'ছাত্রলীগ কোথায়?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপ​েক্ষর দিকে পিস্তল উঁচিয়ে ধরছেন আবদুল আজিজ ফয়েজ
প্রতিপ​েক্ষর দিকে পিস্তল উঁচিয়ে ধরছেন আবদুল আজিজ ফয়েজ

গত বুধবার বিএনপির নেত্রী খালেদা জিয়ার আদালতে হাজিরা নিয়ে বকশীবাজার এলাকায় মারামারির ঘটনায় পুলিশ যাদের বিরুদ্ধে মামলা করেছে, তাদের মধ্যে সরকার-সমর্থক ছাত্রসংগঠন ছাত্রলীগের কেউ নেই। একটি মামলায় বিএনপি ও ছাত্রদলের ৭৬ জন, অন্য মামলায় ২২ জন নেতা-কর্মী আসামি হয়েছেন। কেবল মামলা নয়, আসামিদের ধরতে পুলিশি অভিযানও চলছে। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এসব ক্ষেত্রে বরাবরের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি তৎপর।
কিন্তু সংঘর্ষে জড়িত অন্য পক্ষ সম্পর্কে সরকার একেবারে নীরব। বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন, সেখানে ছাত্রলীগের কাউকে দেখেননি। তাঁর ভাষায়, ‘ছাত্রলীগ কোথায়? পুরো পরিস্থিতি তৈরি করেছে বিএনপি ও ছাত্রদল।’
প্রতিমন্ত্রী যখন ছাত্রলীগের কেউ ছিল না বলে সার্টিফিকেট দিয়েছেন, তখন পুলিশের কি সাহস আছে ছাত্রলীগের কাউকে মামলায় জড়ায়? অতএব, মারপিট একতরফা না হলেও মামলাটি একতরফা হয়েছে, একতরফা গ্রেপ্তার অভিযানও চলবে। এটাই বঙ্গদেশীয় গণতন্ত্রের নিয়ম, বিধান। বিএনপির শাসনামলেও ভিন্ন কিছু হতো না।
এ কথা ঠিক যে, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় খালেদা জিয়া বকশীবাজারে অবস্থিত বিশেষ আদালতে হাজিরা দেওয়ার দিন বিএনপি ও ছাত্রদলের কয়েক হাজার নেতা-কর্মী শোডাউন করেছিলেন। তাঁরা সেখানে নিজেদের শক্তি প্রদর্শন করেছেন। গণতান্ত্রিক শাসনে সেই কাজটি তাঁরা করতে পারেনও। দেখার বিষয়, এর মধ্য দিয়ে তাঁরা আইন লঙ্ঘন করেছেন কি না? তাঁরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর কাজে বাধা দিয়েছেন কি না? সরকারের কোনো সংস্থার তরফে সে রকম অভিযোগ কেউ করেনি।
সেদিন ছাত্রদলের যেমন বকশীবাজারে কোনো কাজ ছিল না, তেমনি ছিল না ছাত্রলীগেরও। ছাত্রদল যদি শোডাউন করতে গিয়ে থাকে, ছাত্রলীগ কেন গিয়েছিল? তারা কি সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারীকে এতটা দুর্বল ভেবেছিল যে ছাত্রদলকে মোকাবিলায় তারা অপারগ? না হলে সরকারের শত শত পুলিশ, র্যা ব, বিজিবির সদস্য থাকা সত্ত্বেও ছাত্রলীগের আগ বাড়িয়ে গোলমাল পাকানোর কী প্রয়োজন ছিল? আরেকটি যুক্তি থাকতে পারে যে ছাত্রলীগের জমানায় অন্য কোনো ছাত্রসংগঠনই মাঠে নামতে পারবে না। তারা নিজেরা নিজেদের মারবে, মরবে, কিন্তু অন্য কেউ ক্যাম্পাসে টুঁ শব্দটি করতে পারবে না।
সম্প্রতি ছাত্রলীগ ঘটা করে বিভিন্ন ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছিল। তাদের স্লোগান ছিল: পরিচ্ছন্ন ক্যম্পাস, নিরাপদ ক্যাম্পাস। এখন দেখা যাচ্ছে, তারা প্রতিপক্ষ ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের তাড়িয়ে, পিটিয়েই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে চাইছে। কয়েক দিন আগে পত্রিকায় বিভিন্ন হলে ছাত্রলীগের কর্মীদের দ্বারা মানুষকে জিম্মি করার খবর বের হয়েছিল। সরকার কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। এ ধরনের খবর বের হলে ছাত্রলীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ওরা ছাত্রলীগের কেউ নয়। অনেক দিন আগেই তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ছয় বছরে ছাত্রলীগ থেকে বহু কর্মী হত্যা ও হানাহানির কারণে বহিষ্কৃত হয়েছেন। আবার প্রয়োজনে তাঁদের সাদরে ডেকেও আনা হয়। যেমন বকশীবাজারের সংঘর্ষের দিন যে আবদুল আজিজ ফয়েজকে প্রতিপক্ষের প্রতি পিস্তল উঁচিয়ে থাকতে দেখা গেল, তিনি ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ২৯ নভেম্বর রাতে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে আসাদুজ্জামান ফারুক নামে ছাত্রলীগের এক কর্মী খুন হন। পরদিন ছাত্রলীগ সাধারণ সম্পাদক যে মামলা করেন, তার দুই নম্বর আসামি আজিজ। এ ঘটনার পর ছাত্রলীগ থেকে আজিজসহ পাঁচজনকে বহিষ্কার করা হয়। যে ব্যক্তি একটি হত্যা মামলার আসামি, যে ব্যক্তি পুলিশের খাতায় ফেরার, সেই ব্যক্তি কীভাবে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে মাস্তানি করতে পারেন? এভাবে যদি খুনের মামলার আসামি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হন, তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কীভাবে?
সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেমোক্রেসির গবেষণায় দেখা যায়, বাংলাদেশে রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ও রাজনীতিকে এমন অবস্থায় নিয়ে গেছে যে সেখানে আইনকানুন, প্রতিষ্ঠান প্রায় অকার্যকর হয়ে পড়েছে। রাষ্ট্রব্যবস্থা, প্রতিষ্ঠান ও আইনের ওপর কর্তৃত্ব করছে দল। দলের নেতা-কর্মীরা যা বলবেন, সেটাই সবাইকে মানতে হবে। কমিউনিস্ট শাসনের ভালো দিক ছিল অর্থনৈতিক সমতা, সেটি আমরা নিইনি। নিয়েছি পার্টিয়ার্কি বা দলতন্ত্র। আজ আওয়ামী লীগের জায়গায় বিএনপি ক্ষমতায় থাকলেও একই ঘটনা ঘটত। তখন ছাত্রদলই হয়ে উঠত সবকিছুর নিয়ামক।
সেদিন খালেদা জিয়ার আদালতে হাজিরা নিয়ে দুটি অঘটন ঘটেছে। একটি হলো অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীর ওপর ছাত্রলীগের হামলা, অন্যটি হলো সরকারদলীয় সাংসদ ছবি বিশ্বাসের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলা ও তাঁর গাড়ি পোড়ানো। দুটি ঘটনাই চরম নিন্দনীয়। সরকার আইনের শাসন চাইলে দলমত-নির্বিশেষে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিত। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী এক ভিডিও কনফারেন্সে সে রকম নির্দেশই প্রশাসনকে দিয়েছিলেন। কিন্তু বকশীবাজারের ঘটনায় আমরা উল্টোটাই হতে দেখেছি। প্রশাসন বা সরকার এই মারামারির সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা পায়নি।
তাহলে গতকাল প্রথম আলো ও ডেইলি স্টার-এ যাদের ছবি ছাপা হলো, তারা কারা? আবদুল আজিজ ফয়েজের কথা আগেই বলেছি। আরও ছিলেন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মুনির হোসেন, উপগণযোগাযোগ সম্পাদক শাহাবুদ্দীন চঞ্চল, জহুরুল হল শাখার সভাপতি রিফাত জামান, একুশে হল শাখার যুগ্ম সম্পাদক মনজুরুল হক শুভ, জহুরুল হক হল শাখার সাধারণ সম্পাদক নাহিয়ান খান জয়, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জয়দেব নন্দী, বুয়েটের তিতুমীর হলের সাধারণ সম্পাদক আবু সাইদ কনক, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কাজী এনায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক এইচ এম আল আমিন, এস এম হলের সাধারণ সম্পাদক নিজামুল হক দিদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ। হয়তো আরও অনেকে ছিলেন, যাঁদের নাম পত্রিকায় ছাপা হয়নি।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক সংবাদ সম্মেলন ডেকে বলেছেন, ছাত্রলীগের কেউ অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে ছিল
না। অস্ত্রবাজির কাজটি বিএনপি ও ছাত্রদলই করেছে। তাহলে পত্রিকার ছবি, টেলিভিশনের ফুটেজ—সবই মিথ্যা?
এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ফেসবুকে নিজের স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তি প্রত্যাহার করা না হলে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ‘নেড়ি কুত্তার’ মতো পেটানো হবে। নেড়ি কুত্তা প্রাণীটি মানুষের তেমন ক্ষতি করে বলে আমাদের জানা নেই। কিন্তু যেহেতু প্রাণীটি নিরীহ, তাই ছোট্ট শিশুও সুযোগ পেলে ঢিল ছোড়ে। কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রতিপক্ষকে আক্রমণ করতে সেই নিরীহ নেড়ি কুত্তার উদাহরণই টেনে আনলেন! ছাত্রলীগকে তঁারা কোথায় নামাচ্ছেন?
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান অনেক দিন দেশের বাইরে। তিনি লন্ডনে বসে কিছুদিন পর পর একটি ওহি নাজিল করেন, আর এখানে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সরকার ও ক্ষমতাসীন দলের সাঁড়াশি আক্রমণের শিকার হন। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সম্পর্কে তারেক রহমান যেসব ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে চলেছেন, তা অমার্জনীয়। কিন্তু তঁার প্রতিবাদের ভাষা অমার্জিত হতে পারে না।
ছাত্রলীগের দাবি, যত দিন তারেক রহমান তাঁর বক্তব্য প্রত্যাহার না করবেন এবং জাতির কাছে ক্ষমা না চাইবেন, তত দিন খালেদা জিয়াকে নাকি কোথাও সমাবেশ করতে দেবেন না। এটি কী ধরনের আবদার? ছাত্রলীগ তারেকের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ করতে পারে। তাঁর বক্তব্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে, জনগণের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে পারে। কিন্তু খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া স্বৈরতান্ত্রিক মানসিকতারই পরিচয়।
ছাত্রলীগ নেতাদের এসব ভাষা ও আচরণ ১৯৭৩-১৯৭৪ সালের কথাই মনে করিয়ে দেয়। তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শফিউল আলম প্রধান, যিনি বর্তমানে খালেদা জিয়ার অন্যতম রাজনৈতিক মিত্র। ১৯৭৪ সালে প্রধানের নেতৃত্বেই মুহসীন হলে সাত খুনের ঘটনা ঘটেছিল। তিনি তখন বলতেন, যাঁরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে টুঁ শব্দটি করবেন, যাঁরা তাঁর সম্পর্কে কটূক্তি করবেন, তাঁদের জিহ্বা ছিঁড়ে ফেলা হবে।
সেই শফিউল আলম প্রধান এখন কোথায়? বঙ্গবন্ধুর বিরোধিতাই এখন তাঁর রাজনীতির মূল পুঁজি। ছাত্রলীগের যেসব নেতা মাঠ গরম করা কথাবার্তা বলছেন, তাঁদের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়েও সন্দেহ জাগে। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাষা ও ভঙ্গিতেও কত অমিল, কত পার্থক্য। সভাপতি যতটা নমনীয়, সাধারণ সম্পাদক ততটাই বেপরোয়া।
ছাত্রলীগে এখন শফিউল আলম প্রধানেরা নেই। কিন্তু খুনোখুনি ঠিকই আছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বকশীবাজারের সংঘর্ষে ছাত্রলীগকে খুঁজে পাননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ সংগঠনের কর্মী খুঁেজ খুঁজে দেখতে পারেন। কেননা সেখানে ছাত্রলীগ ছাড়া আর কেউ ছিল না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খোঁজ না পেলেও ছাত্রলীগ নেতারা এসব খুনোখুনির মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিচ্ছেন, ‘ছাত্রলীগ কোথায়’।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrab০[email protected]