মুশফিকের ২০০। আশরাফুলের ১৯০। বাংলাদেশ খেলে চলেছে। আশরাফুল আউট হয়ে যাওয়ার পর নিশ্চয়ই আফসোস করছেন, কেন তিনি অমন একটা শট খেলতে গেলেন। এটা তো টেস্ট। সারাটা দিন পড়েই আছে। আর কবে তিনি ১৯০ ছুঁতে পারবেন? যে ৫০ করে, সে-ই পারে ১০০ করতে, যে ১০০ করে সে-ই পারে ১৫০ করতে, যে দেড় শ করে, তার পক্ষেই ভাবা সম্ভব ২০০-র কথা। আহা রে, আমার বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা! আমি তো ঘুরেফিরে ওদের দিকেই তাকাই। বলি, আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আজ স্বপ্ন দেখব বলে দুচোখ পেতেছি।আশরাফুলরা তো সোনার চামচ মুখে করে জন্মাননি। মুশফিক এসেছেন বগুড়া থেকে, সাকিব আল হাসান মাগুরা থেকে, নাসির রংপুর থেকে, মাশরাফি নড়াইল থেকে। নদীতে সাঁতার শিখেছেন মুশফিক, তাঁর ছোটবেলার কাহিনিতে পড়েছি। মাশরাফি নড়াইলের চিত্রা নদীতে আর তীরে বাউণ্ডুলেগিরি করে বড় হয়েছেন, নৌকায় পিকনিক করেছেন। সাকিব আল হাসানের বাবা ছেলের ক্রিকেট ব্যাট কেটে ফেলেছিলেন, সারা দিন ক্রিকেট খেলে বলে। কোত্থেকে উঠে এসেছেন তাঁরা! আর যে জায়গাটায় পৌঁছেছেন, সেটা একটা বিশ্বমানের আসর। মানুষ হিসেবে আশরাফুল-মাশরাফির তো কোনো তুলনাই হয় না। আমার সঙ্গে তাঁদের দেখা হয় কদাচিৎ, সে গাজী আশরাফ হোসেন (লিপু ভাই), আকরাম খান, হাবিবুল বাশার থেকে শুরু করে তরুণতম নাসির পর্যন্ত। আমি কে? কিন্তু তাঁদের মুখে হাসি আর ব্যবহারে সৌজন্য ছাড়া আমি আর কিছু কোনো দিন পাইনি। এই তো সেদিন বারডেমের সামনে ভিড়ের মধ্যে আশরাফুলের সঙ্গে দেখা, ঠিকই হাত বাড়ালেন। ঈদের আগে দেখি মুঠোফোনে শুভেচ্ছা এসেছে শ্রীলঙ্কা থেকে, নাসির শুভেচ্ছা পাঠিয়েছেন। বিশ্বকাপের আগে ধানমন্ডি ৪ নম্বরের মাঠে সাকিব আল হাসান এসেছেন শুনে আমি গেটে গিয়ে দাঁড়ালাম, সাকিব মাঠের আরেক প্রান্ত থেকে চলে এসেছিলেন, ‘স্যার, আপনি!’ আমি তো ক্রিকেটার নই, ক্রিকেট বিশেষজ্ঞ নই, বাংলাদেশ দলের একান্ত সমর্থক; সে তো কতজনই আছে। আমি আমাদের ক্রিকেটকে নিয়ে একটু বেশিই উল্লসিত হই, সেটা হয়তো এই দেশটাকে বিজয়ী দেখতে চাই বলে।আমরা সবাই চাই, বাংলাদেশ বিজয়ী হোক। আর সেটা সম্ভব করে তুলছে তরুণ প্রজন্ম। তারা কত কী যে করছে! প্রথম আলোর বিশেষ আয়োজন ‘আমিই বাংলাদেশ’-এ আমরা বেশ কিছু কাহিনি পড়েছি। বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে কত বিচিত্র কাজ করছেন, আর তাঁরা সফল হচ্ছেন। বাংলাদেশের ভেতরেও সর্বক্ষেত্রে একটা কাজের, সৃজনশীলতার, নিজেকে গড়ে তোলার আর তার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে।কিন্তু সব কাজের জন্য প্রাথমিক শর্ত হলো দেশে রাজনৈতিক স্থিতিশীলতা। দেশে আইনের শাসন। দেশে কাজের পরিবেশ। ঘনঘন হরতাল কিংবা রাজপথে বা জনপদে হানাহানি সব কাজেই বাধা হয়ে দাঁড়ায়। দেশে দাঙ্গা-হাঙ্গামা কারও জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না। আমার ধারণা, প্রত্যেকেই তার নিজের দেশকে ভালোবাসে। আজকে বাংলাদেশ যখন খেলছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, তখন এমন কি কোনো বাংলাদেশি আছে, যে চায় না, বাংলাদেশ ভালো করুক। তেমনি এমন কোনো শ্রীলঙ্কানও নিশ্চয়ই পাওয়া যাবে না, যে চায় না যে শ্রীলঙ্কা ভালো করুক। নিজের দেশকে সবাই ভালোবাসে। প্রত্যেকেই নিজের দেশের বিজয় চায়। কিন্তু প্রত্যেকের নিজস্ব ধারণা আছে বিজয়ের পথটি নিয়ে। সেই পথ অনেক সময় পরস্পরবিরোধী হয়। তখনই লেগে যায় দ্বন্দ্ব-সংঘাত।কিন্তু ঠান্ডা মাথায় যদি আমরা ভাবি, দ্বন্দ্ব-সংঘাত আসলে বিজয়ের পথটাইকে বন্ধুর করে তোলে, আমাদের লক্ষ্যটাকে দূরে সরিয়ে দেয়, তাহলে কিন্তু অনেক বড় সমস্যারই সমাধান বের করা সম্ভব। আমাদের সবার আগে ভেবে দেখতে হবে, দেশের ভালো হবে কিসে, কী করলে? লক্ষ্যে পৌঁছার একাধিক বিকল্প পথ থাকতে পারে, আমাদের সেই পথটাকেই নিতে হবে, যাতে লাভবান হয় দেশ। দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। দেশের উন্নয়ন ব্যাহত না হয়। মানবাধিকার লঙ্ঘিত না হয়। গণতন্ত্র শক্তিশালী থাকে। মত প্রকাশের স্বাধীনতা বিঘ্নিত না হয়। প্রত্যেক মানুষের মনে নিরাপত্তাবোধ থাকে। এসব যদি থাকে, তাহলে দেশের অর্থনীতির চাকা সামনের দিকে ঘুরবে। বাংলাদেশ ভালো করবে। খুব ভালো।আজকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের কথা একটু আলাদা করেই বলতে হবে। আলাদা করে বলতে হবে আশরাফুলের কথাও। আশরাফুল ভালো করেছিলেন ঘরোয়া ক্রিকেটে, ভালো করেছিলেন সদ্য সমাপ্ত বিপিএলে। কিন্তু তবু তাঁকে প্রথম ২৫ জনের দলে ডাকা হয়নি। কারণ, টেস্ট ম্যাচে শেষের দিকে তাঁর রানের গড় আশাপ্রদ নয়। ভাগ্য তাঁকে শেষ পর্যন্ত দলে স্থান দেয়। প্রথম ইনিংসে ১৯০ করে তিনি তাঁর যোগ্যতা প্রমাণ করলেন। মুশফিকুর রহিম অধিনায়ক। অধিনায়কের মতোই খেললেন। ছোট্ট কাঁধের ওপরে তাঁর অনেক বড় দায়িত্ব। তিনি সেটা সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে পালন করে চললেন। আজকে নিশ্চয়ই অন্য সব বাংলাদেশির সঙ্গে মুশফিকের সাফল্যে খুবই খুশি মুশফিকের মা। তিনি কিন্তু মুখে কথা বলতে পারেন না। মুশফিক সাধারণত ফোন করেন তাঁর বাবাকে। বাবা মাকে বলেন মুশফিক কী বললেন, মায়ের বক্তব্য বাবা নিজে বুঝে আবার মুশফিককে বোঝান। এভাবেই মুশফিক দোয়া চান মায়ের কাছে। মা-ও দোয়া করেন। প্রথম আলোর নারীমঞ্চ পাতায় ২০১২ সালের ২৮ মার্চ এশিয়া কাপের ফাইনালের পর ছাপা হয়েছিল এই ক্রিকেটারদের মায়ের কথা। মুশফিকুর রহিমের মায়ের উক্তি দিয়ে শিরোনাম করা হয়েছিল, ‘ছেলে আমার ভালো করবে।’আমাদের যে আরেকটা মা আছে। তার নাম বাংলাদেশ। জাতীয় সংগীতে আমরা বড় মুখ করে বলি, ‘মা, তোর বদনখানি মলিন হলে আমি নয়নজলে ভাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’আমাদের মা বাংলাদেশও মুখে কথা বলে না। কিন্তু আমাদের সব কথা বুঝতে পারে। আমাদের কাছে কী চায়, সেটাও বোঝাতে পারে। আমাদের বাংলা মা বলছে, তোমরা ভালো থেকো। তোমরা শান্তিতে থাকো। আমাদের বাংলা মা আনন্দিত মুশফিক-আশরাফুল-নাসির-মোমিনুলের সাফল্যে। তার সন্তানদের সাফল্যই তো তার সাফল্য।আজকে যখন দেশে রাজনৈতিক অস্থিরতা, যখন জনপদে জনপদে হানাহানি, তখন বাংলাদেশ চাইছে একটা শান্তিপূর্ণ সমাধান। অতীতে বহু সংকটে আমরা একটা উপায় ঠিকই বের করেছিলাম, যেটা ছিল বুদ্ধিদীপ্ত, সৃজনশীলতাময়।আমাদের আজকের সংকটেরও একটা শান্তিপূর্ণ সৃজনশীল সমাধান বের করতে হবে, যাতে বাংলাদেশ বিজয়ী হয়। আমাদের জননী জন্মভূমি তার সন্তানদের কাছ থেকে আজকে মাথা ঠান্ডা করা সেঞ্চুরি কি ডাবল সেঞ্চুরি চায়। রাজনীতি টি-টোয়েন্টি নয়, রাজনীতি ওয়ানডেও নয়। রাজনীতি একটা টেস্ট। আমরা যেন এমন কোনো ভুল না করি, যাতে মহাকালের বিচারে আজকের সিদ্ধান্ত একটা বড় ভুল বলে প্রমাণিত হয়। আশরাফুল যে মারটা মেরে আউট হয়েছেন, ১৯০ করার পরও সেই শট তাঁকে মর্মযাতনা দেবে। বের হয়ে আসার সময় তাঁর মাথা নাড়া থেকেই তা স্পষ্ট। জাতি হিসেবে আমরা এখন যেন কোনো ভুল শট না খেলি। তাড়াহুড়ার কিছু নেই।ক্রিকেট শেষ পর্যন্ত খেলাই। খেলাকে খেলা হিসেবেই নিতে হবে। কিন্তু রাজনীতি মানে খেলা নয়। ১৬ কোটি মানুষের ভবিষ্যৎ যাঁদের হাতে, তাঁরা যেন এটাকে খেলা হিসেবে না নেন। কেবল ক্ষমতার খেলার বলি হিসেবে মানুষের জীবন ও জীবিকাকে ব্যবহার না করেন।মুশফিকের মায়ের সেই উক্তি আবার স্মরণ করি, ‘ছেলে আমার ভালো করবে।’ বাংলা মায়েরও সেই চাওয়া, তার ১৬ কোটি সন্তান ভালো করবে। আমাদের জন্মভূমির এই চাওয়া যেন বৃথা না যায়।আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।