‘দুর্নীতি বাংলাদেশে শত শত মানুষ মারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মে শুক্রবার সকালে সাভারে ভবনধসের ধ্বংসস্তূপ থেকে রেশমাকে জীবিত উদ্ধারের খবর লন্ডনে প্রথম শুনতে পাই বিবিসির খবরে। তার কয়েক ঘণ্টার মধ্যেই দেখতে পাই, বৈকালিক দৈনিক ইভিনিং স্ট্যান্ডার্ড-এর প্রথম পাতাজুড়ে রেশমার ছবি এবং ১৭ দিন তাঁর বেঁচে থাকা এবং তাঁকে উদ্ধারের বিশদ বিবরণ। বৈশ্বিক সব সংবাদমাধ্যমেই এই বিস্ময়বালিকার কাহিনি সেদিন ছিল শীর্ষ সংবাদ। সেদিনই প্রথম আলোয় আমি তার আগের দুই সপ্তাহে বৈশ্বিক সংবাদমাধ্যমের মন খারাপ করা সব শিরোনামের কথা লিখেছিলাম। রেশমার মৃত্যুকে জয় করার কাহিনি তাই তখন প্রবাসীদের মনেও কিছুটা শান্তি এনে দিয়েছিল।দুই দিন পর ঢাকায় এসে বিষয়টি নিয়ে বিচিত্র রকমের আলোচনা শুনেছি। উদ্ধার হওয়ার সময় ‘মুমূর্ষু’ রেশমাকে ঢাকার একটি বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিকের ছুড়ে দেওয়া কিছু প্রশ্ন নিয়ে বয়ে যায় বিতর্কের ঝড়। এসব কানাঘুষার পটভূমিতে কয়েক দিন পর রেশমাকে হাজির করানো হয় এক সংবাদ সম্মেলনে। কিন্তু তাতে যতগুলো প্রশ্নের উত্তর মিলেছে, তার চেয়ে অনেক বেশি নতুন প্রশ্ন জন্ম নিয়েছে। সেসব কানাঘুষা বা অমীমাংসিত প্রশ্ন অবশ্য আলোচনার বিষয় নয়।রেশমাকে উদ্ধারের বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যাবে, তাঁর ১৭ দিন বেঁচে থাকা প্রমাণ করে যে অভিশপ্ত রানা প্লাজার ধ্বংসাবশেষে রেশমার মতো অসহায় অবস্থায় আটকে থেকে আরও অনেকেই হয়তো উদ্ধারকারীদের অপেক্ষায় ছিলেন। কেউ হয়তো ১৬ দিন, কেউ ১৫, ১৪, ১৩, ১২, ১১, ১০ অথবা পাঁচ দিন। কিন্তু উপযুক্ত যন্ত্রপাতি বা সরঞ্জাম না থাকায় তাঁদের কথা জানা যায়নি—অপেক্ষার প্রহর গুনতে গুনতে এবং যন্ত্রণায় নীল হতে হতে তাঁরা একসময় নিথর হয়ে গেছেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সাহায্যের প্রস্তাব যাঁরা ফিরিয়ে দিয়েছেন, তাঁরা যুক্তি দিয়েছিলেন যে সেগুলো নিয়ে আসতে যে দুই-চার দিন সময় লাগবে, তার মধ্যেই উদ্ধারকাজ শেষ হয়ে যাবে। অথবা তত দিনে আর কাউকে জীবিত পাওয়া যাবে না। আমাদের ডক্টরেট অথবা ডাক্তারি পাস মন্ত্রীদের বিবেচনা যে কতটা ভুল ছিল, রেশমা তা দেখিয়ে দিয়েছেন। অথচ তাঁদের দুঃখবোধ নেই। কেউ তাঁদের জিজ্ঞেস করেনি যে যদি একটি জীবনও বাঁচানো যেত, সেটি না পারার দায়িত্ব কে নেবেন?বাংলাদেশের পোশাকশিল্প যে এখন এক কঠিন সংকটের আবর্তে আটকে গেছে, সেটা আমাদের ব্যবসায়ী সমাজ এবং সরকার কতটা উপলব্ধি করতে পারছে, তা বলা মুশকিল। এখনো যে ধরনের সংশয়, দ্বিধা অথবা খাপছাড়া প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে, তাতে আশান্বিত হওয়া কঠিন। কেননা, শ্রমিকদের স্বার্থে সংস্কার ও তদারক-প্রক্রিয়ার বিষয়ে সরকার এবং ব্যবসায়ীদের আন্তরিকতা ও সামর্থ্যের প্রশ্নে যে বৈশ্বিক আস্থাহীনতা তৈরি হয়েছে, তা সহজে দূর হওয়ার নয়। ভোক্তা, ব্র্যান্ডওয়ালা, নাগরিক সমাজ ও রাজনীতিক—এঁদের সবার মধ্যেই একধরনের আস্থাহীনতা লক্ষণীয়।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই ১৭ মে পোশাকশিল্পের আমূল সংস্কার ও ট্রেড ইউনিয়নগুলোর ক্ষমতায়নের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যেকোনো কারণেই হোক, বাংলাদেশের সংবাদমাধ্যমের নজর এড়িয়ে গেছে তাঁর এই বিবৃতি।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক এই প্রতিষ্ঠানের মুখপাত্র জানিয়েছেন, হাইকমিশনার এই শিল্পে পরিদর্শন ও তদারকের ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ইস্যুটি শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য, তা নয়; এ ক্ষেত্রে ব্যবসায়ীরা এবং সরকারগুলোর করণীয় কী কী, সে বিষয়ে দুই বছর আগে জাতিসংঘ একগুচ্ছ নির্দেশনামূলক নীতিমালার প্রশ্নে সম্মত হয়েছিল। শ্রমিকদের অধিকার লঙ্ঘন করে তাঁদের ঠেকানো, সাজা দেওয়া এবং তার প্রতিকারের জন্য সরকারগুলোর কার্যকর নীতি থাকতে হবে। ব্যবসায়ীদেরও শ্রমিকদের অধিকার হরণ ঠেকানো এবং তার প্রতিকারে অবশ্যই ভূমিকা নিতে হবে। ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী ব্যক্তিদের কার্যকর প্রতিকার পাওয়ার সুযোগ থাকতে হবে।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনারের মুখপাত্র আরও বলেছেন, বাংলাদেশ থেকে যেসব বৈশ্বিক ব্র্যান্ড তাঁদের পোশাক কিনে থাকে, তাঁদের দিকে নজর দিতে গিয়ে দুর্ঘটনা প্রতিরোধ, তার প্রতিকার ও জবাবদিহির বিষয়ে কারখানার মালিক এবং সরকারগুলোর দায়িত্ব ও কর্তব্য পালনে যেন বিচ্যুতি না ঘটে।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের এই বিবৃতির মতোই আরও একটি খবর সংবাদপত্রের পাতায় উপেক্ষিত থেকে গেছে। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল গত মাসে পোশাক রপ্তানিকারক দেশগুলোর একটি দুর্নীতির সূচক প্রকাশ করেছে, যাতে বাংলাদেশের অবস্থান হচ্ছে শীর্ষে। সংস্থাটির মূল ওয়েবসাইটে প্রকাশিত একটি ব্লগে দুর্নীতির ধারণাসূচকে ১০টি পোশাক রপ্তানিকারক দেশের অবস্থানক্রম ছাপা হয়েছে। ওই ক্রমানুসারে অন্য দেশগুলো হলো পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ভারত, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, তিউনিসিয়া, মালয়েশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। ব্লগটির শিরোনাম ‘ইন বাংলাদেশ, করাপশন কিলস হান্ড্রেডস’, অর্থাৎ ‘দুর্নীতি বাংলাদেশে শত শত মানুষ মারে’। তাদের মূল কথা, ভবন নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও পরিদর্শনব্যবস্থায় ত্রুটির কারণেই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। ট্রান্সপারেন্সির এই পর্যবেক্ষণ প্রায় মাস খানেক আগের, অর্থাৎ ঢাকার সংবাদপত্রের সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনগুলো (যেমন প্রথম আলো ২০ মে, ২০১৩) প্রকাশিত হওয়ার আগেই বহির্বিশ্বে আমাদের নির্মাণ খাত ও তার তদারকব্যবস্থায় দুর্নীতির বিষয়ে একটি নেতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হয়ে আছে।বাণিজ্যে নৈতিকতা বা ইথিকাল বিজনেস নিয়ে পাশ্চাত্যে একধরনের ভোক্তা আন্দোলন চলে আসছে গত প্রায় দুই দশক ধরে। এদের আন্দোলন বা প্রচারণার কারণেই ইউরোপ-আমেরিকায় জৈব উপায়ে উৎপাদিত খাদ্যশস্য জনপ্রিয় হয়েছে। আরজিএম (জেনেটিকালি মডিফায়েড) প্রযুক্তিনির্ভর খাদ্যশস্য চাষাবাদের বাণিজ্যিক সাফল্য এখনো আসেনি। সেই নৈতিকতাবাদীরা কিন্তু এখন বাংলাদেশের পোশাকশ্রমিকদের অধিকারের বিষয়টিকে তাঁদের আন্দোলনের প্রধান বিষয় হিসেবে গ্রহণ করেছেন। বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ডের স্বত্বাধিকারী বড় কোম্পানিগুলোর ওপর চাপ বাড়ছে, যার পরিণতিতে ইতিমধ্যেই ৪০টির মতো প্রতিষ্ঠান পোশাকশ্রমিকদের নিরাপত্তার বিষয়ে একটি সমঝোতায় সই করেছে। পাশ্চাত্যের গণমাধ্যম এখন ব্র্যান্ডওয়ারি সমীক্ষা প্রকাশ করছে যে কারা এই সমঝোতায় সই করেছে আর কারা করেনি (গার্ডিয়ান ও হাফিংটন পোস্ট, ১৮ মে, ২০১৩)। পাশ্চাত্যের সাধারণ ক্রেতাদের কাছে যে বার্তাটি তারা পৌঁছানোর চেষ্টা করছে তা হলো, ‘নতুন ফ্যাশনের পোশাকে শ্রমিকের রক্তের ছাপ রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার আহ্বান।’এসব ব্র্যান্ড এখন বহুমুখী চাপের মুখে। মার্ক্স অ্যান্ড স্পেন্সার, ব্রিটিশ হোম স্টোর অথবা নেক্সটের মতো কিছু প্রতিষ্ঠান কিছুদিন ধরে তাদের বিরুদ্ধে ওঠা কর ফাঁকির অভিযোগ সামাল দিতেই হিমশিম খাচ্ছে। আর তার ওপর এখন যোগ হয়েছে পোশাকশ্রমিকদের প্রতি তাদের দায়িত্বহীনতার অভিযোগ। এসব ব্র্যান্ড বোধ হয় অতীতে আর কখনোই এতটা চাপের মুখে পড়েনি। সুতরাং তাদের অনেকেই ঝামেলা কমাতে বিকল্প বাজারের দিকে ঝুঁকতে পারে।দীর্ঘদিন ধরে বাংলাদেশের পোশাকশিল্প বিভিন্ন মান বাস্তবায়ন বা যাচাইয়ের প্রশ্নে কথিত সেলফ-রেগুলেশন বা স্বনিয়ন্ত্রণের কথা বলে এসেছে। কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আর দুর্নীতির সংস্কৃতিতে স্বনিয়ন্ত্রণ কার্যকর হয়নি। যেকোনো শ্রমিক অসন্তোষকে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া হয়েছে। পোশাকশিল্পের অকার্যকর স্বনিয়ন্ত্রণব্যবস্থার ত্রুটি যারা দূর করতে পারত, সেই সরকারি তদারকব্যবস্থাও ব্যর্থ হয়েছে। আর যারা নিজেদের শ্রমিকশ্রেণীর রাজনীতির প্রতিভূ বলে দাবি করে থাকে, তারাও হালে পানি পায়নি। এখন মনে হচ্ছে, পোশাকশ্রমিকদের একমাত্র বন্ধু হলেন বিদেশের ভোক্তারা আর তাঁদের দেশগুলোর কূটনীতিকেরা।বিপরীতে পোশাকশিল্পের মালিকদের কারও কারও প্রতিক্রিয়ায় এখনো একধরনের অজুহাত দেখানোর চেষ্টা দুঃখজনক। বিদেশি সংবাদমাধ্যমে তাঁদের বিত্তবৈভব ও প্রতিপত্তি অর্জনের বিষয়টি আলোচিত হওয়ার পরও তাঁদের বক্তব্য, ক্রেতারা দাম বেশি না দিলে তাঁদের পক্ষে মজুরি বাড়ানো সম্ভব নয় এবং সরকারের ঘোষিত সর্বসাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী ১ মে থেকে তাঁরা বর্ধিত মজুরি দিতে পারবেন না।ব্র্যান্ডগুলো দাম বাড়ালেই তার সুফল যে শ্রমিকদের কাছে পৌঁছাবে, সে কথাটি মেনে নেওয়ার মতো বিশ্বাসযোগ্যতা তাঁরা অনেক আগেই হারিয়েছেন। শ্রমিক ও কারখানার নিরাপত্তা, মজুরি ও অন্যান্য প্রাপ্য বিষয়ে এ পর্যন্ত যা কিছুই বাস্তবায়িত হয়েছে, তার সবটাই হয়েছে বিদেশিদের চাপে। সুতরাং পোশাকশিল্পের মালিকদেরই তাঁদের সদিচ্ছার প্রমাণ দিয়ে আস্থা অর্জন করতে হবে। আর তার তদারকের ভার দিতে হবে তৃতীয় কোনো পক্ষকে, যেমনটির প্রস্তাব করেছেন বাংলাদেশ ব্র্যান্ডের সবচেয়ে প্রভাবশালী দূত নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। হুবহু ওই প্রস্তাব না হলেও তার কাছাকাছি একধরনের কাঠামো ও প্রত্যয়নপদ্ধতি ছাড়া বহির্বিশ্বে আস্থা পুনরুদ্ধার কঠিন হবে। নিজেরা একটুও দায়িত্ব না নিয়ে পুরোটা বিদেশি ব্র্যান্ডওয়ালাদের ওপর চাপানোর কৌশল বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। পাশ্চাত্যের রাজনীতিকদের বক্তব্যে কিন্তু সে রকম ইঙ্গিতই মিলছে। কামাল আহমেদ: প্রথম আলোর লন্ডন প্রতিনিধি।