‘তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন: প্রয়োজনীয়তা ও বাস্তবতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ নভেম্বর ২০১২, ‘তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন: প্রয়োজনীয়তা ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান প্রজ্ঞা, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স ও ব্লুমবার্গ গ্লোবাল ইনিশিয়েটিভ টু রিডিউস টোব্যাকো ইউজ। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য এই ক্রোড়পত্রে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো। যাঁরা অংশ নিলেনশফিক আহমেদ মন্ত্রী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়নাজমা আক্তার সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদমুহম্মদ হুমায়ুন কবির জ্যেষ্ঠ সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়অরূপ রতন চৌধুরী অধ্যাপক, বারডেম ও প্রতিষ্ঠাতা সভাপতি, মানসমোস্তফা জামান, ন্যাশনাল প্রফেশনাল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থাইশরাত চৌধুরী, টেকনিক্যাল অ্যাডভাইজার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যাগেইনস্ট টিবি অ্যান্ড লাং ডিজিজেসইকবাল মাসুদ, সহকারী পরিচালক, ঢাকা আহ্ছানিয়া মিশনরুহুল আমিন রুশদ্্, জ্যেষ্ঠ বার্তা সম্পাদক, বাংলাভিশন ও আহ্বায়ক, তামাকবিরোধী সাংবাদিক জোটসৈয়দ মাহ্বুবুল আলম, পরিচালক, ডব্লিউবিবি ট্রাস্টতাইফুর রহমান, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া কো-অর্ডিনেটর, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্সসাইদ বদরুল করিম, চেয়ারম্যান, প্রজ্ঞাসঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম: দেরিতে হলেও তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়েছে। আশা করি, অন্য প্রক্রিয়াগুলো দ্রুত শেষ হবে। জাতীয় সংসদে সংশোধিত আইনটি পাস হবে। তামাক বলতে শুধু সিগারেট নয়, এর সঙ্গে জর্দা, সাদাপাতা, গুলসহ আরও অনেক কিছু রয়েছে। তামাকের সব উপকরণই সংশোধনীতে এসেছে। এটি একটি ভালো দিক। অস্ট্রেলিয়া ধূমপান নিরুৎসাহিত করার জন্য নতুন আইন করেছে। এখন থেকে বিভিন্ন সিগারেট কোম্পানির সিগারেটের প্যাকেটের রং ও নকশা সব একই রকম হতে হবে। কোম্পানির নামও একই রকম হরফে লিখতে হবে। এতে একটা সুবিধা হলো, নতুন কোনো কোম্পানি হঠাৎ চটকদার মোড়কে বাজারে আসার সুযোগ পাবে না। আমাদের দেশেও এ ধরনের উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করতে হবে। এখন তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিষয়ে আলোচনার প্রাথমিক সূত্রপাত করবেন শফিক আহমেদ।শফিক আহমেদ: সবাই জানি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক পরিবারের অভিভাবকেরা ধূমপান করেন। এর ফলে ওই সব পরিবারের শিশুরাও ক্ষতিগ্রস্ত হয়। ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সরকার অবহিত। সে জন্য আমরা এ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছি। আমাদের ওপর নানা মহলের চাপ ছিল। তাদের কথা শোনা হয়নি। এ আইনের দুটি দিক আছে। এক, ধূমপান করলে সাজার ব্যবস্থা আছে। দুই, ধূমপান যাতে না করে সে ব্যবস্থা আছে। বিমানবন্দর একটি আন্তর্জাতিক পরিমণ্ডল। এখানে ধূমপানের জন্য নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে। কিন্তু হোটেল, রেস্টুরেন্টসহ অন্য জনবহুল জায়গাগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা সব জায়গায় ধূমপানবিরোধী আন্দোলন পৌঁছে দিতে হবে। সচেতন নাগরিক সমাজ এ আন্দোলন করতে পারে। তাহলে হাজার হাজার মানুষ ধূমপানের ক্ষতির হাত থেকে, এমনকি মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারে। আপনারা জানেন, মন্ত্রিসভায় আইনটি অনুমোদিত হয়েছে। এখন সংসদীয় স্থায়ী (স্ট্যান্ডিং) কমিটিতে যাবে। এখানে আইনের কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরও এ কমিটিতে ডাকা হতে পারে। তাঁদের প্রয়োজনীয় পরামর্শ ও মতামত দেওয়ার সুযোগ রয়েছে। এরপর আগামী জানুয়ারির অধিবেশনে সংসদে উত্থাপিত হবে। প্রত্যেকটি ধারা আলোচনার পর পাস হবে। এ প্রক্রিয়ার বিভিন্ন পার্যায়ে পরামর্শ ও মতামত দেওয়ার সুযোগ রয়েছে। সবাই একটি ধূমপানমুক্ত পরিবেশ চাই। কারণ, ধূমপানের ক্ষতিকর প্রভাব আমরা সবাই কমবেশি জানি। কোনো পরিবারের পিতা ধূমপান করলে তাঁর স্ত্রীর ফুসফুস ক্যানসার হতে পারে। সন্তানের শ্বাসতন্ত্রের প্রদাহ (ব্রঙ্কাইটিস) হতে পারে। বিকলাঙ্গ সন্তান হতে পারে। আরও নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আরও একটি শঙ্কার দিক হলো, বর্তমান যুবসমাজ মাদকে আক্রান্ত হচ্ছে। সীমান্ত এলাকা দিয়ে দেশে মাদক প্রবেশ করছে। ধূমপানের সঙ্গে মাদকের একটা সম্পর্ক রয়েছে। ধূমপান করতে করতে মাদকের দিকে চলে যায়। টেলিভিশনের খবরে দেখলাম, উত্তরাঞ্চলে কয়েকটি গ্রামে শুধু গাঁজার চাষ হচ্ছে। অবশ্য র্যা ব সে গাছ উপড়ে আগুন ধরিয়ে দিয়েছে। ধনী এবং দরিদ্রদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা বেশি। আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ। আলোচনা থেকে যেসব পরামর্শ আসবে, আমরা সেগুলো গ্রহণ করার চেষ্টা করব। আব্দুল কাইয়ুম: প্রথম আলো প্রতি মাসে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির জন্য কর্মশালা করে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাদকে আসক্ত। মাদক গ্রহণ শুরু হয় ধূমপান দিয়ে। ধূমপান বন্ধ হলে মাদকের ভয়াবহতা কমে আসবে।সাইদ বদরুল করিম: তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীর বিষয়ে দীর্ঘদিন কাজ করে আসছি। বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও প্রচেষ্টা চালিয়েছি। মন্ত্রিসভায় নীতিগতভাবে আইনের সংশোধনী পাস হয়েছে। আশা করছি, অন্য প্রক্রিয়াগুলো দ্রুত শেষ হবে। তামাক জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর একটি উপকরণ। গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে এ বিষয়টি যেভাবে গুরুত্ব পাওয়ার কথা ছিল, সেভাবে পায়নি। ২০০৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী, ধূমপানজনিত কারণে প্রতিবছর বাংলাদেশে ৫৭ হাজার মানুষ মারা যায়। সে হিসাবে প্রতিদিন মারা যায় ১৫৬ জন। পৃথিবীতে দুর্ঘটনার পরই ধূমপানের কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। বহু বছর ধরে এ দেশে তামাক কোম্পানিগুলো বৈধ লাইসেন্স নিয়ে এই ক্ষতিকর ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। দেশে অবাধে তামাকজাত দ্রব্য উৎপাদন হয়। ব্যবসায়ীরা খুব সহজে ধূমপানের উপকরণ পেয়ে যান। একে নিয়ন্ত্রণ করতে হবে। পৃথিবীতে সবচেয়ে সস্তায় নিম্নমানের বিড়ি ও সিগারেট বাংলাদেশে পাওয়া যায়। এটি স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর। নতুন প্রজন্মকে বাঁচানোর উদ্যোগ নিতে হবে। সব তামাকজাত দ্রব্যকে প্যাকেটজাত করা দরকার। খুচরা বিক্রি অবশ্যই বন্ধ করতে হবে। একটি না কিনে, এক প্যাকেট কিনতে হলে টাকা বেশি লাগবে। তরুণদের কাছে সাধারণত বেশি টাকা থাকে না। তাই তরুণেরা খুচরা না কিনতে পারলে ধূমপানে নিরুৎসাহিত হবে। ভবিষ্যতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে ধূমপানের বিরুদ্ধে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।তাইফুর রহমান: ২০০৫ সালে আইনটি তৈরি হয়েছিল। এখন সাত বছর পর এর সংশোধনীর সুযোগ এসেছে। সংশ্লিষ্ট সবার লক্ষ থাকবে, কীভাবে আইনের সর্বোচ্চ সুবিধা গ্রহণ করা যায়। বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে। বাংলাদেশের ঐতিহ্য রয়েছে আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান জানানোর। বিশ্বের মধ্যে বাংলাদেশ এফসিটিসির (ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল) প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে গর্ব করে। তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী করে এই চুক্তির প্রতি আরেকবার সম্মান জানানো হলো। এই আইনের মধ্য দিয়ে এফসিটিসির শর্তগুলো অনেক ক্ষেত্রে মানা হয়েছে। এফসিটিসির আলোকে কয়েকটি বিষয় বলতে চাই। যেমন, এফসিটিসির বাধ্যবাধকতা আছে, ধূমপানমুক্ত এলাকায় ধূমপানের জন্য কোনো নির্দিষ্ট জায়গা রাখা যাবে না। অর্থাৎ যে জায়গাগুলো ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে, সে জায়গাগুলো সম্পূর্ণ ধূমপানমুক্ত হবে। বিশ্বের প্রায় ৫০টি দেশে এ রকম ধূমপানমুক্ত এলাকা আছে। কিন্তু তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীতে ধূমপানমুক্ত জায়গায় আলাদা করে ধূমপানের জায়গা রাখা হয়েছে। এটি এফসিটিসির পরিপন্থী। কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করব, তারা যেন এ বিষয়টি পুনর্বিবেচনা করে। গবেষণায় দেখা গেছে, ধূমপানমুক্ত এলাকায় ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান থাকলে অধূমপায়ীদের ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যায় না। আমাদের দেশে আছে ডিএসএ (ডেজিগনেটেড স্মোকিং জোন) অর্থাৎ ধূমপানের জন্য নির্দিষ্ট জায়গা। গবেষণায় দেখা গেছে, বদ্ধ ঘরে ধূমপান করলেও বায়ু চলাচল (ভেন্টিলেশন) পথের মাধ্যমে অধূমপায়ীদের ক্ষতি হয়। ধূমপানমুক্ত এলাকায় ধূমপানের জন্য যেন নির্দিষ্ট জায়গা না রাখা হয়। এটি এবার যদি সংশোধন করা না যায়, তাহলে আরও অনেক বছর অপেক্ষা করতে হবে। আজকের আলোচনায় মন্ত্রী, সাংসদ ও সচিব আছেন। তাঁরাসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, বিষয়টি যেন আন্তরিকতার সঙ্গে বিবেচনা করেন। আমরা জানি, তামাক কোম্পানিগুলো থেকেও অনেক বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হবে। যেমন, তারা বলে, আইন করে লাভ নেই, সচেতনতাই যথেষ্ট। কিন্তু পৃথিবীর কোথাও এ রকম একটি উদাহরণ নেই, যেখানে শুধু সচেতনতা বৃদ্ধি করে তামাক নিয়ন্ত্রণ করা গেছে। সচেতনতার সঙ্গে অন্যান্য দেশে আইন, নীতি, বাড়তি কর, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন বিষয় কার্যকর আছে। তামাক নিয়ন্ত্রণের জন্য শুধু আইন, শুধু সচেতনতা নয়; আইন, সচেতনতাসহ অন্যান্য কার্যকর উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করতে হবে।সৈয়দ মাহ্বুবুল আলম: মন্ত্রী ও স্বাস্থ্যসচিবের আন্তরিক প্রচেষ্টায় একটি শক্তিশালী আইন হবে বলে আশা করছি। তার পরও একধরনের শঙ্কা থেকে যায়। কারণ, আমাদের প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী। সাধারণ মানুষের মধ্যে ধারণা আছে, আইন বাস্তবায়িত হয় না। বর্তমান বাস্তবতায় কয়েকটি বিষয় বলতে চাই। ধূমপানমুক্ত এলাকায় ধূমপান করলে জরিমানা করা হয়। বর্তমান বিধান অনুসারে জরিমানা করতে হলে একজন ম্যাজিস্ট্রেট প্রয়োজন। যেমন, কমলাপুর রেলস্টেশন ও সায়েদাবাদ বাসস্টেশনে ধূমপান করার জন্য পুলিশ কোনো একজনকে ধরল। কিন্তু পুলিশ তাঁকে জরিমানা করতে পারবে না। এর জন্য নিয়ে যেতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে। এর ফলে আইনের প্রয়োগ সীমিত হয়ে যাবে। কিন্তু যেখানে আইন লঙ্ঘিত হচ্ছে, সেখানকার স্থানীয় কর্মকর্তাদের ক্ষমতায়ন করা গেলে আইনের প্রয়োগ বেশি হবে। আবার, পুলিশ কর্মকর্তা নিজেই সরকারি স্ট্যাম্পের বিনিময়ে জরিমানা আদায় করে নিতে পারেন। এ বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি।আইনের ১৪ ধারায় আছে, কোনো প্রতিষ্ঠানের কেউ আইন ভঙ্গ করলে কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ছাড়া আদালত মামলা নেবেন না। এ ধারা আইন প্রয়োগের পরিপন্থী। গত পাঁচ বছরে এ রকম তিনটি মামলা হয়েছে। এ মামলাগুলোর কোনো অগ্রগতি হয়নি। কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছি। তারা কোনো ব্যবস্থা নেয় না। ফলে আইন বলবৎ হয় না। পরিবেশ আইনের মতো এখানেও আইনটি উঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।আইনের ১২ ধারায় বলা আছে, তামাকজাত দ্রব্য নিরুৎসাহিত করার জন্য নীতিমালা করা হবে। তাই অনুরোধ করব, মন্ত্রী নীতিমালার জন্য একটা সময়সীমা বেঁধে দেবেন। ইশরাত চৌধুরী: জাতীয় সংসদে রাষ্ট্রপতি বিভিন্ন বিষয় নিয়ে ভাষণ দেন। তাঁর ভাষণে তামাক নিয়ন্ত্রণ আইনের কথা থাকলে বিষয়টি গুরুত্ব পাবে। রাষ্ট্রপতির ভাষণে উল্লেখ থাকলে সাংসদেরা এ বিষয়ে আলোচনার সুযোগ পাবেন। একটি স্কুলের বাচ্চা চার-পাঁচ টাকা দিয়ে একটি সিগারেট কিনে খেতে পারে। সাধারণত এক প্যাকেটের দাম ৫০ থেকে ১০০ টাকা হয়। তাই স্কুলের বাচ্চা এই টাকা দিয়ে সম্ভবত ধূমপান করবে না। তা ছাড়া সব ধরনের তামাকজাত দ্রব্যের প্যাকেট হলে বিশেষভাবে মহিলাদের সতর্ককরণের দিকটিও গুরুত্ব পাবে। বারবার আইন সংশোধনীর সুযোগ পাওয়া যায় না। এই সুযোগে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর সব দিক যেন আইনে উল্লেখ থাকে।ইকবাল মাসুদ: বাংলাদেশ এফসিটিসির প্রথম স্বাক্ষরকারী দেশ এবং ২০০৪ সালে চার-পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম অনুস্বাক্ষরকারী দেশ। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে দেশে তামাক নিয়ন্ত্রণ আইন হয়। আমরা সে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম। তখন বিভিন্ন তামাক কোম্পানি বাস্তবসম্মত নয় বলে অনেক কিছু বাদ দিয়েছিল। যেগুলো আবার এখনকার আইনে অন্তর্ভুক্ত হয়েছে। এ অন্তর্ভুক্তি প্রমাণ করে, সে সময় এগুলো বাদ দেওয়া ঠিক হয়নি। এখনো যদি আবার বাস্তবসম্মত নয়, অযৌক্তিক ইত্যাদি কথা বলে বা কোনো প্রকার চাপ প্রয়োগ করে কোনো কিছু বাদ দেওয়া হয়, তাহলে আইন পাসের পর থেকে এর অভাব অনুভব করতে থাকব। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, এরা যেন কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে। ২০০৫ সালে দেশে তামাক নিয়ন্ত্রণ আইন হয়। বিশ্বের অনেক দেশ তখন বাংলাদেশের আইনকে সমর্থন করে। কারণ, অনেক দেশেই তখন বাংলাদেশের মতো এ রকম একটি আইন ছিল না। ২০০৫ থেকে ২০১২ সাল, এ সাত বছরে বিশ্বের অনেক দেশ অনেক বেশি শক্তিশালী আইন করেছে। আমরা ২০০৫ সালের আইন নিয়ে পড়ে আছি। নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের প্রায় ৫০টি দেশ ছবিযুক্ত স্বাস্থ্য সতর্কবাণী ব্যবহার করছে। এফসিটিসির প্রথম স্বাক্ষরকারী দেশ হওয়া সত্ত্বেও আমরা এখনো তা করতে পারিনি। দেশের ৪০ ভাগ মানুষ সতর্কবাণী পড়তে পারে না। সে জন্য বিশেষজ্ঞদের দ্বারা ধূমপানবিরোধী ছবি বাছাই করে সিগারেটের প্যাকেটে ছবি সংযোজন প্রয়োজন।বাংলাদেশের বড় সিগারেট কোম্পানিগুলো বাইরের দেশের। এরা নিজেদের দেশে ধূমপানের বিরুদ্ধে শক্তিশালী আইন করেছে। কিন্তু আমাদের দেশের আইনকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। আমেরিকা এফসিটিসিতে স্বাক্ষর করেনি। তার পরও তাদের বিমানবন্দর, রেস্টুরেন্ট, বারগুলো ধূমপানমুক্ত। নিউইয়র্ক সিটি ধূমপানমুক্ত শহরের মডেল হতে যাচ্ছে। মুখের ক্যানসারে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত বাংলাদেশে। এর অন্যতম কারণ ধূমপান। শেষে বলতে চাই, সবকিছু বিবেচনা করে বাংলাদেশের মানুষের বাস্তবতায় যতটা কার্যকর করা যায় মন্ত্রী ও সচিব সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশা করছি।অরূপ রতন চৌধুরী: জেনেভা সম্মেলনের (কনভেনশন) পর জাতিসংঘে আর কোনো সম্মেলন হয়নি। কিন্তু তামাক নিয়ে সম্মেলন হয়েছে। জাতিসংঘ মনে করেছে, যুদ্ধ যেমন মানুষকে বিপর্যস্ত করে দেয়, তেমনি তামাকও মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মানুষ দীর্ঘদিন ধরে ধূমপানের ক্ষতির বিষয় শুনে আসছে। এখন বেশি দরকার আইনের প্রয়োগ। আইন অনেক আছে। কিন্তু এর প্রয়োগ নেই। আমরা রাস্তায় চলি। কয়জন লোক সবুজবাতি-লালবাতি মানি? পুলিশ মানতে বাধ্য করে। নিজের ভেতর থেকে আইন মানার সংস্কৃতি তৈরি হয়নি। এটা খুব জরুরি। ভেজালবিরোধী আন্দোলনে আইন প্রয়োগের উদ্যোগ দেখেছি। মানুষ এ ক্ষেত্রে সচেতন হওয়ার চেষ্টা করছে। আইন প্রয়োগকারী সংস্থা নিজেই আইন জানে না। তারাও ধূমপানের ক্ষেত্রে আইন ভঙ্গ করে। তামাক নিয়ন্ত্রণের জন্য টাস্কফোর্স আছে। একে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। আইনে আছে, যানবাহনের চালকদের বাধ্যতামূলকভাবে গাড়িতে লিখতে হবে, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’। কিন্তু তাঁরা লিখছেন না। গাড়ি চালানোর সময় ধূমপান করছেন। অনেক ক্ষেত্রে তাঁদেরও দোষ নয়। কারণ, তাঁরা আইন জানেন না। ধূমপানের শাস্তির বিষয়গুলো দেশব্যাপী ব্যাপকভাবে প্রচার করতে হবে। দেশের হাসপাতালগুলোকে ধূমপানমুক্ত করতে হবে। এ ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। টেলিভিশনের নাটকগুলোতে নায়ক ও ভিলেনের মুখে সিগারেট দেখা যায়। সমাজে এটা খুবই খারাপ প্রভাব ফেলে। নাট্যনির্মাতাদের এ বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে। শাহরুখ খানের মুখে সিগারেটের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলিউডকে সতর্ক করেছে। ১৮ বছরের নিচের ছেলেদের কাছে সিগারেট বিক্রি করা নিষেধ। এ আইন বাস্তবায়ন নিয়ে সংশয় থেকে যাচ্ছে। কিছু ব্যক্তি এ আইনের বিপক্ষে। সাংসদদের কেউ কেউ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তামাক ব্যবসার সঙ্গে জড়িত। সংসদে যখন আইনটি উঠবে, তাঁরা বিরেধিতা করার চেষ্টা করবেন। এ দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ধূমপানে ফুসফুসের ক্যানসার, মুখের ক্যানসার, হূদেরাগ, শ্বাসতন্ত্রের প্রদাহ, মস্তিষ্কে আকস্মিক রোগের আক্রমণ, বিকলাঙ্গ ইত্যাদি হতে পারে। ধূমপানের এসব ক্ষতিকর দিক নিয়ে মুঠোফোন কোম্পানিগুলো প্রতিদিন একটা খুদে বার্তা পাঠাতে পারে। একটা নেতিবাচক বিষয় বারবার দেখলে মানুষ ইতিবাচকের দিকে ফিরে আসে। মোস্তফা জামান: একটি খুশির সংবাদ হলো, তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমের মধ্যে ধূমপানের বিষয়টি অন্তর্ভুক্ত হচ্ছে। জনসচেতনতা সৃষ্টি করতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধূমপানমুক্ত এলাকায় ধূমপানের জায়গা রাখা নিয়ে অনেক কথা হয়েছে। আমি সামান্য কিছু যুক্ত না করে পারছি না। ধরা যাক, একটি অফিস ধূমপানমুক্ত। কর্মচারীরা চান, তাঁদের জন্য একটা আলাদা ধূমপানের জায়গা হোক। আমাদের দেশের সংস্কৃতিতে কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে ধূমপান করেন না। ফলে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক ধূমপানের জায়গা করতে হবে, যা একেবারেই অসম্ভব। তাই জোরালো অনুরোধ করব, কোনোভাবেই ধূমপানমুক্ত এলাকায় ধূমপানের জন্য আলাদা করে জায়গা রাখার বিধান যেন আইনে না থাকে। লঞ্চগুলোতে কাজ করতে গিয়ে দেখেছি, যেখানে বেশি মানুষ এক জায়গায় থাকে, সেখানে ধূমপান করে না। দীর্ঘ যাত্রাপথে যদি তারা ধূমপান না করে থাকতে পারে; তবে কেন অফিসে ধূমপান করবে? উন্নত বিশ্বে দেখা যায়, ধূমপানের প্রয়োজন হলে অফিস-আদালত অর্থাৎ নির্দিষ্ট স্থানের বাইরে এসে ধূমপান করছে। ধূমপানমুক্ত জায়গায় ধূমপানের জন্য আলাদা জায়গা রাখার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। ধূমপানের জরিমানার ক্ষেত্রে একই দেশে দুই আইন থাকতে পারে না। যেমন, সিলেট ও রংপুর সিটি করপোরেশনে ৩০০ টাকা জরিমানা। অন্যান্য জায়গায় ১০০ টাকা। এ বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। অ্যালকোহল তামাক থেকে কম ক্ষতিকর হলেও তা বিক্রির জন্য লাইসেন্স নিতে হয়। তামাকের বেলায় নিতে হয় না। দাবি থাকবে, তামাক বিক্রির জন্য যেন অবশ্যই লাইসেন্স নিতে হয়। রুহুল আমিন রুশদ্: দেশের তামাক কোম্পানিগুলো ভেড়ার ছদ্মাবরণে নেকড়ের ভূমিকা পালন করছে। তারা কুইজ প্রতিযোগিতা করে। চাকরির প্রস্তাব দেয়। তরুণীদের গোলাপি প্যাকেটে বিনা মূল্যে সিগারেট দিয়ে ধূমপানে উৎসাহিত করছে। মোট কথা, তরুণসমাজকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার, সবই করার চেষ্টা করছে। আইনমন্ত্রী ও সচিবের আন্তরিক চেষ্টায় কঠোর আইন হতে যাচ্ছে। এ আইন যুবসমাজকে রক্ষা করতে সাহায্য করবে। কোম্পানিগুলো সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) নামে বিপুল পরিমাণ অর্থ ছড়িয়ে দিচ্ছে। সেরা চারা সরবরাহকারী হিসেবে মন্ত্রীদের কাছ থেকে সনদ নিচ্ছে। মূলত অল্প কিছু টাকা খরচের মধ্য দিয়ে নিজেদের কোটি কোটি টাকার বিজ্ঞাপন করছে। বাজেটের সময় তামাক কোম্পানিগুলো বিভিন্ন ধরনের গুজব ছড়ায়। বলা হয়, দেশে বিড়িশ্রমিকের সংখ্যা ৫০ থেকে ৬০ লাখ। আমরা জানি, দেশে প্রতিদিন বিড়ির চাহিদা এক কোটি। ৬০ লাখ শ্রমিক প্রতিদিন কত বিড়ি বানায়? সে বিড়ি যায় কোথায়? বিড়ি চোরাচালানি হওয়ার খবর আমরা কখনো পাইনি। তাহলে এটা কিসের গুজব? এক জরিপে জানা যায়, দেশে বিড়িশ্রমিকের সংখ্যা ৬০ হাজার। ৬০ হাজার মানুষের জন্য কোটি কোটি মানুষ ধ্বংসের মুখে পড়বে? ওদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন।তামাকজাত দ্রব্যের দাম বাড়ানোর সময় বলা হয়, দাম না কমালে বিদেশি তামাকজাত দ্রব্যে দেশ ছেয়ে যাবে। আমি যে গণমাধ্যমে কাজ করি, সেখানেও এ ধরনের প্রচার করা হয়। নীতিনির্ধারণীসহ সব পর্যায়ে ওদের লোক আছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এরা খুঁজে বের করে এবং তাদের কোনো না কোনো প্রলোভনে তারা ধরা দেয়। এটা দুঃখজনক। নাজমা আক্তার: ধূমপানের বিষয়টি আমি ঘৃণা করি। এ জন্য এ বিষয় কোথাও কোনো আলোচনা হলে চলে যাই। আজকের আলোচনায় সাংসদদের ভূমিকা নিয়ে প্রশ্ন এসেছে। এটা যৌক্তিক প্রশ্ন। কারণ, বাজেটের সময় এলে সাংসদদের একটা দলকে কোম্পানিগুলো তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করে। তারা সাংসদদের কাছ থেকে ডিও সংগ্রহ করতে থাকে। এ বিষয়ে প্রতিবাদ করেছি। নারী সাংসদদের বলেছি, ডিও লেটারে সই করা মানে মৃত্যুর পক্ষে সই করা। নবম সংসদে আমিও একটা সই করতে বাধ্য হয়েছিলাম। এখন আর তারা ডিও সংগ্রহ করতে পারে না। আপনারা ঠিকই বলেছেন। নানা ধরনের প্রলোভন হয়। এরা বাড়িতে বাড়িতে চলে যায়। আপনারা সংসদে এ বিষয় নিয়ে আলোচনা করতে বলেছেন। জানুয়ারিতে সংসদ বসবে। রাষ্ট্রপতির ভাষণ হবে। আমরা সময় পাই মাত্র চার-পাঁচ মিনিট। এ সয়ম নির্ধারিত কিছু কথা বলার পর আর সময় থাকে না। তবে পয়েন্ট অব অর্ডারে কথা বলার ব্যবস্থা থাকলে এ বিষয়ে বলতে পারব। আমি জানি, আইনমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী এটা গ্রহণ করেছেন। আগামী সংসদে যখন এ বিলটি উঠবে, তখন আমরা এটি পাস করব। আপনাদের কথা দিতে পারি, নারী সাংসদেরা বিলের পক্ষে কথা বলবেন এবং কেউ বিপক্ষে বললে আমরা তার প্রতিবাদ করব। আপনারা মানুষের মধ্যে, হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট, অফিস-আদালতে ধূমপান বন্ধের কথা বলেছেন। আমরা সংসদের যে লবিতে বসি, এর পাশের লবি থেকে সিগারেটের অসহ্য গন্ধ আসে। মুখে কাপড় চেপে বসে থাকি। আইনমন্ত্রীকে বলছি, যেসব সাংসদ ধূমপান করেন, তাঁদের ব্যাপারে কী ভূমিকা নেবেন? আমরা আইন করব। আমরা মানব না। এটা হয় না। আইনমন্ত্রী ও সচিব এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেবেন বলে আশা করছি। আমাদের নৈতিক দায়িত্ব সবার স্বাস্থ্য রক্ষা করা। যে সুপারিশগুলো এসেছে, যেমন, ধূমপানমুক্ত এলাকায় ধূমপানের জন্য নির্দিষ্ট জায়গা না রাখা। সিগারেটের প্যাকেটে সচেতনতা সৃষ্টির জন্য ছবি সংযোজন, মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ধূমপানের ক্ষতির তথ্য নিয়মিত সরবরাহ। জরিমানার বিষয়টি আরও বাস্তবভিত্তিক করা। এ বিষয়গুলো সংশোধিত আইনে অন্তর্ভুক্ত হয়ে সংসদে পাস হবে বলে আশা করছি।মুহম্মদ হুমায়ুন কবির: ধূমপানের ক্ষতি সম্পর্কে সবাই জানি। তার পরও কিছু মানুষ ধূমপান করে। আমরা একে নিয়ন্ত্রণ করতে চাই। একসময় হয়তো কোনো মানুষ ধূমপান করবে না। সেদিন আমাদেরও আর কিছু করার প্রয়োজন হবে না। কিন্তু এখন আপনারা যে অনুষ্ঠান করছেন, এগুলোর প্রয়োজন আছে। মানুষ এর মাধ্যমে সচেতন হচ্ছে। অরূপ রতন চৌধুরী তাঁর অনুষ্ঠানের কথা বলেছেন। গণমাধ্যমেও বিষয়টি আসছে। এসব কিছুই ধূমপান নিয়ন্ত্রণের জন্য ইতিবাচক। ধূমপান আইনের সংশোধনীর বিষয়ে কারও কোনো দ্বিমত নেই। সংশোধনী ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আশা করছি, সংসদে এ আইন পাসে বাধা হবে না। আইনের সীমাবদ্ধতার কথা বলেছেন। মনে করি, যতটুকু হয়েছে, এটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। যুক্তরাষ্ট্রেও ছবিযুক্ত ধূমপানের প্যাকেট নেই। সরকারকে সবকিছু বিবেচনা করে একটা কাজ করতে হয়। আমাদের লক্ষ্য থাকবে অর্জন কতটুকু হলো। সব সময় সংশোধন করতে যে দীর্ঘ সময় লাগবে, তা নয়। সরকার যদি মনে করে, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত থাকে, তা হলে যেকোনো সময় সংশোধনের সুযোগ থাকবে। বাস্তবায়ন কীভাবে হবে। বাস্তবায়নের বিষয়টি মন্ত্রণালয়ের ওপর বর্তাবে। এখানে আমরা যথেষ্ট গুরুত্ব দেব। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেছি। আইন পাসের পর বিধিমালা করতে যেন ছয় মাস না লাগে। বিধিমালার কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি। আইনের সঙ্গে সচেতনতা অনেক বাড়াতে হবে। অনেকেই সবকিছু জেনেশুনে ধূমপান করছে। ছেলে বাবাকে বলছে, ধূমপান করো না। বাবা বাইরে থেকে ধূমপান করে আসছেন। আমাদের চেষ্টা থাকবে মানুষের আচরণ পরিবর্তনের জন্য। সিএসআরকে (কোম্পানির সামাজিক দায়বদ্ধতা) বন্ধ করা যাবে না। সরকার চায় সিএসআর হোক। কিন্তু লক্ষ রাখতে হবে, সিএসআর যেন তামাকের প্রচারণার কাজে ব্যবহার না হয়। আমরা হয়তো এখনো ছবি সংযোজনের কথা ভাবছি। বিশ্বের অনেক দেশ ২০২৫-৩০ সালের মধ্যে দেশকে ধূমপানমুক্ত করার কথা ভাবছে। আমাদেরও সে লক্ষ্যে কাজ করতে হবে। শফিক আহমেদ: তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। আইনের দৃষ্টিকোণ থেকে আজ একটি গঠনমূলক আলোচনা হয়েছে। আপনারা সংশোধনীতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করার কথা বলেছেন, সেগুলো খুবই প্রণিধানযোগ্য এবং আইনে সংযোজন করা দরকার। আপনারা যেসব সংশোধনী এনেছেন, এগুলো লিখিত আকারে সংসদীয় স্থায়ী কমিটিতে জমা দিন। স্থায়ী কমিটির ক্ষমতা অনেক। তারা এর সঙ্গে কিছু সংযোজন করতে পারে, বাদ দিতে পারে। সংশোধন করতে পারে। চূড়ান্ত প্রতিবেদন স্থায়ী কমিটির চেয়ারম্যান সংসদে উপস্থাপন করেন। উপস্থাপনের পর সাংসদেরা কিছু সংশোধনী দিতে পারেন। সংসদে সংশোধনী ভোটাভুটিতে গৃহীত হলে সংশোধনীসহ পাস হবে। অন্যথায় আগের অবস্থায়পাস হবে। আব্দুল কাইয়ুম: আমরা আশা করছি, আইনের সংশোধনীটি সংসদে দ্রুত গৃহীত হবে। ধূমপানের বিরুদ্ধে সবার সচেতনতা জরুরি। আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া দরকার। তাহলে ধূমপান নিয়ন্ত্রণ সহজ হবে। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।