'দেশে তৈরি' জঙ্গিদেরও দমন করা যাচ্ছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য
হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য

পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেছেন, ‘গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় প্রাণঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটিয়েছে জেএমবি বা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ।’
এ তথ্য দিয়ে তিনি সম্ভবত এটাই বোঝাতে চাইছেন যে কোনো বিদেশি নয়, দেশীয় জঙ্গিরাই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। জঙ্গি বিদেশি হোক আর দেশি, তাদের নিশানা প্রায় অব্যর্থ। তারা প্রথমে ঝাঁপিয়ে পড়ল ব্লগার ও স্বাধীন চিন্তার মানুষের ওপর। এরপর নিশানা করল ভিন্নমত ও ধর্মের মানুষকে। এখন প্রধানত বিদেশিরাই টার্গেট। আইজিপি বলেছেন, এসব জেএমবির কাজ। আর জেএমবি বলছে, তারা আইএস বা আইসিসের অনুসারী। সে ক্ষেত্রে দেশি-বিদেশি জঙ্গির মধ্যে তেমন ফারাক থাকে কি? মার্কিন যুক্তরাষ্ট্র এত দিন বাংলাদেশে আইএস আছে বলেই প্রচার করে আসছিল। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সর্বশেষ সফরে এসে বললেন, দেশি জঙ্গিদের সঙ্গে বাইরের যোগাযোগ আছে। অর্থাৎ আইএস আছে সে কথা সরাসরি বলেননি। এতে সরকারের নীতিনির্ধারকেরা কিছুটা স্বস্তি বোধ করলেও জনগণের মধ্যে যে প্রচণ্ড ভীতি ও শঙ্কা দেখা দিয়েছে, তার উপশম হবে না।
জেএমবি বলি, হুজিবি (হরকাতুল জিহাদ বাংলাদেশ) কিংবা আনসারুল্লাহ বাংলা টিম বা পরিবর্তিত আনসার আল ইসলাম বলি, সব রসুনের গোড়া এক। তাদের চেহারা বা পোশাক দিয়ে দেশি-বিদেশি চরিত্র নির্ণয় করা যাবে না। একুশে আগস্টের গ্রেনেড হামলার দায়ে যাঁদের বিচার হচ্ছে, তাঁরা সবাই এ দেশের নাগরিক। কিন্তু সেদিনের সেই নারকীয় যজ্ঞ ঘটাতে বিদেশি জঙ্গিরাও সহযোগিতা করেছে। সেদিন জঙ্গিরা যেসব গ্রেনেড ব্যবহার করেছে, তাও বাংলাদেশেই তৈরি। এ প্রসঙ্গে আমরা জেএমবি ও হুজিবির উৎসটাও জেনে নিতে পারি। জেএমবির একসময়ের নেতা ছিলেন আফগান-ফেরত শায়খ আবদুর রহমান, তাঁর শিষ্য সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই বিএনপির আমলে ভয়ংকর জঙ্গি হিসেবে আবির্ভূত হন। তাঁরা রাজশাহীর হামিরকুৎসা নামক স্থানে নির্যাতন কেন্দ্র বানিয়েছিলেন। জঙ্গিদের উত্থানে তৎকালীন সরকারের কোনো কোনো মহলের মদদ ছিল—এ কথা যেমন সত্য, তেমনি অসত্য নয় দেশের ভেতরে ও বাইরের চাপে বিএনপির সরকারই ছয়জন দুর্ধর্ষ জঙ্গিকে ধরে বিচার করেছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। জেএমবির সাংগঠনিক শক্তি ও তৎপরতাও কমে গিয়েছিল। সেই জেএমবি যদি ফের ভয়ংকররূপে আবির্ভূত হয়, তাহলে গত সাড়ে সাত বছরে আওয়ামী লীগ সরকারের জঙ্গিবিরোধী অভিযান কি নিষ্ফল প্রমাণিত হয় না?
গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত প্রধান খবরে বলা হয় ‘সরকারের অনুমোদন মিলছে না বলে প্রায় দুই বছর ধরে ঝুলে আছে নিষিদ্ধঘোষিত তিনটি জঙ্গি সংগঠনের শীর্ষ তিন নেতার বিচার। ওই তিন নেতা হলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানী, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান মাওলানা সাইদুর রহমান ও হিযবুত তাহ্রীরের মহিউদ্দিন আহমেদ। তিন জঙ্গিনেতার বিরুদ্ধে তিনটি মামলা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছে। এ আইন অনুযায়ী সরকারের অনুমোদন ছাড়া কোনো অভিযোগ আমলে নিতে পারেন না কোনো আদালত। ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে এসব মামলার বিচার শুরুর অনুমোদন দিতে সরকারের আইন মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু জবাব আসেনি। জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমান ও আনসারুল্লাহর প্রধান জসিম উদ্দিন রাহমানী কারাগারে আছেন। আর হিযবুত তাহ্রীরের মহিউদ্দিন আহমেদ বর্তমানে জামিনে মুক্ত।’ (প্রথম আলো, ১২ জুলাই ২০১৬)
একই দিনে আরেকটি খবর: বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চট্টগ্রামে ১৩০টি মামলা ঝুলে আছে। এ পর্যন্ত এ আইনে দায়ের হওয়া একটি মামলাও নিষ্পত্তি হয়নি। আইনজীবীরা বলছেন, মামলাগুলো ঝুলে থাকার কারণ রাষ্ট্রপক্ষের গাফিলতি। তবে রাষ্ট্রপক্ষ বলেছে, সাক্ষী হাজির না করায় মামলাগুলো এগোচ্ছে না। ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইন পাস হওয়ার পর রাজধানীর ৪০টি থানায় মোট ৩৬৫টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৫০টি মামলা হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও হিযবুত তাহ্রীরের বিরুদ্ধে। এসব মামলায় জেএমবির ১৫৩ ও হিযবুত তাহ্রীরের ২১৫ জনকে আসামি করা হয়েছে। তাহলে এই প্রশ্ন করা কি অন্যায় হবে যে সরষের ভেতরেই ভূত আছে। সরকার বা প্রশাসনের ভেতরে এমন কেউ কেউ আছেন, যাঁরা চান না জঙ্গিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ঠিকমতো চলুক বা অপরাধীদের বিচার হোক। সরকারের মন্ত্রী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কর্মকর্তারা হরহামেশা বলে বেড়াচ্ছেন, বিএনপি-জামায়াতই জঙ্গিদের মদদ দিচ্ছে। মদদ দিলে ধরুন। কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো দিনের পর দিন ঝুলিয়ে রাখার কী যুক্তি থাকতে পারে? প্রথম আলোয় খবর প্রকাশিত হওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক দু-তিন দিনের মধ্যে তিন জঙ্গিনেতার মামলার বিচারের অনুমতি মিলবে বলে জানিয়েছেন।
আইজিপি গুলশান ও শোলাকিয়ার ঘটনাকে একই গোষ্ঠীর কাজ বলে দাবি করলেও দুই হামলার চরিত্র, মাত্রা ও ধরন আলাদা। গুলশানে হলি আর্টিজান বেকারিতে যাঁরা হামলা করেছেন, তাঁরা উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এবং মৃত্যু অনিবার্য জেনেই তাঁরা অভিযানে নেমেছেন। কেউ পালানোর চেষ্টা করেননি। অন্যদিকে শোলাকিয়ার বোমা হামলাকারীরা ছিলেন তুলনামূলক আনাড়ি। পুলিশের পাল্টা আক্রমণের মুখে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ পালিয়েও গেছেন। তাই শোলাকিয়ার ঘটনায় এক বা একাধিক উচ্চশিক্ষিত তরুণ অংশ নিয়েছেন, এই যুক্তিতে দুটি হামলা একই সংগঠনের কাজ বলে উপসংহার টানা যায় না। আবার তাঁদের পরস্পরের মধ্যে যোগাযোগ নেই, সে কথাও বলা যাবে না। এঁদের মধ্যে কায়িক সম্পর্ক বা প্রত্যক্ষ যোগাযোগ না থাকলেও চিন্তা বা দর্শনগত মিল রয়েছে।
মাদারীপুরে কলেজশিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে আনসার আল ইসলাম (আগের নাম আনসারুল্লাহ বাংলা টিম) নামের জঙ্গি সংগঠনটি জড়িত বলে পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এই সংগঠনের সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত খালেদ সাইফুল্লাহকে সরকার আটক করেছে। অর্থাৎ তারাও সক্রিয়।
তবে দেশের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন হুজিবি। একুশে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা, উদীচীর সম্মেলন, ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান, সিপিবির সমাবেশসহ ডজন ডজন সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে এই সংগঠনটি ও তার নেতা মুফতি আবদুল হান্নান জড়িত বলে তথ্য–প্রমাণ পাওয়া যাচ্ছে। হুজিবির নেতা বর্তমানে বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার দায়ে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন।
প্রশ্ন হলো, জঙ্গিগোষ্ঠীর প্রতি আওয়ামী লীগ সরকার কঠোর অবস্থান নেওয়ার পরও তারা এতটা দানবীয়রূপে আবির্ভূত হলো কীভাবে? দুর্বলতা বা ঘাটতিটা কোথায়? গত সাড়ে সাত বছরে জঙ্গিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফল অভিযান এবং বহু জঙ্গিকে কারাগারে আটক রাখার কৃতিত্ব দাবি করে সরকার। তারপরও এত জঙ্গি? এত হামলা? এত মানুষ খুন? সরকারের নীতিনির্ধারকেরা দেশে-বিদেশে এই ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশকে জঙ্গিমুক্ত করতে হলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার প্রয়োজন আছে। দেশের প্রতিটি শান্তিকামী মানুষই জঙ্গিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। কিন্তু জঙ্গিরা আরও বেশি হিংস্রতা নিয়ে, আরও বেশি পরিকল্পিতভাবে নিরীহ ও সাধারণ মানুষকে হত্যা করছে। অথচ সরকার খুব কম ক্ষেত্রেই এই দানবদের পাকড়াও করতে পারছে। কোনো কোনো ক্ষেত্রে হামলাকারী জঙ্গি ধরা পড়লেও তাঁদের নেপথ্যে যাঁরা কলকাঠি নাড়ছেন, সরকার তাঁদের ধরতে পারছে না। যাঁদের ধরছে, তাঁরাও নানা কৌশলে জেলখানা থেকে বেরিয়ে আসছেন। অনেকে জেলখানায় বসেও বাইরের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এসব কীভাবে সম্ভব হচ্ছে?
সরকারের মন্ত্রীরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা একদিকে বলছেন বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা, তার পেছনে দেশি-বিদেশি মদদ আছে; অন্যদিকে বলছেন বাংলাদেশের জঙ্গিরা ‘হোমগ্রোন।’ এখানেই তৈরি, বাইরে থেকে আসেনি। বাংলাদেশে আল-কায়েদা বা আইএস নেই। বাংলাদেশে আইএস বা আল-কায়েদা নেই—এসব কথা সত্য হলে দেশবাসীর আশ্বস্ত হওয়ার কথা। কিন্তু তারা আশ্বস্ত হতে পারছে না। নিরাপত্তাহীনতায় ভুগছে।
জেএমবি বা হুজিবি শুরু থেকে মাদ্রাসায় পড়া, গ্রামের গরিব ঘরের ছেলেদের দলে টানত। কখনো কখনো মৌলবাদী জামায়াতে ইসলামী কিংবা শিবির থেকে ছিটকে পড়া কর্মীরাও আকৃষ্ট হতেন তাদের তথাকথিত জিহাদে। এখন বিত্তবান পরিবারের উচ্চশিক্ষিত সন্তানেরা আসছেন। এ কারণেই ভয়টা বেশি।
১৯৯১-২০০৫ সাল পর্যন্ত জেএমবি বা হুজিবি যেসব অভিযান, হামলা ও কার্যক্রম পরিচালনা করেছে তার মধ্যে ‘হোমগ্রোন’ চরিত্র পুরো মাত্রায় থাকলেও গুলশানের সন্ত্রাসী হামলাকে সেই সংজ্ঞায় ফেলা কঠিন। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় শিক্ষিত এবং উচ্চ বা উচ্চমধ্যবিত্ত পরিবারের সন্তান।
আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে শক্তিধর দেশগুলো জঙ্গিবাদের শক্তি সম্পর্কে যেমন ধারণা করতে পারেনি, দেশীয় প্রেক্ষাপটে আমাদের সরকারও এর ভয়াবহতা আঁচ করতে ব্যর্থ হয়েছে। বিষয়টিকে সংকীর্ণ রাজনৈতিক বৃত্তে টেনে আনায় পরিস্থিতি আরও জটিল ও কঠিন হয়েছে। এ কথার অর্থ এই নয় যে কোনো রাজনৈতিক দলে জঙ্গি থাকলে তাকে মাফ করে দেওয়া হবে। মাফ কাউকে করা যাবে না। সব অপরাধীর শাস্তি হতে হবে। সেই সঙ্গে জঙ্গিদের দমনে সরকারকে নিতে হবে সঠিক পরিকল্পনা, নির্ভুল কৌশল ও অব্যর্থ অভিযান।
জঙ্গিবাদের উত্থান কিংবা টার্গেট করে মানুষ খুন করার বিষয়টি কেবল সরকার উৎখাত কিংবা উন্নয়ন ব্যাহত করার সংকীর্ণ দৃষ্টিতে দেখা যে বালুতে মুখ গুঁজে ঝড় থামানোর ব্যর্থ প্রয়াস, সে কথাটি সরকারের নীতিনির্ধারকেরা বুঝতে চাইছেন না। যখন বুঝবেন তখন হয়তো সর্বনাশের বাকি থাকবে না।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]