একটি ট্রাক। তার সামনে বেষ্টনী। ডানে বেষ্টনী। বাঁয়ে বেষ্টনী। মাঝখানে চালকের জন্য চারকোনা একটি ফুটো। গত ২৯ জানুয়ারি এমন একটি ছবি ছাপা হয়েছিল প্রথম আলোর প্রথম পাতায়। হোরেসের ভাষায়, ছবি হলো শব্দহীন জীবন্ত কবিতা। এই ছবিটাও তা-ই। দুর্বৃত্তদের হামলা থেকে বাঁচতে লোহার শিকের ‘নিরাপত্তাবেষ্টনী’ পরা ট্রাকের এই ছবিটিই এখন ১৬ কোটি মানুষের মনের ছবি।
গোটা বাংলাদেশ এখন কার্যত বার্ন ইউনিট। অবরুদ্ধ-আতঙ্কপুরীতে থাকতে থাকতে সবাই হাঁপিয়ে উঠেছে। সংঘাত থামার লক্ষণ নেই তার পরও।
১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর জীবন নিয়ে বিএনপি ছিনিমিনি খেলছে। বিপরীতে সরকার খালেদা জিয়াকে ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন রাখে। কার্যালয়ের বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন, কেব্ল নেটওয়ার্ক বন্ধ রাখে। নৌমন্ত্রী খালেদা জিয়ার ‘খাবার বন্ধে’র ঘোষণা দেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ‘ঘৃণার আগুন দিয়ে সহিংসতার জবাব দেব’ বলে হুমকি দেন। আর প্রতিবাদে বিএনপি দেয় ফের ‘অবিরাম হরতাল-অবরোধের হুমকি’।
এই শনির দশা কবে কাটবে, জানি না। কীভাবে কাটবে, তা-ও জানি না। জানি শুধু, আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। নিরাপদ লোহার ওই বেষ্টনী ট্রাক বা চালককে ককটেল-পেট্রলবোমা থেকে বাঁচার নিশ্চয়তা দিচ্ছে না। কিন্তু পথে নামার সাহস দিচ্ছে। স্বাভাবিক চলাচলের শক্তি দিচ্ছে। কম ক্ষয়ক্ষতির আশ্বাস দিচ্ছে। আমরাও এখন সেই শক্তি-সাহস-আশ্বাস খঁুজছি।
সমাজকল্যাণমন্ত্রীর ‘দেখামাত্র গুলির নির্দেশ’, প্রধানমন্ত্রীর ‘কঠিন ব্যবস্থা নিন, দায়িত্ব আমি নেব’, আইজিপির ‘যা যা করণীয়, তা-ই করেন’, রাষ্ট্রপতির ‘কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ’—এসবের কোনো কিছুই ‘মানুষ পোড়া’ ঠেকাতে পারছে না। রাস্তায় পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, আর্মি—সবাই নেমেছে। কিন্তু কেউ এসএসসি পরীক্ষার্থী বা অভিভাবকের মনে নিরাপত্তা বোধ জাগাতে পারছে না। তাই এসব প্রতিরক্ষামূলক বা প্রতিকারমূলক রাষ্ট্রীয় ব্যবস্থায় নির্ভরতা বাদ দিয়ে এখন ট্রাকের মতো আত্মরক্ষামূলক ‘নিরাপদ বেষ্টনী’ নেওয়ার সময় এসেছে। শুধু জননিরাপত্তা নয়, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, অর্থনীতি—প্রতিটি খাতে এমন স্বতন্ত্র ‘নিরাপদ বেষ্টনী’ নেওয়া যেতে পারে। হরতাল-অবরোধ যা-ই হোক, সবকিছু যাতে কম-বেশি সচল থাকে।
তুষারঝড়ে বাড়ির সামনে জমে থাকা তুষার স্তূপ না সরানোয় খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ২৯ জানুয়ারি ৫০ ডলার জরিমানা
করা হয়। যুক্তি, পথচারীর চলাচলে বিঘ্ন ঘটেছে (টাইমস অব ইন্ডিয়া)। হরতাল-অবরোধে দৈনিক আর্থিক ক্ষতি প্রায় ২ হাজার ২৭৮ কোটি টাকা, যা দৈনিক জিডিপির ৬১ দশমিক ৫৪ শতাংশ (সমকাল, ২৩ জানুয়ারি, ২০১৫)। সঙ্গে আছে অন্তহীন জনভোগান্তি। অথচ তার জন্য দায়ী রাজনীতিবিদদের এ দেশে জেল-জরিমানা দূরে থাক, ন্যূনতম জবাবদিহি পর্যন্ত নেই। ইকোনমিস্ট জানাচ্ছে, ‘আওয়ামী লীগের কাছ থেকে জবরদস্তি ক্ষমতা নিতে বিএনপি ২০১৮ সাল পর্যন্ত ধ্বংসাত্মক হরতালের কৌশল প্রয়োগ করতে পারে’ (৬ জানুয়ারি, ২০১৫)। তা-ই যদি হয়, এই ‘দায়মুক্ত’ ধ্বংসের হোলিখেলা চলবে আরও অনেক দিন। সে ক্ষেত্রে নিজেকে ও দেশকে বাঁচাতে ট্রাকের মতো ‘নিরাপত্তাবেষ্টনী’র বিকল্প কিছু কি আছে?
কথা হচ্ছে, হিংসা িদয়ে হিংসা রোখা যায় না। সবকিছুর ওপর যুক্তি–বুদ্ধি কাজ করুক, সেই প্রত্যাশায় তাকিয়ে রইলাম।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।