পক্ষের মধ্যেই। আছে সন্দেহ, অবিশ্বাস ও ভুল ধারণা। মনে হয়েছে মিয়ানমার দেশটিকে আমরা সম্ভবত শুধু রোহিঙ্গা মুসলমান বা ওই ইস্যুর আয়নায় দেখি। একইভাবে মিয়ানমারের লোকজনও আমাদের রোহিঙ্গা মুসলমানদের চিত্রকল্প মাথায় রেখেই বিবেচনা করে।
আমাদের এই পাশের দেশটি এখন বিপুল অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে। আর বাংলাদেশও এরই মধ্যে তার সম্ভাবনার প্রমাণ রেখেছে। ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানো পারস্পরিক স্বার্থে খুবই জরুরি। মার্কিন ব্যবসায়ী, বিনিয়োগকারী ও লেখক জেমস রজার সেই ২০১২ সালে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এক সাক্ষাৎকারে ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, ‘সম্ভবত বর্তমানে বিশ্বের সবচেয়ে ভালো বিনিয়োগের সুযোগ হচ্ছে মিয়ানমার। ১৯৬২ সালে মিয়ানমার ছিল এশিয়ার সবচেয়ে ধনী দেশ। ১৯৬২ সালে তারা নিজেদের দরজা বন্ধ করে দেয় এবং এখন তারা এশিয়ার দরিদ্রতম একটি দেশ। আমি এখন সেখানে অপরিসীম সম্ভাবনা দেখছি, কারণ তারা আবার দরজা খুলতে শুরু করেছে। চীন যখন ১৯৭৮ সালে নিজেদের উন্মুক্ত করতে শুরু করে, তখন বিষয়টি যেমন ছিল, এটাও ঠিক তা-ই। তখন অবিশ্বাস্য সুযোগের সৃষ্টি হয়েছিল। আমার মতে, মিয়ানমারের ক্ষেত্রেও একই জিনিস সত্য।’
জেমস রজারের ভবিষ্যদ্বাণী ফলতে শুরু করেছে। বিদেশি বিনিয়োগকারীদের নজরে পড়েছে মিয়ানমার। ২০১৪-১৫ অর্থবছরে মিয়ানমারে সরাসরি বিদেশি বিনিয়োগ আট বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। যা অনুমান করা হয়েছিল, তার চেয়ে তিন বিলিয়ন ডলার বেশি। ২০১৩-১৪ অর্থবছরে ৪ দশমিক ১ বিলিয়ন ডলার বিনিয়োগ আসার পর পরের অর্থবছরে পাঁচ বিলিয়ন ডলার আশা করা হয়েছিল। এখন মূলত জ্বালানি, ম্যানুফ্যাকচার ও টেলিকম খাতে এই বিনিয়োগ হচ্ছে। বিদেশি তেল-গ্যাস কোম্পানি আসছে, আসছে আন্তর্জাতিক হোটেল চেইনগুলো। দেশটিতে ঢল নেমেছে বিদেশি পর্যটকদেরও। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন মানির পর্যবেক্ষণ বলছে, ২০১৬ সালে যে দেশগুলোয় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে, তার মধ্যে ৩ নম্বরে থাকবে বাংলাদেশ। তবে ২০২০ সালে গিয়ে মিয়ানমার প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশকে পেছনে ফেলে ৩ নম্বরে চলে আসতে পারে। মিয়ানমারে যে অর্থনৈতিক দক্ষযজ্ঞ শুরু হয়েছে, তাকে বাংলাদেশ ও এর জনশক্তির জন্য এক বড় সম্ভাবনা হিসেবেই মানতে হবে।
বাংলাদেশের আধুনিক ‘মনারা’ অবশ্য এরই মধ্যে মিয়ানমারের নানা কর্মকাণ্ডে যুক্ত হতে শুরু করেছেন। তাঁরা কাজ করছেন আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থাগুলোয়, মোবাইল টেলিফোন খাতে, প্রকৌশলী ও টেকনিশিয়ানরা কাজ করছেন টাওয়ার বসানোর কাজে। কেউ কেউ সেখানে গিয়ে নিজেদের মতো ব্যবসা-বাণিজ্যেরও চেষ্টা করছেন। বাংলাদেশ থেকে এখন রপ্তানি হচ্ছে বিভিন্ন কোম্পানির ওষুধ। সেই সূত্রে সেখানে ইনসেপটা বা বেক্সিমকোর মতো প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অফিস ও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। বাংলাদেশ থেকে যাচ্ছে সিআই শিট ও কেব্লের মতো পণ্য।
মিয়ানমারে নানা ক্ষেত্রে কাজ করছেন বা ব্যবসা-বাণিজ্য করছেন এমন অনেক বাংলাদেশির সঙ্গে কথা হলো। তাঁরা বললেন, মিয়ানমারে নানা ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির ঘাটতি রয়েছে। অনেক খাতেই বাংলাদেশিদের দক্ষতা ও ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগানো যায়। তাঁদের মতে, বাংলাদেশের জন্য সম্ভাবনাময় খাত হচ্ছে ওষুধ, আইটি, সফটওয়্যার, তৈরি পোশাকশিল্প, টেলিযোগাযোগ, অডিও ভিজ্যুয়াল ও সেবা খাত। মিয়ানমারে বিনিয়োগের প্রতিযোগিতায় জাপান, কোরিয়া, থাইল্যান্ড ও জার্মানির মতো দেশ রয়েছে। ফলে বাংলাদেশকে তার সম্ভাবনার জায়গাগুলো খুঁজে নিতে হবে। এই খাতগুলোতে বাংলাদেশের যেমন দক্ষতা রয়েছে, তেমনি অন্যান্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের পক্ষেই সবচেয়ে প্রতিযোগিতামূলক দামের বিষয়টিও নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশের এক নির্মাতা এরই মধ্যে মিয়ানমারে গিয়ে টিভি বিজ্ঞাপণচিত্র বানিয়েছেন। খরচাপাতির বিষয়টি বিবেচনায় নিলে আশপাশের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের একজন নির্মাতা বা নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষেই বিজ্ঞাপন বানানোর কাজটি সবচেয়ে কম খরচে করা সম্ভব হবে। এসব সম্ভাবনা বিবেচনায় নিয়ে কাজে লাগাতে হবে।
বিজন বিশী। এই বাংলাদেশি ব্যবসার মাধ্যমে নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন। বললেন, খুবই ভুলভাবে বাংলাদেশ ও বাংলাদেশিদের সম্পর্কে মিয়ানমারের সাধারণ নাগরিকদের একটি নেতিবাচক ধারণা রয়েছে। তারা মনে করে বাংলাদেশ চরম দরিদ্র ও মৌলবাদী একটি দেশ। তবে হালে বাংলাদেশিদের সঙ্গে পরিচয় ও তাদের কাজের দক্ষতার কারণে চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে। আমাদের ব্র্যাক ইন্টারন্যাশনাল সেখানে ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির কাজ শুরু করেছে। মিয়ানমারে ব্র্যাক ইন্টারন্যাশনালের একটি এরিয়া অফিসে গিয়ে দেখলাম, সেখানে বাংলাদেশের একজন এরিয়া ম্যানেজারের নেতৃত্বে মিয়ানমারের নারীরা কাজ করছেন। তাঁরা আশপাশের গ্রামে যাচ্ছেন, গ্রুপ মিটিং করছেন, ঋণ দিচ্ছেন, ঋণের কিস্তি আদায় করে আনছেন। সেখানে ব্র্যাক ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হিসেবে আছেন বাংলাদেশের ফয়সাল সেরাজ কাজী। অ্যাকশন এইড মিয়ানমারের মতো আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থার নেতৃত্বেও রয়েছেন দুই বাংলাদেশি—শেহাবউদ্দিন আহমেদ ও তৌহিদ ইবনে ফরিদ। তাঁরা সেখানে বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা ভাঙাতে বড় ভূমিকা রাখছেন।
আগেই বলেছি, দুই দেশের ভুল–বোঝাবুঝির পেছনে রয়েছে রোহিঙ্গা মুসলিম ইস্যু। নানা জাতিগোষ্ঠীর দেশ মিয়ানমারে জাতিগত সমস্যা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সক্রিয় থাকলেও বর্তমানে রোহিঙ্গা ইস্যু নিয়েই সেখানকার জনগণের উদ্বেগ সবচেয়ে বেশি। অন্যদিকে বৌদ্ধ উগ্রবাদীদের হাতে মুসলমানদের নির্যাতিত হওয়ার নানা খবর আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে। একজন এনজিও কর্মকর্তা জানালেন, রোহিঙ্গা মুসলমানদের নিয়ে একধরনের ভীতি থাকলেও সাধারণভাবে মিয়ানমারের বৌদ্ধ জনগোষ্ঠী মনে করে, তাদের ধর্ম শান্তির ধর্ম। তাদের দ্বারা মুসলমান জনগোষ্ঠী নিগৃহীত হচ্ছে—এমনভাবে তারা পরিচিতি পেতে চায় না। বৌদ্ধ উগ্রবাদের পেছনে স্বার্থান্বেষী মহলের উসকানি কাজ করেছে। তবে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহারের এই কৌশল কাজে দেয়নি। এবারের নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে বিরোধকে কাজে লাগানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।
এসব ধর্মীয় সংঘাত-সহিংসতায় উসকানির পেছনে যে রাজনীতি কাজ করেছে, তা মিয়ানমারের ঐতিহ্যের সঙ্গে বেমানান। ইয়াঙ্গুনের স্বাধীনতা স্তম্ভের চারপাশ ঘিরে পাশাপাশি মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাই এর বড় প্রমাণ। এর কাছাকাছি মিয়ানমারের যে একমাত্র সিনেগগ (ইহুদিদের উপাসনালয়) রয়েছে, তা আসলে মুসলিম-অধ্যুষিত এলাকার মধ্যেই। ইয়াঙ্গুন শহরের পুরোনো এলাকার মসজিদে মসজিদে মাইকে আজান বাজে। বোঝা যায় ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনাগুলোর পেছনে রয়েছে উসকানি এবং ক্ষমতার রাজনীতিতে টিকে থাকার নানা অপকৌশল। ইয়াঙ্গুনে কর্মরত বাংলাদেশের একজন এনজিও কর্মকর্তা বললেন, মিয়ানমারের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন ও নির্বাচনে গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামে দীর্ঘদিন ধরে লেগে থাকা অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির ব্যাপক বিজয় এ ধরনের রাজনীতির অবসান ঘটানোর পথ তৈরি করেছে।
এখন দরকার দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানো। আর একজন এনজিও কর্মকর্তা বললেন, এখানকার বাংলাদেশ দূতাবাস এখন ভালো কাজ করছে। তবে বাংলাদেশ-সংক্রান্ত ইভেন্টের সংখ্যা বাড়ানো উচিত। কোরিয়া, জাপান বা ভিয়েতনামের মতো দেশগুলোর প্রতি মাসেই কোনো না কোনো ইভেন্ট হয়। স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোও জরুরি। মিয়ানমার থেকে যাঁরাই বাংলাদেশে গেছেন, তাঁদের ধারণা পাল্টেছে। সরকার ও জনগণের পর্যায়ে যোগাযোগ যত বাড়বে, ব্যবসা-বাণিজ্য যত বিস্তার লাভ করবে, ততই নিজেদের মধ্যে ভুল–বোঝাবুঝি কমবে।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]