'নির্বাচিত' সরকার মানেই গণতান্ত্রিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দোলনের নামে হচ্ছে নাশকতা
আন্দোলনের নামে হচ্ছে নাশকতা

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে ‘বিতর্কিত’, ‘একতরফা’ বা ‘অংশগ্রহণমূলক নয়’ বলে যতই সমালোচনা করা হোক, বর্তমান সরকার নির্বাচিত কি না—এমন প্রশ্নের জবাবে ‘হ্যাঁ’ বলতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত এক বছর দেশ ও এর রাজনীতি যেভাবে চলল, তাতে বর্তমান সরকার বা সরকারব্যবস্থাকে ‘গণতান্ত্রিক’ বলা যাবে কি না। আরও একটু পেছনে ফিরলে, একানব্বইয়ের পর যেসব নির্বাচন ‘গ্রহণযোগ্য’ ‘অবাধ’ বা নিরপেক্ষ হিসেবে বিবেচিত হয়েছে, সেগুলোর মাধ্যমে গঠিত সরকারগুলোও কি গণতান্ত্রিক সরকারের মতো আচরণ করেছে? একটি নির্বাচন কি আসলেই গণতান্ত্রিক সরকারের নিশ্চয়তা দেয়?
এটা মানতেই হবে যে নির্বাচন ছাড়া গণতন্ত্রের কথা চিন্তাই করা যায় না। কিন্তু এটা বিশ্বাস করাও ভুল যে নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের মূল কথা। যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী অ্যাটর্নি ও বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাময়িকী ন্যাশনাল রিভিউর নিয়মিত কলাম লেখক এন্ড্রু সি ম্যাকার্থি এক কলামে লেখেন, ‘আজকের দুনিয়ায় আমরা এখনো গণতান্ত্রিক বৈধতা আর বৈধ গণতন্ত্রের মধ্যে পার্থক্যের বিষয়টি গুলিয়ে ফেলছি।’ তাঁর এই মন্তব্যকে বিবেচনায় নিয়ে ‘গণতান্ত্রিক বৈধতা’ ও ‘বৈধ গণতন্ত্রের’ মধ্যে পার্থক্য করলে আমরা বলতে পারি যে ৫ জানুয়ারির নির্বাচন একটি ‘গণতান্ত্রিক বৈধতার’ নির্বাচন। এর মধ্য দিয়ে ‘বৈধ গণতন্ত্র’ কায়েম হলো কি না, সেটা আসলে নির্ভর করে গণতান্ত্রিক সংস্কৃতি ও সরকারের (এমনকি বিরোধী দলেরও) গণতান্ত্রিক আচরণের ওপর। মহাত্মা গান্ধী বলেছিলেন, ‘আমার কাছে গণতন্ত্র হচ্ছে যেখানে সবচেয়ে দুর্বলতম ব্যক্তিও সবচেয়ে সবলের সমান সুযোগ পাবে।’ এই চাওয়াটা অনেক বড়, এক দিনে তা মেলে না, চর্চার মধ্য দিয়ে অর্জন করতে হয়। কিন্তু এসব নিশ্চিত করার পথে হাঁটাই হচ্ছে গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া। জনগণের স্বাধীনতা, সব নাগরিকের সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার চর্চার মধ্য দিয়েই শুধু এ পথে এগোনো সম্ভব। একানব্বই থেকে গণতন্ত্রের পথে আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে বলে যে হিসাব আমরা করি, এর পর থেকে এই চর্চা শুরু বা চলছে কি? বা গত এক বছর?
আপাতত গত এক বছরের হিসাব-নিকাশই হোক। ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী দলগুলো বয়কট করেছে। কারণ তারা মনে করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যে নির্বাচন করবে, তা অবাধ ও নিরপেক্ষ হবে না। আওয়ামী লীগ যে বিরোধী পক্ষকে নির্বাচনে আনতে পারল না বা তাদের প্রতি যে আস্থা রাখল না, সেটা আওয়ামী লীগেরই ব্যর্থতা। তারা ‘নির্বাচিত’ সরকারের দোহাই দিয়েছে, কিন্তু ‘গণতান্ত্রিক’ সরকারের মতো আচরণ করতে পারেনি। অন্যদিকে, নির্বাচন বর্জন করতে গিয়ে বিএনপি-জামায়াত জোট যে পথ নিয়েছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক ছিল না। তারা শুধু নির্বাচন বর্জনের ডাকই দেয়নি, ‘প্রতিহত’ করার ঘোষণা দিয়ে স্কুলে আগুন দেওয়া থেকে শুরু করে সংঘাত-সহিংসতা ও নাশকতা—সবই করেছে। ২০১৩ সালের ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত সহিংসতায় মারা গেছে মোট ১৪২ জন।
প্রতিদ্বন্দ্বিতাহীন (১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) নির্বাচনে বিরাট বিজয় নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সবকিছুর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে করতে কার্যত এক কর্তৃত্ববাদী সরকারে পরিণত হয়েছে। সরকারি দল মনে করে, বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি ছিল রাজনৈতিক ভুল। যদি তা হয়েও থাকে, সরকারকে কেন গণতন্ত্রের পথ ছেড়ে কর্তৃত্ববাদী হয়ে উঠতে হচ্ছে? ‘ভুল’ করা দলটির নেতাকে সমাবেশ করতে না দিয়ে বা ‘অবরুদ্ধ’ রেখে ‘নির্বাচিত’ সরকার কেন গণতন্ত্রের পথ থেকে সরে আসছে? ‘নাশকতার’ আশঙ্কায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকারি দলের লোকজনকে মাঠে নামার ও থাকার সুযোগ দিলে তাকে আর যা-ই হোক, কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হিসেবে বিবেচনা করা যায় না। এখন বিএনপির লোকজন যদি যুক্তি দেয়, তাদের নেতা–কর্মীদের যেভাবে আটক করা হচ্ছে, মামলায় জড়ানো হচ্ছে, মিছিল–সমাবেশ করার অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে, তাতে নাশকতা ছাড়া তাদের সামনে পথ কী?
একদিকে সরকার যেমন কর্তৃত্ববাদী হয়ে উঠছে, তেমনি বিরোধী রাজনৈতিক পক্ষও দিনে দিনে শক্তিহীন হয়ে পড়ছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘আটক’ বা ‘অবরুদ্ধ’ করার ঘটনাও বিএনপির কর্মী বা সমর্থকদের মাঠে নামাতে পারেনি। আর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে বসে কর্মীদের নির্দেশ দিয়েছেন, ‘শেখ হাসিনার পদত্যাগ ছাড়া ঘরে ফেরা নয়।’ বিএনপির কেউ তো বাইরেই নেই, ঘরে ফেরার প্রশ্ন আসে কোথা থেকে! প্রথম আলোর অনলাইন সংস্করণে লন্ডনে দেওয়া তারেক জিয়ার এই বক্তব্যের খবরে উল্লেখযোগ্যসংখ্যক পাঠক-প্রতিক্রিয়া পাওয়া গেছে। পাঠকেরা যে মন্তব্য করেন, তাতে জনমতের একটি প্রতিফলন পাওয়া যায়। এতে তারেক জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো আলো খুঁজে পাওয়া কঠিন। তাঁর ডাকে আন্দোলন তো দূরে থাক, মনে হচ্ছে তিনি এখন দলের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছেন।
কিছু নির্বাচিত মন্তব্য তুলে ধরছি পাঠকদের প্রতিক্রিয়া বোঝার জন্য: ‘আরামে লন্ডনে থেকে দেশের মানুষদের “ঝাঁপিয়ে” পড়তে বলা খুবই সহজ। পারলে দেশে এসে বলেন, “ত্যাগী” নেতা হও।’ ‘তারেক রহমান আওয়ামী লীগের জন্য আশীর্বাদস্বরূপ। বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক একটাই যথেষ্ট।’ ‘জনাব তারেক, আপনি বিতর্কিত হয়ে গেছেন! তবু আমরা বাংলাদেশের জনগণ দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাব। স্বৈরাচারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েই যাব। আমরা কেন আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই।’ ‘জনাব তারেক রহমান, আপনি মহা তবিয়তে লন্ডনে বসে থাকেন আর আমরা সাধারণ মানুষ রাস্তায় মরে, নিজের জীবন দিয়ে আপনাকে ক্ষমতায় আনি!’ এ ধরনের অসংখ্য মন্তব্য দেখে একজন পাঠক লিখেছেন, ‘তারেকের প্রতি মন্তব্যকারীদের যত ক্ষোভ, বিএনপির প্রতি তত নয়।’
বোঝা যাচ্ছে ঢাকায় খালেদা, লন্ডনে তারেক রহমান আর সরকারের ভয়ে গা-ঢাকা দেওয়া কিছু নেতার কম্বিনেশনে বিএনপি এখন যেভাবে চলছে, তাতে আন্দোলনের নামে কিছু নাশকতা (রাজশাহীতে পুলিশের ওপর হামলা ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা আবার শুরু হয়েছে) হতে পারে, কিন্তু গণ-আন্দোলন গড়ে তোলার সামর্থ্য দলটির নেই। আবার অবস্থা বিবেচনায় নিয়ে দলে পরিবর্তন ও বা দল গোছানোর কোনো উদ্যোগও নেই। ফলে ক্ষমতাসীন সরকারের আরও কর্তৃত্ববাদী হয়ে ওঠার পরিস্থিতিই বিরাজ করছে। গণতন্ত্রের এ ধরনের দুর্বল পরিস্থিতির (সরকারের কর্তৃত্ববাদী হয়ে ওঠা ও বিরোধী পক্ষের গণ-আন্দোলন করার শক্তি না থাকা) বিপদ হচ্ছে গণ-আন্দোলনের পথ ছেড়ে বিরোধী রাজনৈতিক শক্তির সহিংসতা বা নাশকতার পথ ধরার আশঙ্কা। রাজনীতির অশুভ শক্তি ও চরমপন্থার বিকাশের জন্যও এ ধরনের পরিস্থিতি খুবই উর্বর হিসেবে বিবেচিত। বর্তমান দুর্বল গণতান্ত্রিক পরিস্থিতি তাই সামনের দিনগুলোর বিপদের আশঙ্কাকেই জোরালো করছে।
ভারতের প্রভাবশালী থিংক ট্যাংক ‘স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্রুপ’-এর প্রধান সন্দীপ ওয়াসলেকার এ ধরনের পরিস্থিতিতে চরমপন্থার বিকাশের বিপদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। নব্বইয়ের দশকের শেষে বাংলাদেশে চরমপন্থার উত্থান প্রসঙ্গেও তিনি তার বিশ্লেষণ দিয়েছেন। ‘ইসলামি ও বাম আদর্শ—এ দুই ধরনের চরমপন্থী গোষ্ঠীই বাংলাদেশে রয়েছে। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নব্বইয়ের দশকের শেষের দিকে প্রধান রাজনৈতিক নেতৃত্বের অব্যাহত চরম অন্তর্দ্বন্দ্বের সুযোগে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই সুযোগে তারা সংগঠিত হওয়ার সুযোগ পায়। বাংলাদেশের এই পরিস্থিতি নেপালের মতোই। ১৯৯১ সাল পর্যন্ত বাংলাদেশে কোনো না কোনোভাবে স্বৈরাচারী শাসন কায়েম ছিল। ১৯৯১ সালে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হওয়ার পর আশা করা হয়েছিল, সমাজে যাঁদের কোনো ভাষ্য নেই, তাঁরা অন্তত তাঁদের চাওয়া-পাওয়ার বিষয়গুলো তুলে ধরতে পারবেন। কিন্তু ক্ষমতাসীনেরা গোষ্ঠীবাদী পুঁজিবাদীদের সঙ্গে মিলেমিশে শুধু রাজধানী অঞ্চলের উন্নয়নে মনোনিবেশ করে। আবার রাজনৈতিক নেতৃত্ব একে অপরের সঙ্গে এমন তিক্ত লড়াই শুরু করে যে প্রতিষ্ঠান হিসেবে গণতন্ত্র চরমভাবে কলঙ্কিত হয়। এতে যে শূন্যতা সৃষ্টি হয়, তা দ্রুতই পূরণ করে ফেলে চরমপন্থীরা। নেপালের ক্ষেত্রে মাওবাদীরা সেই স্থান দখল করে। আর বাংলাদেশের ক্ষেত্রে ধর্মীয় ডানপন্থীরা ও কট্টর বামপন্থীরা সেই স্থান নেয়।...ফলাফল হচ্ছে, নেপালের রাজনৈতিক দলগুলোকে মাওবাদীদের সঙ্গে একটি বন্দোবস্তে আসতে হয়। আর বাংলাদেশি রাজনৈতিক দলগুলোকে ইসলামি চরমপন্থীদের তোয়াজ করতে হচ্ছে।’ (অ্যান ইনক্লুসিভ ওয়ার্ল্ড ইন হুইচ দ্য ওয়েস্ট, ইসলাম অ্যান্ড দ্য রেস্ট হ্যাভ আ স্টেক, ২০০৭)
সন্দীপ ওয়াসলেকার যে সময়ের কথা বলেছেন, তার পর অনেক সময় গেছে, পরিস্থিতিও পাল্টেছে। কিন্তু যে গণতন্ত্র অংশগ্রহণমূলক নয়, যেখানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড ও ক্ষোভ-বিক্ষোভ প্রকাশের পথ বন্ধ করার কৌশল নেওয়া হয়। যেখানে গণতন্ত্র ধীরে ধীরে কর্তৃত্ববাদের দিকে এগোয়, বিরোধী পক্ষ যেখানে আন্দোলনের নামে নাশকতায় নামে, সেই স্থানটি যেকোনো ধরনের চরমপন্থা বিকাশের জন্যই এক উর্বর ভূমি হিসেবে কাজ করে।
‘নির্বাচিত সরকার’ গণতান্ত্রিক হয়ে না উঠলে বা বিরোধী রাজনৈতিক শক্তি নাশকতার কৌশল বাদ দিয়ে গণ–আন্দোলন গড়ে তোলার শক্তি অর্জন না করলে সামনের দিনগুলোতে এসব বিপদই আমাদের জন্য অপেক্ষা করছে।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]