সেদিন সকালে ঝলমলে রোদ ছিল। শরৎকাল বলেই কি না, রোদ এমন প্রখর। সূর্যটা মাথার ওপর থাকায় আলোর তীব্রতাটা ভালোই অনুভূত হচ্ছে। কিন্তু কোনো উপায় নেই। যেখানে যেতে হবে, হাঁটার কোনো বিকল্প নেই। সীমান্তবর্তী একটি অবহেলিত পাড়ার কথা বলছি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার মোটরসাইকেলে যাওয়ার পর পাহাড়ের চূড়ায় বারোমারী মিশন। সেখান থেকে পাঁচ কিলোমিটার দুর্গম সরু আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে যেতে হবে কোচপাড়ায়। সঙ্গে আছেন স্থানীয় সাংবাদিক বিপ্লব দে ও সুরুজ্জামান।পাড়াটিতে যাওয়ার পথে দেখা মিলল ভারতের মেঘালয় রাজ্য থেকে ছুটে আসা খরস্রোতা চেল্লাখালী নদীর। নদীটি পাড়ার পাশ দিয়ে এঁকেবেঁকে আপন মনে বয়ে চলেছে। এ বছর পাহাড়ি ঢলে নদীতীরের বেড়িবাঁধসহ পাড়াটির যাতায়াতের সড়ক ভেঙে গেছে। সৃষ্টি হয়েছে বিশাল খালের। তাই বাধ্য হয়ে মোটরসাইকেল রেখে কাদাপানি মাড়িয়ে খাল পেরোনোর খানিক পথ হাঁটার পর দেখা মিলল অবহেলিত এই কোচপাড়ার। পাড়াটি ভারত সীমানার কোল ঘেঁষে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের খলচন্দা গ্রামে অবস্থিত। এ সড়কের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। নানা দিক দিয়ে পাড়াটি অবহেলিত। পাড়াটিতে প্রবেশ করেই দেখা হয় আশীষচন কোচ ও বাসিন্দ্র কোচের সঙ্গে। কথা প্রসঙ্গে তাঁরা জানান, এ পাড়ায় হিন্দু সনাতন ধর্মাবলম্বী ৪৫টি কোচ সম্প্রদায়ের দুই শতাধিক মানুষ বসবাস করে। সহজ-সরল এই আদিবাসী সম্প্রদায়টি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপের মতো। এদের ভাষায়, ‘নেনে কাইয়ান তালাসা’ অর্থাৎ আমাদের খবর কেউ রাখে না। এ পাড়ার নতুন কোনো মানুষের আগমন ঘটলেই ছুটে আসে শিশুরা। যার ব্যতিক্রম ঘটল না আমাদের বেলায়ও। যে বয়সে বই-খাতা নিয়ে শিশুদের স্কুলে থাকার কথা, সেই বয়সে এখানকার শিশুরা তাদের মা-বাবার কাজে সহযোগিতা করে। এ গ্রামে এনজিও পরিচালিত তৃতীয় শ্রেণী পর্যন্ত একটি বিদ্যালয় ছাড়া নেই কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। তাই এ গ্রামের শিক্ষার হার উল্লেখ করার মতো নয়। এখানকার ছেলেমেয়েরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ, নদী থেকে নুড়িপাথর, বালু তোলাসহ পাহাড়ের ঢালে চাষাবাদের কাজে জড়িয়ে পড়ে।অসুখ-বিসুখে এ গ্রামের মানুষকে ছুটে যেতে হয় চার-পাঁচ কিলোমিটার দূরের মিশনারি হাসপাতালে। অথবা ২০ কিলোমিটার পথ পেরিয়ে উপজেলা সদরে। তবে অর্থাভাবে সাধারণত এদের ভাগ্যে সে চিকিৎসা জোটে না। এমনকি সরকারের কোনো স্বাস্থ্যকর্মী এ পাড়ায় আসে না। তাই বাধ্য হয়েই তাদের কবিরাজের ঝাড়ফুঁক, তেলপড়া, পানি পড়ার ওপর নির্ভর করতে হয়। পাড়াটিতে রয়েছে পানীয়জলের সংকট।সারা পাড়ায় দু-একটি টিউবওয়েল থাকলেও বছরের বেশির ভাগ সময় নষ্ট থাকে। তাই মাটির কূপ কিংবা নদীর পানিই ভরসা। এখানকার নারী-পুরুষেরা মৌসুমে কৃষিশ্রমিক হিসেবে অন্যের জমিতে কাজ করেন। বছরের বাকি সময় বাঁশ দিয়ে ডুল তৈরি ও পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করেন। বিক্রি করে যা পান, তা দিয়েই কোনোরকমে দিন চলে যায়। কোচপাড়ায় অধিকাংশ মাটির ঘর, তবে পরিষ্কার-পরিচ্ছন্ন। পাড়াটি ঘুরতে ঘুরতে কথা হয় রেবতী কোচ, রমেশ চন্দ্র কোচ, সুন্দর মণি ও সীতারানী কোচের সঙ্গে। তাঁরা জানান, কোচ পরিবারের প্রায় সবাই অশিক্ষিত। দিন আনেন দিন খান। খাবার জোগাড় করতেই তাঁরা ক্লান্ত। শিশুদের দিকে নজর দেবেন কখন? প্রতিবছর এই পাড়ায় বুনোহাতির দল হানা দেয়। ঘরবাড়ি ও গাছপালা ধ্বংস করে। তবু পাড়ার লোকজন বাপ-দাদার ভিটা আঁকড়ে ধরে থাকতে চায়। পাড়াটির পশ্চিমে ভারত থেকে নেমে আসা নদী, পূর্ব প্রান্তে বিশাল পাহাড়, দক্ষিণে ভারতীয় সীমানার কাঁটাতারের বেড়া। পুরো পাড়া জঙ্গলে আবৃত। পশ্চিম প্রান্তে সূর্য হেলে পড়ায় আলোর তীব্রতা অনেকটা ম্লান হয়ে পড়েছে। ভেবেছি বিদায় নেব, এ সময় দেখা মেলে কোচপাড়ার মণ্ডল (প্রধান) সবরন্ত কোচের। ৬৮ বছর বয়স তাঁর। তিনি লুঙ্গির কাছা মেরে পাহাড়ের ঢালে গরু চরাচ্ছিলেন। কোচপাড়ার অবহেলিত মানুষের জীবনযাপন প্রসঙ্গে সবরন্ত কোচ জানান, এখানকার পরিবারগুলোর ঠিকমতো খাদ্যের চাহিদা পূরণ হয় না। ফলে শরীর চাহিদামতো খাদ্য গ্রহণ করতে পারে না। এতে শিশুসহ তাদের সবার দেহ দুর্বল হয়ে পড়ছে। বিভিন্ন রোগব্যাধি নিরাপদে শরীরে বাসা বাঁধছে। অসুখের সঙ্গে লড়াইয়ে হেরে যাচ্ছে শরীর। অসুখের যন্ত্রণায় ছটফট করলেও চিকিৎসাসেবা পায় না। কারণ, তাদের যোগাযোগের রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী। বর্ষায় পাড়াটি অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। পূর্বপুরুষেরা এখানে ছিলেন। তাই শত কষ্টেও তাঁরা মাটি কামড়ে থাকতে চান।আবদুল মান্নাননালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি[email protected]