'পিকে' দেখার পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকে ছবির পোস্টার
পিকে ছবির পোস্টার

পত্রিকায় নিশ্চয় দেখেছেন, হিন্দু বিশ্ব পরিষদ ও বজরং দল আমির খান অভিনীত নতুন ফিল্ম পিকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে ভারতের মুসলিম পারসোনাল ল বোর্ড। তাদের আবদার, ছবিটি নিষিদ্ধ করতে হবে। নিদেনপক্ষে কিছু কিছু আপত্তিকর দৃশ্য বাদ দিতে হবে। কোনো কোনো অতি উৎসাহী ধর্মীয় পান্ডা দুকদম এগিয়ে ছবির পরিচালক ও প্রধান অভিনেতাকে গ্রেপ্তারের দাবি তুলেছে। শুধু বাকি আছে তাদের মুণ্ডু এনে দিলে কী ইনাম মিলবে, তার ঘোষণা।
‘পাইরেসি’র সুবাদে ছবিটি আমার দেখার সুযোগ ঘটেছে। ধর্ম ব্যবসায়ীদের হাতে আমরা কী রকম জিম্মি, হাসি-ঠাট্টার ভেতর দিয়ে খুব সহজ করে গল্পটি বলেছেন পরিচালক রাজকুমার হিরানি। খুব যে বুদ্ধিদীপ্ত ছবি তা নয়, তাঁর আগের ছবি থ্রি ইডিয়টস এর চেয়ে ঢের ভালো ছিল। তবে কাজের কাজ যা হয়েছে, তা হলো শুধু ইঙ্গিত দিয়ে বলার বদলে তিনি সরাসরি পোশাকি ধর্মের সারশূন্যতা তুলে ধরেছেন। এতটাই সরাসরি বলা যে, ধর্মগুরুরা, যাঁরা ওই পোশাক গায়ে চড়িয়ে গত পাঁচ হাজার বছর আমাদের নাচিয়ে বেড়াচ্ছেন, তাঁরা পর্যন্ত খোঁচাটা ধরতে পেরেছেন। অনুমান করি, তাঁদের ক্ষিপ্ত হওয়ার কারণ খুব সম্ভব গল্পের ‘হিউমার’টি তাঁরা ধরতে পারেননি। রসবোধ আছে, এমন কোনো ধর্মগুরু আপনাদের কারও কি জানা আছে? তা ছাড়া, পিকে তাঁদের রুটি-রুজির ওপর হাত তুলেছে, ফলে তাঁরা তো খেপবেনই।
ঘটনাটি ঘটেছে আধুনিক ভারতে, যার প্রধানমন্ত্রী তিন মাস আগে নিউইয়র্কে এসে আমাদের সবক দিয়ে গেলেন, তাঁরা এখন জ্ঞান-বিজ্ঞানে এতটা উন্নত যে মঙ্গল গ্রহে লোক পাঠাচ্ছেন; হায়দরাবাদে এক মহল্লা থেকে অন্য মহল্লায় যেতে মাইলপ্রতি যে খরচ, তার চেয়েও কম খরচে। এ এমন এক আধুনিক ভারত, যেখানে ধর্মগুরুরা ফিল্ম মানে যে বানানো গল্প, সে কথাটাও বোঝেন না। অথচ এসব ধর্মগুরু দেশের নেতাদের—মায়, সে দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত—ভালো-মন্দ, ঠিক-বেঠিক বিষয়ে জ্ঞান দিয়ে থাকেন। একসময় পুরুত ঠাকুরদের পরামর্শ নিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করা হতো, ছেলেপুলের নাম রাখা হতো, বিদেশযাত্রার তারিখ ধার্য হতো। এখন এঁরা দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক প্রশ্নে উপদেশ দেওয়া শুরু করেছেন।
এমন একজন নেতা হলেন গুরু রামদেব। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘কিচেন ক্যাবিনেট’-এর অলিখিত সদস্য। গত নির্বাচনে মোদির পক্ষে প্রচারকের দায়িত্ব নিয়েছিলেন। দুই মাস আগে মহারাষ্ট্রে রাজ্য পর্যায়ের নির্বাচনেও তিনি বিজেপির পক্ষে ভোটভিক্ষায় নেমেছিলেন। হাইকমান্ডের সঙ্গে পরামর্শ করে তিনি এমন সব প্রার্থীর পক্ষে মিটিং-মিছিলে নেতৃত্ব দেন, যাঁদের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ আছে, ফৌজদারি মামলাও ঝুলছে।
তো, এই বাবা রামদেব দাবি করেছেন, সিনেমা হল থেকে পিকে তুলে নিতে হবে। যদি তুলে না নেওয়া হয়, সে ক্ষেত্রে পুণ্যবান হিন্দুদের তিনি পরামর্শ দিয়েছেন, এমন ভয়ানক ছবি দেখার চিন্তাও যেন তাঁরা মাথায় না আনেন। তাঁর সেই পরামর্শে বিস্মিত হওয়ার কিছু নেই, ছবিটিতে এই বাবাজির মতো এক গুরুর গল্প আছে, ভিন্নগ্রহ থেকে আসা ‘পিকে’র হাতে যার বস্ত্রহরণ হতে হতে শেষ পর্যন্ত অন্তর্বাসটিও খসে পড়ে।
ধর্ম নিয়ে বাবাজিদের এই ফুটবল খেলা আমরা বহুবার দেখেছি। তাঁরা দেশের মানুষকে এমনই নির্বোধ ও নাবালক ভাবেন যে, কোন ফিল্ম তারা দেখবে বা দেখবে না, সে পরামর্শ পর্যন্ত তাঁদের কাছ থেকে নিতে হবে। কোথাও কেউ ধর্মবিশ্বাস বা পুরোনো মূল্যবোধের বিরুদ্ধে দুই কথা বলতে গেলেই এঁরা ঘেউ ঘেউ করে ওঠেন। ধর্ম কি এতই ঠুনকো জিনিস, এসব দৌবারিক ছাড়া তার পক্ষে টিকে থাকা অসম্ভব?
নিজের পছন্দ-অপছন্দ, বিশ্বাস-অবিশ্বাস নিয়ে কথা বলার অধিকার মানুষের জন্মগত। সেই অধিকার নিয়েই আমরা জন্মগ্রহণ করি। রাজনীতি থেকে ধর্ম, পাড়ার পুরুত থেকে দেশের প্রধানমন্ত্রী, যেকোনো বিষয়ে—যে কারও বিষয়ে—নিজের মত-বিমত পোষণের ও তা প্রকাশের অধিকারের স্বীকৃতি জাতিসংঘের মানবাধিকার ঘোষণায় রয়েছে, যে ঘোষণার প্রতি ভারত, বাংলাদেশসহ প্রতিটি দেশ সমর্থন জানিয়েছে। এসব দেশের শাসনতন্ত্রেও মুক্তচিন্তার পক্ষে আইনগত সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। অথচ আমাদের পদে পদে হোঁচট খেতে হয়। কী বলব না বলব, কোন বই পড়ব বা কোন ফিল্ম দেখব, তার অনুমতি নিয়ে নিতে হয় সমাজপতি, নয়তো ধর্মগুরুদের কাছ থেকে।
ক্ষমতার চাবির গোছা যাঁদের হাতে, তাঁদের সার্বক্ষণিক চেষ্টা সব রকম পরিবর্তন ঠেকানো। তা মেয়েদের শিক্ষার ক্ষেত্রে হোক, নাগরিক অধিকার বা মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রেই হোক। পরিবর্তন মানে পুেরানো নিয়মকানুন বদলে ফেলা। যাঁরা পুরোনো সেসব নিয়মকানুনের ওপর আছর করে ক্ষমতার ছড়ি ঘোরান, তাঁরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেন সেই পরিবর্তন ঠেকাতে। তাঁরা খুব ভালো করেই জানেন, যে মুহূর্তে সর্বক্ষেত্রে নিজ মত প্রকাশ ও তা অনুসরণের স্বতঃসিদ্ধ অধিকার প্রত্যেক নাগরিক অর্জন করবে, কর্তাদের ছড়ি ঘোরানো থেমে যাবে।
যে অধিকারকে আমি স্বতঃসিদ্ধ বলছি, অনেক সময় আমরা নিজেরাই তার বাস্তবতা মানি না। যাঁরা সে অধিকার বিষয়ে সজ্ঞাত, তাঁরাও অনেক সময় সংঘর্ষ এড়াতে নিজেরাই তার দাবি এড়িয়ে যাই। পুরোনোর সঙ্গে নতুনের লড়াই ছাড়া এই অধিকার কোথাও অর্জিত হয়নি। কখনো কখনো সে লড়াই রক্তাক্ত হয়েছে, মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। মুখ বুজে থাকলেও যে আমাদের ত্যাগ স্বীকার করতে হয় না, তা কিন্তু নয়। পাকিস্তান বা আফগানিস্তানের কথা ভাবুন। ধর্মের ওজর তুলে সে দেশের মেয়েদের স্কুলে যাওয়া বারণ। সে ওজর মেনে নেওয়া মানেই আমাদের সন্তানদের শিক্ষার মতো মৌলিক অধিকার থাকে বঞ্চিত করা। যারা তার পরও সেই ফতোয়া মানবে না, তাদের জন্য হয়তো অপেক্ষা করে হাতবোমা।
মানছি, ‘অপরিবর্তনের’ পক্ষে হয়তো অস্ত্র বা রাজশক্তি আছে, যে কারণে রামদেবদের বিরুদ্ধে প্রতিবাদে আমরা ভীত হই। কিন্তু আমাদের আছে সংখ্যার শক্তি। আছে নীরব প্রত্যাখ্যানের শক্তি। পিকের কথা ধরুন। বাবা রামদেবের কথা শুনে যদি আমরা সেই ছবি বয়কট করি, অথবা তা তুলে নেওয়ার দাবিতে মিছিলে নামি, তাতে অপরিবর্তনের হাতই শক্ত হবে। কিন্তু আমরা যদি উল্টো নিজেদের নীরব প্রতিবাদ ও প্রত্যাখ্যান প্রকাশ করতে দল বেঁধে সেই ছবি দেখতে যাই, তাহলে এসব বাবাদের মুখের ওপর জবাব দেওয়া হয়।
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।