'গুপ্তহত্যা' ও 'বন্দুকযুদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ‘গুপ্তহত্যা’। এটাকে ‘টার্গেটেড কিলিং’ বা বেছে বেছে মানুষ হত্যাও বলা হচ্ছে। কারণ ব্লগার, অ্যাকটিভিস্ট, অধ্যাপক, বিদেশি নাগরিক, পুরোহিত, যাজকসহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে বেছে বেছে হত্যা করা হচ্ছে। এসব হত্যাকাণ্ড শুধু যে সাধারণ জনমনেই উদ্বেগ সৃষ্টি করেছে তা নয়। সরকারও এই সমস্যায় বিচলিত হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক মহলকেও তা স্পর্শ করেছে। ৭ জুন ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে, সেখানেও অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল এসব গুপ্তহত্যা বা টার্গেটেড কিলিং।

এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হচ্ছে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে। আন্তর্জাতিক ইসলামপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা এসব হত্যাকাণ্ডের মধ্যে অনেকগুলোর দায় স্বীকার করেছে। অবশ্য আমাদের সরকার বলছে, বাংলাদেশে আইএসের তৎপরতা নেই; এই গুপ্তহত্যাগুলো ঘটাচ্ছে জেএমবিসহ দেশি কিছু জঙ্গিগোষ্ঠী, যাদের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার অভিযোগও সরকারের পক্ষ থেকে তোলা হয়েছে।

এসব গুপ্তহত্যা বা টার্গেটেড কিলিং অবশ্যই এক বিরাট সমস্যা হয়ে উঠেছে। কারণ, এতে জনমনে নিরাপত্তাহীনতার বোধ অনেক বেড়ে গেছে, গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাই এ সমস্যাটি নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা হওয়ারই কথা এবং তা হচ্ছে।

কিন্তু মানুষের হাতে মানুষের মৃত্যু ঘটছে আরও অনেকভাবে, সেসব নিয়ে কথা বলা হচ্ছে কম। বিশেষভাবে বলতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সন্দেহভাজন অপরাধীদের তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’ প্রসঙ্গে, যা ‘গুপ্তহত্যা’ নিয়ে আলোচনার ব্যাপকতার নিচে চাপা পড়ে গেছে। কিন্তু ‘বন্দুকযুদ্ধ’ বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে নীরব হয়ে যাওয়ার সুযোগ নেই। বিশেষ করে যখন দেখা যাচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাও বাড়ছে।

২০১৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৮ মাসে ‘গুপ্তহত্যা’ বা টার্গেটেড কিলিংয়ের শিকার হয়েছেন মোট ৪৯। আর আইন ও সালিশ কেন্দ্রের দেওয়া হিসাব অনুযায়ী, ২০১৫ সালের ১২ মাসে, অর্থাৎ গত ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের সঙ্গে তথাকথিত ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ হারিয়েছেন ১২৮ জন।

চলতি ২০১৬ সালের ১০ মে পর্যন্ত গুপ্তহত্যার শিকার হয়েছেন ১০ জন। আর এ বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ৩৪ জন। ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা তাঁদের হেফাজতে থাকা অবস্থায়ও অনেক মানুষের মৃত্যু ঘটে। তা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে লোকজনকে তুলে নিয়ে যাওয়া, তারপর তাঁদের কারও কারও মৃতদেহ উদ্ধার হওয়া এবং অধিকাংশেরই ‘নিখোঁজ’ থাকার ঘটনা উল্লেখযোগ্য সংখ্যায় ঘটে। এ ঘটনাগুলোকে সাধারণভাবে ‘গুম’ বলা হচ্ছে। ২০১৫ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে মোট ৮৮ জনকে। তাঁদের মধ্যে ২৩ জনের মৃতদেহ পাওয়া গেছে, ফিরে এসেছেন ১২ জন। বাকিরা ‘নিখোঁজ’।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ প্রাণহানি এবং তাঁদের পরিচয়ে লোকজনকে তুলে নিয়ে যাওয়ার পর তাঁদের মৃতদেহ উদ্ধার, এবং ‘গুম’ বা নিখোঁজ হয়ে যাওয়ার প্রসঙ্গটি এখানে আলোচনা করার উদ্দেশ্য, ‘গুপ্তহত্যা’র ঘটনাগুলোর সঙ্গে এগুলোর উদ্দেশ্যগত বৈশিষ্ট্য বিচার বা তুলনা করা নয়। কিংবা ‘গুপ্তহত্যা’র গুরুত্ব খাটো করে দেখানো নয়। ‘গুপ্তহত্যা’র প্রসঙ্গটি এই মুহূর্তে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে অত্যন্ত যুক্তিসংগত কারণে। এটা একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে, যা শুধু এই জাতিকে নয়, আন্তর্জাতিক মহলকেও যথেষ্ট উদ্বিগ্ন করে তুলেছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের হাতে কিংবা তাঁদের দায়িত্ব পালনের সময়, কিংবা তাঁদের হেফাজতে থাকা অবস্থায় মানুষের মৃত্যুর ঘটনাগুলোও এক গভীর সমস্যা—এ কথা যেন আমরা ভুলে না যাই।
পুলিশ সুপার বাবুল আক্তরের স্ত্রী মাহমুদা খানম ‘গুপ্তহত্যা’র শিকার হওয়ার পর ৯ জুন মধ্যরাত থেকে পুলিশ বাহিনী দেশব্যাপী যে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে, তাতে মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ১১ হাজার ৬৪৭ জনকে। এ অভিযানের মধ্যেই তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ চার-পাঁচ দিনে নিহত হয়েছেন নয়জন। এঁদের মধ্যে বগুড়ার শিবগঞ্জে এক শিয়া মসজিদে হামলার ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন এক ব্যক্তি আছেন, যাঁকে একজন সন্দেহভাজন জঙ্গি বলা চলে। গত সোমবার দিবাগত রাতে জয়পুরহাটের ভাদসা ইউনিয়নে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন দুই ব্যক্তি, যাঁদের একজন ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হত্যা মামলার আসামি, অন্যজন তাঁর সহযোগী।
‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তিদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় যে নিহত ব্যক্তি অপরাধী ছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে অপরাধী বা অপরাধের দায়ে অভিযুক্ত বা সন্দেহভাজন কোনো ব্যক্তির নিহত হওয়া আইনি প্রতিকার নয়। ‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ যেসব বর্ণনা ও ব্যাখ্যা দিয়ে থাকেন, সেগুলো প্রায় একই রকমের। সাধারণ মানুষের কাছে সেসব ব্যাখ্যা-বর্ণনা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এ কারণেই ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’কে বলা হয় ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।
আমরা বলতে চাই, দেশে যখন ‘গুপ্তহত্যা’ এক প্রকট সমস্যা হিসেবে দেখা দিয়েছে এবং সেই সমস্যা মোকাবিলার লক্ষ্যে সরকার দৃশ্যমানভাবে তৎপর হয়ে উঠেছে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সক্রিয় তৎপরতাকে আইনানুগ রাখতে হবে। জঙ্গি বা অপরাধী দমনের শর্টকাট পন্থা হিসেবে ‘বন্দুকযুদ্ধ’ বেছে নেওয়া ঠিক হবে না। সেটা প্রথমত অন্যায় হবে; দ্বিতীয়ত, তার ফল হবে বিপরীতধর্মী। অপরাধীরা বিচারের মাধ্যমে দণ্ডিত হলে তাদের মধ্যে অযৌক্তিকভাবে যতটা ক্ষোভ সৃষ্টি হতে পারে, তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষোভ যৌক্তিকভাবে সৃষ্টি হবে বিচার ছাড়াই মৃত্যুদণ্ডের শামিল ‘বন্দুকযুদ্ধে’র শিকার হলে। সুতরাং জঙ্গি দমনের অন্যতম পন্থা হিসেবে ‘বন্দুকযুদ্ধ’ চর্চার কোনো ভাবনা থেকে থাকলে তা পরিত্যাগ করা উচিত।
‘গুপ্তহত্যা’গুলোর পরিকল্পনা যাঁরা করছেন, অত্যন্ত সুপরিকল্পিভাবে ও দক্ষতার সঙ্গে সেগুলো বাস্তবায়ন করে যাঁরা ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারছেন, তাঁদের সবাইকে চিহ্নিত ও গ্রেপ্তার করাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। জঙ্গিগোষ্ঠীগুলো ও তাদের নেপথ্যের শক্তিগুলো সম্পর্কে বিশদ তথ্য পেতে হলেও নিহত জঙ্গি নয়, জীবিত জঙ্গিকে হাতে পাওয়া দরকার।

মশিউল আলম: সাংবাদিক
mashiul. alam@gmail. com