তাঁর জমানায় দার্জিলিংয়ে কতটা সমৃদ্ধি ও শান্তি এসেছে, তা বোঝানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পাহাড় হাসছে’। কিন্তু এই অঞ্চলের ঔপনিবেশিকতার ও দারিদ্র্যের ইতিহাস এবং চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলা যায়, এই হাসিটা মুখে ঝুলিয়ে রাখা কঠিন। সহিংসতা ও নিপীড়ন হিমালয়ের পূর্বাঞ্চলের দার্জিলিং পাহাড়ের অবিচ্ছেদ্য অংশ। ১৯ শতকের শুরুর দিকে ব্রিটিশদের হাতে এই অঞ্চল ঔপনিবেশিত হলেও পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের সব সরকারের নব্য ঔপনিবেশিক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্যতার সঙ্গে এখানে ঔপনিবেশিক ধারাবাহিকতা বজায় রেখেছে। এখানকার মানুষের দৈনন্দিন জীবনের অংশ। পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের সঙ্গে এর অসমতা ব্যাপক, তার সঙ্গে আছে নিপীড়ন—এই দুইয়ের মিলিত রূপ সেখানকার মানুষের জীবনে সহিংসতা হিসেবে আবির্ভূত হচ্ছে।
আর এখনকার তরুণ পাহাড়ি প্রজন্ম আরও অনিষ্টকর সহিংসতার ছায়ায় বেড়ে উঠেছে। সেই সহিংসতা যেমন রাষ্ট্র করে, তেমনি মাতৃভূমি আন্দোলনের মতো গোষ্ঠীও করে থাকে। ভারতে গোর্খাদের পৃথক মাতৃভূমি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে গোর্খা জনমুক্তি আন্দোলন। এ মাসের ৮ তারিখ থেকে দার্জিলিংয়ের পাহাড়ে একের পর এক সহিংসতা ও পাল্টা সহিংসতা লেগেই আছে। রাজ্য পুলিশ যেমন নির্বিচারে মানুষ হত্যা করছে, তেমনি নানা গোষ্ঠী অগ্নিকাণ্ডসহ নানা দুষ্কর্ম করে যাচ্ছে, যদিও তাদের সবাই দায় অস্বীকার করেছে। একদিকে চলছে অভিযোগ ও প্রত্যাখ্যান, অন্যদিকে সহিংসতাও চলছে। অনেক বেসামরিক মানুষ মারা গেছে। আবার রাজ্য পুলিশের লাঠির ঘায়ে আহত ব্যক্তিদের অনেকেরই শরীরের ক্ষত এখনো শুকায়নি। এর প্রতিশোধ হিসেবে মাতৃভূমি আন্দোলনের সমর্থকেরা থানা ও সরকারি সম্পদে আগুন লাগিয়ে দিচ্ছে।
সাম্প্রতিক এসব ছোটখাটো সংঘর্ষের ঘটনা আগে দেখা যায়নি। দার্জিলিংবাসীর মনে ১৯৮৬ সালের বিক্ষোভের দুঃসহ স্মৃতি এখনো রয়ে গেছে, সেবার অভূতপূর্ব সহিংসতা দেখা গিয়েছিল। এই বিক্ষোভের প্রত্যক্ষ অভিজ্ঞতা যাঁদের আছে, তাঁরা এখনো সেই স্মৃতি ভুলতে পারেননি, অর্থাৎ পুলিশের দ্বারা সন্ত্রস্ত হওয়ার অভিজ্ঞতা। বহু পরিবারের জীবনে বিপর্যয় নেমে আসে, অনেকে গুম হয়ে যান বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। অগ্নিকাণ্ড, আন্তদলীয় সহিংসতা ও পাল্টা সহিংসতা দেখা যায়।
১৯৮৮ সালে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল (ডিসিএইচসি) গঠনের মধ্য দিয়ে এই বিক্ষোভ শেষ হয়। তবে পৃথক মাতৃভূমি আন্দোলনের দাবিটা সুপ্ত থেকে যায়, যেটা ২০০৭ ও ২০১১ সালে গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গঠনের মাধ্যমে আবার উঠে আসে। কিন্তু এতেও পাহাড়ে দীর্ঘমেয়াদি শান্তি ও সমৃদ্ধি আসেনি। এই ডিসিএইচসি ও জিটিএ পাহাড়ের ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে গঠিত হলেও বাস্তবে দেখা যায়, এসব কেবল শান্ত করার নীতি। কারণ, পাহাড়ের যাবতীয় প্রশাসনিক নিয়ন্ত্রণ কলকাতার হাতেই থেকে যায়। ওই আন্দোলনের আজ তিন দশক পর এ বছরের জুন মাসে রাজ্য সরকার এমন এক আইনের প্রস্তাব করে, যার বলে নেপালি ভাষা-অধ্যুষিত অঞ্চলে বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়। পরবর্তী সময়ে প্রত্যাহার করা হলেও এই সাংস্কৃতিক ঔপনিবেশিকীকরণের নীতি স্থানীয় মানুষকে আবারও মাতৃভূমি আন্দোলনে প্রবৃত্ত করে। যদিও সর্বশেষ দুটি আন্দোলনে স্থানীয় ও আঞ্চলিক রাজনৈতিক কারসাজি আছে, রাজ্যের বলপূর্বক ভিন্নমত দমনের প্রচেষ্টাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ভূমি ও সম্পদ হারানোর ভয়ে শঙ্কিত পশ্চিমবঙ্গ সরকার এটা স্বীকার করতে ভয় পায় যে গোর্খাল্যান্ড রাজনৈতিক আন্দোলন। তারা সব সময় এটাকে আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখেছে, যার সর্বোত্তম সমাধান হচ্ছে, পাহাড়িদের পিটিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া। ১৯৮৬, ২০০৭ ও এবারের আন্দোলনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নব্য ঔপনিবেশিক নীতি গ্রহণ করেছে। এ বছরের ১৫ জুন পুলিশ গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরাংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এমন কিছু জিনিস পায়, যেটা তাদের ভাষায়, ‘কোনো শান্তিকামী মানুষ বাড়িতে রাখতে পারেন না।’ জব্দকৃত জিনিসের মধ্যে ছিল দায়ের মতো দেশীয় অস্ত্র ‘খুকুরি’, সাধারণ কৃষিযন্ত্র হিসেবে যা গোর্খাদের বাড়িতে থাকে। এ ছাড়া পুলিশ তির-ধনুকও খুঁজে পায়, হিমালয়ের ঘরবাড়িতে যা সাধারণত থাকে। এসব সাধারণ ও সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ জিনিসকে বিপজ্জনক আখ্যা দেওয়ার অন্তর্নিহিত কারণ হচ্ছে এই চিন্তা যে পাহাড়ি মানুষেরা অযৌক্তিক, আবেগপ্রবণ ও সহিংসতাপ্রবণ। তাঁদের সাহস নিয়ে জল্পনা, আনুগত্য ও ভারতের জন্য ত্যাগের কারণে পাহাড়ি মানুষের প্রত্যাশা, তাদের অবদানের রাজনৈতিক স্বীকৃতিস্বরূপ পৃথক রাজ্য দেওয়া হবে।
১৯৮০-এর দশকে গোর্খাল্যান্ড আন্দোলন যখন একদম তুঙ্গে, তখন নিপীড়নের যেসব কৌশল ব্যবহার করা হতো, সেগুলো আজ দার্জিলিংয়ে কিছুটা দুর্বলরূপে ফিরে এসে স্থানীয় রাজনীতিকে প্রভাবিত করছে: ভীতি প্রদর্শন, গুম, হুমকি, নাজেহাল। সেখানে হয়তো চরম বিশৃঙ্খলা এখনো শুরু হয়নি, কিন্তু সহিংসতার ভীতি সেখানকার দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করছে। ফলে বিবদমান দলগুলোর পক্ষে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কিছু করা সম্ভব হচ্ছে না। তবে সাম্প্রতিক সহিংসতা সম্পর্কে গোর্খা জনমুক্তি নেতা বিমল গুরুং বলেছেন, এসব সহিংসতা মূল ঘটনার স্রেফ অংশবিশেষ, যা এখনো শুরুই হয়নি। কলকাতা হাইকোর্ট সেখানে অতিরিক্ত সেনা পাঠাতে বলেছেন। অন্যদিকে ভারতীয় সুপ্রিম কোর্ট শান্তির জন্য সব নাগরিকের কাছে আবেদন করেছেন। দার্জিলিংয়ের মতো বহু সাংস্কৃতিক জায়গায় কোনো জাতিসত্তা পৃথক মাতৃভূমির দাবি জানালে জাতিগত সহিংসতার আগুন জ্বলে উঠবে। কিন্তু এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে সহিংসতার সংস্কৃতি রাজনৈতিক প্রতিষ্ঠানের অঙ্গ হয়ে গেছে। শান্তি টেকসই করতে রাজ্য সরকার ও স্থানীয় প্রতিনিধিদের সন্দেহবাতিক বাদ দিয়ে আলোচনায় বসতে হবে। স্থানীয় পর্যায়ে সহিংসতার রাশ টেনে ধরতে তাঁদের কাজ করা উচিত।
১৯৮০-এর দশকে গোর্খাল্যান্ড চুক্তি স্বাক্ষরিত হলে পশ্চিমবঙ্গের রাজ্য টেলিভিশন প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় আধা ঘণ্টার ‘নেপালি অনুষ্ঠান’ সম্প্রচার শুরু করে। আজ ২০১৭ সালে দার্জিলংকে আশ্বস্ত করতে হলে ওই আধা ঘণ্টার ছোট্ট অনুষ্ঠান ও মুখ্যমন্ত্রীর হাসির বাইরে গিয়ে রাজ্যকে ভিন্ন চিন্তা করতে হবে।
আল–জাজিরাথেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
মোনা ছেত্রি: ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো।
অরিজিৎ সেন: ভারতীয় মানবাধিকার গবেষক।