'কোনোমতে আমি টিকে আছি পথে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুরা থাকবে বাড়িতে, স্কুলে, খেলার মাঠে অথবা পার্কে, মা-বাবা কিংবা শিক্ষকের সঙ্গে। রাস্তা, সড়ক, পথঘাট তাদের থাকার জায়গা নয়।
শিশুরা থাকবে বাড়িতে, স্কুলে, খেলার মাঠে অথবা পার্কে, মা-বাবা কিংবা শিক্ষকের সঙ্গে। রাস্তা, সড়ক, পথঘাট তাদের থাকার জায়গা নয়।

একজন মেয়েশিশু আমার কাছে জানতে চাইল, লন্ডনে কি শিশুরা থাকে না? বিমানবন্দর ছাড়া সে কোথাও কোনো শিশু দেখেনি!

অনেক বছর আগের ঘটনা এটি। একদল শিশুর সঙ্গে ইউরোপের নানা দেশে ঘুরতে গিয়ে প্রথমে হিথ্রো বিমানবন্দরে নেমে উত্তর লন্ডনের এক হোটেলে আসার পথে ঘণ্টা দেড়েক পরে শিশুটি আমাকে এই প্রশ্ন করে। বিমান থেকে খুব সকালে আমরা নেমেছিলাম। তারপর সব আনুষ্ঠানিকতা শেষ করে বাসে উঠতে উঠতে সকাল সাড়ে আটটা হয়ে যায়। সে দেশের শিশুরা ততক্ষণে স্কুলে; তাই মনিরা পারভিন আর তার সঙ্গে থাকা শিশুরা বাসের জানলা দিয়ে পাতিপাতি করে খুঁজে একটা শিশুও দেখতে পায়নি। আয়োজকদের কাছে শিশুদের মনে উঁকি দেওয়া প্রশ্নের কথা জানাতেই তাঁরা শিশুদের দেখার ক্ষমতার প্রশংসায় পঞ্চমুখ হলেন। ঠিক করলেন, সে দেশের শিশুদের রাজপথে অদৃশ্য থাকার কারণটা তাঁরা আমাদের শিশুদের কাছে নিজেরাই ব্যাখ্যা করবেন।

শিশুরা থাকবে বাড়িতে, স্কুলে, খেলার মাঠে অথবা পার্কে, মা-বাবা কিংবা শিক্ষকের সঙ্গে। রাস্তা, সড়ক, পথঘাট তাদের থাকার জায়গা নয়। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে প্রয়োজনে তারা রাস্তায় আসে, তাও যথেষ্ট নিরাপদে। নিরাপদ করে রাখা হয়, অগ্রাধিকার দেওয়া হয় তাদের সবকিছু। আমাদের শিশুরা খামাখাই রাস্তায় খুঁজেছে সে দেশের শিশুদের। সে যাত্রায় আমাদের শিশুরা আমাদের পথবাসী শিশুদের সুখ-দুঃখের কথা তুলে ধরেছিল সে দেশের শিশুদের কাছে। পথে থাকে? পথে ঘুমায়? পথে কাজ করে! এসবই সে দেশের শিশুদের কাছে বড় বিস্ময়ের ছিল।

অনেক হোমলেস বা গৃহহীন থাকলেও গৃহহীন পথশিশু সেসব দেশে বড়ই বিরল। রাষ্ট্রের মনে, পরিকল্পনায়, অর্থ বরাদ্দে শিশুদের অগ্রাধিকার থাকে সব সময়। কোনো কারণে কখনো বরাদ্দ কমানোর দরকার হলে শিশুদের টাকা আগেভাগে রেখে দিয়েই সেটা করা হয়।

অনেক চেষ্টার পরেও এ দেশে সড়কে থাকা শিশুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, পরিবারে সঙ্গে সড়কে থাকা শিশুর চেয়ে একা একা বা দল বেঁধে থাকা শিশুদের সংখ্যা ক্রমে বাড়ছে। কারও কাছে কোনো সুনির্দিষ্ট হিসাব নেই। বনশ্রী এলাকায় কতিপয় তরুণ-তরুণী কয়েক বছর ধরে নানা প্রতিকূলতা মেনে পথশিশুদের জন্য একটা স্কুল চালাচ্ছেন। তাঁরা জানালেন, প্রতি মাসেই শুধু রাতে ঘুমানোর জন্য আর গোসল করার জন্য আসা নতুন শিশুদের সংখ্যা বেড়েই চলেছে; এই বৃদ্ধির হার প্রায় জ্যামিতিক।

খুলনার খালিশপুরে এক ইতালিয়ান পাদরি ‘যখন খুশি আসো আর যখন খুশি যাও’ নীতির ভিত্তিতে একটা পথশিশুদের হোম চালাচ্ছেন প্রায় ১৫ বছর। তিনিও মাস দুয়েক আগে জানালেন, গৃহহীন শিশুদের সংখ্যা বাড়ছে। মোহাম্মদপুরে বাজারে সকালে পথশিশুদের প্রতিদিন সকালের নাশতা করান এক বিদেশি ফাদার। হোটেলের কেনা খাবার হোটেলের সামনে ফুটপাতে বসে শিশুরা খায়—হোটেলের চেয়ার-টেবিলে বসে তাদের খেতে দেওয়া হয় না। যদিও ফাদার অন্যান্য খদ্দেরের সমান দাম দিয়েই খাবার কেনেন। একদিন সকালে ফাদারের কাছে জানতে চেয়েছিলাম, ওদের রাস্তায় বসে না খাইয়ে হোটেলে বসিয়ে খাওয়ানো যায় না? উনি জানালেন, অনেক মালিকের মধ্যে শুধু একজন মালিকই রাজি হয়েছেন শিশুদের অন্তত বাইরে বসিয়ে খেতে দিতে। বাকিরা দোকানের সামনে দাঁড়াতেও দিতে চান না! ফাদারের হিসাবেও পথশিশুর সংখ্যা বাড়ছে।

‘আরবান’ ‘আরবান’ করে আজকাল অনেক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান নগরে নতুন নতুন কাজকামের জন্য চিল্লাবিল্লা করলেও পথশিশুদের নিয়ে কোনো সুচিন্তিত কর্মসূচি নিয়ে এগিয়ে আসছেন না। তাদের নাকি তহবিল নেই, দাতাদের আগ্রহ নেই। গরিব দেশের নগর মানেই পথশিশুর ভিড়। একসময় ব্রাজিলের নগরগুলোয় ‘কিলবিল’ করা পথশিশুদের হাত থেকে নগরের শুচিতা রক্ষার জন্য তাদের গুম-খুন করার পথ বেছে নেওয়া হয়েছিল। সে পথ অন্যায়ের পথ, দেশ শেষ করার পথ।

এক পথশিশু লিখেছে,

কোনোমতে আমি টিকে আছি পথে পথে,
কিন্তু আমার একটা নিরাপদ ঠাঁই চাই।
যেখানে আমার স্বপ্নগুলি ডানা মেলতে পারে—
আমি চোর নই, নই আমি মাদক অথবা জন্তু।
আমিও এক মানবসন্তান,
ছেঁড়া কাঁথা নই আমি,
আমাকে মেরো না, ঘেন্না কোরো না।
আমাকে আমার নাম ধরে ডাকো
আমার একটা নিরাপদ ঠাঁই চাই।
আমিও পাল্টে দিতে পারি এই সমাজ
শুধু আমাকে আমার নাম ধরে ডাকো।

কিন্তু কীভাবে?

গওহর নঈম ওয়ারা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণকর্মী এবং শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।