'পাকিস্তানিই' রয়ে গেলেন হামিদ মির
পাকিস্তানি সাংবাদিক হামিদ মির যখন ‘সংবাদ-বোমাটি’ ফাটালেন, তখন আমি পেশাগত কাজে ঢাকার বাইরে। ফলে খবরটি তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে পারিনি। বিবিসির বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে ফলাও করে হামিদ মিরের খবরটি প্রচার করা হয় যে তাঁর বাবাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য দেওয়া সরকারি সম্মাননা তিনি ফিরিয়ে দেবেন। তাঁর দাবি, সম্মাননা গ্রহণ করার সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কিছুই পূরণ করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বাংলাদেশ সরকার এ রকম কোনো প্রতিশ্রুতি দিয়েছিল বলে আমাদের জানা নেই।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো এবং নানাভাবে সহায়তার জন্য ২০১৩ সালে যে ৬৯ জন বিদেশিকে সম্মাননা দিয়েছিল সরকার, তার মধ্যে ১৩ পাকিস্তানি নাগরিকের একজন ছিলেন হামিদ মিরের বাবা ও পাকিস্তানের প্রয়াত শিক্ষাবিদ-সাংবাদিক ওয়ারিস মির। তিনি বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তাঁর ভয়াবহতা স্বচক্ষে দেখতে একদল ছাত্র নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিলেন। তাঁর হয়ে বাংলাদেশ সরকারের সেই সম্মাননা গ্রহণ করেছিলেন সাংবাদিক হামিদ মির।
খোঁড়া যুক্তি তুলে হামিদ মির বলছেন, ‘যখন আমি ঘোষণা দিলাম যে পুরস্কারটি ফেরত দিচ্ছি, তখন জানিয়েছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন তো দূরে থাক, এমনকি দুদেশের মধ্যে ক্রিকেট খেলা হোক, সেটাও তিনি চান না। পাকিস্তানে সার্ক সম্মেলনে অংশ নিতে আসতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ।’
উল্লেখ্য, একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যেসব বিদেশি সুহৃদ সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি সম্মান জানাতে এই পদক দেওয়া হয়; বাংলাদেশের সঙ্গে কোনো দেশের সম্পর্ক উন্নয়নের জন্য নয়। বাংলাদেশ সরকার তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল বাবাকে দেওয়া সম্মাননা নেওয়ার জন্য। তাঁর (হামিদ মির) কোনো কৃতিত্ব, অবদান বা পরামর্শের জন্য এই পদক বা সম্মাননা দেওয়া হয়নি।
হামিদ মিরের এই ঘোষণা আমাদের হতাশ করলেও খুব বিস্মিত করেনি। শেষ পর্যন্ত তিনি নিজেকে একজন কট্টর পাকিস্তাবাদী হিসেবেই প্রমাণ করলেন। পাকিস্তানের নাগরিক হিসেবে সেই দেশের প্রতি তাঁর আনুগত্য থাকবে, সেটাই স্বাভাবিক। তাই বলে তিনি কীভাবে ন্যায় ও অন্যায়ের মধ্যকার ফারাকটি ভুলে গেলেন? কীভাবে মানবতাবিরোধী অপরাধীদের পক্ষ নিলেন? তিনি একদিকে বলছেন, একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানি সেনাবাহিনী ও তার দোসরেরা দায়ী, অন্যদিকে সেই দোসরদের বিচারের বিরোধিতা করেন? তিনি একদিকে একাত্তরের ঘটনার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলেন, অন্যদিকে নিজে সেই গণহত্যার দায় অস্বীকার করেন।
হামিদ মিরের রাজনৈতিক বিচ্যুতি এটাই প্রথম নয়। ২০১৪ সালে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ৯০ বছর কারাদণ্ড হলে তিনি তাঁর বিরোধিতা করেছিলেন। সে সময়ে পাকিস্তানের উর্দু দৈনিক ‘জং’-এ লিখেছিলেন, ‘৯০ বছরের এক বুজুর্গের যন্ত্রণাদায়ক কারাদণ্ড’।
হামিদ মির ৯০ বছরের কথিত ‘বুজুর্গের’ যন্ত্রণা দেখেছেন, কিন্তু একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের হাতে যে লাখ লাখ মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের যন্ত্রণা দেখেননি। হামিদ মির লিখেছেন, ‘১৯৭১ সালের আর্মি অপারেশনে ঢাকার রাজপথে যে রক্তগঙ্গা বয়েছিল, এর দাগ কয়েক যুগ অতিক্রম করার পরও এখনো মুছে যায়নি।’
বাবার সম্মাননা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি সেই দাগকে আরও দগদগে করে তুললেন। কাজটি পাকিস্তান সেনাবাহিনীর কোনো দাম্ভিক কর্মকর্তা করলে আমরা স্বাভাবিক বলে মনে করতাম। কিন্তু এই ঘোষণা এমন এক ব্যক্তির কাছ থেকে এসেছে, যিনি নিজেকে বাংলাদেশের বন্ধু ও সুহৃদ হিসেবে পরিচয় দিয়েছেন। যিনি বরাবর নিজেকে মানবাধিকারের পক্ষের ‘যোদ্ধা’ হিসেবে প্রমাণ করতে সচেষ্ট ছিলেন। ফলে বাংলাদেশের ভেতরে ও বাইরে তাঁর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুক্তবুদ্ধির অনেক মানুষকে ব্যথিত করেছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুর সম্মাননা পাওয়া পাকিস্তানি বংশোদ্ভূত সৈয়দ আসিফ শাহকার প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘পুরস্কারটি তাঁর বাবাকে দেওয়া, এটি হামিদ মিরকে দেওয়া হয়নি। তাই এটি ফেরত দেওয়ার কোনো অধিকার হামিদ মিরের নেই।’
শাহকারকে বাংলাদেশের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছিল ২০১২ সালে। বাংলাদেশের মানুষের পক্ষ নেওয়ায় জেল-জুলুম সহ্য করে একপর্যায়ে পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে সুইডেনের নাগরিকত্ব নেন তিনি। সুইডেনের বিচারপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
আসিফ শাহকার বলেন, ‘হামিদ কেন তাঁর বাবার বন্ধুর কাছ থেকে পাওয়া যুদ্ধ সম্মাননাটি ফেরত দিতে চাচ্ছেন? এটা খুবই হতাশাজনক ও রহস্যময়। এটা খুবই দুঃখের বিষয়। আমি ঠিক জানি না হামিদ মির কার প্রতিনিধিত্ব করছেন? এই পুরস্কারটি তাঁর বাবাকে দেওয়া, এটি হামিদ মিরকে দেওয়া হয়নি। তাই এটি ফেরত দেওয়ার কোনো অধিকার হামিদ মিরের নেই।’
হামির মির বলেছেন, শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক তলানিতে ঠেকেছে। কিন্তু এর জন্য কে দায়ী? যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান নেওয়ার আগে দ্বিপক্ষীয় সম্পর্কটি স্বাভাবিকই ছিল। হঠাৎ করে তলানিতে যাওয়ার কারণ পাকিস্তানের একের পর এক হঠকারী সিদ্ধান্ত।
হামিদ মির বলেছেন, শেখ হাসিনা চান না পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকুক। তাঁর এই কথা মোটেই ঠিক নয়। সম্প্রতি জাতীয় সংসদে পাকিস্তানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার দাবি উঠলে তিনি বলেছিলেন, ‘সম্পর্ক থাকবে, ঝগড়াঝাঁটিও চলবে।’ গত বছর ২৪ অক্টোবর ভারতের ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’র সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ‘ভারত যে কারণে সার্ক শীর্ষ সম্মেলন বর্জন করেছে, আমরা সে কারণে করিনি। পাকিস্তান যেভাবে জঙ্গিদের বিভিন্ন দেশে চালান দিচ্ছে, তাতে আমরা হতাশ।’ তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য আমার ওপর অনেক চাপ রয়েছে। কিন্তু আমি বলেছি, সম্পর্ক থাকবে এবং আমাদের সমস্যার সমাধান করতে হবে। আমরা পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধ করেই স্বাধীন হয়েছি এবং তারা পরাজিত শক্তি।’
প্রকৃত সত্য হলো ৪৬ বছর পরও পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী সেই পরাজয়কে স্বাভাবিকভাবে নিতে পারেনি। একাত্তরের পরাজয় তাদের নিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে, এখন মনে হচ্ছে, হামিদ মিরেরাও সেই পরাজিত মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসতে পারেননি। তিনি গোলাম আযম ও বিহারিদের পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী বলে উল্লেখ করেছেন। আবার গোলাম আযমের বিচারের ‘ন্যায্যতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘জং’-এর লেখায় হামিদ মির গোলাম আযমকে ‘বুজুর্গ’ বা ধর্মীয় নেতা বলে উল্লেখ করেছেন। যদি তিনি বুজুর্গ ব্যক্তি হয়েও থাকেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো সে কারণে তাঁর বিচার করেননি। তাঁরা বিচার করেছেন একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী জামায়াতে ইসলামীর প্রধানের, যিনি পাকিস্তানি বাহিনীর গণহত্যাসহ সব অপরাধমূলক কাজে সক্রিয় সহযোগিতা করেছেন।
১৯৭১ সালে জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রসংঘের তত্ত্বাবধানেই ঘাতক আলবদর, আলশামস বাহিনী গঠিত হয়েছিল। আর আন্তর্জাতিক অপরাধ আদালত ১৯৭১ সালের মার্চের আগের কোনো ঘটনার জন্য তাঁর বা জামায়াতের অন্য নেতাদের বিচার করছেন না। বিচার করছেন একাত্তরে সংঘটিত গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগ, তথা মানবতাবিরোধী অপরাধের দায়ে।
হামিদ মির যদি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভালো সম্পর্ক চান, তাঁর উচিত হবে একাত্তরে বাংলাদেশের গণহত্যার কুশীলবদের বিচারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানো। আমাদের প্রাপ্য বুঝিয়ে দিতে পাকিস্তান সরকারের ওপর চাপ সৃষ্টি করা। যেমন সৈয়দ আসিফ শাহকারও বলেছেন, ‘আমি আশা করব, পাকিস্তান ও বাংলাদেশ মতবিরোধ মিটিয়ে বন্ধুত্বের পথে হাঁটবে। তাদের দুজনেরই একই ধরনের অনেকগুলো শত্রু রয়েছে, যেমন ইসলামি জঙ্গিবাদ, দারিদ্র্য ইত্যাদি। তাদের একসঙ্গে কাজ করা উচিত।’