অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ২১০টি দেশ ও অঞ্চল থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে প্রকাশিত হলো।

৬ জানুয়ারি থেকে ২০-দলীয় জোটের লাগাতার অবরোধে দেশ অচল হয়ে পড়েছে। চলছে বাসে ও ট্রাকে পেট্রলবোমা হামলা। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে দগ্ধ মানুষের আহাজারিতে কান পাতা দায়। শুক্রবার রাতে যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ২৮ জন যাত্রী দগ্ধ হন। এ সংবাদে প্রথম আলোর অনলাইনের পাঠকেরা নানা মন্তব্য করেছেন। মো. মেহেদী হাসান নামের এক পাঠক মন্তব্য করেছেন, ‘এখন জনসাধারণের উচিত, আওয়ামী লীগ বা বিএনপির নেতা পেলেই গণধোলাই দেওয়া | ওরা আমাদের পুড়িয়ে মারবে, আমরা কিছু করতে পারব না। যাঁরা বিভিন্ন সরকারি জবাবদিহিমূলক পদ দখল করে আছেন, তাঁদের বলব, সাধারণ মানুষের কথা ভাবুন।’
এ খবরে রাজিব নামের আরেক পাঠকের মন্তব্য এ রকম: ‘যাঁরা এই পেট্রলবোমা ছুড়ছেন, তাঁদের বলছি, আপনারা কি মানুষ? আজ যদি আপনার ভাই, বোন, ছেলে, মেয়ে এভাবে দগ্ধ হতো, তাহলে কেমন লাগত আপনার? আমার অনুরোধ, আর একটি পেট্রলবোমা মারার আগে নিজের শরীরে আগুন লাগিয়ে দেখুন, কেমন লাগে, তার পর আপনার বিবেক যেটা বলবে সেটা করবেন।’ আবু ফোরকান নামের আরেক পাঠক এ খবরের পরিপ্রেক্ষিতে বলেছেন, ‘যারা পেট্রলবোমা মেরে নিরীহ লোকদের দগ্ধ করছে, তারা মানুষ নয়, পশু। এই পশুদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
এদিকে দেশব্যাপী চলমান নাশকতা, নৈরাজ্য ও সন্ত্রাস বন্ধের জন্য বিএনপি-জামায়াত জোটের প্রতি আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শহীদ মিনারে তারা এ লক্ষ্যে একটি সমাবেশও করেছে। এ খবরের পরিপ্রেক্ষিতে কয়েকজন পাঠকের মন্তব্য তুলে ধরা হলো। আবুযর গিফারি নামের এক পাঠক বলেছেন, ‘বেসম্ভব দলকানা বুদ্ধিজীবীর আমদানি হচ্ছে ইদানীং। এটা আন্দোলন না সন্ত্রাস মানলাম, কিন্তু এর দায় কার? বিএনপি আন্দোলন না করলে বলা হয় “মুরোদ” নাই, জনসভা করতে চাইলে বলা হয়, অনুমতি নাই, মিছিল করলে পুলিশকে বলা হয় “গুলি কর”, অবরোধ-হরতাল করলে বলা হয় সন্ত্রাস। করবেটা কী?’ রফিকুল ইসলাম নামের এক পাঠক বলেন, ‘যাঁরা এ সভায় ছিলেন, তাঁরা সবাই শিক্ষিত বিবেকবান মানুষ। প্রতিবাদের পাশাপাশি একবারও কেন বললেন না যে সরকারের উচিত আলোচনায় বসা এবং একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।’ নজরুল ইসলাম নামের আরেক পাঠক বলেন, ‘বিএনপির আন্দোলনে আমাদের আপত্তি নাই। আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিএনপি এখন যা করছে, এটা কোনো আন্দোলন নয়। এটা আন্দোলনের কোনো সংজ্ঞায়ই পড়ে না। এটা সন্ত্রাস...’
এদিকে সরকারের বিভিন্ন মন্ত্রী চলমান সহিংসতা বন্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে বর্তমান সরকারের ‘রাজনৈতিক অন্ত্যেষ্টিক্রিয়া’ সম্পন্ন হবে। এ নিয়ে অনলাইনে পাঠকেরা নানা মন্তব্য করেছেন। মুনতাহা নামের এক পাঠক বলেন, ‘ভাই, আপনাদের মানুষ পোড়ানোর আন্দোলন অলরেডি “রাজনৈতিক অন্ত্যেষ্টিক্রিয়া” হয়ে গেছে... মিথ্যাবাদী ও পলায়নপর রাজনীতিবিদেরা থামলে ভালো লাগে...।’ ফজলুর রহমান নামের এক পাঠকের মন্তব্য এ রকম: ‘গণতন্ত্র মুক্তি পাক। স্বৈরাচার নিপাত যাক।’ আনিসুর রহমান নামের এক পাঠক তর্ক-বিতর্কে না জাড়িয়ে পরামর্শ দিয়েছেন, ‘দেশের স্বার্থে আজেবাজে চিন্তা না করে সংলাপে বসার আয়োজন করুন।’
এদিকে আগামী সপ্তাহের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। যদিও এর কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা তাঁর কথায় ছিল না। এ সংবাদের পরিপ্রেক্ষিতে মনির খান নামের এক পাঠক বলেন, ‘তাড়াতাড়ি করেন। শীত চলে যাচ্ছে। আমার তো কক্সবাজার যাওয়া দরকার।’ এ টি এম মোসলেহ উদ্দিন নামের এক পাঠক এর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সরকারের মুখের ভাষা ও শারীরিক ভাষা দেখে জনগণ তো সংকট সমাধানের কোনো আশা পাচ্ছে না। আগের সপ্তাহেও আপনারা বলেছিলেন, আগামী সপ্তাহে সংকট সমাধান হয়ে যাবে! কিন্তু হলো না।’
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আগুনে দগ্ধ মানুষদের দেখতে গিয়ে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে সরকার দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর খবরের পরিপ্রেক্ষিতে মো. ইমরান হোসেন বলেন, “দেশে গৃহযুদ্ধের আভাস পাচ্ছি!!!”।
বাংলাদেশে রাজনৈতিক সংঘাত বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশন। সংস্থাটি সব রাজনৈতিক দলকে এখনই সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছে। এ খবরের পরিপ্রেক্ষিতে স্বাপ্নিক রায় নামের এক পাঠক মন্তব্য করেছেন এ রকম: ‘জাতিসংঘের উচিত আমাদের দেশের দুই দলকে চাপ দেওয়ার পাশাপাশি ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর জন্য কড়া ভাষায় বলা। কারণ, এ ভারতই বাংলাদেশের অবৈধ ৫ জানুয়ারির সরকারের জন্য বেশির ভাগ দায়ী।’ তপু নামের এক পাঠক স্বাপ্নিক রায়কে সমর্থন করে বলেছেন, ‘ভাই রায়, এত সঠিক একটি কথা বলেছেন যে আপনাকে সমর্থন করা ছাড়া আর কোনো উপায় নেই। ১০০% সমর্থন করলাম।’
সহিংসতার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে নাশকতাকারীদের গ্রেপ্তারে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযোগ উঠেছে, তারা বাড়ি বাড়ি তল্লাশির সময় সেখানে ভাঙচুর করেছে। ভীত-সন্ত্রস্ত জনগণকে সে এলাকা ছাড়তেও দেখা গেছে। এ খবরের পরিপ্রেক্ষিতে আবদুল কাদের নামের এক পাঠক মন্তব্য করেছেন, ‘যে হারে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে, অভিযান না চালিয়ে তো উপায় নেই। তবে খেয়াল রাখতে হবে যেন অসহায় মানুষ কষ্ট না পায়।’
টানা অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। আর সেই অর্থনীতির প্রান্তিক মানুষেরাই এর সবচেয়ে বড় ভুক্তভোগী। খবরে জানা গেছে, ন্যায্যমূল্য না পেয়ে যশোরের কৃষকেরা সবজির খেত ভেঙে ফেলছেন। এর বদলে তাঁরা ধান বা অন্য কৃষিজাত পণ্যের চাষ করছেন। এ সংবাদের পরিপ্রেক্ষিতে আবদুর রশিদ নামের এক পাঠক বলেন, ‘এখন মরুভূমিতেও সবজির চাষ শুরু হয়েছে। ফলনও ভালো। বাংলাদেশে এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে মরুর দেশ থেকে সবজি আমদানি করতে হবে। খুবই হতাশাজনক সংবাদ।’
এদিকে দেশের এই রাজনৈতিক সংকটের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২৫ জানুয়ারি তিন দিনের সফরে ভারতে আসছেন। এ সফর নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এ পরিপ্রেক্ষিতে সৈকত সরকার নামের এক পাঠক বলেছেন, ‘আমরা তাকিয়ে আছি। আশা করি সব ভালোই হবে।’