'দুর্নীতিবাজদের' সামাজিক সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই লাখ কৃষক পরিবারের িনঃস্ব হওয়ায় কেউ দায়ী নয়?
দুই লাখ কৃষক পরিবারের িনঃস্ব হওয়ায় কেউ দায়ী নয়?

হাবিবুর রহমানকে এখন সারা বছরের চাল কিনে খেতে হবে। ছোট্ট দোকানের সামান্য আয় দিয়ে তা কীভাবে সম্ভব হবে, এখন এটাই তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। জিজ্ঞাসা করলাম, ‘এই যে আপনার ক্ষতি হলো, এর জন্য দায়ী কে?’ তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ‘ঠিকাদারেরা। তারা যদি বান্ধে মাটি দিত, তাহলে ঢলের পানি হাওরে ঢুকে ধান নষ্ট করতে পারত না।’

হাড্ডিসার রিকশাচালক জামাল মিয়া খালি রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে। যাত্রীর খোঁজে এদিক-সেদিক তাকাচ্ছেন। কাছে গিয়ে নিজের সাংবাদিক পরিচয় দিয়ে আলাপ শুরু করলাম। তাঁর বয়স ৩৫, সংসারে মা-বাবা, ভাইবোন, স্ত্রী-সন্তানসহ মোট ‘খানেয়ালা’ নয়জন। বাপ বুড়ো মানুষ, জামাল মিয়াই সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পাঁচ বিঘা জমি আছে, ওই জমি নিজে আবাদ করে বছরে পেতেন ৫০ মণ ধান। সারা বছরের ভাতের জন্য লাগত ৪০ মণ, বাকি ১০ মণ বিক্রি করতেন। এবার সব ধান তলিয়ে গেছে। বললেন, ‘চাউল কিন্যা খাইতে খাইতে এবার জীবন শ্যাষ হইয়া যাইব।’ রিকশা চালিয়ে দিনে তিন শ টাকার বেশি আয় হয় না। বললেন, সুনামগঞ্জে রিকশাচালকের সংখ্যা খুব বেশি, যাত্রী পাওয়া যায় না। ঢলের পানিতে ধান তলিয়ে যাওয়ার পর লোকজন আর রিকশায়ও চড়ছে না। জামাল মিয়ার আয় এখন আড়াই শ টাকার নিচে নেমে গেছে।

পানদোকানি হাবিবকে যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, রিকশাচালক জামালকেও তা জিজ্ঞাসা করলাম, ‘ধান তলিয়ে যাওয়ার জন্য আপনি কাকে দায়ী করেন?’ বললেন, ‘সবই তো আল্লাহর ইচ্ছা, তবে মানুষেও কিছু দায়ী।’

‘এই মানুষেরা কারা?’

‘ঠিকাদারেরা।’

একই অভিযোগ সবজি বিক্রেতা আবুল মিয়ারও। টিপটিপ বৃষ্টির মধ্যে এই হাড্ডিসার যুবক সবজির দুটো ডালি নিয়ে দাঁড়িয়ে ছিলেন ডিএস রোডের ফুটপাতের কিনারে। তিনি একই সঙ্গে কৃষক, শ্রমিক এবং ১৫ দিন ধরে সবজি ব্যবসায়ী। আগে নদী থেকে পাথর তুলতেন, এখন আর পাথর তুলতে দেওয়া হয় না। পাথর তোলার কাজ করে দৈনিক আয় করতেন পাঁচ-ছয় শ টাকা, এখন সবজি বিক্রি করে পান দুই-আড়াই শ। মা-বাবা, স্ত্রী-সন্তানসহ তাঁর সংসারে মোট সাতজন সদস্য। আয় করেন তিনি একাই। অন্যের আট বিঘা জমি বর্গা নিয়ে ধান লাগিয়েছিলেন, বেড়িবাঁধের ঠিকাদারদের দুর্নীতির কারণে সব ধান তলিয়ে গেল।

শুক্রবার সন্ধ্যা থেকে পরের দুদিন সুনামগঞ্জ শহরে এবং হাওরের গ্রামে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার প্রায় ৫০ জন মানুষের সঙ্গে কথা বলেছি। তাঁদের অধিকাংশের অভিযোগ, ফসলহানির জন্য দায়ী ‘দুর্নীতিবাজ’ ঠিকাদারেরা। সুনামগঞ্জে এখন ঠিকাদার শব্দটা ‘গণশত্রু’র প্রতিশব্দ হয়ে উঠেছে। কেউ বললেন, তাঁদের বিচার ও শাস্তি হওয়া উচিত। কেউ বললেন, তাঁদের ধরে ধরে প্রহার করা উচিত। এমনকি কেউ কেউ বললেন, ঠিকাদারদের মেরে হাওরের পানিতে ফেলে দিলেও তাঁদের দুঃখ যাবে না।

জাতীয় সংবাদমাধ্যমে সুনামগঞ্জের হাওরে পাহাড়ি ঢলে ব্যাপক ফসলহানির খবর প্রকাশিত হতে শুরু করার সময় থেকেই তিনটি পক্ষকে দায়ী করা হচ্ছে—পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ফসলরক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও ঠিকাদারগোষ্ঠীকে। সুনামগঞ্জে এসে ঠিকাদারদের কথা বেশি শুনতে পাচ্ছি, কিন্তু ওয়াকিবহাল মহলের সূত্রে পাউবো আর পিআইসির বিরুদ্ধেও অভিযোগ গুরুতর। সাধারণ ধারণা হলো, এই তিন পক্ষ মিলেই অনিয়ম-দুর্নীতি করেছে, বাঁধ মেরামতের কাজ ঠিকমতো হয়নি। তার ফলেই অসময়ে এমন ব্যাপক ফসলহানি ঘটেছে। কেউ কেউ এই তিন পক্ষকে একসঙ্গে একটা সিন্ডিকেট বা চক্র বলে অভিহিত করছেন এবং সুনামগঞ্জের কৃষকদের সর্বস্বান্ত হওয়ার জন্য এই চক্রকেই দায়ী করছেন। তবে এই অভিযুক্তপক্ষের বক্তব্য সংবাদমাধ্যমে বিশেষ স্থান পায়নি। অন্তত ঠিকাদারদের কারও কোনো বক্তব্য আমার নজরে পড়েনি।

তাই ঠিকাদার খুঁজতে লাগলাম। জানতে পারলাম সুনামগঞ্জের ঠিকাদারমহল সাংবাদিকদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়ে আছেন, তাঁরা নিজেদের ধারেকাছে সাংবাদিকদের ঘেঁষতে দিচ্ছেন না। আমি একজনকে খুঁজে পেলাম; তিনি নাম-পরিচয় গোপন রাখার শর্তে আমার সঙ্গে সাক্ষাতে কথা বলতে রাজি হলেন। আরও শর্ত দিলেন, তিনি যা বলবেন, তা বিকৃত করে লেখা চলবে না। পাবলিক সেন্টিমেন্ট যেহেতু ঠিকাদারদের বিরুদ্ধে, তাই তাঁরা সত্য ও ন্যায্য কথা বললেও লেখা হবে না—এই আশঙ্কা প্রকাশ করে তিনি বললেন, ‘আমাদের সত্য কথা, আমাদের তথ্যপ্রমাণসহ যুক্তিপূর্ণ কথা যদি আপনি লেখেন, তাহলে লোকে মনে করবে, আপনি ঠিকাদারদের কাছ থেকে টাকা খেয়েছেন। হ্যাঁ, সাংবাদিকেরা টাকা খায়, টাকা খাওয়ার জন্য তারা আমাদের কাছে এসে বসে থাকে। এখন তারা আমাদের বিরুদ্ধে এমনভাবে লেখতেছে যেন আমরাই দুনিয়ার সবচেয়ে জঘন্য জীব।’

আমি বললাম, ‘আপনি সাংবাদিকদের সমালোচনা করলে তো আপনাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, সেটা খণ্ডন হবে না। আপনি আগে অভিযোগ খণ্ডন করুন। প্রমাণ করুন যে আপনি দুর্নীতি করেননি।’

‘না, করিনি। সব প্রমাণ আপনাকে দেখাতে পারি। তারিখ ধরে ধরে দেখাতে পারি কোন মাসের কোন তারিখে কোথায় কতটা কাজ করেছি। কাজ না করলে কি আমরা বিল তুলতে পারি? কাজ করেও পারি না। বিল পাওয়ার জন্য ঘুরঘুর করতে হয়, ঘুষ দিতে হয়। ওয়াটার বোর্ডের (পাউবো) ঝাড়ুদার থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকটা মানুষ টাকার ভাগ নেয়। শুধু ওয়াটার বোর্ড কেন? পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-ডিজি পর্যন্ত। শোনেন, মেইন সুইচ ঠিক থাকলে সব ঠিক থাকে। মেইন সুইচের মধ্যেই গন্ডগোল।’

‘তাহলে আপনি স্বীকার করছেন, দুর্নীতি হয়েছে? আপনারা করেননি, কিন্তু পাউবোর লোকজন করেছে?’

‘পাউবোর লোকজনকে গিয়া ধরেন। জিজ্ঞাসা করেন, আমরা কাজ না করলে একটা পয়সাও পাই কি না? তারা টেন্ডার
থেকে শুরু করে ওয়ার্ক অর্ডার দেওয়া পর্যন্ত কত সময় নেয়, গিয়া খোঁজ নেন।’

তাঁর প্রচুর ছড়ানো-ছিটানো কথার সার বক্তব্য হলো, পানি উন্নয়ন বোর্ড সব সমস্যার মূলে। দরপত্র প্রক্রিয়া, কার্যাদেশ দেওয়া ইত্যাদি যাবতীয় কাজে তারা প্রচুর কালক্ষেপণ করে। ঠিকাদারদের কাজের বিল পরিশোধের ক্ষেত্রে তারা ব্যাপক হয়রানি করে, ঘুষ নেয়। মোট কথা, এই ঠিকাদারের বক্তব্য অনুযায়ী, পানি উন্নয়ন বোর্ডের কাছে ঠিকাদারেরা জিম্মি হয়ে আছেন।

ভীষণ ক্ষুব্ধ স্বরে প্রচুর কথা বললেন এই ঠিকাদার। বারবার কিছু খাওয়ার জন্য অনুরোধ করলেন, আমি হেসে বললাম, সব সাংবাদিক ঘুষ খায় না। কিন্তু এক কাপ কফি খেলাম। তিনি বললেন, ‘আমরাও তো মানুষ, এই সমাজেই বাস করি। আমাদের পরিবার-পরিজন আছে। ছেলেমেয়ে আছে। তারা ইশকুলে যায়। ধরেন, ইশকুলে আমার মেয়েকে তার বান্ধবী বলল, তোর বাবা তো দুর্নীতিবাজ, আমাদের মেয়ের তখন কেমন লাগবে? সুনামগঞ্জ ছোট্ট শহর, এইখানে আমরা সবাই সবাইকে চিনি। আজ সাংবাদিকেরা আমাদের বিরুদ্ধে এমনভাবে উঠেপড়ে লেগেছে যে সমাজে আমাদের মুখ দেখানোর জায়গা নাই! বিরাট সামাজিক সমস্যার মধ্যে পড়ে গেছি আমরা।’

পানি উন্নয়ন বোর্ডের অফিসে গিয়ে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের কণ্ঠেও একই কথা শুনতে পেলাম: তাঁরাও সমাজে মুখ দেখাতে পারছেন না। সবাই তাঁদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে। কিন্তু তাঁদের কোনো অপরাধ নেই, তাঁরা বললেন, সংবাদমাধ্যম তাঁদের ‘অন্যায়ভাবে ভিক্টিমাইজ’ করছে। তিনজন উপসহকারী প্রকৌশলীর প্রত্যেকেই বললেন, তাঁরা বাঁধ মেরামতের কাজ নিয়মিত মনিটর করেছেন, পাউবো আন্তরিকতার সঙ্গেই কাজ করেছে।

‘তাহলে আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সত্য নয়?’

দৃঢ় কণ্ঠে একজন বললেন, ‘না। পুরাপুরি ভিত্তিহীন। দুর্নীতি করার সুযোগ নাই।’

আরেকজন বললেন, ‘আমরা দুর্নীতি করছি না কী করছি, সব আল্লাহ দেখেছে। আল্লাহ বিচার করবে।’

‘তাহলে দুর্নীতি করেছে কে? আপনাদের বড় কর্তারা?’

‘না। দুর্নীতি হয় নাই।’

‘তাহলে এই মহাবিপর্যয়ের জন্য কেউই দায়ী নয়?’

একজন উপসহকারী প্রকৌশলী বললেন, ‘এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। হঠাৎ করে চলে এসেছে।’

আরেকজন বললেন, ‘শতভাগ বাঁধের কাজ হলেও ধান বাঁচত না। কারণ, বাঁধের উচ্চতা সাড়ে ছয় মিটার, আর পানি এসেছে সাড়ে আট মিটারের বেশি উঁচু হয়ে।’

সাংবাদিকেরা যখন কোনো ব্যক্তি বা পেশাজীবী গোষ্ঠীর বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ পান, তখন তাঁরা অভিযুক্ত ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য নিতে গেলে যে কথাটা সবচেয়ে বেশি শুনতে পান, তা হলো ‘অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন।’ সুনামগঞ্জের সাধারণ মানুষ কিংবা ওয়াকিবহাল নাগরিক সমাজের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন নয় সত্য, তা নির্ণয় করার সাধ্য সাংবাদিকদের নেই। এ জন্য দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের দ্বারা অভিযোগগুলোর তদন্ত হওয়া দরকার। দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে বলে শোনা যাচ্ছে। তারা কাজটা দক্ষভাবে ও সততার সঙ্গে করুক, তারপর দেশবাসীকে জানাক প্রকৃতপক্ষে কী ঘটেছে, এই ব্যাপক ফসলহানির জন্য কোনো মানুষ দায়ী, নাকি শুধু প্রকৃতিই দায়ী।

সে পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা সামাজিক বিড়ম্বনা থেকে মুক্ত থাকতে পারবেন িক না, সেটাও একটা প্রশ্ন।

মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]