'জেলফেরত এক ডাকাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসৈনিক আবদুল মতিন
ভাষাসৈনিক আবদুল মতিন

মেয়েদের নিয়ে ছড়া লিখেছেন, গল্প, ঠাট্টা করেছেন, অথচ কোনো দিন মা বলে ডেকে বুকে জড়িয়ে ধরা হয়নি তাঁর। শৈশবে নিজের মাকে হারিয়ে মা শব্দটা কঠিন হয়ে গিয়েছিল মায়ের ভাষার জন্য লড়াই করা সৈনিক আবদুল মতিনের কাছে। 
আমরা দুবোন তাঁকে ভাষাসৈনিক হিসেবে নয়, বরং বাবা হিসেবেই কাছে পেয়েছি। আমার বয়স তখন ছয়, আমরা নানাবাড়িতে আছি। একদিন, একমুখ দাড়ি-গোঁফওয়ালা একজন লোক এসে আমাকে জড়িয়ে ধরে সে কি আদর, সে নাকি জেল থেকে বের হয়ে এসেছে। আমি কুঁকড়ে গেলাম। বাবা তখনই দাড়ি কেটে ফেললেন।
আমরা ঢাকায় চলে এলাম। স্ত্রী, দুই মেয়ে, ছোট ভাইয়ের বিধবা স্ত্রী, তাঁর দুই ছেলেমেয়েকে নিয়ে এই সংসারবিবাগি মানুষটি সংসার শুরু করলেন। ধীরে ধীরে বাবা মানুষটিকে আমার পছন্দ হতে শুরু হলো। কারণ, সে অন্য বাবাদের মতো না। কখনোই পড়তে বসায় না। বৃষ্টি হলে হাত ধরে ভিজতে নিয়ে যায়। যখন তখন বলে, যাবি নাকি! আমরা জানতেও চাইতাম না, কোথায়! তার সঙ্গে খালি বেরিয়ে পড়লেই হলো। ঢাকার অলিগলি, বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার, বইমেলা, রমনা পার্ক, মহিলা সমিতি, বাংলাবাজার বইয়ের দোকান, শিল্পকলা একাডেমী, প্রেসক্লাব থেকে শুরু করে নবাবগঞ্জ, বগুড়া, রংপুর, কুষ্টিয়া, সীতাকুণ্ড কোথায় কোথায় না গিয়েছি আমরা, আহা!
কেমন গড়গড় করে দিন পার হয়ে গেল। এসএসসি পরীক্ষা এগিয়ে এল। স্কুলের বাছাই পরীক্ষায় বিশেষ রকমের ফেল করলাম, বাবাকে স্কুলে ডাকা হলো। মেয়ের এই কীর্তিতে তাঁর মাথা নুয়ে আসছিল।
বাসায় ফিরে বাবা কাছে ডাকলেন, তিনি ভেবেই পাচ্ছেন না, মানুষ ইতিহাসে ফেল করে কেমন করে! আমি বললাম পড়াশোনা না করে। বাবা হেসে ফেললেন, স্কুলের বইগুলো ভালো না তাই তো, তাহলে এগুলো পড়। আমার হাতে দুটো বই ধরিয়ে দিলেন, কার্ল মার্ক্সের ভারতবর্ষের ইতিহাস আর জওহরলাল নেহরুর ইন্দিরাকে লেখা চিঠি। তিন মাস পরে ম্যাট্রিক পরীক্ষা, আমি স্কুলের বই ফেলে দিয়ে নানান রকমের বই পড়ে বেড়াতে লাগলাম।
তার পরে যথাসময়ে ম্যাট্রিকের রেজাল্ট। বাবা খুশিতে ঝলমল করে উঠলেন। বললেন চল, দোকানে বসে মিষ্টি খেয়ে আসি।
তার পরে তো আমি বড়ই হয়ে গেলাম। আমাকে স্বাধীনতা দেওয়া হলো নিজের ভবিষ্যৎ পছন্দ করে নেওয়ার জন্য। আমি ছবি আঁকতে ভালোবাসি। বাবা বললেন, চলো চারুকলা। আমাদের দুবোনেরই আঁকার হাত ভালো ছিল। কেন! আমাদের পরিবারে কেউ তো শিল্পী নেই। তাই কী! বাবা যখন চীন গিয়েছিলেন, তাঁর কোনো ক্যামেরা ছিল না। আমাদের চীন দেখাবেন বলে, একটা খাতা ভর্তি করে চীনের বিভিন্ন কিছু স্কেচ করে এনেছিলেন।
সেই আমি ছবি আঁকা ছেড়ে এখন গল্প লিখি বা লেখার চেষ্টা করি। গল্প বলে অন্যদের মুগ্ধ করে রাখা যে আনন্দের হতে পারে, সেটাও আমার বাবার কাছে দেখা। তাঁর গল্প কত প্রাণবন্ত ছিল, তার একটা নমুনা বলি। ছোটবেলা থেকে দার্জিলিংয়ের গল্প শুনতে শুনতে আমাদের কান পচে গেল। আমি ভার্সিটি শেষ করে বন্ধুদের সঙ্গে দার্জিলিং বেড়াতে গেলাম। ‘ঘুম’ স্টেশন পার হওয়ার পর থেকেই খেয়াল করলাম, এই শহরের পথঘাট, পাহাড়ের বাঁক, দোকান, স্কুল, স্কুলগামী পাহাড়ি বাচ্চাগুলো, স্টেশন, টয়ট্রেন, মেঘের চাদর আর ধারালো কাঞ্চনজঙ্ঘার চূড়া সব যেন আমার বহুদিনের চেনা।
আমার একান্ত গোপন কথাগুলোও আমি মায়ের আগে বলেছি বাবাকে। বাবাও তাঁর অনেক কথা আমাকে বলেছেন। আমাদের এই কথা বলার দরকার হলে আমরা বেরিয়ে যেতাম রিকশায় ঘুরতে। রোদ এড়াতে বাবা ছাতি ফুটিয়ে রিকশায় বসতেন। তাঁর পাশে বসে মনের যত কথা বলে গেছি আমি। কখনো তাঁর চোখে পানি, কখনো আমার।
প্রতিদিন পত্রিকা পড়া, খবর দেখা আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছোটখাটো একটা টক শো আমাদের বাড়ির একটা অলিখিত প্রথা। কখনো মতের মিল হতো, কখনো ঝগড়া হতো। এতকিছুর পরও কোনো সংঘবদ্ধ দল বা রাজনৈতিক আদর্শের সঙ্গে আমি সরাসরি যুক্ত ছিলাম না। অনেকেই জানতে চাইত আমি বাবার রাজনীতি করব কি না। অথচ বাবা কখনো তার জন্য আমাকে চাপ দিতেন না। বলতেন দেশ আর সমাজ সম্পর্কে সচেতন থাকাটাই মুখ্য। নিজে প্রয়োজনীয়তা অনুভব করে যদি কখনো রাজনীতিতে আসতে চাও, এসো।
ভোজনরসিক হলেও স্বাস্থ্যসচেতন ছিলেন খুব। নানান রকম ভেষজ আর টোটকা মানতেন। আমাদেরও শেখাতেন। সেই সঙ্গে চলত তার স্বাস্থ্যপ্রবাদ। সেসব মানতেন বলেই হয়তো শরীরটা অনেক দিন পর্যন্ত খুব পেটানো ছিল। ৬০-৬৫ বছর বয়স পর্যন্ত সাধারণ জ্বরকাশি হতে দেখিনি। তাঁর যে প্রাণশক্তি, তা ছিল অবিশ্বাস্য রকমের। শেষের দিকে এসে প্রায়ই হাসপাতালে যেতে হতো। প্রতিবার হাসপাতালে গেলে বলতেন, ‘আরে শুকু আর কি দেখা হোবোনে!’ আমিও তাঁর মতো রসিকতা করে বলতাম, ‘এত সহজে! লড়াই তোমার রক্তে। এত সহজে মরে গেলে হবে নাকি।’ বাবা হা হা করে হাসতেন, ‘এই কথার পর মরি কেবা করে ক।’
মনে হতো, হাসি দিয়ে জীবনের অর্ধেক কষ্ট কমিয়ে রাখতেন তিনি। সারাটা জীবন লড়াই করেছেন হাসতে হাসতে। তিনি নিজে তো নির্লোভ ছিলেনই, আমাদেরও মনের মধ্যে কোনো রকম অভাববোধ তৈরি হতে দেননি। আমাদের বুঝিয়েছেন অর্থ নয়, সততার অভাবই মানুষকে দরিদ্র করে, ছোট করে।
বাবাকে কোনো দিন জীবনের চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে বসতে দেখিনি। পেয়েছেন মানুষের ভালোবাসা, বুকভরে তা গ্রহণ করেছেন। আর না পাওয়াও ছিল অনেক, তা নিয়ে আফসোস না করে হাসি-তামাশা করে উড়িয়ে দিয়েছেন। শেষবেলায় এসে হয়তো টের পেয়েছিলেন, রাষ্ট্রের যা অবস্থা, যথার্থ সম্মানে একটা কবর পেতে প্রটোকলের অভাব হলেও হতে পারে। একদিন আমার সঙ্গে সেসব নিয়ে আলাপও হয়েছিল। দেশপ্রেমিক আবদুল মতিন তাই নিজ দেহটাকে আর প্রহসনে না ফেলে জনস্বার্থেই রেখে গেলেন।
যেন, খেলা শেষে তৃপ্তির হাসি হেসে গ্যালারি থেকে চলে গেলেন জেলফেরত সেই ডাকাত। কান পাতলে বাবার প্রাণখোলা হাসি শুনতে পাই। সে হাসি ছড়িয়ে যাক বাঙালির প্রাণে প্রাণে।
মাতিয়া বানু: ভাষাসৈনিক আবদুল মতিনের কন্যা। নাট্যনির্মাতা।