'নিয়ন্ত্রণহীন উন্নয়ন টেকসই হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেপরোয়া চলাচলের ফল হচ্ছে এমন দুর্ঘটনা
বেপরোয়া চলাচলের ফল হচ্ছে এমন দুর্ঘটনা

সড়ক ও মহাসড়কের নানা উন্নয়নের খবর আমরা নিয়মিত পাই। সড়ক-মহাসড়কে লেন বাড়ছে। দুই লেনের রাস্তা চার লেন হয়েছে ও হচ্ছে। যান চলাচলে শৃঙ্খলা আনতে নানা নিয়মকানুন চালুর উদ্যোগের কথাও শোনা যায়। কিন্তু পরিস্থিতি কি বদলাচ্ছে? মহাসড়কে যানজটের দুর্ভোগ বা বিশৃঙ্খলা কি কিছু কমছে, নাকি দুর্ঘটনার প্রবণতা? সেপ্টেম্বরে কোরবানি ঈদের আগে-পরে যা ঘটল, তাতে অবশ্য একটি শোচনীয় চিত্রই আমাদের সামনে ভেসে উঠল।
আমরা দেখলাম, ঈদের আগে যানজটের দুর্ভোগ দিয়ে যে সূচনা ঘটল, তা যেন পরিণতি পেল ভয়াবহ বিভিন্ন দুর্ঘটনা ও দেড় শতাধিকপ্রাণহানির মধ্য দিয়ে। যখন যানজট তখন যানবাহন চলতেই পারে না, আর যখন যানজট ছোটে তখন বেপরোয়া ছুটে চলা, আর দুর্ঘটনা। দেশের যোগাযোগ, পরিবহন ব্যবস্থা ও এর ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর রাখার চেষ্টা করি। এসব নিয়ে যাঁরা বিভিন্ন পর্যায়ে কাজ করেন তেমন বিশেষজ্ঞদের মতামত ও অবস্থান জানারও চেষ্টা করি। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. সামছুল হকের সঙ্গে দেশের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার নানা দিক ও সমস্যা নিয়ে কথা বলেছি। যুক্তরাজ্যের সাউদার্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিবহন প্রকৌশলে পিএইচডি করেছেন। তিনি অনেক সময় দিয়েছেন। তাঁর সঙ্গে আলাপ করে যা বুঝলাম, মূলত সেটাই এই লেখার ভিত্তি।

আমাদের দেশে দুই ঈদের সময় যে পরিস্থিতি তৈরি হয়, তা স্বাভাবিক কোনো বিষয় নয়। একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ মানুষ রাজধানী ছেড়ে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং এতে যে মাত্রায় বাড়তি চাপ তৈরি হয়, তা সামাল দেওয়ার কাজটি সহজ নয়। যাত্রী কল্যাণ সমিতির এক হিসাব অনুযায়ী, কোরবানির ঈদের সময় অন্তত ৮০ হাজার যানবাহন ঢাকায় প্রবেশ করে কোরবানির পশু নিয়ে। এ সময় বাস বা এ ধরনের বড় বাহনের বাইরেও প্রতিদিন অন্তত ৭০ হাজার প্রাইভেট বাহন ঢাকা ছাড়ে। সাধারণ সময়ে যা ২০ হাজারের কাছাকাছি। এ ধরনের পরিস্থিতি বিশ্বের অনেক দেশেই নানা উৎসবকে কেন্দ্র করে তৈরি হয়। ফলে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার পথ বা পদ্ধতিও নিশ্চয়ই রয়েছে।

সামছুল হক বললেন, ঈদের সময় আমাদের দেশে যে চাপ তৈরি হয়, তা স্বাভাবিক পরিস্থিতি নয়। এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার পথ হচ্ছে চাপকে ছড়িয়ে দেওয়া। যেমন বিভিন্ন প্রতিষ্ঠান ধাপে ধাপে ছুটি দেওয়া। আর পরিবহনের সব মাধ্যমকে একটি পরিকল্পনার আওতায় কাজে লাগানো। মানে সড়ক, রেল, নৌ ও বিমানপথের সর্বোচ্চ ক্ষমতাকে কাজে লাগানো। আমাদের দেশে দেখা যায়, এসব পাবলিক পরিবহনের চাপ বাড়ায় অনেকে এখন ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকা ছাড়েন। ফলে সমস্যাটি হোলসেল থেকে রিটেইলে পরিণত হয়। এটা বড় সমস্যা। অবকাঠামো বাড়ছে যে হারে, তার চেয়ে অনেক বেশি হারে গাড়ি বাড়ছে।

বোঝা গেল আমাদের যে ‘উন্নয়ন’ হচ্ছে বা অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, এর মধ্যে সামগ্রিক পরিকল্পনার ব্যাপারটি নেই। সামগ্রিক পরিকল্পনা বিবেচনায় নিয়ে কিছু করতে গেলে যে তথ্য-উপাত্ত বা পরিসংখ্যান লাগে এবং বিবেচনায় নিতে হয়, তা আমাদের নেই। অথবা এগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না। পরিবহন সমস্যা হোক বা অন্য যেকোনো সমস্যাই হোক, তা মোকাবিলার জন্য হিসাব-নিকাশ ও তথ্য-উপাত্ত খুবই দরকারি জিনিস। রোগীর চিকিৎসার জন্য রক্ত পরীক্ষা, ইসিজি বা অন্য পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। এ ছাড়া ডাক্তারের পক্ষে চিকিৎসা করা কঠিন।

যোগাযোগ বা পরিবহন-সংক্রান্ত সমস্যাগুলো আমরা মোকাবিলার চেষ্টা করছি ছাড়া ছাড়াভাবে এবং কোনো ধরনের তথ্য-উপাত্ত বিবেচনায় না নিয়েই। ‘সড়কপথে কত যাত্রী চলাচল করে, নৌপথে কতজন বা রেলপথের ওপর কত যাত্রী নির্ভরশীল—এমন কোনো সঠিক ও বিজ্ঞানভিত্তিক পরিসংখ্যান বা তথ্য-উপাত্ত আমাদের কাছে নেই।’ এখন চাহিদার বিষয়টি যদি আমাদের জানা না থাকে তবে এর সঙ্গে মিলিয়ে জোগানের ব্যবস্থাটি সুষ্ঠুভাবে হবে কীভাবে? এটা সাধারণ বিজ্ঞানের বিষয়, এই বিজ্ঞান প্রয়োগ না করার ফলে যা হওয়ার তা-ই হয়েছে।

 ‘উন্নত বিশ্বেও উৎসব হয়। তখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সব ধরনের পরিবহনে অস্বাভাবিক চাপ পড়ে। কিন্তু এসব পরিস্থিতি মোকাবিলার জন্য অভিভাবক প্রতিষ্ঠান থাকে, যারা বহুমাত্রিক যোগাযোগব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের কাজটি করে। কোন মাধ্যমে কত লোক যাতায়াত করবে, সেটা জানা না থাকলে তারা এই কাজটি ভালোভাবে করতে পারত না। আমরা যেহেতু তথ্য-উপাত্ত ছাড়া সিদ্ধান্ত নিই, তাই ব্যবস্থাপনা ঠিক হয় না।’

ঈদ থাকবে, উৎসব থাকবে, মানুষ সেসব উপলক্ষে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এখন আমরা যদি সামনে এ ধরনের পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে চাই, তবে এখনই যে জরুরি কাজটি করতে হবে তা হচ্ছে, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা। জানতে হবে ঢাকার বাইরে যাওয়ার যে যে মাধ্যম রয়েছে, সেগুলোর কোন মাধ্যমে সর্বোচ্চ কতজন যেতে পারে। জানতে হবে কতসংখ্যক লোক ঢাকা ছাড়ে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এসব তথ্য-উপাত্ত থাকলে চাপটিকে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই পরিকল্পনা ও ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া যাবে। আমাদের সুবিধা হচ্ছে, যে সমস্যাগুলোর মধ্যে এখন আমরা রয়েছি, অনেক দেশ সেগুলো মোকাবিলার পথ ও পদ্ধতি বের করেছে। বিজ্ঞান কাজে লাগিয়ে ও প্রকৌশলগত সমাধানই তারা করেছে। ফলে সেই সব নানা মডেল বিবেচনায় নিলে কাজটি আমাদের জন্য কঠিন হওয়ার কথা নয়। কারণ, এসব সমস্যা সমাধানযোগ্য।

সমস্যা হচ্ছে, আমরা যে উন্নয়নের পথ ধরেছি তা হচ্ছে ‘প্রকল্পসর্বস্ব’। কোনো একটি খাতে একটি প্রকল্প নেওয়া হচ্ছে ও তা বাস্তবায়ন হচ্ছে। সে খাতেই আবার ভিন্ন একটি প্রকল্প নেওয়া হচ্ছে। একটির সঙ্গে আরেকটি মিলছে কি না, ধারাবাহিকতা আছে কি না, সেটা বিবেচনায় নেই। প্রকল্পভিত্তিক এসব ‘উন্নয়ন’ সামগ্রিক চিন্তা ও পরিকল্পনার আওতায় না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না। প্রশ্ন হচ্ছে যোগাযোগের জন্য আমরা কি শুধু সড়কপথকেই বেশি গুরুত্ব দেব নাকি নৌ ও রেলকেও এর সঙ্গে বিবেচনায় নেব? আবার এসব খাতে আলাদা আলাদা প্রকল্প নিলেও তা কোনো কাজে দেবে না। আজ যদি সদরঘাট টার্মিনাল সম্প্রসারণ বা উন্নয়নের একটি বড় প্রকল্প নেওয়া হয় সেটা কোনো কাজে দেবে না যদি সেই টার্মিনাল থেকে লোকজন সহজে শহরে আসতে না পারে। সেখানে যদি বাসের মতো গণপরিবহন বা সহজলভ্য ট্যাক্সি সার্ভিস না থাকে। ফলে সদরঘাট টার্মিনাল নিয়ে কোনো ‘প্রকল্প’ নেওয়া হলে এর সঙ্গে এ বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। একই ভাবে বিমানবন্দর সম্প্রসারণ বা টার্মিনাল বাড়িয়েও ফল পাওয়া যাবে না যদি বিদেশিরা বিমানবন্দর থেকে বের হয়েই যানজটে পড়ে।

আমরা দেখলাম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই মহাসড়কে কাঁচপুর, দাউদকান্দি বা মেঘনা সেতু আগের অবস্থায় থাকলে চার লেনের সুফল পাওয়ার কথা নয়। বাস্তবে তা-ই হচ্ছে। একটি স্বাভাবিক মহাসড়কে যেভাবে যানবাহন চলতে পারে, একটি সেতু সেই ক্ষমতাকে সাধারণত ২০ শতাংশ কমিয়ে দেয়। কারণ, গাড়ির গতি কমে, সেতুতে ধনুকের মতো বাঁক থাকে। এই প্রকল্প যখন হাতে নেওয়া হয়েছিল, তখনই উচিত ছিল এই সেতুগুলোর বিষয় একই সঙ্গে বিবেচনায় নেওয়া বা সেই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা। সামগ্রিকভাবে দেখতে না পারলে যা হওয়ার কথা তা-ই হয়েছে। চার লেন করতে গিয়ে আমরা যা বিনিয়োগ করলাম তার কাঙ্ক্ষিত ফল এখন আমরা পাচ্ছি না।

এ ধরনের চার লেনের সুফল পাওয়া যাবে না আরও অনেক কারণে। একটি আদর্শ মহাসড়ক বলতে যা বোঝায় এটি তা হয়ে উঠতে পারেনি। এই মহাসড়কের সঙ্গে নানা হাটবাজার সংযুক্ত অবস্থায় রয়েছে। ভূমি ব্যবহার ও ব্যবস্থাপনার কাজটি পরিকল্পিতভাবে হয়নি। অনেক স্থানে নিচ থেকে উঠে এসে রাস্তাগুলো সরাসরি মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে। কোনো মহাসড়কে এভাবে পাশ থেকে সরাসরি রাস্তা যুক্ত হওয়ার নিয়ম নেই। এগুলো দুর্ঘটনার কারণ। অনেক সময় নিয়ে ও ঢাকঢোল পিটিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন হয়েছে। কিন্তু বোঝা যায় পরিকল্পনা ও চিন্তাভাবনায় কতটা ঘাটতি রয়েছে।

দুর্ঘটনা কমানো বা যানজট নিয়ন্ত্রণের সঙ্গে কিছু সাধারণ ও স্বীকৃত নিয়মকানুন মেনে চলা ও আইনের প্রয়োগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এসব নিশ্চিত করতে না পারলে চার লেন বা আট লেনের রাস্তা তৈরি করেও কোনো লাভ হবে না। যানবাহন যদি লেন মেনে না চলে, উল্টো পথে যদি গাড়ি চলে, তবে দুর্ঘটনা বা যানজট কোনোভাবেই ঠেকানো যাবে না। মহাসড়কে ধীরগতির গাড়ি চলার কথা নয়। গত বছর ১ আগস্ট থেকে ২২টি জাতীয় মহাসড়কে তিন চাকার যানবাহন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু বাস্তবে তা কার্যকর    হয়েছে কি? মহাসড়কে অনেক দুর্ঘটনা ঘটে ধীরগতির ও ছোট যানবাহনকে বাঁচাতে গিয়ে। আমাদের দেশে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ৮০ মাইল। ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী গাড়ির গতিসীমা নির্ধারণের জন্য গভর্নর সিল সংযোজন বাধ্যতামূলক। এই গতি নিয়ন্ত্রকযন্ত্র অধিকাংশ ডিজেলচালিত যানবাহনে কাজ করে না। আইন করে কী লাভ যদি তা কার্যকর করা না যায়?

দূরপাল্লার যাত্রায় দুজন চালক ছাড়া গাড়ি চলার অনুমতি ইউরোপের দেশগুলোতে নেই। থাইল্যান্ড বা মালয়েশিয়ার মতো দেশেও একই ব্যবস্থা। সম্প্রতি পশ্চিমবঙ্গে গিয়েও একই অভিজ্ঞতা হলো। কলকাতা থেকে শিলিগুড়ি যেতে রাতের যাত্রায় দুজন চালক পালা করে গাড়ি চালালেন। দ্রুতগতির রাস্তায় চালকের এক মুহূর্তের জন্যও মনোযোগ হারানোর সুযোগ নেই। উন্নত দেশে কোনো চালকের একটানা ছয় ঘণ্টার বেশি গাড়ি চালানোর নিয়ম নেই। আমাদের দেশে টানা ১২-১৮ ঘণ্টাও কখনো চালকেরা গাড়ি চালান। এ অবস্থায় দুর্ঘটনা কমবে, এই আশা আমরা করি কীভাবে?

মহাসড়ক বলতে সেই সড়ককেই বোঝায়, যেখান দিয়ে নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলতে পারবে। শরীরের রক্ত চলাচলে যেমন বাধা থাকলে চলে না, মহাসড়কের ব্যাপারটিও তা-ই। অনেক আলোচনার পর সামছুল হক হতাশা নিয়ে প্রশ্ন রাখলেন, ‘কোলস্টেরলের কারণে চর্বি জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে বাইপাস সার্জারি বা রিং পরানো ছাড়া জীবন বাঁচানো কঠিন। সড়ক, বিশেষ করে মহাসড়ক হচ্ছে একটি দেশের ধমনির মতো। আর আমাদের সড়ক ও মহাসড়কগুলোর দশা হয়েছে চর্বি জমা ধমনির মতো। বাধাহীন রক্ত চলাচল ছাড়া যেমন শরীর সুস্থ রাখা যায় না, তেমনি বাধাহীন সড়ক যোগাযোগ ছাড়া দেশও সুস্থ রাখা যায় না। আমরা দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই। দেশের ধমনিতে চর্বি জমে ব্লক হয়ে থাকলে তা কতটা সম্ভব?’

শেষে তিনি বললেন, ‘নিয়ন্ত্রণহীন উন্নয়ন টেকসই হয় না।’

এ কে এম জাকারিয়া: সাংবাদিক।