অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ২১০টি দেশ ও অঞ্চল থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন।
গত সপ্তাহটি রাজনৈতিকভাবে অত্যন্ত ঝঞ্ঝাবিক্ষুব্ধ ছিল। সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৩ জানুয়ারি থেকে তাঁর গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে। এ অবস্থায় ৫ জানুয়ারি খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয় থেকে বেরোতে চাইলে পুলিশ তাঁকে বেরোতে দেয়নি। ফলে গত সপ্তাহের সংবাদপত্রে এ-বিষয়ক সংবাদেরই প্রাধান্য ছিল। প্রথম আলোর অনলাইন পাঠকেরাও এসব সংবাদের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন। ৫ জানুয়ারি সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়। সেদিন মারা যায় চারজন মানুষ। আহত হয় অগণিত। ফেনীতে দুই স্কুলছাত্র ককটেল বিস্ফোরণে ঝলসে যায়। সরকার ঢাকা নগরে ৪ জানুয়ারি থেকেই যানবাহন বন্ধ করে দেয়। ফলে বিপুলসংখ্যক মানুষ বিপাকে পড়ে। সোলায়মান নামের একজন পাঠকের মন্তব্য এ রকম: ‘যারা বাস পোড়াচ্ছে কিংবা যাদের কাছে পেট্রলবোমা পাওয়া যাচ্ছে, ভ্রাম্যমাণ আদালত তাদের মাত্র ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ড দেন। কেন এদের তাৎক্ষণিক সর্বোচ্চ শাস্তি দেওয়া যাবে না? যদি এদের বেঁচে থাকাটা অন্যের মৃত্যুর কারণ হয়।’
৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি পেশাজীবী সংগঠনের অনুষ্ঠানে বক্তৃতা দিতে প্রেসক্লাবে আসেন। এরপর গ্রেপ্তার এড়াতে তিনি সেখানেই আশ্রয় নেন। সেখানে ২৫ ঘণ্টা অবস্থান করার পর বেরোলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর গ্রেপ্তারের খবরে পাঠকেরা নানা মন্তব্য করেছেন। দেবপ্রিয় দেব নামের এক পাঠক এ প্রসঙ্গে বলেছেন, ‘আপনারা শীর্ষ নেতারা রাজপথে নামেন না। আন্দোলনের ডাক দিয়ে নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যান। কোন ভরসায় ও কোন স্বার্থে সাধারণ মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে? আপনারা লুকিয়ে থাকবেন আর কর্মীরা রাস্তায় বেদম প্রহার খেয়ে বা নিজের জীবন উৎসর্গ করে আপনাদের ক্ষমতায় নিয়ে যাবে, এমন অন্যায় আবদার করেন কীভাবে?’
এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে কাতার থেকে হেলাল আহমেদ নামের এক পাঠক মন্তব্য করেন, ‘সরকার উন্মাদ, তাদের সমর্থক আন্ধা।’ নিলয় মাহমুদুন নামের আরেক পাঠকের মন্তব্য এ রকম: ‘ফখরুল সাহেব তো অনেক মজা পেলেন, যাক বাবা বাঁচা গেল। গ্রেট ফখরুল সাহেব। ইউ আর গ্রেট পলিটিশিয়ান।’
৫ জানুয়ারি ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা দেশের নানা স্থানেই সমাবেশ করতে চাইলে পুলিশ ও সরকারদলীয় সমর্থকদের বাধার কারণে তাঁরা সমাবেশ করতে পারেননি। সেদিন এ নিয়ে সৃষ্ট সংঘাতে সারা দেশে চারজন নিহত হয়। ৬ জানুয়ারির পত্রিকার প্রধান সংবাদের ওপর পাঠকদের মন্তব্য ছিল এ রকম। জে আই সোহেল নামের এক পাঠক মন্তব্য করেন, ‘গণতন্ত্র আজ বালুর ট্রাকে পিষ্ট।’ রওনক নামের আরেক পাঠক বলেছেন, ‘গতকাল খালেদা জিয়াকে সমাবেশ করতে দিলে অন্তত ৪০০ লোক নিহত হতো! কাকে দোষ দিতেন তখন?’
৫ জানুয়ারি খালেদা জিয়াকে তাঁর গুলশান কার্যালয় থেকে পুলিশ বেরোতে না দিলে তিনি অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেন। ফলে ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশের বিভিন্ন স্থানের কৃষকেরা ঢাকায় সবজি পাঠাতে না পেরে বিপাকে পড়েন। সেই খবর গত সপ্তাহের পত্রিকায় প্রকাশিত হয়। পাঠকেরা তাতে নানা মন্তব্যও করেন।
মীর মনিরুল হক নামের এক পাঠক বলেন, ‘ওদের কথা ভাবার সময় কারও নেই, নাকি সরকারের নাকি বিএনপির। ওরা প্রতিবাদ করতে পারে না, তাই ওদের ক্ষতি সরকারের কিছু যায় আসে না।’ সমুদ্র হাসান নামের আরেক পাঠকের মন্তব্য ছিল এ রকম: ‘আওয়ামী লীগ বা বিএনপির দুজনেরই দরকার শুধু ক্ষমতা। কার মাথায় হাত, কার পেটে ভাত নেই, তা তাদের দেখার বিষয় নয়।’
দেশের রাজনীতির এই টালমাটাল অবস্থায় ফ্রান্সের রাজধানী প্যারিসে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। রম্য পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে গত বুধবারের হামলায় পুলিশ, সাংবাদিক, শিল্পীসহ ১২ জন নিহত হয়।
ইমরান হোসেন নামের এক পাঠক বলেছেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। তারা যদিও চলে ইসলামের নামে, কিন্তু কখনোই ইসলাম সন্ত্রাসী কর্মকাণ্ড করতে বলেনি। আমরা বিভিন্ন হাদিসের বর্ণনায় দেখি যে নবীজি শত বিদ্রূপ সহ্য করেও কারও ওপর প্রতিশোধ নেননি; বরং বুঝিয়ে ও ভালো ব্যবহার করে তাদের মন জয় করেছেন।’ রকি নামের আরেক পাঠক বলেছেন, ‘সব ধর্মের মধ্যে কখনোই এসব জঙ্গিবাদের স্থান নেই, কিন্তু তার পরও এসব বর্বর মানসিকতার লোকের কারণে আজ বিশ্বে এত অশান্তি। তাই এসব বর্বরের ধর্ম-বর্ণ হিসাব না করে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে সবাইকে হাতে হাত মিলিয়ে, যেন আগামী বিশ্বটা অসাম্প্রদায়িক চেতনার এক উন্মুক্ত বিশ্ব হয়।’