'তরিকা খারাপ হলে লক্ষ্যও খারাপ হতে বাধ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সমাজে সাম্প্রদায়িক বিভাজন বাড়ছে
ভারতীয় সমাজে সাম্প্রদায়িক বিভাজন বাড়ছে

স্বাধীনতাসংগ্রামের অগ্নিপরীক্ষায় অবতীর্ণ হয়ে আমরা আদর্শবাদ ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়েছি। ব্রিটিশরা আমাদের এতই বিভাজিত করেছে যে আমরা তখন একরকম বুঝতেই পারিনি, বর্ণপ্রথা ও সম্প্রদায় প্রথার প্রতি আমাদের তখনকার বিতৃষ্ণা ছিল আসলে ক্ষণিকের। মুম্বাই দিয়ে ব্রিটিশ সেনারা দেশ ত্যাগ করার পরই সেই বিভাজন রেখা আবারও ফুটে ওঠে। আর আজ আমরা বর্ণ, ধর্ম ও ভাষায় বিভক্ত হয়ে পড়েছি।
জওহরলাল নেহরু ১৯২৯ সালের ২৬ জানুয়ারি রবি নদের তীরে দাঁড়িয়ে যে ঘোষণা দিয়েছিলেন, তার সঙ্গে আজকের ভারতের যোজন যোজন তফাত। সেদিন তিনি বলেছিলেন, ভারত পূর্ণাঙ্গ স্বাধীনতা চায়, ডমিনিয়ন স্ট্যাটাস নয়। তার পর থেকেই স্বাধীনতার দাবি দিকে দিকে উচ্চারিত হয়েছে। তখন খুব কম মানুষই বিশ্বাস করতে পেরেছিল, ১৮ বছর পর ব্রিটিশ শাসনের অবসান ঘটবে। কিন্তু কোনো রকম সহিংসতা ও তিক্ততা ছাড়াই আমরা তা অর্জন করেছিলাম।
হ্যাঁ, ব্যাপারটা এমন হয়েছিল যে শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে তৎকালীন ভাইসরয় লজ থেকে (আজকের রাষ্ট্রপতি ভবন) পার্লামেন্ট ভবন পর্যন্ত যেতে দুই ঘণ্টা লেগে যায়। লোকারণ্যে যত মানুষ ছিল, সবাই তাঁর সঙ্গে হাত মেলাতে চেয়েছে। সেখানে তিক্ততা ছিল না। আর মানুষ এক স্বাধীন রাষ্ট্রব্যবস্থার প্রতীক্ষা করছিল। যেখানে নির্বাচিত প্রতিনিধিরা তাঁদের সযত্নে লালিত বহুত্ববাদ ও উদারনীতির বাস্তবায়ন করবেন।
আমাদের এই সামাজিক গঠন কেন এভাবে ছিন্ন-বিচ্ছিন্ন হলো বা বহুত্ববাদী সমাজের স্বপ্ন কেন এভাবে দূরবর্তী হলো, সে প্রশ্ন আজ আমাদের গলায় খচখচ করছে। যেভাবেই দেখুন না কেন, সমস্যাটা আমাদের রাজনৈতিক দলগুলোর। তাদের সংকীর্ণতা ও ক্ষমতালিপ্সার কারণে যে আদর্শে বলীয়ান হয়ে আমরা এক মহাক্ষমতাধর ঔপনিবেশিক শক্তিকে একটিও গুলি খরচ না করে ভেঙে খানখান করে দিয়েছিলাম, সে আদর্শ তারা ছুড়ে ফেলে দিয়েছে।
কেউ বলতে পারেন, চীন যখন ১৯৬২ সালে ভারত আক্রমণ করল, তখনো তারা একইভাবে ভেবেছিল। কিন্তু তারা আখেরে দেখল যে পুরো দেশ একত্র হয়ে উত্তর-পূর্বাঞ্চলকে রক্ষা করছে। এর একমাত্র ব্যাখ্যা হতে পারে এ রকম: বাহ্যিক আত্রমণের মুখেই আমরা একত্র হই, বিভাজন বা বিতর্কের মুখে নয়।
কারণটা যতই তিরস্কারযোগ্য হোক না কেন, সেটা আজ আর হালে পানি পায় না। দেশটি আজ বর্ণ ও ধর্মে গভীরভাবে বিভাজিত। এটা আরও বাজে হয়ে ওঠে তখন, যখন রাষ্ট্র নিজেই বিবাদে জড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নভাবনা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। কিন্তু তিনি যখন আরএসএস নেতাদের সঙ্গে দেখা করেন, তখন তাঁর ঔজ্জ্বল্য অনেকাংশেই হ্রাস পায়। যে নেতারা তাঁদের হিন্দু রাষ্ট্রের নীতির কথা খোলাখুলি বলতেও লজ্জা পান না।
বিজেপি কেন্দ্রে শাসন করছে। তার শাসনে ভারতের বহুত্ববাদী ও গণতান্ত্রিক সমাজের ধারণা ক্ষতিগ্রস্ত হয়। চরমপন্থী ইসলাম হিন্দুদের মধ্যেও চরমপন্থা উসকে দিচ্ছে, এ কথার সঙ্গে আমি একমত নই। আরএসএস সুপরিকল্পিতভাবে এই রাষ্ট্রের রূপ-রস পরিবর্তন করছে, যাতে তা হিন্দু হিন্দু লাগে। সংগঠনটির প্রধান মোহন ভাগওয়াত জনসমক্ষে অনেকবার গর্বভরে বলেছেন, হিন্দুরাজ ৮০০ বছর পর ফিরে এসেছে! কথা হচ্ছে, সংখ্যালঘুদের ওপর এর কী প্রভাব পড়বে? অনেক মুসলিম নেতা আমাকে বলেছেন, তাঁরা ভীতির মধ্যে আছেন।
ব্যাপারটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে রাশভারী মুসলিম চিন্তকেরা ইসলামের চরমপন্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এদিকে হিন্দু ছাত্রদের মাদ্রাসায় ভর্তি করার প্রক্রিয়াও শুরু হয়েছে। মুসলিম ছাত্ররাও ডিএভি ও আর্য সমাজ প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক।
অস্বস্তির ব্যাপার হচ্ছে, ধর্মনিরপেক্ষ দলের কর্মীরাও বিজেপির হাত শক্তিশালী করছে। এটা কোনো আদর্শবাদ নয়, এটা নিছক ক্ষমতার সঙ্গে থাকা। কিরণ বেদীর মতো মানুষ সারা জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকলেও এখন তোতাপাখির মতো বিজেপির বুলি আওড়ে যাচ্ছেন। মূলত এটা ক্ষমতা ও পদের প্রলোভন।
এসব ঘটনার যে কুপ্রভাব পড়তে পারে, তা মোটেও স্বাস্থ্যকর নয়। এতে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা নিজেদের দ্বিতীয় শ্রেণির নাগরিক ভাবতে বাধ্য হচ্ছে। এতে ভারতের প্রাণশক্তি দুর্বল হয়ে পড়বে, উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সংখ্যালঘু ও প্রান্তিক মানুষদের অন্যদের মতো একইভাবে প্রাপ্তিযোগ ঘটছে, এমন ধারণা তৈরি না হলে ভারতের চাকাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ঐক্যবদ্ধ উদ্যোগ চোখে পড়বে না।
বিজেপির এই ক্রমবর্ধমান প্রভাবে শুধু সংখ্যালঘুদের নয়, ভারতের উদারপন্থীদেরও উদ্বিগ্ন হওয়া উচিত। মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় সৃষ্ট ভারতের ধারণা এ রকম: যে রাষ্ট্রের সবাই আইনের চোখে সমান। সবার অধিকার সমান। মুসলমানরা মনে করছে, তাদের পিঠ ক্রমেই দেয়ালে ঠেকে যাচ্ছে। এতে তারা বেপরোয়া হয়ে উঠতে পারে। আমরা অতীতে এমনটা দেখেছি। আরও বিপজ্জনক ব্যাপার হচ্ছে, বর্তমানেও তা আছে।
এ মাসের প্যারিসের ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করা ইসলাম ধর্মের দৃষ্টিতেও ন্যায্য নয়। হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা গ্রহণযোগ্য নয়, কিন্তু সেই অবমাননাকারী মানুষদের হত্যা করাও একইভাবে গ্রহণযোগ্য নয়। এই অবমাননা বিশ্বাসীদের মনে যে যন্ত্রণার সৃষ্টি করেছে, তা আমি বুঝতে পারি। কিন্তু সেই মানুষদের হত্যা করা মানবতার ওপর চরম অভিঘাত, বিশেষ করে মতামতের স্বাধীনতার ওপর।
একটা কথা আছে, অন্যের ক্ষতি না করা পর্যন্ত তোমার স্বাধীনতার সীমা, এটা স্বতঃসিদ্ধ। এ ক্ষেত্রে কথাটা প্রযোজ্য। কিন্তু এ ঘটনায় প্রতিশোধটা নেওয়া হলো হত্যার মধ্য দিয়ে। ধর্মের মূল ব্যক্তিদের অবমাননার শাস্তির ভার মানুষ যদি নিজের হাতে তুলে নেয়, তাহলে জঙ্গলের রাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু মানুষের ক্রোধের কারণটা বোধগম্য। সেটা প্রশমনের উদ্যোগও নেওয়া উচিত। ধর্মের অবমাননার বিরুদ্ধে মানুষ অস্ত্র তুলে নিলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? তরিকাটা খুবই গুরুত্বপূর্ণ।
মহাত্মা গান্ধী বলেছিলেন, তরিকা খারাপ হলে লক্ষ্যও খারাপ হতে বাধ্য। ভারতীয়রা সে পর্যায়ে উঠতে পারেনি, এটা সত্যিই করুণার বিষয়। কিন্তু এতে তার কথার মর্যাদা মিথ্যা হয়ে যায় না। এক কথায় বললে, অন্ধত্ব, চরমপন্থা ও জিহাদে জেরবার হয়ে গেলে সহযোগিতা ও সমঝোতার পথে হাঁটতে হয়—এটাই একমাত্র নীতি। রবির তীরে নেহরু যখন পতাকা উত্তোলন করেছিলন, তখন তাঁর স্বপ্নও ছিল তা-ই। ভারত সেই পথে হাঁটুক, সেটাই আমার ইচ্ছা। তাহলে সে অন্য দেশের জন্য উদাহরণ হয়ে উঠতে পারে, বিশেষ করে প্রতিবেশীদের জন্য।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
কুলদীপ নায়ার: ভারতের সাংবাদিক।