অক্টোবর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে যা ঘটছে তাকে কেউ কেউ ‘গণহত্যা’ বলে বর্ণনা করছেন। মালয়েশিয়ার রাষ্ট্রবিজ্ঞানী ও মানবাধিকারকর্মী চন্দ্র মুজাফফরের নেতৃত্বাধীন সংগঠন ‘দ্য ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর এ জাস্ট ওয়ার্ল্ড’ (জাস্ট)-সহ ১৮টি সংগঠন ২৮ নভেম্বর রোমে অবস্থিত পারমান্যান্ট পিপলস ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছে যেন তাঁরা রাষ্ট্রীয় অপরাধ ও গণহত্যার আলোকে মিয়ানমারের পরিস্থিতি বিবেচনা করেন। আল-জাজিরা টেলিভিশন এক অনুসন্ধানী প্রতিবেদনেও এ ধরনের প্রমাণ হাজির করেছে, যাতে রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত সামরিক বাহিনীর অভিযানকে গণহত্যা বলে চিহ্নিত করা যায়। লন্ডনের দৈনিক ইনডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে লন্ডনের কুইন মেরি কলেজের গবেষকদের উদ্ধৃত করে বলা হয়েছে যে মিয়ানমারের প্রভাবশালী নেত্রী অং সান সু চি রোহিঙ্গাদের ওপরে সামরিক বাহিনীর নির্যাতন বিষয়ে নীরব থাকার মধ্য দিয়ে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত গণহত্যাকে বৈধতা দিচ্ছেন এবং সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপরে অত্যাচারকে স্থায়ী রূপ দিচ্ছেন। যাঁরা মিয়ানমারে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা সংঘটিত পরিকল্পিত হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বলতে এখনো রাজি নন, তাঁরাও স্বীকার করেন যে একে ‘জাতিগত নিধন’ বলতেই হবে। জাতিসংঘের একজন কর্মকর্তা পর্যন্ত একে ‘জাতিগত নিধন’ বলেই চিহ্নিত করেছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযানের সূত্রপাত ৯ অক্টোবর সীমান্তে সেনাবাহিনীর চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের পরিকল্পিত ও সংগঠিত হামলার জবাব হিসেবে। সেনাবাহিনী নির্বিচারে বেসামরিক রোহিঙ্গাদের হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, কমপক্ষে ৩০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে, একটি অংশ দেশত্যাগে বাধ্য হচ্ছে। তাদের অনেকে ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে, আরও অনেকে চেষ্টা করছে।
বাংলাদেশ সরকার ২০১২ সালের মতো এই আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দিচ্ছে। এ নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর বেরোচ্ছে, সরকারের সিদ্ধান্ত ও করণীয় বিষয়ে দেশের ভেতরেও বিতর্ক হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে দেশের অধিকাংশ গণমাধ্যম অসহায় রোহিঙ্গাদের জীবন রক্ষার এই প্রচেষ্টাকে ‘অনুপ্রবেশ’ বলে বর্ণনা করছে। সরকারের এই অবস্থান ও গণমাধ্যমের এই মনোভঙ্গি কতটা সঠিক? যেসব যুক্তিতে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ ফিরিয়ে দিচ্ছে, তাই বা কতটা ইতিবাচক? এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের বোঝা দরকার যে সাম্প্রতিক কালে উদ্ভূত পরিস্থিতির কারণ কী।
মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ইতিহাস দীর্ঘ। দেশটিতে আরও অনেক সংখ্যালঘু জাতিগোষ্ঠী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার এবং তারা দীর্ঘদিন ধরেই মিয়ানমারের বিভিন্ন সময়ের সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে আসছে। প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী যেমন ১৯৪৬ সালে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সূচনা করে, তেমনি প্রধানত খ্রিষ্টান ধর্মানুসারী কারেন জনগোষ্ঠী ১৯৪৯ সাল থেকে সরকারের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ অব্যাহত রেখেছে। তাই, রোহিঙ্গাদের গত দুই দশকের বিদ্রোহকে বিবেচনায় নিয়ে পরিস্থিতি মূল্যায়নের চেষ্টা করলে এবং তাকে অন্যান্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থেকে একেবারেই আলাদা করে বিবেচনা করলে সামগ্রিক চিত্রটি বোঝা যাবে না। গত ৫০ বছরে মিয়ানমারের এসব বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে উত্থান-পতন ঘটেছে, নেতৃত্ব এবং আদর্শিক অবস্থানে পরিবর্তন ঘটেছে; অনেক সংগঠনের মৃত্যু ঘটেছে, তৈরি হয়েছে নতুন সংগঠন। কিন্তু দেশটিতে কমপক্ষে পাঁচটি ভিন্ন জাতিগোষ্ঠী বা অঞ্চল স্বায়ত্তশাসন থেকে শুরু করে সাংস্কৃতিক-জাতিগত পরিচয় রক্ষার জন্য সশস্ত্র লড়াই করছে। এরা হচ্ছে কাচিন জনগোষ্ঠী (যাদের সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সরকারের ১৭ বছরের যুদ্ধবিরতির অবসান ঘটে ২০১১ সালে) কায়েহ রাজ্য, শান রাজ্য, কারেন রাজ্য এবং আরাকানের রোহিঙ্গারা। প্রতিটি ক্ষেত্রেই রয়েছে একাধিক বিদ্রোহী সশস্ত্র বাহিনী।
মিয়ানমারের সেনাশাসকেরা ক্ষমতা হস্তান্তরের আগে প্রায় দুই বছর ধরে ১৫টি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে আটটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালের অক্টোবরে শান্তিচুক্তি করে, সাতটি বিদ্রোহী গোষ্ঠী চুক্তিতে স্বাক্ষর করেনি। সেই সময়ে সরকার রোহিঙ্গাদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়নি; তাদের কার্যত উপেক্ষা করা হয় এবং তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা অব্যাহত রাখার সিদ্ধান্তই বহাল রাখা হয়। এই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সু চির সরকার এ বছরের আগস্ট মাসে একটি শান্তি সম্মেলনের আয়োজন করে, সেখানে ১৮টি বিদ্রোহী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কিন্তু ৩ সেপ্টেম্বরে যখন এই সম্মেলন শেষ হয়, তখন দেখা যায় কোনো রকম মতৈক্য হয়নি। কারণ, সেনাবাহিনী যেকোনো ধরনের ব্যবস্থার ভিত্তি হিসেবে ২০০৮ সালের সংবিধানকে অক্ষুণ্ন রাখার ওপরে জোর দেয়, যেখানে সেনাবাহিনীর অসীম ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এই সম্মেলনের পরে মিয়ানমার-বিষয়ক বিশ্লেষকেরা সুস্পষ্ট করেই বলেছিলেন যে আলোচনা সবার অংশগ্রহণমূলক না হওয়ায় যেসব জাতিগোষ্ঠীকে বাদ দেওয়া হচ্ছে তাদের আরও বেশি কঠোর পথেই ঠেলে দেওয়া হচ্ছে এবং এতে করে দেশে অস্থিতিশীলতা বৃদ্ধির আশঙ্কা তৈরি হলো। শুধু তা-ই নয়, এই শান্তি প্রক্রিয়া চলাকালেও সেনাবাহিনী বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে গত সপ্তাহেও বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর যুদ্ধ হয়েছে।
গত বছর যখন সেনাশাসনের অবসান ঘটে এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ও তার নেত্রী অং সান সু চি ক্ষমতায় আসেন, তখন অনেকেই আশা করেছিলেন যে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রতিষ্ঠিত হবে এবং তাদের বিরুদ্ধে বৈষম্যের অবসান ঘটবে। কিন্তু সু চি ও তাঁর সরকার রোহিঙ্গা শব্দটি পর্যন্ত ব্যবহারের আগ্রহ দেখায়নি। তদুপরি তাদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত থাকে। তবে এটাও ঠিক যে এ বছরের আগস্ট মাসে সরকারের পক্ষ থেকে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে নয় সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিশন গঠন করা হয়, যাতে তিনজন আন্তর্জাতিক প্রতিনিধিও রাখা হয়, যারা রাখাইন রাজ্যের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখবে। এই উপদেষ্টা পরিষদের কাজ উপলক্ষে কফি আনান একবার মিয়ানমার সফর করলেও রোহিঙ্গাদের চলাচলের ওপরে আরোপিত বাধানিষেধ তোলা হয়নি, সুনির্দিষ্ট কোনো পদক্ষেপও নেওয়া হয়নি। তদুপরি মিয়ানমারের উগ্রপন্থী বৌদ্ধ দল ও গোষ্ঠীগুলো এই কমিশনের প্রবল বিরোধিতা করে আসছে।
এই পটভূমিকায়ই ৯ অক্টোবরের ঘটনা ঘটে। অন্যান্য অঞ্চলে বিদ্রোহীদের হামলার পরে সেনা অভিযানের ক্ষেত্রে যতটা কঠোর ব্যবস্থা নেওয়া হয় তার চেয়েও বেশি মাত্রায় কঠোরভাবে সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে তাদের অভিযান শুরু করে। চলমান সামরিক অভিযানের আশু কারণ যা-ই হোক, তার আকার ও প্রকৃতি থেকে এটা স্পষ্ট যে একে আনুপাতিক প্রতিক্রিয়া বলা যাবে না। বরং এটা রোহিঙ্গাদের নির্মূল করার রাষ্ট্রীয় নীতির অংশ। ১৯৭৭-৭৮ ও ১৯৯১-৯২ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে যেভাবে অভিযান চালানো হয়েছিল এবং ২০১২ সালে যেভাবে তাদের ওপরে হামলা হয়েছে এখনকার ঘটনাবলি এক অর্থে তা থেকে ভিন্ন নয়। রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করে ১৯৮২ সালে যে নাগরিকত্ব আইন হয়েছে তার মধ্য দিয়ে রাষ্ট্রীয় যে নীতি তারই প্রতিফলন হচ্ছে রোহিঙ্গাদের বিরুদ্ধে দফায় দফায় জাতিগত নিধন অভিযান। এবারে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তা সংঘটিত হচ্ছে বেসামরিক নির্বাচিত সরকারের সময় এবং তার বৈধতা তৈরি করা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে।
সামরিক বাহিনীর এই নির্বিচার অভিযানের সময়ে অং সান সু চির নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত কয়েক দিনে বিভিন্ন দেশে বিক্ষোভকারীরা সু চির এই ভূমিকায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু সু চি ও তাঁর দল নিজেদের আশু রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দিচ্ছে বলেই তাদের পক্ষে কোনো রকম পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। এই রাজনৈতিক বিবেচনার প্রথম দিক হচ্ছে সেনাবাহিনী। সু চি ও তাঁর দল ক্ষমতায় এসেছে ২০০৮ সালের সাংবিধানিক ব্যবস্থার অধীনে, সেখানে সেনাবাহিনীর কর্তৃত্ব সুস্পষ্ট। সেনাবাহিনীর ক্ষমতা খর্ব করা, বা তাকে মোকাবিলা করার জন্য যে প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়া দরকার ছিল, এনএলডি সে পথে পা বাড়ায়নি। নির্বাচিত সরকার মাত্রই যে সবার অংশগ্রহণমূলক হয় না এবং তার জবাবদিহির ব্যবস্থা যদি প্রাতিষ্ঠানিক না হয়ে ব্যক্তিকেন্দ্রিক হয়, তবে তার পরিণতি কী হয়, মিয়ানমারের সরকার তার উদাহরণ। সু চি সরকারের দ্বিতীয় বিবেচনা হচ্ছে জনপ্রিয়তা রক্ষা করা। মিয়ানমারে একধরনের অসহিষ্ণু বৌদ্ধ জাতীয়তাবাদী চিন্তার প্রসার ঘটেছে। উগ্রপন্থীরাই আধিপত্য তৈরি করেছে, যারা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ক্রমাগতভাবে একধরনের উসকানি দিয়ে আসছে। উগ্র জাতীয়তাবাদ সব সময়ই শত্রু তৈরি করে, এ ক্ষেত্রেও তা-ই ঘটছে। কিন্তু তার বিপরীতে অংশগ্রহণমূলক কোনো আদর্শিক অবস্থান না থাকায় এনএলডি ও সু চি তাদের হাতেই আটকা পড়েছেন। এ অবস্থার অবসান কীভাবে হবে বা আদৌ হবে কি না, সে প্রশ্ন ভিন্ন।
ইতিমধ্যে রোহিঙ্গারা নির্যাতনের মুখে দেশত্যাগ করতে বাধ্য হচ্ছে।
দ্বিতীয় পর্ব আগামীকাল
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।