
বেইজিংয়ের আকাশ মেঘে ঢাকা। বুধবার সকাল সাড়ে সাতটায় হোটেল থেকে বেরিয়ে দেখি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গুমোট ধোঁয়াশা চারদিকে। বাতাস বইছে না, গাছপালা স্থির দাঁড়িয়ে ঝিমোচ্ছে, যেন এখনো তাদের ঘুম ভাঙেনি। রাস্তায় যানবাহন কম; বাইসাইকেল, মোটরবাইক কিংবা পায়ে হাঁটা মানুষও বিরল। ১৩৮ কোটি মানুষের দেশ চীন, ভেবেছিলাম তার রাজধানীর পথঘাটে দেখতে পাব গিজগিজে মানুষ, অজস্র যানবাহন। কিন্তু দেখলাম বিপরীত দৃশ্য।
আরও ভেবেছিলাম, বেইজিং শহর আজ নানা সাজে সজ্জিত হবে; রাস্তায় রাস্তায় শোভা পাবে নানা ধরনের স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন, সেগুলোর রং হবে টকটকে লাল। কারণ, ‘কমিউনিস্ট’ চীনে আজ এক রাজনৈতিক উৎসব: পাঁচ বছর পর আজ আবার বসছে চীনা কমিউনিস্ট পার্টির গণকংগ্রেস; পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্ট। এখানে শাসকদলের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়, আগের পাঁচ বছর পার্টির ও সরকারের কী কী কাজ করার কথা ছিল, কী কী করতে পেরেছে, এসব পর্যালোচনা হয়। পরবর্তী পাঁচ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়, কখনো কখনো দলের গঠনতন্ত্রেও সংশোধনী বা সংযোজনী আনা হয়। সব মিলিয়ে সপ্তাহব্যাপী এক বিশাল কর্মযজ্ঞ, যা ঘিরে উৎসবের আবহ তৈরি হওয়ার কথা।
কিন্তু না, চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম কংগ্রেসের জন্য বেইজিং শহরে কোনো আড়ম্বর নেই।
কংগ্রেস উপলক্ষে চীনা কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক মুখপত্র দ্য পিপলস ডেইলির আমন্ত্রণে বিভিন্ন দেশ থেকে আসা ১৮ জন সাংবাদিকের এক দলের একজন হয়ে বাসে করে পৌঁছালাম কংগ্রেসের অকুস্থল গ্রেট হল অব দ্য পিপলের বিশাল চত্বরে। এখানে দেখা গেল লাল পতাকা উড়ছে। চত্বরটিতে ইতিমধ্যে আরও অনেক বাস ও নানা আকৃতির মোটরযান এসে জড়ো হয়েছে। সারা দেশ থেকে মোট ২ হাজার ২৮৭ জন ডেলিগেট কংগ্রেসে অংশ নিতে এসেছেন, তাঁরা চীনা কমিউনিস্ট পার্টির ৮ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার সদস্যের প্রতিনিধি হিসেবে কথা বলবেন। উর্দিপরা নিরাপত্তা প্রহরীদের মুখগুলো ভাবলেশহীন। তাঁদের একজন আমার গলায় ঝোলানো প্রেস কার্ডের ছবির দিকে একবার তাকিয়ে আমার চোখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারি, তাঁরা কত সতর্ক। দেহ তল্লাশি চলল তিন জায়গায়, শেষে পরনের ব্লেজার খুলে স্ক্যানারে দিতে হলো।
কংগ্রেস যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, সেই গ্রেট হল অব দ্য পিপল সত্যিকার অর্থেই গ্রেট। বিরাটকায় এক স্থাপনা। বিশাল মঞ্চের সামনে বিশাল হলঘর, তার পেছন দিকে বিশাল গ্যালারি। কংগ্রেসের ডেলিগেট ছাড়াও সাংবাদিকই জড়ো হয়েছেন ৩ হাজার ৬৮ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৮১৮ জন আমার মতো বিদেশি; চীনের বিভিন্ন সংস্থার আমন্ত্রণে এসেছেন মোট ১৩৪টি দেশ থেকে। লালগালিচা পাতা মঞ্চ, গোটা হলঘরের পুরো মেঝে লালগালিচায় মোড়া। পেছনের পর্দায় সোনালি রঙের কাস্তে-হাতুড়ি, বিশ্বজুড়ে সব কমিউনিস্টের সেই চিরচেনা প্রতীক। অবশ্য মার্ক্স-অ্যাঙ্গেলস কিংবা মাওয়ের ছবি নেই। কাস্তে-হাতুড়ির দুই পাশে লাল কাপড়ের নকশা; ওপরে বেশ মোটা লাল বর্ডারজুড়ে সাদা অক্ষরে চীনা ভাষায় লেখা: চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় কংগ্রেস। মঞ্চে সারি সারি একই আকৃতির চেয়ার। মোট ২৪৩টি। এগুলো প্রেসিডিয়ামের সদস্যদের জন্য, ২৪৩ সদস্যবিশিষ্ট প্রেসিডিয়াম ১৯তম কংগ্রেসের প্রিসাইডিং বডি।
সকাল নয়টার একটু আগে প্রেসিডিয়ামের সদস্যরা মঞ্চে প্রবেশ করলেন। সামনের সারির ঠিক মাঝখানের চেয়ারটিতে বসলেন চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, চীনা কেন্দ্রীয় মিলিটারি কমিশনের চেয়ারম্যান এবং গণচীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তাঁর চেয়ারটি অন্য চেয়ারগুলোর মতোই সাধারণ, কোনো সিংহাসন নয়। তাঁর বামে ও ডানে বসলেন আরও ৩৯ জন। তাঁরা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো ও পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য। ঠিক সকাল নয়টায় যন্ত্রসংগীতে বেজে উঠল কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সুর। চেয়ে দেখি, গ্যালারির এক কোণে ওই সংগীত বাজাচ্ছেন সামরিক বাহিনীর একদল বাদক।
বাজনা থামলে কংগ্রেসের উদ্বোধন ঘোষণা করা হলো, দাঁড়িয়ে প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানানো হলো, তারপর সাধারণ সম্পাদক সি চিন পিং নিজের চেয়ার থেকে উঠে পোডিয়ামে এসে দাঁড়ালেন। চীনা ভাষায় ‘কমরেডস’ সম্বোধন করে পড়তে শুরু করলেন দীর্ঘ এক প্রতিবেদন। শান্ত, স্থিতধী দেখাচ্ছিল তাঁকে। ভাষা বুঝতে পারছিলাম না, কণ্ঠস্বরে নিরুত্তেজ ধীর লয়ের উচ্চারণ শুনে আমার পাশে বসা পিপলস ডেইলির এক কর্মীকে ইংরেজিতে বললাম, ‘ইয়োর জেনারেল সেক্রেটারি লুকস কাম অ্যান্ড কুল।’ তিনি মৃদু হেসে বললেন, ‘ইউ আর অ্যাবসোলুটলি রাইট। হি ইজ ভেরি কনফিডেন্ট।’
৬৪ বছর বয়সী সি চিন পিং প্রবল ব্যক্তিত্বের অধিকারী বলে খ্যাত; চীনা কমিউনিস্ট পার্টির তিনিই সর্বেসর্বা। অবশ্য এককালে পৃথিবীর সব কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সম্পর্কেই এই কথা শোনা যেত। কিন্তু বলা হচ্ছে, সি চিন পিং এসেছেন চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাসে নিজের ব্যক্তিত্ব ও বিশেষত্বের স্বাক্ষর রেখে যাওয়ার জন্য। ২০১২ সালের কংগ্রেসে পার্টির সর্বোচ্চ পদে আসীন হওয়ার পর থেকে তিনি পার্টির নেতাদের দুর্নীতি ও ক্ষমতার অব্যবহারের বিরুদ্ধে রীতিমতো এক অভিযান শুরু করেন। এ ধরনের পদক্ষেপ সাধারণত নানা রকমের বাধার মুখোমুখি হয়, কিন্তু সি চিন পিং সেসব বাধা অগ্রাহ্য করে পার্টির ভেতরে শুদ্ধিকরণ প্রক্রিয়া অব্যাহত রেখেছেন এবং নিজের কর্তৃত্ব অত্যন্ত সাফল্যের সঙ্গে সংহত করেছেন। এই কংগ্রেস যখন অনুষ্ঠিত হচ্ছে, তিনি তখন তাঁর কর্তৃত্ব ও জনপ্রিয়তার মধ্য গগনে অবস্থান করছেন।
সি চিন পিং তাঁর সুদীর্ঘ প্রতিবেদনের শুরুতেই বললেন, চীনা সমাজতন্ত্র এক নতুন যুগে প্রবেশ করেছে, এটা ‘চীনের অগ্রগতির এক নতুন ঐতিহাসিক সন্ধিক্ষণ’। এই নতুন যুগে চীনের লক্ষ্য একটি ‘মহান আধুনিক সমাজতান্ত্রিক দেশ’ গড়ে তোলা। এটা হবে এমন এক যুগ, যখন চীন মধ্যমঞ্চের কাছাকাছি এগিয়ে যাবে এবং মানবজাতির জন্য আরও বড় অবদান রাখবে। সি চিন পিং বলেন, চীনা কমিউনিস্ট পার্টি ও সরকার ‘মহান আধুনিক সমাজতান্ত্রিক দেশ’ গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালের মধ্যে সব ক্ষেত্রে ‘মাঝারি শ্রেণির সমৃদ্ধ সমাজ’ হিসেবে আবির্ভূত হবে, এবং তারপর দুই ধাপে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাবে। ২০২০ থেকে ২০৩৫ সালের মধ্যে সমাজতন্ত্রের আধুনিকায়ন সম্পন্ন করা হবে এবং ২০৩৫ থেকে একুশ শতকের মাঝামাঝি নাগাদ চীন একটি ‘গ্রেট মডার্ন সোশ্যালিস্ট কান্ট্রি’ হয়ে উঠবে। সেই ‘আধুনিক সমাজতান্ত্রিক’ চীন হবে ‘সমৃদ্ধ, শক্তিশালী, গণতান্ত্রিক, সাংস্কৃতিকভাবে অগ্রসর, সম্প্রীতিপূর্ণ ও সুন্দর’।
১৯৭৮ সালে বাজার অর্থনীতি ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আহ্বানের নীতি গ্রহণের পর থেকে চীনে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। কিন্তু এখনো এই দেশের ৪ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। দারিদ্র্যসীমার ওপরেও বিপুলসংখ্যক মানুষের আর্থিক অবস্থা সচ্ছল নয়। অন্যদিকে অল্পসংখ্যক ধনী মানুষের হাতে বিপুল পরিমাণ অর্থসম্পদ কুক্ষিগত হচ্ছে। ধনী-দরিদ্রের এই বৈষম্য পুঁজিতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিক সমাজের নয়। চীনা কমিউনিস্ট পার্টি এই দিকে আগে কতটা দৃষ্টি দিত, তা জানি না, তবে এখন তারা এ বিষয়ে কথা বলছে। সি চিন পিং তাঁর বক্তৃতায় গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন, গত পাঁচ বছরে চীনে অত্যন্ত দ্রুতগতিতে দারিদ্র্য কমেছে: এই সময়ের মধ্যে ছয় কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠে এসেছে। পাঁচ বছর আগে চীনের ১০ শতাংশ মানুষ ছিল দারিদ্র্যসীমার নিচে, এখন এই হার কমে ৪ শতাংশে নেমেছে। দারিদ্র্য কমার একটা কারণ হলো দ্রুত নগরায়ণ, গত পাঁচ বছরে আট কোটি মানুষ গ্রাম থেকে শহরে এসে স্থায়ী আবাস গড়ে তুলেছে।
চীনের দারিদ্র্য বিমোচনের এই প্রক্রিয়াও পুঁজিতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য বহন করছে। ব্যাপারটা এ রকম যে গোটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলে সমাজের সবচেয়ে নিচু শ্রেণিতে অবস্থানকারী মানুষের কাছেও তার কিছু সুফল চুইয়ে চুইয়ে পৌঁছাবে। চীন এই পথেই আরও অগ্রগতি, আরও সমৃদ্ধি সাধনের চেষ্টা করছে। চীনা কমিউনিস্ট পার্টি সম্ভবত এটাকেই বলছে ‘সোশ্যালিজম উইথ চায়নিজ ক্যারেক্টারিস্টিকস’ বা চীনা বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্র। সি চিন পিংয়ের ৬৫ পৃষ্ঠার প্রতিবেদনটিতে অজস্র বার ‘সোশ্যালিজম’ শব্দটি আছে, কিন্তু কোথাও শুধু সোশ্যালিজম নেই, তার সঙ্গে জুড়ে দেওয়া আছে ‘উইথ চায়নিজ ক্যারেক্টারিস্টিকস’। সি চিন পিং মার্ক্সবাদের কথাও বেশ কয়েকবার উচ্চারণ করছেন, তবে সব সময়ই মার্ক্সিজমের সঙ্গে জুড়ে দিয়েছেন ‘ইন চায়নিজ কনটেক্সট’, অর্থাৎ চীনা প্রেক্ষাপটে মার্ক্সবাদ।
রাশিয়ায় ১৯১৭ সালে বলশেভিকরা যখন বিপ্লব করে, তখন ওই দেশে পুঁজিতন্ত্র পরিপক্ব হয়ে ওঠেনি। ইউরোপের শিল্পবিপ্লব রাশিয়ায় ঘটেনি, ১৮৬১ সাল পর্যন্ত সে দেশে ভূমিদাস প্রথা ছিল। মূলত কৃষিভিত্তিক একটা দেশে, যেখানে শিল্পায়ন শুরু হয়েছে মাত্র, পুঁজিতন্ত্র তার পরিণতির কাছাকাছি পৌঁছানো দূরে থাক, শৈশবই অতিক্রম করেনি, রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষমতা দখল করার পর লেনিন উপলব্ধি করেছিলেন যে বড্ড শর্টকাট পথ নেওয়া হয়েছে। তাই তিনি ‘নিউ ইকোনমিক পলিসি’ নামে আংশিক পুঁজিতান্ত্রিক পন্থা ঘোষণা করেছিলেন। কিন্তু তাঁর অকালমৃত্যু সোভিয়েত ইউনিয়নকে সেই পথে এগোতে দেয়নি। স্তালিন সরাসরি সমাজতন্ত্র নির্মাণের পথ বেছে নিয়ে যা যা করেছিলেন, ১৯৯১ সাল পর্যন্ত টেকসই হয়েছে। তারপর সোভিয়েত ইউনিয়নের বিলয় ঘটেছে এবং রাশিয়াকে আবার বিপ্লবপূর্ব সময় থেকে পথচলা শুরু করতে হয়েছে।
চীনা কমিউনিস্টরা সোভিয়েত কমিউনিস্টদের আগেই বুঝতে পেরেছেন, পুঁজিতন্ত্রকে পাশ কাটিয়ে বা শর্টকাট পথে সমাজতন্ত্রে পৌঁছানো সম্ভব নয়। ১৯৭৮ সালের পর থেকে চীন যে পথে চলেছে, সেই পথে আরও কতটা পথ হেঁটে গেলে সি চিন পিংয়ের ‘গ্রেট মডার্ন সোশ্যালিস্ট কান্ট্রি’ হয়ে উঠবে, তা ভবিষ্যৎই জানে।
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।