‘মুক্তিযুদ্ধের দশদিক’ এবার বিজয় দিবস সামনে রেখে প্রথম আলোর এই ধারাবাহিক আয়োজনের বিষয় দেশি-বিদেশি লেখকদের লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো এসব বইয়ের নির্বাচিত অংশ থেকে। কে এফ রুস্তমজী একাত্তরে ছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক। তাঁর দ্য ব্রিটিশ, দ্য ব্যান্ডিটস অ্যান্ড দ্য বর্ডারমেন–এ উঠে এসেছে মুক্তিযুদ্ধের সূচনাপর্বের কথা।

সব আলোচনা ভেস্তে গেল ২৫ মার্চ। পূর্ব পাকিস্তানিদের বেয়নেটের ভয় দেখিয়ে ইয়াহিয়া খান ফিরে গেলেন পশ্চিম পাকিস্তানে। যাওয়ার আগে যে ভাষণটি দিলেন, তার ছত্রে ছত্রে শুধু ক্ষোভ আর দম্ভোক্তি। মধ্যরাত থেকে শুরু হলো তাণ্ডব। মুজিবের ধানমন্ডির বাসা ঘেরাও করল পশ্চিম পাকিস্তানি সেনারা। মুজিব গ্রেপ্তার হলেন। পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান মার্শাল ল জারি করলেন। কায়েম হলো ত্রাসের রাজত্ব। শুরু হলো ইতিহাসের জঘন্যতম গণহত্যা। সেনাবাহিনী আন্দোলনে যুক্ত থাকার অপরাধে নির্বিচারে হত্যা করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র ও কর্মচারীকে, ধর্ষণ করল নারীদের, বন্দী করল অগণিত মানুষকে। পাকিস্তানি সেনারা সবার আগে আক্রমণ চালায় জগন্নাথ হলে। ৬০০ থেকে ৭০০ হিন্দু ছাত্র ছিলেন সেখানে। নৃশংসভাবে ছাত্র-কর্মচারীদের হত্যার পর পশ্চিম পাকিস্তানি বাহিনী ঢাকার হিন্দু-অধ্যুষিত এলাকায় ঝাঁপিয়ে পড়ল। সেখানেও হত্যা করল হাজার হাজার মানুষকে। প্রতিরোধের কোনো রকম সুযোগ না দিয়ে নির্বিচারে হত্যা করা হলো ইস্ট পাকিস্তান রাইফেলসের বাঙালি সেনাদের। লে. জেনারেল টিক্কা খান আওয়ামী লীগের সব নেতাকে গ্রেপ্তারের আদেশ দিলেন। গণহত্যায় কে কার চেয়ে এগিয়ে, তা নিয়ে পশ্চিম পাকিস্তানি সেনাদের বিভিন্ন দলের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হলো। বিদেশি সংবাদ সংস্থার প্রতিনিধিরা, যাঁরা এসব নারকীয় ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের হেনস্তা করতে লাগল পাকিস্তানি সেনারা। বিনা নোটিশে তাঁদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো।
...৩০ মার্চ সুস্পষ্ট নির্দেশনা পেলাম। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্টে যে প্রস্তাব উত্থাপন করলেন, তাঁর শেষ কথাগুলো ছিল, ‘এই হাউস দৃঢ়ভাবে বিশ্বাস করে, পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষের ঐতিহাসিক উত্থান ঘটেছে। জয় তাদের সুনিশ্চিত। এই হাউস তাদের আশ্বস্ত করতে চায়, তাদের এই সংগ্রামে ভারতের আপামর জনতার আন্তরিক সহানুভূতি ও সমর্থন আছে।’
প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন, তা ছিল খুবই সংক্ষিপ্ত, ‘তোমরা আগাতে পারো, কিন্তু ধরা পোড়ো না।’ এর বেশি আর কিছু বললেন না। এত দ্রুত সবকিছু ঘটে যাচ্ছিল, কোনো কিছুই আগাম বলা সম্ভব হচ্ছিল না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় আমি কাজের স্বাধীনতা পেলাম। ফলাফলও আসতে শুরু করল শিগগিরই। রণাঙ্গনে প্রবেশ করল বিএসএফ। এই বাহিনীতে কয়েকজন কর্মকর্তা ছাড়াও ছিলেন ১০০ জন সেনাসদস্য। তাঁরা চোরাগোপ্তা হামলায় অংশ নিতে শুরু করলেন। পূর্ব পাকিস্তানের মুক্তিকামী মানুষকে সহায়তা দেওয়াই ছিল এ বাহিনীর কাজ।
ক্র্যাকডাউনের তিন দিনের মাথায় গোলক মজুমদার পূর্ব পাকিস্তান থেকে গোপন সূত্রে খবর পেলেন, আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা দীনহীন কৃষকের বেশে কুষ্টিয়ার দিকে আসছেন। তাঁদের মধ্যে সম্ভবত মুজিবও থাকছেন।
৩০ মার্চ একজন ইপিআর কর্মকর্তার চিরকুট হাতে পেলাম আমি। এটিই সম্ভবত পূর্ব পাকিস্তান থেকে সাহায্যের জন্য পাওয়া প্রথম কোনো বার্তা। গোলক ৭৬ ব্যাটালিয়নের কর্নেল চক্রবর্তীর সঙ্গে কৃষ্ণনগরে গেলেন। বনপুর-গেদে সীমান্তে তাঁরা মেহেরপুরের সাব-ডিভিশনাল কর্মকর্তা তৌফিক ও সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করলেন। পূর্ব পাকিস্তানি কর্মকর্তারা বললেন, নেতাদের সঙ্গে এখনো তাঁদের নিয়মিত যোগাযোগ আছে। কারণ, টেলিফোনের সংযোগগুলো এখনো বিকল হয়ে যায়নি। তাঁদের কাছে জানতে চাওয়া হলো, তাঁরা কী ধরনের সাহায্য চান। উত্তরে তাঁরা বললেন, পেট্রল, কেরোসিন, টাকাপয়সা, অস্ত্রশস্ত্রসহ তাঁদের সব ধরনের সহযোগিতা প্রয়োজন। (১৪)
গোলক জানতে চাইলেন, তাঁরা এই যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত কিছু নেতার সঙ্গে দেখা করতে পারবেন কি না। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার একটা জায়গা থেকে বেরিয়ে এলেন তাজউদ্দীন আহমদ। তাজউদ্দীনকেই উত্তরসূরি হিসেবে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন মুজিবুর রহমান। তাজউদ্দীনের সঙ্গে ছিলেন জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রধান হুইপ আমীর-উল ইসলাম। দুজনেরই খালি পা, কোটরে ঢুকে যাওয়া চোখ, এলোমেলো চুল, পরনে লুঙ্গি আর একটা গেঞ্জি। তাঁরা হেঁটে ঢাকা থেকে এখানে এসেছেন।
‘আপনি আমাকে চিনতে পারছেন? আমি গোলক মজুমদার।’ তাজউদ্দীন বললেন, ‘নিশ্চয়ই। আমাদের নেতা মুজিব ভাই বলেছেন সবাইকে ছড়িয়ে পড়তে এবং বিভিন্ন অঞ্চলে প্রতিরোধযুদ্ধের দায়িত্ব নিতে। মুজিব গ্রেপ্তার এড়াতে পারেননি। তিনি আমাদের বারবার বলেছেন এমন কিছু না করতে, যাতে ভারতকে বিব্রত হতে হয়। চীনকে উত্তেজিত করা বা আন্তর্জাতিক ফোরামে ভারতের অবস্থানকে প্রশ্নবিদ্ধ হতে হয় এমন কিছু করতে তিনি আমাদের নিষেধ করে দিয়েছেন।’
গোলক তাঁকে জিজ্ঞেস করলেন, ‘আপনারা আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করেন? আমরা কী করতে পারি? আপনারা কি আমাদের সঙ্গে কলকাতায় যেতে চান?’
তাজউদ্দীন এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি জানান, তাঁকে তাঁর মানুষের জন্য থেকে যেতে হবে। গোলক তাঁকে জানান, পাকিস্তানি সেনাবাহিনী চারদিকে ছড়িয়ে পড়েছে। তারা তাঁকে খুঁজে বের করে গুলি করে মারবে। এ কথা শুনে তাজউদ্দীন মুক্তিযোদ্ধাদের কাছে আলোচনার জন্য ফিরে গেলেন এবং জানালেন, তিনি তাঁদের সঙ্গে কলকাতায় যেতে ইচ্ছুক।
গোলক আমাকে সবকিছু জানালেন। আমি কলকাতার উদ্দেশে রওনা দিলাম। যখন কলকাতায় পৌঁছালাম, তখন ৩০ থেকে ৩১ মার্চের মাঝামাঝি একটা সময়, রাত ১২টার মতো বাজে। গোলক তাঁর চিরাচরিত হাসি দিয়ে আমাকে অভ্যর্থনা জানালেন। গোলক আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, ‘মুক্তিযুদ্ধের দ্বিতীয় প্রধান ব্যক্তি আমাদের সঙ্গে আছেন। আপনি কি তাঁর সঙ্গে দেখা করতে চান?’
অবশ্যই দেখা করতে চাই, এখনই চাই।
আমরা হেঁটে জিপের কাছে গেলাম। সেখানে তাজউদ্দীন বসে ছিলেন, সঙ্গে তাঁর নিরাপত্তার জন্য থাকা দুজন। আমরা তাঁকে ও আমীর-উল ইসলামকে আসাম হাউসে নিয়ে গেলাম। তাঁরা গোসল করলেন। আমি তাঁদের আমার কুর্তা ও পাজামা পরতে দিলাম। গোলক তাঁদের জন্য অমলেট করে নিয়ে এলেন। গোয়েন্দা সংস্থার উপপরিচালক রাজগোপাল আমাকে নিশ্চিত করলেন, চলমান যুদ্ধে তাজউদ্দীন আহমদই দ্বিতীয় ব্যক্তি। আমাদের জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ।
পরবর্তী দুই দিন আমরা যুদ্ধের পরিপ্রেক্ষিত সম্পর্কে তাজউদ্দীন আহমদের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিলাম। জানলাম পশ্চিম পাকিস্তানি নেতাদের সঙ্গে তাঁদের আলোচনার বিষয়েও। তাজউদ্দীন এ পরিস্থিতির জন্য পুরোপুরিভাবে ভুট্টোকে দায়ী করলেন। ইয়াহিয়া সমঝোতার ব্যাপারে নিমরাজি ছিলেন, কিন্তু সামরিক জান্তা ও ভুট্টোর বিরোধিতার কারণে ভয় পেয়ে গিয়েছিলেন। ইয়াহিয়া আলোচনা ভেস্তে দিয়ে তাঁদের আশ্বস্ত করেছেন। সম্ভবত সবকিছু বুঝেও তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আমি আওয়ামী লীগের নেতাদের মনোভাব সম্পর্কে জানতে চাইলাম। তিনি সাফ জবাব দিলেন, তাঁরা স্বাধীনতা চান। পাকিস্তানি শাসকদের তাড়াতে তাঁদের যুদ্ধের পরিকল্পনা সম্পর্কেও শুনলাম আমরা। তিনি বললেন, পাকিস্তানি সেনাদের প্রতিহত করতে পূর্ব পাকিস্তানের সব মানুষ একতাবদ্ধ—এ বিষয়ে কোনো দ্বিমত নেই।
তাজউদ্দীন সীমান্ত এলাকায় যাওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন। ১ এপ্রিল তিনি রাজগোপাল ও গোলককে নিয়ে কৃষ্ণনগরের কাছে একটি সীমান্ত ফাঁড়ি পরিদর্শনে গেলেন। আগে থেকেই এই পরিদর্শন সম্পর্কে যশোর সেক্টরের নেতৃত্বে থাকা মেজর আবু ওসমান চৌধুরীকে (কুষ্টিয়া-যশোর সেক্টরের কমান্ডার) জানানো হয়েছিল। মেজর ওসমান তাজউদ্দীন আহমদকে জানালেন, পাকিস্তানি সেনাদের প্রতিহত করতে তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণ গোলাবারুদ নেই। তাজউদ্দীন আমাদের কর্মকর্তাদের দিকে তাকালেন। মনে হলো, মেজর ওসমানের কথার পরিপ্রেক্ষিতে আমরা যা বলব, তাতেই বোঝা যাবে আমরা যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছি, তা কতটা আন্তরিক। দুজন উচ্চপদস্থ কর্মকর্তা মেজর ওসমানকে কিছু অস্ত্রশস্ত্র দেওয়ার সিদ্ধান্ত দিলেন। কী পরিমাণ গোলাবারুদ দরকার, তা-ও জানতে চাইলেন। ওসমান যখন তাঁর দলবল নিয়ে ফিরে যাচ্ছিলেন, তাঁদের দিকে তাকিয়ে তাজউদ্দীনকে বলতে শোনা গেল, ‘ওই যে ওরা যায়। আমাদের আশা আর অদম্য আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে ফিরে গেল ওরা।’
সিদ্ধান্ত হলো তাজউদ্দীন ও অন্য নেতাদের নয়াদিল্লি নিয়ে যাওয়া হবে। সেখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে একটি সাক্ষাতের ব্যবস্থা করা হবে। গোলক তাঁদের সঙ্গে করে নিয়ে যাবেন। আমি আর গোলক নিউমার্কেটে গেলাম। সেখানে গিয়ে তাঁদের জন্য কাপড়চোপড়, ব্যাগ, সাবান, তেল যা যা লাগে কিনলাম। গোলক ঠাট্টা করে বললেন, ‘স্যার, আমরা এমনভাবে সবকিছু সাজিয়ে-গুছিয়ে দিচ্ছি, কেবলই মনে হচ্ছে মেয়েকে জামাইবাড়ি পাঠাচ্ছি।’
আমি হাসতে হাসতে বললাম, গোলক, গত ২৩ বছরে নয়াদিল্লির মানুষ মুক্তিযোদ্ধা দেখেনি। সেখানকার বর্তমান প্রজন্মের নেতারা ভালো পোশাক-পরিচ্ছদ ছাড়া কাউকে ঠিক ভালোভাবে নেবে না।
গোলক তাজউদ্দীন আহমদ ও আমীর-উল ইসলামকে নিয়ে ১ এপ্রিল নয়াদিল্লিতে পৌঁছালেন। সেখানে তাঁদের তত্ত্বাবধানে ছিলেন বিএসএফের সহকারী পরিচালক এস চট্টোপাধ্যায়। গোলক অন্য নেতাদের আনতে দ্রুতই আবার কলকাতায় ফিরে গেলেন।
৪ এপ্রিল সন্ধ্যায় তাজউদ্দীন আহমদ ও আমীর-উল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। শুধু ভারতীয় নেতাদের সঙ্গেই নয়, তাঁরা দফায় দফায় বৈঠক করলেন শীর্ষ কর্মকর্তা এবং নয়াদিল্লিতে থাকা পূর্ববাংলার বুদ্ধিজীবীদের সঙ্গেও। তাঁদের মধ্যে ছিলেন এম আর সিদ্দিকী, অধ্যাপক ইউসুফ আলী ও সিরাজুল হক। এ ছাড়া ছিলেন নির্দিষ্ট কিছু সাংবাদিক। নয়াদিল্লিতে সপ্তাহ খানেক থাকার পর তাঁরা ৯ এপ্রিল কলকাতায় পৌঁছালেন। এবার তাঁরা আরও বলিষ্ঠ, আরও প্রত্যয়ী।
তাজউদ্দীন আহমদ দিল্লি থেকে কলকাতা ফিরে আসার পর তাঁর প্রথম ও প্রধান কর্তব্য হলো আওয়ামী লীগের অন্যান্য নেতাকে খঁুজে বের করা এবং মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য একটি আনুষ্ঠানিক সরকার গঠন করতে হবে। সরকার না হলে অন্য দেশ ও সরকারের কাছে সহায়তা পাওয়া যাবে না। এ ব্যাপারেও এ রুস্তমজী ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে সহায়তা করেন। যোগাযোগ করেন সৈয়দ নজরুল ইসলাম, কর্নেল এম এ জি ওসমানী, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ এম কামরুজ্জামানের সঙ্গে। এরপর তাজউদ্দীন আহমদ প্রবাসী বাংলাদেশ সরকারের রূপরেখা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করেন। ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করা হয় এবং ১১ এপ্রিল বঙ্গবন্ধুর নেতৃত্বে ছয় সদস্যের প্রবাসী সরকারের ঘোষণা আসে। একই দিন তাজউদ্দীন আহমদ বেতার ভাষণে প্রথম যে বাক্যটি উচ্চারণ করেছিলেন তা হলো, ‘আমরা এখন যুদ্ধে আছি। লাখো লাখো মানবসন্তানের লাশের স্তূপের নিচে পাকিস্তানের কবর রচিত হয়েছে।’ ১৭ এপ্রিল মেহেরপুরের সীমান্তবর্তী বৈদ্যনাথতলায় প্রবাসী বাংলাদেশ সরকার দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে শপথ নেয়। তাজউদ্দীন আহমদই শপথস্থলকে মুজিবনগর হিসেবে উল্লেখ করেন। যে কারণে প্রবাসী সরকার মুজিবনগর সরকার হিসেবেই পরিচিতি লাভ করে।
দ্য ব্রিটিশ, দ্য ব্যান্ডিটস অ্যান্ড দ্য বর্ডার মেন, কে এফ রুস্তমজী, উইসডম ট্রি, নয়াদিল্লি–২০১০