'গণপরিবহনহীন' ৬০ লাখ লোকের শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজটে নাকাল বন্দরনগরী
যানজটে নাকাল বন্দরনগরী

গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের আগস্ট। এই ১১ মাসে চট্টগ্রামে কোনো উন্নয়ন চোখে পড়েনি বিদ্যুৎ খাত ছাড়া। গত সেপ্টেম্বরে গিয়ে দেখলাম শহরে ভয়াবহ লোডশেডিং। এবার সেই সমস্যা অনেকটা কমেছে। তবে অন্যান্য নাগরিক সেবা আগের মতোই বিপর্যস্ত। এপ্রিলে সিটি করপোরেশন নির্বাচনের আগে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরবাসীর সমস্যা সমাধানে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এখন পর্যন্ত প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়েছে। তবে চার মাস আগে তিনি নির্বাচিত হলেও দায়িত্ব নিয়েছেন গত মাসের ২৬ তারিখ। এর মধ্যে নতুন মেয়র নগরবাসীর সেবার কাজে নিয়োজিত সংস্থাগুলোর প্রধানদের ডেকে একটি পরামর্শসভা করেছেন। সেই সভায় নগরের সমস্যাগুলো যথারীতি উঠে এসেছে। এখন সমাধানের পালা।
প্রশ্ন হলো, সমাধানটি কে করবেন? সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, না প্রধানমন্ত্রী? সববিছু প্রধানমন্ত্রী করলে এঁদের কারও প্রয়োজন থাকে না। আর সেটি সম্ভবও নয়। যদিও দলের নেতা থেকে শুরু করে প্রশাসনের বড় কর্তা—সবাই প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। এর কারণ হলো, সফল হলে নিজের কৃতিত্ব নেওয়া যাবে। আর ব্যর্থ হলে প্রধানমন্ত্রীর ওপর দায় চাপানো যাবে। অর্থাৎ, দায় এড়ানোর সংস্কৃতি চলছে।
বাংলাদেশের নগরব্যবস্থা সম্ভবত সবচেয়ে নাজুক। অনেক কিছুর মা-বাপ নেই। পশ্চিমাদের আদরে আমরা অনেক প্রতিষ্ঠান গড়ে তুললেও এককণা পরিমাণ ক্ষমতা ছাড়তে চাই না। যে কারণে এক সংস্থার সঙ্গে আরেক সংস্থার রেষারেষি, লাঠালাঠি লেগেই আছে। কারও কাজের সঙ্গে কারও কাজের সমন্বয় নেই। তিন মেয়রের দুজন (আনিসুল হক ও সাঈদ খোকন) ইতিমধ্যে ১০০ দিন পার করেছেন। কিন্তু তাঁরা দৃশ্যমান কিছু দেখাতে পারেননি। চট্টগ্রামের নাগরিক সেবার সঙ্গে অন্তত ডজন তিনেক সংস্থা ও প্রতিষ্ঠান জড়িত। এগুলোর মধ্যে সমন্বয় ও সমঝোতা ছাড়া যে নগরবাসী কাঙ্ক্ষিত সেবা পাবে না, সেটি দায়িত্বশীলদেরও জানা। তারপরও এ নিয়ে বছরের পর বছর কাজিয়া চলে আসছে।
খালেদা জিয়ার প্রথম সরকারের আমলেই ঢাকার মেয়র হানিফ সিটি গভর্নমেন্ট বা নগর সরকারের দাবি জানান। বিএনপি সরকার আওয়ামী লীগদলীয় মেয়রের দাবি মানবে না, ঠিক। কিন্তু পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেও দাবিটি আমলে নেয়নি। এখন প্রধানমন্ত্রীর আস্থাভাজন তিন মেয়রও সিটি গভর্নমেন্টের কথা বলেছেন। মন্ত্রী, সাংসদ, সিটি মেয়র কিংবা উপজেলা চেয়ারম্যান—কেউ কাউকে এক ইঞ্চি ছাড়তে রাজি নন।
গত বৃহস্পতিবার চট্টগ্রামে গিয়ে যে অবস্থা দেখলাম, তা পৃথিবীর ‘দ্বিতীয় নিকৃষ্ট শহর’ ঢাকার চেয়েও খারাপ। সেই যানজট, সেই অবৈধ বিলবোর্ড, সেই অপরিচ্ছন্ন রাস্তাঘাট। নগরে অপরাধ বেড়েছে। খুনাখুনির ঘটনা ঘটছে। কিন্তু পুলিশের তৎপরতা নেই। তারা যত্রতত্র গাড়ি, রিকশা, বেবিট্যাক্সি থামিয়ে মানুষকে হয়রানি করছে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপকালে জানতে চাইলাম, সিটি নির্বাচনের পর কোনো পরিবর্তন এসেছে কি না। তাঁরা স্পষ্ট জবাব দেননি। কেউ বলছেন, মনজুর আলম বিরোধী দলে ছিলেন বলে সরকারের সহযোগিতা পাননি। কাজ করতে পারেননি। সরকারের সমর্থন থাকায় নাছির পারবেন। কেউ বলছেন, পারা–না পারা ব্যক্তির ওপর নির্ভর করে না। নগর ব্যবস্থাপনা ও নগরকাঠামো নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি না বদলালে পরিবর্তন আসবে না। বাংলাদেশে সব সরকারের নীতি হলো, সব জায়গায় নিজের লোক বসানো। নির্বাচিত জনপ্রতিনিধিদের চেয়ে অনির্বাচিতদের প্রাধান্য দেওয়া। চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র নির্বাচিত। আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএর প্রধান অনির্বাচিত। কিন্তু গত সাড়ে ছয় বছরে সিসিসির চেয়ে সিডিএকেই অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামের মানুষ এটি ভালো চোখে নেয়নি। সমস্যারও সমাধান হয়নি।
তাঁদের এই বক্তব্যের সমর্থন পেলাম ব্র্যাকের ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সাম্প্রতিক একটি গবেষণা জরিপে।
বিআইজিডির তথ্য অনুযায়ী, গত চার বছরে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চট্টগ্রাম সিটি করপোরেশনকে দিয়েছে ৩৪৮ কোটি টাকা আর পাঁচ বছরে সিডিএকে দিয়েছে ৪ হাজার ৪০০ কোটি টাকা। সিডিএ প্রাপ্ত অর্থের বেশির ভাগ ব্যয় করেছে বিতর্কিত ফ্লাইওভার নির্মাণে। নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে পড়ে ১৩ জন নিহত হয়েছে। তা ছাড়া এই ফ্লাইওভারগুলো নির্মাণ করা হয়েছে চট্টগ্রামের মাস্টারপ্ল্যান উপেক্ষা করে। বিআইজিডির তথ্যমতে, এ থেকে সুবিধা পাচ্ছে নগরবাসীর মাত্র শূন্য দশমিক ০২ শতাংশ। ব্যস্ত সময়ে ফ্লাইওভার দিয়ে যে পরিমাণ যানবাহন যায়, নিচের রাস্তা দিয়ে যায় তার ৩ দশমিক ৮ গুণ। সরকার ফ্লাইওভারে যে অর্থ ব্যয় করেছে, তার চেয়ে অনেক কমে নগরের সড়ক ব্যবস্থাপনাকে নতুন করে সাজানো যেত। চট্টগ্রাম শহরের উন্নয়নকাজে কোনো সমন্বয় নেই। সিটি করপোরেশন কী করছে, সেটি সিডিএ জানে না। আর সিডিএ কী করছে, তার খোঁজ ডিসিসি রাখে না।
নগরের জলাবদ্ধতা নিরসনে ১৯৯৫ সালে মাস্টারপ্ল্যান দেওয়া হয়েছিল। ইতিমধ্যে চার-চারটি সরকার গেছে। কেউ তা বাস্তবায়ন করার উদ্যোগ নেয়নি। যখন সমস্যাটি ঘাড়ের ওপর পড়ে, তখন কর্তৃপক্ষ কিছুটা নড়েচড়ে বসে। তারপর সবকিছু আগের মতো চলতে থাকে। আর প্রতিবছর লাখ লাখ মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। অন্যদিকে সিডিএর মূল যে কাজ পরিকল্পিত নগর গড়ে তোলা, সে ব্যাপারে তারা কিছুই করেনি। নগরবিদদের অভিযোগ, সিডিএর চেয়ারম্যান উন্নয়নকাজগুলো করেছেন কোনো পরিকল্পনা ছাড়াই। এমনকি প্রকৌশলী, স্থপতিদের পরামর্শও সিডিএর চেয়ারম্যান শোনেন না।

দুই.
বন্দরনগর চট্টগ্রামের প্রধান সমস্যা কী? কেউ বলেছেন জলাবদ্ধতা, কেউ বলেছেন অপরিসর সড়ক। কারও মতে, পাহাড় কাটা কিংবা বর্জ্য ব্যবস্থাপনা। কিন্তু এসবকে ছাপিয়ে এই মুহূর্তে যে সমস্যাটি প্রকট রূপ নিয়েছে, সেটি হলো গণপরিবহন। ঢাকার তুলনায় চট্টগ্রামের জনসংখ্যা অর্ধেক। (ঢাকায় আনুমানিক ১ কোটি ২০ লাখ, আর চট্টগ্রামে ৬০ লাখ)। দুই নগরেই গণপরিবহনের সংকট আছে। কিন্তু ঢাকার চেয়ে চট্টগ্রামের সমস্যাটি অনেক বেশি।
বিআরটিএর হিসাব অনুযায়ী ঢাকা ও আশপাশের ১৬৮টি রুটে সাড়ে ছয় হাজার বাস-মিনিবাস চলাচল করে। এর বাইরে অননুমোদিতভাবেও কিছু বাস-মিনিবাস চলাচল করে। কিন্তু চট্টগ্রামে মাত্র কয়েক শ বাস-মিনিবাস চলাচল করে। সিএমপির ট্রাফিক বিভাগ বলছে, চট্টগ্রামে ১১টি রুটের জন্য ৮৫৬টি বাস-মিনিবাস নিবন্ধিত হলেও চলাচল করে কমবেশি ৬০০। ২৫০ থেকে ৩০০ বাস চলাচল করে শহর থেকে ইপিজেডে শ্রমিক পরিবহনের জন্য। বাসমালিকেরা সেটিকেই অধিক লাভবান মনে করেন। অথচ ওই সব বাস শহরের বাইরে চলাচলের নিয়ম নেই। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা করে কে?
ঢাকার গণপরিবহনের অপ্রতুলতা সত্ত্বেও এখনো বেশির ভাগ যাত্রী বাস-মিনিবাসে চলাচল করে। কিন্তু চট্টগ্রামবাসীর সেই সুযোগ নেই। ফলে শহরের লাখ লাখ নারী-পুরুষ ও শিশুকে যাতায়াত করতে হয় বেবিট্যাক্সি ও রিকশায়। তবে যাদের ব্যক্তিগত গাড়ি আছে, তাদের কথা আলাদা। অসমতল যেসব সড়কে রিকশা চলতে পারে না, সেই সব সড়কে বেবিট্যাক্সি একমাত্র ভরসা। কিন্তু বেবিট্যাক্সিতে যাওয়ার সামর্থ্য সবার নেই। যেখানে চট্টগ্রামে ঘণ্টায় প্রয়োজন ১০ হাজার যান, সেখানে চলে ২ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৯০০টি। তাই ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষা করে যাত্রীরা। যানবাহনে উঠলেও রক্ষা নেই। মারাত্মক যানজটে পড়তে হয়। সময়মতো অফিস–স্কুল–ব্যবসা কোনোটাই হয় না। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন পেশাজীবী নারীরা। মাঝখানে ব্যাটারিচালিত রিকশা চলাচল করলেও উচ্চ আদালতের আদেশে এখন বন্ধ। ৬০ লাখ লোকের শহরটিতে গণপরিবহন নেই বললেই চলে। কিন্তু কোনো সরকারই চট্টগ্রামের এই জ্বলন্ত সমস্যাটির দিকে নজর দেওয়ার প্রয়োজন বোধ করেনি।
যেখানে সরকারের ঘোষিত নীতি হচ্ছে সমভাবে সব এলাকার উন্নয়ন, সেখানে চট্টগ্রামের প্রতি বৈষম্য করা হচ্ছে; অন্তত ঢাকার তুলনায়। বিআইজিডির তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বাসিন্দারা উন্নয়ন প্রকল্পে ঢাকার বাসিন্দাদের থেকে এক-তৃতীয়াংশেরও কম বরাদ্দ পাচ্ছে। ঢাকায় জনপ্রতি উন্নয়ন প্রকল্প ব্যয় যেখানে ১১ ডলার, সেখানে চট্টগ্রামে মাত্র ৩ ডলার। আবার সেই বরাদ্দও যে ঠিকমতো কাজে লাগানো হচ্ছে, তা বলা যাবে না।
চট্টগ্রামের আরেকটি বড় সমস্যা আবাসন। সেখানে ৪৯ শতাংশ মানুষের উপযুক্ত বাসস্থান নেই। ৬০ শতাংশ বাসিন্দা বলেছেন, ভাড়ার তুলনায় তাঁদের বাসার অবস্থা খারাপ বা খুবই খারাপ। নলকূপের পানির ওপর নির্ভর করে ৪৭ শতাংশ মানুষ। পাইপের মাধ্যমে ওয়াসার পানি পাচ্ছে মাত্র ৩৭ শতাংশ। তবে ভালো খবর হলো, বসতবাড়িতে বিদ্যুতের ঘাটতি কমেছে।
আগামীকাল: বাণিজ্যে বসতি লক্ষ্মী নয় চট্টগ্রাম
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]