'পাঞ্জাব সেটা সহ্য করবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের বই
মুক্তিযুদ্ধের বই

যাঁরা চাচ্ছিলেন আমি পূর্ব পাকিস্তানে যাই, তাঁদের মধ্যে সংবাদ সংস্থা পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের (পিপিআই) মুয়াজ্জাম আলীও একজন। তিনি বলেন, তাঁর একটি টেলেক্স যন্ত্র তখনো কাজ করছে। তিনি ঢাকায় বার্তা পাঠাতে পারবেন। আমি তাঁকে অনুরোধ করি, তিনি যেন শেখ মুজিবকে টেলেক্স করে জানান, তিনি প্রয়োজন বোধ করলে আমি পূর্ব পাকিস্তানে যেতে পারি।
পরের দিন মুয়াজ্জাম আলী শেখের প্রত্যুত্তরের কথা জানান। শেখ বলেছেন, আমি ঢাকায় গিয়ে তাঁর আতিথ্য গ্রহণ করলে তিনি খুবই খুশি হবেন। ফলে, ঢাকায় যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় রইল না। আমার ঢাকা সফর ফলপ্রসূ হবে না জেনেও ঢাকার একটি টিকিট কিনলাম। অপ্রত্যাশিতভাবে ন্যাপ নেতা ওয়ালি খান সেদিনই লন্ডন থেকে করাচি আসেন। আমার সব বন্ধু তাঁকে অনুরোধ করেন, তিনি যেন আমার সঙ্গে ঢাকায় যান। আমিও চাইলাম, তিনি যেন আমার সঙ্গে ঢাকায় যান। খানসাহেবও ত্বরিত সিদ্ধান্ত নিয়ে বিনা নোটিশে আমার সঙ্গে ঢাকায় যেতে সম্মত হন।
১৯৭১ সালের ১৩ মার্চ আমরা ঢাকায় অবতরণ করি। বিমানবন্দর থেকে আমরা সরাসরি আমাদের চির অভ্যর্থনাকারী ও পার্টি নেতা আহমদুল কবির ও লায়লা কবিরের বাসায় যাই। সেখান থেকে আমরা শেখ মুজিবকে ফোন করি। ওয়ালি খান আমার সঙ্গে এসেছেন শুনে তিনি খুব খুশি হন। তাঁর কণ্ঠ শুনে তাঁকে শান্তই মনে হয়। কিন্তু তিনি সখেদে বলেন, ‘আপনারা আমার অতিথি। আপনাদের আমার বাসায় ওঠা উচিত। অথচ আপনারা কখন আসবেন তা আমাকে জানালেনও না।’ আমি বললাম, ‘আহমদুল কবির আমাদের অপরিচিত নন। তিনি আপনারও বন্ধু।’ পরবর্তী দিন আমাদের বৈঠকের সূচি নির্ধারিত হয়।
নির্ধারিত সময়ে আমরা শেখ মুজিবের বাড়িতে পৌঁছাই। তিনি অত্যন্ত উষ্ণতার সঙ্গে আমাদের বরণ করেন। বসার পরই আমি সোজাসুজি মূল কথায় চলে যাই। আমি শেখ মুজিবকে বলি:
পশ্চিম পাকিস্তানে যারা আপনার রাজনৈতিক অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে, আমরা তেমনই দুজন মানুষ। ফলে, আশা করি আপনার পরিকল্পনা সম্পর্কে আমাদের খোলাখুলি বলবেন। আপনি নির্বাচনে জয়লাভ করেছেন। আপনার হাতেই ক্ষমতা হস্তান্তর করা উচিত। কিন্তু আপনি একতরফা স্বাধীনতা ঘোষণা (ইউনিল্যাটেরাল ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স—ইউডিআই) করলে আমাদের কী কঠিন সমস্যায় পড়তে হবে, তা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন।
এ কথা শুনে শেখ মুজিব আবেগপ্রবণ হয়ে পড়েন। অশ্রুসিক্ত চোখে তিনি বলেন:
কে কাকে পাকিস্তান না ভাঙার ব্যাপারে বলছে? আপনারা যাঁরা কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলেন (দেশভাগের আগে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে আমাদের সংস্রবের প্রতি ইঙ্গিত করে) তাঁরা আমাকে এ কথা বলছেন। আমি ছিলাম কট্টর মুসলিম লিগার। পাকিস্তান সৃষ্টির জন্য অনেক ত্যাগ আমি করেছি। নিয়তির কী পরিহাস?
ওয়ালি খান হস্তক্ষেপ করে তাঁর বৈশিষ্ট্যসূচক রসপূর্ণ ভঙ্গিতে বলেন:
আমরা বলেছিলাম, ভারত ভেঙে পাকিস্তান বানাবেন না। কিন্তু আপনারা ছিলেন অনড়। পাকিস্তান না বানিয়ে আপনারা ঘরে ফিরবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। এখন জোড়হস্তে প্রার্থনা করছি, দয়া করে পাকিস্তান ভাঙবেন না। কিন্তু আপনি বলছেন, পাকিস্তান ভাঙবেন। আপনারা মুসলিম লিগাররা সত্যিই এক বিশেষ প্রজাতির মানুষ।
শেষমেশ আমরা মূল কথায় আসি। অবস্থা খুব গুরুতর। ফলে, তিনি যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাহলে পাকিস্তান ভেঙে যাবে। আমরা বললাম, তাঁর উচিত ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের পথ বাতলানো। রাষ্ট্রের কর্ণধার সংকট নিরসনে একেবারেই অক্ষম। শেখসাহেব জবাবে বলেন:
আমি আপনাদের বলি, ইয়াহিয়া খান ও তার সঙ্গীরা কখনোই আমার হাতে ক্ষমতা হস্তান্তর করবে না। তার জন্য পাকিস্তান ভেঙে গেলেও তাদের কিছু আসবে যাবে না। আমার হাতে ক্ষমতা আসবে, পাঞ্জাব সেটা সহ্য করবে না।
আমরা দেখলাম, শেখ মুজিবের মনে গভীর মর্মবেদনা। তাঁর কণ্ঠে দুঃখের সুর খুবই স্পষ্ট:
আমি একটি শর্তে চেষ্টা করতে পারি। আলোচনা যত দিন চলবে, তত দিন আপনারা দুজন ঢাকায় থাকবেন। আরও একটি বিষয়। আপনারা আমার বাড়ি থেকে বের হওয়ার সময় আমিও আপনাদের সঙ্গে বের হব। কিন্তু জনসমক্ষে বলব না, আমি ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করতে যাচ্ছি।
তিনি বাড়ির উঠানে বেরিয়ে এলে স্থানীয় ও বিদেশি সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরেন। হাজার হাজার মানুষের কণ্ঠে জয় বাংলা স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত হচ্ছিল। পরিস্থিতি পর্যবেক্ষণ করে শেখ মুজিব অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, তিনি ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করবেন। আমরাসহ উপস্থিত সবাই অবিশ্বাসভরে সে কথা শুনলাম। তিনি এও বলেন, রাষ্ট্রপতি যেখানে তাঁকে ডাকবেন, তিনি সেখানেই তাঁর সঙ্গে দেখা করবেন।
পরের দিন ১৫ মার্চ ইয়াহিয়া খান ঢাকায় আসেন। তিনি গভর্নমেন্ট হাউসে ওয়ালি খান ও আমাকে তাঁর সঙ্গে দেখা করতে আহ্বান করেন। আমরা তাঁকে বলি, শেখ মুজিবের মনে পাকিস্তান ভাঙার কোনো অভিপ্রায় নেই। আমরা আরও বলি, পাকিস্তানের সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনপ্রাপ্ত দলের নেতা হচ্ছেন শেখ মুজিব। ফলে, তিনি আইনসংগতভাবেই ক্ষমতার দাবিদার। তাঁর দাবি যৌক্তিক। শেখ মুজিবের মতো তিনিও আমাদের আলোচনা চলা পর্যন্ত ঢাকায় থাকার আহ্বান জানান।
এ অবস্থায় ইয়াহিয়া-মুজিব বৈঠক শুরু হয়। শেখ সাহেব বৈঠক সম্পর্কে আমাদের অবহিত করেছেন। প্রথম কয়েক দিন বেশ নির্ঝঞ্ঝাটেই পার হয়। এরপর ইয়হিয়া খান পশ্চিম পাকিস্তানের সব রাজনৈতিক দলকেই ঢাকায় আসার আমন্ত্রণ জানান। ইয়াহিয়া অর্থসচিবকেও ডেকে পাঠান। এ কথা শোনার পর শেখ মুজিব শঙ্কিত হয়ে ওঠেন। কারণ, ভুট্টো ও এম এম আহমেদের আগমন হয়তো শুধু এই আলোচনায় অন্তরায় সৃষ্টি করা।
ঢাকায় এসেই ভুট্টো তাঁর পিপিপির একটি প্রতিনিধিদল আমাদের কাছে পাঠান। লক্ষ্য হচ্ছে, এই আলোচনাকে কেন্দ্র করে পশ্চিম পাকিস্তানের দলগুলোর একটি অভিন্ন অবস্থান তৈরি করা। আমরা সে প্রস্তাবে রাজি হইনি। আমরা এও জানতাম, ভুট্টো ঢাকায় এসেছেন পশ্চিম পাকিস্তানের ক্ষমতা চক্রের স্বার্থ সংরক্ষণ করতে। একই সঙ্গে নিজের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করাও ছিল তাঁর লক্ষ্য। তাঁর দুরভিসন্ধি ছিল এ রকম, তাঁকে ক্ষমতার ভাগ দেওয়া না হলে এই আলোচনায় অন্তরায় সৃষ্টি করা। শক্তি প্রয়োগ করে শেখ মুজিব ও তাঁর দলকে বাগে আনতে ইয়াহিয়া খানকে তিনি প্ররোচনা দিতে পারেন। এ উপায়ে নিজের অবস্থান শক্ত করতে যদি পাকিস্তান ভেঙেও যায়, তাহলেও তাঁর কিছু আসে-যায় না।
এরপর আলোচনা এক ভিন্ন মোড় নেয়। ইয়াহিয়া খান বলেন, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের শর্তাবলি পূরণ হলে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। শেখ মুজিব বলেন, পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে দুটি সভা আহ্বান করা হোক। তারা দুই অংশের জন্য পৃথক সংবিধানের খসড়া প্রণয়ন করবে। তারপর একত্রে বসে তারা ফেডারেল পাকিস্তানের সংবিধান রচনা করবে।
শেখ মুজিবের সঙ্গে দেখা করলে তিনি আমাদের জানান, জেনারেলের মনোভাব দ্রুত পরিবর্তন হচ্ছে। তাঁর মন-মর্জি ঠিক বোঝা যাচ্ছে না। তিনি বলেন:
আমি আর একটি বা দুটি সংসদ আহ্বানের কথা বলব না। আমি অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার করে ক্ষমতা হস্তান্তরের দাবি করব। সংখ্যাগরিষ্ঠ আসনপ্রাপ্ত দলের নেতা হিসেবে আমি সংসদ অধিবেশন ডাকব। মূল কথা হচ্ছে, সামরিক আইন প্রত্যাহার করে আমার দলের কাছে ক্ষমতা হস্তান্তর। ইয়াহিয়া খানকে এ কথা জানালে তিনি বলেন, ‘আপনাদের বন্ধু মুজিব যদি ঠিকঠাক আচরণ না করে, তাহলে আমার সেনারা গুলি ছুড়তে ছুড়তে সেনানিবাস থেকে বের হবে।’ তাঁর মনে কী আছে, তা বলার অপেক্ষা রাখে না।
তারপর ২৪ মার্চ শেখ মুজিবের সঙ্গে দেখা করলে তিনি সেই ভয়ংকর খবরটি দেন, ‘সেনাবাহিনী আগামী দুই দিন আমাদের বিরুদ্ধে মাঠে নামবে। আপনাদের আর কাজ নেই, আপনারা চলে যান।’ হতভম্ব ও নির্বাক হয়ে আমরা তাঁর বাড়ি ছেড়ে আমাদের জায়গায় চলে আসি।

ইন সার্চ অব সলিউশনস: অ্যান অটোবায়োগ্রাফি অব মীর গাউস বখশ বিজেনজো, মীর গাউস বখশ বিজেনজো, প্রকাশকাল ২০০৯, প্রকাশনা সংস্থা পাকিস্তান স্টাডি সেন্টার, করাচি বিশ্ববিদ্যালয়।