>প্রথম আলোর ছাপা ও অনলাইন সংস্করণে নিয়মিতভাবে পাঠকেরা বিভিন্ন সংবাদ ও মতামতের ওপর মন্তব্য করেন। এ সপ্তাহের কিছু নির্বাচিত মন্তব্য আজ প্রকাশিত হলো।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | মার্চ ২৫

সংবাদ: ২০ মার্চ রাত সোয়া ১০টা। কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন কাজ সেরে সবে বাড়ি ফিরেছেন। এত রাতেও মেয়েটা ফেরেনি। কখনো এমন হয় না। ইয়ার হোসেন খুঁজতে বেরোলেন। তাঁকে বেশি দূর যেতে হয়নি। বাড়ির কাছেই কালভার্টের পাশে প্রথমে পাওয়া গেল মেয়ের এক পাটি জুতা, তারপর লাশ।
বিপ্লব
মেয়ে তো সবার ঘরেই আছে, সেই আদরের মেয়ে যদি এই রকম নির্মমতার শিকার হয়, তাহলে মা-বাবা, ভাইবোন হিসেবে আপনাদের কেমন লাগবে? আমাদের দেশে আইন আছে কিন্তু বিচার নেই। সবলের জন্য বিচার, আর দুর্বলের জন্য অবিচার! তবে এই ঘটনার বিচার না হলে, আমাদের মেয়েদের অবস্থা আরও করুণ হবে!
মঞ্জুর
এ ধরনের ঘটনা ঘটে, আমরা কিছুদিন আহা, উহু করি, তারপর সব ভুলে যাই, নতুন কোনো ঘটনা বা দুর্ঘটনা আমাদের মনোযোগ কেড়ে নেয়। এই দেশে ত্বকী হত্যার বিচার হয়নি, সোহাগী হত্যারও বিচার হবে না, এটাই নিয়তি।
শাওন
সামাজিক অবক্ষয়, সরকারের অকার্যকারিতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অসততা দেশকে এ পর্যায়ে ঠেলে দিয়েছে। একজন সোহাগী না, এভাবে চলতে থাকলে হাজারটা সোহাগীর দেশে পরিণত হতে আর বাকি নেই। প্রতিটি এলাকাতে রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় উঠতি বয়সী ছেলেরা অপরাধ করে চলেছে। এরা পড়ালেখা, কাজকর্ম কিছুতে নেই। ছিঁচকে ছিনতাই, চাঁদাবাজি, মাদক নিয়ে ব্যস্ত থাকে। যে কয়টা ঘটনা পত্রিকায় আসে, সেগুলো নিয়ে আমরা সর্বোচ্চ দুঃখ প্রকাশ করি আর বাকিগুলো আড়ালেই থেকে যায়। ঘটনার মূলে কি কেউ হাত দেবেন?
আবদুল্লাহ আর জাহেদি
প্রত্যেক ধর্ষকই কোনো না কোনো পরিবারের সদস্য। ধর্ষককে ভাই বা সন্তান হিসেবে না দেখে ধর্ষক হিসেবে দেখুন। তাকে আইনের হাতে তুলে দিন। বিচারের ব্যাপারে সহায়তা করুন। বাচ্চাদের ছোটবেলা থেকেই নৈতিকতা শিক্ষা দিন। তাহলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্মকে আর ধর্ষণের প্রতিবাদ করতে হবে না।